বাস চলাচল ‘বন্ধ’ থাকবে আজ




কুয়াকাটা খালের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে নকশা কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি :: উপকূলীয় এলাকার শহর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও জলবায়ু প্রতিরোধ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় সমন্বিত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা খালের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় দুইশ কোটি টাকা প্রকল্পের আওতায় এশিয়া উন্নয়ন ব্যাংক— এডিবির অর্থায়নে এলজিইডি বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।

এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের অংশগ্রহণে সুষ্ঠুভাবে ও সৌন্দর্যের সঙ্গে প্রকল্প বাস্তবায়নে নকশ প্রণয়ন কর্মশালা করেছে এডিবি। প্রকল্প বাস্তবায়ন হলে কুয়াকাটায় পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে ‘কুয়াকাটা খালের’ দুই পাড়ের সৌন্দর্যবর্ধন ও পরিকল্পনা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন : বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

এ সময় পৌরসভার প্যানেল মেয়র মো. মনির শরীফের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মো. মাহফুজ রহমান, প্যানেল মেয়র-২ মো. শহিদ দেওয়ান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পর্যটন উদ্যোক্তা হাসানুল ইকবাল, কাউন্সিলর তৈয়বুর রহমান, ফজলুল হক খান, আবুল হোসেন ফরাজী, মো. মজিবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বারী আজাদ প্রমুখ।

এছাড়াও পৌর এলার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশত মানুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রকল্প বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আরবান ডিজাইনার ও এডিবির কনসালট্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান।

কর্মশালায় প্রকল্পের ধারণাগত নকশা প্রণয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে খোলামেলা মতামত গ্রহণ করা হয়। পর্যটকদের বিনোদনে এবং একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে এডিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিসহ সকল শ্রেনী পেশার মানুষ।

আরো পড়ুন : এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

কুয়াকাটা খালের সৌন্দর্যবর্ধন করা হলে পর্যটকসহ স্থানীয়দের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে এমনটাই জানায় কুয়াকাটা পৌর কতৃপক্ষ।

খালের দুই পাড়ের এক্সেস রোড, ফুটব্রিজ, র‌্যাম্প, ওয়াকওয়ে, বোর্ডওয়াক, ৩টি ঘাট, বসার শেড, বোট রাইডিং, মাছ ধরার পয়েন্ট, ফ্লোটিং গার্ডেন, মার্কেট, রেস্তোরাঁ, আলোকসজ্জা, পাবলিক টয়লেট, পানীয় জলের ব্যবস্থা, মানচিত্র, নিরাপত্তা ক্যামেরা, বৃক্ষরোপণ, ঝর্ণা, ফুটব্রিজ, খাল খননসহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে প্রস্তাবিত এই নকশায়।

জলবায়ু সহনশীল সবুজ অবকাঠামো এবং প্রকৃতিভিত্তিক পর্যটন নগরী গড়ে তুলতে এমন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।




বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি :: বিদেশি প্রকৌশল নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশে একের পর এক গড়ে উঠছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে এসব বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই বিদেশি প্রকৌশলী নির্ভর। তাই দেশের প্রকৌশলীদের পাওয়ার প্ল্যান্ট ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।

চীন ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যৌথ এ প্রতিষ্ঠানের আয়োজনে রবি ও সোমবার দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে। এতে অংশ নেন কুয়েটের তড়িৎ এবং যান্ত্রিক অনুষদের চতুর্থ বর্ষের ৫০ শিক্ষার্থী ও ৬ শিক্ষক।

এসময় পাওয়ার প্ল্যান্টের বয়লার চেম্বার, কয়লার ব্যবহার এবং কয়লা খালাসের জেটিসহ কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখানো হয় প্রশিক্ষণার্থীদের। শেখানো হয় পাওয়ার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক বিষয়গুলো। সরাসরি পাওয়ার প্ল্যান্ট চালানোর এমন প্রশিক্ষণে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে আগামী দিনেও প্রশিক্ষণের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের।

আরো পড়ুন : কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব – বাতিল হচ্ছে বুকিং

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহানারা বলেন, ‘এতদিন আমরা আসলে বইয়ে পড়েছি। এখন সরাসরি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সবকিছু ঘুরে দেখলাম। এখানে এসে নতুন করে অনেক কিছু শিখেছি। যা ভবিষ্যতে আমার কাজে দেবে।’

