সাবধানতা অবলম্বন করেই হিটস্ট্রোকের ঝুঁকি হ্রাস করা সম্ভব

বরিশাল অফিস :: হিটস্ট্রোক ঝুঁকি সম্পর্কে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আয়োজনে বিশেষ সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন-‘অতিরিক্ত গরম এবং পানিশূন্যতা এড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করে হিটস্ট্রোক ঝুঁকি হ্রাস করা সম্ভব।

মঙ্গলবার সকাল দশটায় মেডিক্যাল কলেজের কনফারেন্স রুম অনুষ্ঠিত সায়েন্টিফিক সেমিনারে বক্তারা আরও বলেন, হিটস্ট্রোকে সবচেয়ে বেশি শিশু, বয়স্ক, যারা ডায়বেটিস, কিডনিসহ বিভিন্ন ক্রনিক রোগে ভুগছেন তাদের জন্য ঝুঁকি বেশি। তাই তাদেরকেই সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ জিএম নাজিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তরা আরো বলেন, বর্তমানে দেশজুড়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এতে হিটস্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই হিটস্ট্রোক ঝুঁকি হ্রাস করার জন্য সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। খুব প্রয়োজন না হলে রোদে যাওয়া যাবে না।

হিটস্ট্রোক প্রতিরোধের জন্য ঢিলেঢালা, হালকা, হালকা রঙের পোশাক পরতে হবে, ঠান্ডা তরল খাবার খেতে হবে। ডিহাইড্রেশন হওয়া প্রতিরোধ করতে হবে। অ্যালকোহল এরিয়ে চলতে হবে,ডিহাইড্রেশন যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, লবণ মিশ্রিত পানি খেলে ভালো হয়, বিশেষ করে স্যালাইন খেতে হবে। এছাড়া যেসব শ্রমিকরা কাজ করেন তাদের কিছু সময় পরপর ছায়ার মধ্যে আসতে হবে।

সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কাজল কান্তি দাস বলেন, হিট স্ট্রোকের মূল ঝুঁকি মূলত যারা দীর্ঘসময় রোদে থাকেন তাদের। দীর্ঘসময় গরমে থাকার কারণে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এ অবস্থায় শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিটস্ট্রোক হয়।

অতিরিক্ত গরমে পেশী বাঁধা, ভারী ঘাম, চরম দুর্বলতা, বিশৃঙ্খলা, মাথা ব্যাথা, বমি, রেসিং হার্টবিট, গাঢ় রঙের প্রসাব ও চামড়া ফ্যাকাশে হলেই দ্রুত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে বা চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে হবে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল হক, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এজেটএম ইমরুল কায়েস, ডাঃ স্বপন কুমার সরকার, ডাঃ অমিতাব সরকার, ডাঃ এফআর খান, ডাঃ সৌরভ সুতার প্রমুখ।




বরিশালে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বরিশাল অফিস :: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল) বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে হকার সংগ্রাম পরিষদের উদ্যোগে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন বরিশাল হকার সংগ্রাম পরিষদের আহবায়ক বরুন সাহা। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শাহ আজিজ খোকন, বরিশাল হকার্স সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মামুন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,সদস্য শহিদুল শেখ প্রমুখ।

বক্তারা বলেন বরিশালের নাজিরের পোল থেকে সদর রোডের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে তিন শতাধিক হকার সবজি ফল চটপটি ডিম কলা সহ বিভিন্ন পণ্য ফেরি করে তাদের সংসার চালাত। এদের মধ্যে অনেকেই ২৫-৩০ বছর ধরে এসকল ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু গত কয়েক মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশনের নির্দেশে প্রশাসনের অভিযানে এইসকল ব্যবসায়ী সদর এলাকায় কোথাও দাঁড়াতে পারছেন না। পুনর্বাসন ছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য এভাবে মানুষের পেটে লাথি মেরে কখনোই শান্তি-শৃঙ্খলা আনা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে একটি প্রতিনিধি দল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বরাবর পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি পেশ করে।

 




বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ প্রার্থী

বরিশাল অফিস :: প্রথম ধাপে জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মঙ্গলবার দুপুরে প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনায় মাঠে নেমেছেন। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুল ইসলাম মুন্সি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২২ এপ্রিল শেষ কার্যদিবসে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে বাকেরগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদের প্রার্থী মিজানুর রহমান ও নেওয়ামত আবদুল্লাহ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একই উপজেলার কামরুল ইসলাম এবং বরিশাল সদর উপজেলা থেকে মোহম্মদ ফাইজুল হক সজীব তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সূত্রমতে, চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বরিশাল সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং বাকেরগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন।




