মেহেন্দিগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা ও গজারিয়া নদীতে গোসলে নেমে তিন শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পৃথক ঘটনায় তিন শিশু নদীতে গোসলে নামে। এর মধ্যে গজারিয়া নদীতে নিখোঁজ ছয় বছর বয়সী আবিদা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের কোলচর গ্রামের বাসিন্দা বাদশা দেওয়ানের মেয়ে এবং শান্তিরহাট ফোরকানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে মেঘনা নদীতে নিখোঁজ রয়েছে আরও দুই শিশু—একজন তাহসিন দেওয়ান (৬), পিতা আব্দুর রশীদ দেওয়ান; অপরজন রেজাউল করিম (৭), পিতা শহিদ বিশ্বাস। তারা দুজনেই একই ইউনিয়নের উত্তর দাদপুরচর এলাকার কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তিনি বলেন, “নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।”
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আলী আশরাফ জানান, “৯৯৯ এর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছি। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের পরিবার ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীর পাড়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