বাংলাদেশ-চায়না কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব বলেন, ‘শিক্ষার্থীরা যাতে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত বাস্তবিক জ্ঞান, ধারণা লাভ করে এবং ভবিষ্যতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র ও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে; তাই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে নিজস্ব মানবসম্পদ বিনির্মাণে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’




ঝালকাঠিতে মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন আমির হোসেন আমু

বরিশাল অফিস :: ঝালকাঠি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। গত রোববার বিকেলে ঝালকাঠির কীর্ত্তিপাশা মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি গণপূর্ত বিভাগ মডেল মসজিদটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

আরো পড়ুন : পিরোজপুরে যুবলীগের সম্মেলন – এক যুগ পর নতুন নেতৃত্বের আশা

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মশিউর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। এ ছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।




পিরোজপুরে যুবলীগের সম্মেলন – এক যুগ পর নতুন নেতৃত্বের আশা

বরিশাল অফিস :: পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন। সে অনুযায়ী আগামী ১৮ মে (শনিবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের এ তারিখ জানানো হয়।

বর্তমান পিরোজপুর জেলা যুবলীগের কমিটি নিষ্ক্রিয় থাকায় উক্ত শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সম্মেলনের এ তারিখ নির্ধারণ করেছেন বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক আগামী ১৮ মে শনিবার পিরোজপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

আরো পড়ুন : বরিশালে সরকারি দুই হাসপাতাল থেকে ২৫ দালাল আটক

পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। যুবলীগের সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, দুর্দিনে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের হাল ধরেছেন, জেলা কমিটি নিষ্ক্রিয় থাকার পরেও যারা সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে- তাদেরই নতুন নেতৃত্বে আসা উচিত।




বরিশালে সরকারি দুই হাসপাতাল থেকে ২৫ দালাল আটক

বরিশাল অফিস :: রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা, অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অভিযান চালিয়েছে বরিশাল র‌্যাব ৮ এর সদস্যরা। এ সময় ১০ নারীসহ দালাল চক্রের ২৫ সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালের প্রধান গেটে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব- ৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

তিনি বলেন, বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতালটিতে রোগীরা চিকিৎসা নিতে এলেও নানা হয়রানির শিকার হতে হয় বলে আমাদের কাছে অভিযোগ ছিল। গোপনে সংবাদ নিয়ে (মঙ্গলবার) সকাল থেকে র‌্যাবের সদস্যরা হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন : আজ মহান মে দিবস

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকদের মধ্যে বেশিরভাগ হাসপাতালের পুরাতন স্টাফ। যারা কোনো না কোনো সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন। আবার দুয়েক’জন বর্তমান স্টাফের সম্পৃক্ততাও পাওয়া গেছে, যারা এই চক্রের সাথে জড়িত। আমরা চাই সাধারণ মানুষের শতভাগ চিকিৎসা যেন নিশ্চিত হয়।

র‌্যাব আরো জানায়, তারা বরিশাল জেনালে (সদর) হাসপাতালেও অভিযান চালিয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা থাকবে বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
তিনি বলেন, গোটা বরিশালে আমরা দালাল মুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। এ চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এদের সাথে আমাদের কোনো স্টাফ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব – বাতিল হচ্ছে বুকিং

পটুয়াখালী প্রতিনিধি :: সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে সাগরকন্যা কুয়াকাটায় মন্দা চলছে। তীব্র গরমের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। অনেক পর্যটক তাদের অগ্রিম বুকিং বাতিল করছে। আবার কেউ কেউ দুই-তিন দিন থাকার জন্য এসে গরমের দাপটে ফিরে যাচ্ছেন একদিন থেকেই। এতে কাঙ্ক্ষিত পর্যটক পাচ্ছে না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আবহাওয়া অফিস বলছে আরও একসপ্তাহ অপরিবর্তিত থাকতে পারে বর্তমান অবস্থার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কুয়াকাটার বেশ কয়েকটি হোটেল মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী সময় কুয়াকাটা পর্যটকদের আগমনে সরগরম থাকে। তবে প্রতিবছরের চেয়ে এবার ঈদের পর পর্যটকের সংখ্যা বাড়লেও হঠাৎ পর্যটকের সংখ্যা কমে গেছে। টানা দাবদাহের কারণে হোটেলের অগ্রিম বুকিং বাতিল করছেন অনেকেই।