বরিশালে যুবদলের সভাপতি করার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ

বরিশাল অফিস :: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটি গঠণের অভিযোগ পাওয়া গেছে। এমনকি উপজেলার বিশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি করার প্রলোভন দিয়ে মোঃ ইয়াসিন নামের এক সক্রিয় যুবদল নেতার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য মোঃ ইয়াসিন জেলা দক্ষিণ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সকালে ওই অভিযোগে জানা গেছে, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদারের কথা বলে সদস্য সচিব মিজান ফকির বিশারকান্দি ইউনিয়ন যুবদলের কমিটিতে মোঃ ইয়াসিনকে সভাপতি করার প্রলোভন দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। এমনকি বিভিন্ন সময় মিজান ফকির ও তার স্ত্রীর মোবাইলে বিকাশ ও নগদের মাধ্যমে আড়াই লাখ টাকা পেমেন্ট নিয়েছেন।

মোঃ ইয়াসিন অভিযোগ করে বলেন, তার কাছ থেকে টাকা নিয়েও তাকে কমিটির সভাপতি করা হয়নি। সেখানে মোটা অংকের টাকার বিনিময়ে অতিসম্প্রতি মোঃ আবুল কালামকে আহবায়ক ও ফিরোজ মাহমুদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট বিশারকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করেন উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব।

পদবঞ্চিত যুবদল নেতা মোঃ ইয়াসিন লিখিত অভিযোগে আরও উল্লেখ করেছেন, জন্ম লগ্ন
থেকে তার পরিবার বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। এজন্য তাকে একাধিক মামলা ও হামলার শিকার হতে হয়েছে। এরপরেও তাকে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ দেওয়ার জন্য টাকা নেয়া সত্বেও অন্য পক্ষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পকেট কমিটি ঘোষনা
করা হয়েছে।

যুবদল নেতা মোঃ ইয়াসিন বলেন, আমাকে সভাপতির পদ দেওয়ার জন্য উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদারের কথা বলে সদস্য সচিব মিজান ফকির বিভিন্ন সময় বিকাশ ও নগদের মাধ্যমে যে টাকা নিয়েছেন তার প্রমানসহ স্টেটমেন্ট জেলা দক্ষিণ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়ের করা অভিযোগের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে।

পুরো অভিযোগ অস্বীকার করে বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজান ফকির বলেন, মূলত পদবঞ্চিতরা এসব মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে। অভিযোগের কোন সত্যতা নেই।




পটুয়াখালীতে হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, গত শনিবার (২০ এপ্রিল) তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়৷ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন : দুমকী উপজেলা পরিষদ নির্বাচন – প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা

নিহতের মেয়ে শিমু আক্তার জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানিয়েছেন ডাক্তার।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয় বলেও জানান তিনি।




দুমকী উপজেলা পরিষদ নির্বাচন – প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম রাজনৈতিক, সামাজিক ও সুশীল মহল। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ-প্রত্যাশীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশ, কর্মী সভা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান, কর্মী-সমর্থকদের নিয়ে হাটবাজার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন, উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় সরগরম হয়ে উঠেছে সর্বমহল। 

এছাড়াও রাজনৈতিক মহলে ব্যাপক লবিং গ্রুপিং চলছে পুরোদমে। উপজেলার আনাচে কানাচে হোটেল কিংবা চায়ের দোকানে হরহামেশা নির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে রসাত্মক সমীকরন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলার মোট ভোটার ৭১হাজার ৭৫৫ এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ এবং নারী ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন।

সরেজমিনে দেখা যায়, ৩য় ধাপে অনুষ্ঠিতব্য আগামী ২৯মে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুমকী উপজেলায় ইতিমধ্যে সমগ্র নির্বাচনী এলাকায় জনসমর্থন আদায় করতে শোডাউন, শুভেচ্ছা বিনিময় ও কর্মী সংগ্রহে তোড়জোড় চালাচ্ছেন সম্ভব্য প্রার্থীরা।

আরো পড়ুন :  নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

তারা হলেন –
১/ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টিকারী এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। তিনি বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় উঠান বৈঠক, কর্মীসমর্থকদের নিয়ে শোডাউন এবং সর্বমহলে যোগাযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

২/ দুমকী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ, হাটবাজার, পাড়ায় মহল্লায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন।

/ দুমকী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার। তিনি এলাকায় ইতিমধ্যে নিজের প্রার্থীতা ও সমর্থন চেয়ে দোয়া প্রার্থনা করছেন এবং হাট- বাজার, সামাজিক -সাংস্কৃতিক ও রাজনৈতিক‌, ধর্মীয় অঙ্গনে সমর্থনের চেষ্টা অব্যাহত রেখেছেন। উপজেলার সর্বত্র জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

/ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও শুশীল মহলে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছেন।

আরো পড়ুন : মানসিক ভারসাম্যহীন নারীর লাঠির আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

