পরীমণি: ‘আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না’

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি আবারও ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে তার সন্তানদের ঘিরে চলা অনাকাঙ্ক্ষিত ট্রোল ও গুজব নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “দত্তক” শব্দটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিরুদ্ধে সাফ বক্তব্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, তার মেয়েকে ঘিরে কনটেন্ট বানানো ও কটাক্ষে তিনি বিরক্ত এবং ক্ষুব্ধ।

ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে পরীমণি লেখেন, “মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে, আমি বুঝি না।” তিনি মনে করিয়ে দেন, শোবিজ জগতের মানুষ হলেও তার ব্যক্তিগত জীবন সাধারণ মানুষের মতোই। কিন্তু সামাজিক মাধ্যমের কিছু মানুষ সেটা নিয়ে অযথা চর্চা করে।

তিনি আরও লেখেন, “আমাদের জীবনের আনাচে-কানাচে অতি উৎসাহী লোকের কোনো ঘাটতি নেই। নিজের জীবনের সব অভাব পূরণ করতে তারা ব্যস্ত থাকে অন্যের জীবন নিয়ে। অথচ আমাদের জীবন খুবই সাদামাটা—চুলে তেল মেখে রান্না করি, বাচ্চাদের খাওয়াই, যত্ন নিই। শরীর খারাপ না থাকলে বা শুটিংয়ে না থাকলে সব কাজ আমি নিজেই করি।”

পরীমণি অভিযোগ করেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মেয়েকে নিয়ে গুজব রটাচ্ছে। তার ভাষায়, “আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা ভালোভাবে বুঝে নিন। আমি ইচ্ছে হলে ছবি দেবো, ইচ্ছে না হলে দেবো না। এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেলুন।”

পোস্টের শেষে রসিকতার ছলে তিনি লেখেন, “আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি… খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।”

পরীর এই পোস্ট আবারও আলোচনায় এনেছে তার ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের ওপর অতিমাত্রায় নজরদারির বাস্তবতা। বিশেষ করে সন্তানের মতো স্পর্শকাতর বিষয় নিয়েও যখন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ট্রল করতে ছাড়ে না, তখন প্রশ্ন ওঠে অনলাইন ভদ্রতার ভবিষ্যৎ নিয়েই।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আদালত চত্বর থেকে পলাতক আসামি আটক একদিন পর

বরগুনায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ হেফাজতভুক্ত আসামি পালিয়ে যাওয়ার একদিন পর আবারও আটক হয়েছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের ক্রোক গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটক আসামির নাম আল আমিন (৩৫)। তিনি সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া-পাঠাকাটা গ্রামের বাসিন্দা ও আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে তার প্রথম স্ত্রী পারিবারিক নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২ আগস্ট (শনিবার) বরগুনা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরদিন রোববার (৩ আগস্ট) আদালতে হাজিরের পর বিকাল পৌনে ৪টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটক থেকে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান আল আমিন। এ ঘটনার পরপরই পুলিশ এলাকায় ব্যাপক অভিযান শুরু করে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদর থানার একটি টিম তাকে গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, “আসামি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেলেও আমরা তাকে নজরদারির মধ্যে রেখেছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে একদিনের মাথায় তাকে আবারও আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

আদালত চত্বরের মতো নিরাপদ এলাকায় আসামির পলায়নের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব পালনের মান ও প্রস্তুতি নিয়েও। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় বিক্ষোভকালে গুলিতে নিহত জসিম উদ্দিন

ভোলার রাজনৈতিক উত্তেজনাকালে বিক্ষোভের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাতা কারিগর মো. জসিম উদ্দিন (৪৮)। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৪ আগস্ট, ভোলা শহরের নতুন বাজার এলাকায়।

সেদিন ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকে চলমান বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছে। শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল, রোডমার্চ ও পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। শহরের বাংলা স্কুল মোড়, কালীনাথ বাজার, নতুন বাজার ও ডিসি অফিস এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় গুলিবিদ্ধ হন জসিম উদ্দিন। তিনি শহরের একজন ছাতা মেরামতের কারিগর ছিলেন। ঘটনার সময় তিনি তার দোকানের সামনে অবস্থান করছিলেন।