হোটেল সাগরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সাগর জানান, প্রতিবছর ঈদ পরবর্তী সময় হোটেলের প্রায় ৫০-৬০ শতাংশ কক্ষ বুকিং থাকে। কিন্তু এ বছর মাত্র ২০ শতাংশ বুকিং ছিল। গত দুইদিন আগে বুকিং দেওয়া ৪টি রুম দুইটি পরিবার আজ বাতিল করেছে।
তারা বলছেন, অতিরিক্ত গরমের কারণে শিশু ও পরিবারের লোকজন নিয়ে নিরাপদ মনে করছেন না।

আরো পড়ুন : মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, গরমে পর্যটক এসে অতিষ্ঠ হয়ে পড়ছেন। যে কারণে মানুষ এসে টিকতে পারছেন না। ঈদুল ফিতর উপলক্ষ্যে কিছু পর্যটক আসছিল এরপর থেকে প্রচণ্ড গরমের কারণে বর্তমানে হোটেল-মোটেলের কক্ষগুলো বেশিরভাগই ফাঁকা রয়েছে। লবণাক্ত পানিতে শরীর শুষ্ক হয়ে যাচ্ছে। তবে আবহাওয়া পরিবর্তন হলে আবারও পর্যটক আসবে বলে মনে করছি। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা পর্যটকদের বারবার মাইকিং করে সাবধানে থাকতে বলছি। এছাড়াও আমাদের সদস্যরা বাড়তি নজরদারি রাখছে যাতে কোনো পর্যটক অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

এ বিষয় খেপুপাড়া আবহাওয়া অফিসের ইনচার্জ প্রকৌশলী আ. জব্বার শরীফ বলেন, কুয়াকাটায় তাপমাত্রা আগের চেয়ে বেশি। এখনই পর্যটকদের লাইট জামাকাপড় পড়ে থাকতে হবে। এ পরিস্থিতিতে পর্যটকসহ স্থানীয়দের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে বলা হয়েছে।




মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পিপঁড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রমিক মো: মামুন আকন (৩২) পিপড়াখালী গ্রামের মো: হাসেম আকনের ছোট ছেলে। মামুন আকনের এক ভাই কিছুদিন আগে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আরো পড়ুন : তীব্র গরমে হাতপাখা বিক্রির হিড়িক

জানা যায়, উপজেলা পিঁপড়াখালী গ্রামের নিজ বাড়ি-সংলগ্ন একটি গাছের ডাল কাটতে যান মামুন। ওই সময়ে অসাবধানতাবশত পা ফসকে গাছ থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




তীব্র গরমে হাতপাখা বিক্রির হিড়িক

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তার ওপর আবার ঘন ঘন লোডশেডিং। ফলে গরমে হাঁসফাঁস অবস্থায় কলাপাড়া উপজেলার কর্মব্যস্ত মানুষ। অতিষ্ঠ গরম থেকে রক্ষা পেতে শহরে হাত পাখা কেনার ধুম পড়েছে।

শহরের অলিগলিতে বিভিন্ন সিজনাল ব্যবসায়ীদের ঘুরে ঘুরে হাত পাখা বিক্রি করতে দেখা যায়। প্রতি হাত পাখা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন তারা। যদিও গত বছর এই পাখা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হতো।

জানা গেছে, কেওয়া পাতা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি এই হাতপাখা গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সুদীর্ঘকাল থেকে বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে তালপাখার জুড়ি নেই। কেওয়াপাতা কেটে রোদে শুকিয়ে বাঁশের শলা ও সুতা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই হাতপাখা।

পাখা বিক্রেতা আবদুল কাদের বলেন, ‘আমি কাজের ফাঁকে গরমের সিজনে তিন বছর ধরে হাতপাখা বিক্রি করছি। গত কয়েক বছরের চেয়ে এই বছর অনেক বেশি পাখা বিক্রি হয়েছে। এতে আর্থিক বেশ লাভ হয়েছে।’