৫/ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ হিসেবে মাল্টা আওয়ামীলীগের সভাপতি মোঃ কাওসার আমিন হাওলাদার। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মিডিয়া, ধর্মীয় অনুষ্ঠান, সেবামূলক কাজ, উঠান বৈঠক,গ্রাম ও হাটবাজারে নিজের প্রার্থীতার ব্যাপারে বাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

/ দুমকী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির বাদশা। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে, পাড়ায় মহল্লায় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন।

তবে আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যায়ে কত জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন তা নিয়ে রাজনৈতিক ও শুশীল মহলে চলছে নানা হিসাব নিকাশ এবং আগামী ২মে মনোনয়ন পত্র দাখিলের পর নিশ্চিত করে বলা যাবে।




মানসিক ভারসাম্যহীন নারীর লাঠির আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাঠির আঘাতে আয়শা মনি (০৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকিখালি গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।

সোমবার ভোর রাত ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে রবিবার বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : দুটি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক

স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, একই বাড়ির সম্পর্কে দাদি হনুফা বেগম(৫২) ১০-১২ বৎসর যাবত মানসিক ভারসাম্যহীন সমস্যায় ভুগতে ছিলেন। প্রচন্ড গরম লাগার কারণে নিহত আয়েশার মা ঘটনার সময় আয়েশা মনিকে বসতঘরের সামনে শুয়াইয়া রাখে। এ সময় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হনুফা ষলাকনি জাতীয় কাঠের টুকরা দিয়ে হনুফার মাথায় বাড়ি দিলে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত হনুফা বেগম একই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা ঘটার পরপর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।




দুটি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় দুটি ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আট করেছে পুলিশ ৷

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেতাগিনাসকিপুর ইউনিয়নের খারিজা বেতাগি রহিম হাওলাদারের বসত ঘরের সামনে চোরাই ইজিবাইক বেচা-বিক্রির সময় দশমিনা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক ও দুটি ইজিবাইক জব্দ করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

আটকরা হলেন- বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত রশিদ সরদারের ছেলে মো. সাইদুল সরদার (২৫), নওমালা ইউনিয়নের বটকাজল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মৃধার ছেলে মো. ওহিদুল (২০) এবং মো. খলিল মৃধার ছেলে মো. রাহাত (১৯)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এই চক্রটি অনেক দিন দশমিনা উপজেলায় চোরাই ইজিবাইক বেচা-বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয় এবং দুটি ইজিবাইক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা হয়েছে। এর সঙ্গে ৬-৭ জন জড়িত আছে। তাদের গ্রেপ্তারের চেষ্ট চলছে। আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।




বাকেরগঞ্জে যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে জখম

বরিশাল অফিস :: বাকেরগঞ্জ উপজেলার ৬ নং বাদলপাড়া চরামদ্দি ইউনিয়নে বোনের যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রী ও সমন্দিসহ ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবার।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শেষ বাদল পাড়া গ্রামের হাওলাদার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাদল পাড়া গ্রামের বাসিন্দা মৃত:বেলায়েত মোল্লার মেয়ে রাহিমা আক্তার, ছেলে পান্নু মোল্লা, নান্নু মোল্লা, ও সোহেল মোল্লা। আহতদের মধ্যে পান্নু মোল্লা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আহত পান্নু মোল্লার ভাই নান্নু মোল্লা জানান,ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তার বোন রাহিমাকে যৌতুকের দাবিতে মারধর করে তার পাষণ্ড স্বামী নুরুল ইসলাম হাওলাদার। সংবাদ পেয়ে সে ও তার দুই ভাই পান্নু ও সোহেল তাদের বাড়িতে যায়। এ সময় তারা নূরুলকে জিজ্ঞাসাবাদ করলে উত্তেজিত হয়ে নুরুল,রবিউল ও নূর হোসেন সহ অজ্ঞাত আরো কয়েকজন তাদেরকে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা আহতদের মধ্যে পান্নু কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নান্নু সোহেল ও রাহিমা প্রাথমিক চিকিৎসাধীন।

তিনি অভিযোগ করে আরো বলেন, রহিমার বিয়ের সময় নুরুলকে নগদ ৬০ হাজার টাকা ও এক লক্ষ টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়। ঘটনার দিন নুরুল ঘর উঠানোর জন্য রাহিমার পরিবারের কাছে দুই লক্ষ টাকা দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করলে সে রাহিমার ওপর অমানবিক নির্যাতন চালায়। ভুক্তভোগী ও পরিবার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বরিশাল বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, আমাদের থানায় এখনো এ বিষয় নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। কোন পক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। এর আগে দীর্ঘক্ষণ ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেন মুসুল্লিরা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস।

মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।’

তিনি আরও বলেন, ‘এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়, এজন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এ জন্য দোয়া ইউনুস পড়েছি।’