স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী আশরাফুল আলম সজিব জানান, তিনি সংবাদ সংগ্রহের সময় গুলির শব্দ শুনতে পান। এক পর্যায়ে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে জসিম উদ্দিনের মাথায় লাগে। আশেপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিতে চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই ঘটনার পর শহরে উত্তেজনা আরও বাড়ে। ছাত্রজনতার মিছিলে আগুন জ্বালানো, কাঁচ ভাঙচুর ও সরকারি কার্যালয়ে হামলার খবর পাওয়া যায়। জেলা আওয়ামী লীগ অফিসসহ কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক অভিযান চালায় এবং শহরের বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়।

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ২০২৪ সালের আগস্টের ওই ঘটনার পর থেকে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও অভিযানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ভোলার পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, “অবৈধ অস্ত্র ও সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জেলার নিরাপত্তা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”

তবে নিহত জসিম উদ্দিনের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, এক বছর পার হলেও ঘটনার মূল হোতারা এখনো ধরা পড়েনি। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের দাবি!

বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে গতিরোধক স্থাপনের দাবিতে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন।

মাদ্রাসার সামনে অবস্থিত এই ব্যস্ততম মহাসড়ক দিয়ে শুধু দূরপাল্লার যানবাহন নয়, নগরের যানবাহনও চলাচল করে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা প্রতিদিন এই সড়ক পারাপারে দুর্ঘটনার শঙ্কায় ভুগছেন। দীর্ঘদিন ধরে তারা গতিরোধক স্থাপনের দাবি জানাচ্ছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এক শিক্ষিকা সম্প্রতি মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয়ে পা ভেঙে যাওয়ায় এই দাবি আরও জোরালো হয়েছে। রোববার মানববন্ধন করেও শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়ন করতে পারেননি। বাধ্য হয়ে সোমবার তারা মহাসড়ক অবরোধে উত্তেজিত হন এবং জানান, গতিরোধক বসানো না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়, যা নগরের অন্যান্য সড়কেও ছড়িয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গোপন অনুসন্ধানের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. বক্কর প্যাদা (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের পৈত্রিক বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মো. বক্কর প্যাদা তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় ২০২৪ সালের ১৫ অক্টোবর ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। অনাদায়ে তিন মাসের অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, “বিশ্বস্ত গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে আসামির পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”

এই গ্রেপ্তারের ফলে পলাতক আসামির বিচারে আরও এক ধাপ এগিয়েছে পুলিশ প্রশাসন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দোকানঘর ভেঙে খালের মধ্যে উল্টে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

এর মধ্যে গুরুতর আহত চারজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ময়মনসিংহ থেকে বরিশালগামী শামিম এন্টারপ্রাইজ (ময়মনসিংহ ব-১৫-০১৭৮) নামের বাসটি বেপরোয়াভাবে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দোকানঘর ভেঙে পাশের খালে পড়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাসটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আমিনুর রহমান।

এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দীর্ঘদিন ধরে যানবাহনের গতিরোধক বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বেতাগীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের সহসম্পাদক মেহেদী হাসান শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

রোববার (৩ আগস্ট) গভীর রাতে বেতাগী থানা-পুলিশ তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৪ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “সারা দেশের মতো বেতাগীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবেই যুবলীগের ওই নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ বা মামলা সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে সবজির বাজারে আগুন, বেগুন ১৩০ ও মরিচ ২০০ টাকা!