আরো পড়ুন : এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

নতুন বাজারের বাসিন্দা আহাল উল্লাহ মাওলানা জানান, দিন কিংবা রাতের বেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে আমরা ছেলে-মেয়ে নিয়ে ঘরের ভেতরে থাকতে পারি না। তাই ফ্যানের বিকল্প হিসেবে আমরা নিরুপায় হয়ে হাতপাখা কিনছি।

ব্যবসায়ী বাসুদেব জানান, বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে হাতপাখা ব্যবহার করেন তারা। পাশাপাশি ২০ টাকার পাখা ৪০ টাকায় বিক্রি হওয়ায় সুলভ মূল্যে পাখা কেনা অনেক কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক আবু ইউসুফ বলেন, লোডশেডিংয়ের এই বিরূপ পরিবেশ শীতল করতে হাতপাখার জুড়ি নেই। তাই এই গরমে হতদরিদ্র ও ছিন্নমূল শিশু, রোগাক্রান্ত ব্যক্তিদের স্বস্তি দিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনকে সুলভ বা বিনামূল্যে জনপ্রতি একটি করে হাতপাখা ও খাবার স্যালাইন দেওয়ার আহ্বান জানাই।




দুমকি উপজেলা পরিষদ নির্বাচন – প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা

বরিশাল অফিস  : পটুয়াখালীর দুমকীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম রাজনৈতিক, সামাজিক ও শুশীল মহল। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ-প্রত্যাশীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশ, কর্মী সভা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান, কর্মী-সমর্থকদের নিয়ে হাটবাজার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন, উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় সরগরম হয়ে উঠেছে সর্বমহল।

এছাড়াও রাজনৈতিক মহলে ব্যাপক লবিং গ্রুপিং চলছে পুরোদমে। উপজেলার আনাচে কানাচে হোটেল কিংবা চায়ের দোকানে হরহামেশা নির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে রসাত্মক সমীকরন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলার মোট ভোটার ৭১ হাজার ৭৫৫ এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ এবং নারী ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন।

সরেজমিনে দেখা যায়, ৩য় ধাপে অনুষ্ঠিতব্য আগামী ২৯মে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুমকি উপজেলায় ইতিমধ্যে সমগ্র নির্বাচনী এলাকায় জনসমর্থন আদায় করতে শোডাউন, শুভেচ্ছা বিনিময় ও কর্মী সংগ্রহে তোড়জোড় চালাচ্ছেন সম্ভব্য প্রার্থীরা।

এরা হলেন, ১. সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। তিনি বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় উঠান বৈঠক, কর্মীসমর্থকদের নিয়ে শোডাউন এবং সর্বমহলে যোগাযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

২. নির্বাচন মুখী পরিবারের সদস্য হিসেবে পরিচিত, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পটুয়াখালী চেম্বার অফ কমার্সের সদস্য ও দুমকী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার। তিনি এলাকায় ইতিমধ্যে নিজের প্রার্থীতা ও সমর্থন চেয়ে দোয়া প্রার্থনা করছেন এবং হাট- বাজার, সামাজিক -সাংস্কৃতিক ও রাজনৈতিক‌, ধর্মীয় অঙ্গনে সমর্থনের চেষ্টা অব্যাহত রেখেছেন। উপজেলার সর্বত্র জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

৩.ঢাকাস্হ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি, দুমকি উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সুশিল মহলে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছেন।

৪. সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক, পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক পরিচালক, বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত এবং বর্তমান চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ, হাটবাজার, পাড়ায় মহল্লায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা, সম্মিলিত নাগরিক মঞ্চ ও নতুন প্রজন্মের ব্যানারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

৫. আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ হিসেবে ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছেন, মাল্টা আওয়ামীলীগের সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাওসার আমিন হাওলাদার।

৬. পটুয়াখালী জজকোর্টের সাবেক এপিপি, দুমকি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির বাদশা। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে, পাড়ায় মহল্লায় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন।

তবে আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যায়ে কত জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন তা নিয়ে রাজনৈতিক ও সুশিল মহলে চলছে নানা হিসাব নিকাশ এবং আগামী ২মে মনোনয়ন পত্র দাখিলের পর নিশ্চিত করে বলা যাবে।

চন্দ্রদীপ নিউজ /এসএলটি