বরিশালের বাজারে আবারও সবজির দামে আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন ও কাঁচামরিচের, যা ভোক্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (৪ আগস্ট) বরিশালের প্রধান পাইকারি বাজার—পোর্ট রোড, বাংলাবাজার, সাগরদীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা প্রতি কেজি দরে।

পাইকারি বাজারের মূল্য তালিকা:

  • শসা: ৬০ টাকা (গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা)

  • বরবটি: ৪৫ টাকা (পূর্বে ছিল ৪০ টাকা)

  • করলা: ৫৫ টাকা (পূর্বে ছিল ৪৫ টাকা)

  • টমেটো: ৫০ টাকা

  • পটল: ৪০ টাকা

  • ঢেঁড়স: ৫০ টাকা

  • লাউ (আকারভেদে): ২৫-৪০ টাকা

  • কাঁচা কলা (হালি): ১৫-২৫ টাকা

  • লেবু (হালি): ১০-১৫ টাকা

বাজারে আসা ক্রেতারা জানান, দিনে দিনে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রায় চরম প্রভাব ফেলছে। অনেকের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে বিক্রি করছেন।

মাংসের বাজার পরিস্থিতি:

  • ব্রয়লার মুরগি: ১৫০-১৬০ টাকা

  • সোনালি মুরগি: ২৭০-২৮০ টাকা

  • লেয়ার মুরগি: ২৫০-২৭০ টাকা

  • গরুর মাংস: ৭৫০ টাকা

  • খাসির মাংস: ১১৫০ টাকা

স্থানীয় ভোক্তারা বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনা কোর্ট প্রাঙ্গণ থেকে পুলিশের হাত ফসকে পালাল আসামি

বরগুনা আদালত চত্বরে পুলিশ হেফাজতে থাকা এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের প্রধান ফটকের সামনে থেকে এই ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।

পলাতক আসামির নাম আল আমিন (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের বাসিন্দা এবং আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মামলা (নং-৩৬/২০১৮) দায়ের করেন। মামলার রায়ে আদালত তার বিরুদ্ধে ডিক্রির আদেশ দেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর রবিবার বিকেলে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। ঠিক সেই সময় প্রধান ফটকের সামনে হ্যান্ডকাফ হাত থেকে খুলে কৌশলে পালিয়ে যান তিনি।

ঘটনার বিষয়ে বরগুনা কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, “আসামির হাত চিকন হওয়ায় সে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় কোনো পুলিশ সদস্য কর্তব্যে অবহেলা করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আসামি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আদালত ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




প্রবল বর্ষণে ধ্বসে পড়লো দুই সড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

টানা বৃষ্টিতে বরিশালের গৌরনদী উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়কে ধ্বস দেখা দিয়েছে। সৃষ্ট বিশাল গর্ত ও ভাঙনের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। এতে করে হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দা পড়েছেন চরম দুর্ভোগে।

সড়ক ধ্বসের দুটি পয়েন্ট:

  • গৌরনদী-সরিকল সড়ক (মোল্লার খালপাড় এলাকা)

  • গৌরনদী হ্যালিপ্যাড সড়ক

গত ২ আগস্ট দিবাগত রাতে নলচিড়া ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় গৌরনদী-সরিকল সড়ক ধ্বসে বিশাল গর্ত তৈরি হয়। এ গর্তের কারণে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, গৌরনদী উপজেলার হ্যালিপ্যাড সড়কের বিভিন্ন অংশে অসংখ্য বিশালাকার গর্ত তৈরি হওয়ায় সড়কটি এখন পায়ে হেঁটে চলার জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে।

ইজিবাইক চালক জসিম সরদার বলেন,
“সড়ক ধ্বসের ফলে শতাধিক চালকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।”

পিকআপ চালক রবিউল শরীফ জানান,
“টরকী বন্দর থেকে মালামাল নিয়ে এসে গর্তে আটকা পড়েছি। সময়মতো পণ্য পৌঁছাতে পারছি না।”

গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. অহিদুর রহমান বলেন,
“একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ধ্বস নামে। খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছি এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আর মৌরি বলেন,
“হ্যালিপ্যাড সড়কটি বর্ষা শেষে পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে। দরপত্র আহ্বান প্রক্রিয়া শুরু করা হবে শিগগিরই।”

ভুক্তভোগী সাধারণ মানুষ ও যাত্রীরা দ্রুত উভয় সড়কের মেরামত ও যান চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি বর্ষা মৌসুমে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