উপজেলা নির্বাচনকে ঘিরে সংঘর্ষে থমথমে গৌরনদী,পাল্টাপাল্টি মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আসামি

বরিশাল অফিস :: তৃতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জেলার বরিশাল গৌরনদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ চার নেতাকর্মী আহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানায় দায়ের করা পাল্টাপাল্টি মামলায় আওয়ামী লীগের ৬৪ জন নেতাকর্মীর নামোল্লেকসহ ১০৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সদ্য সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের সমর্থক আহত দেলোয়ার হোসেন দিলু হাওলাদারের স্ত্রী আফরোজ আক্তার মুন্নি বাদি হয়ে আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরটি চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়ার সমর্থক আহত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর মা তাপসী রানী গুহ বাদি হয়ে আওয়ামী লীগের ২৬ নেতাকমীর নামোল্লেখসহ ৬৬ জনকে অভিযুক্ত
করে লিখিত অভিযোগ দায়ের করেন।

আফরোজ আক্তার মুন্নির দায়ের করা অভিযোগে উল্লেখযোগ্য অভিযুক্ত আসামিরা হলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, তার ছোট ভাই যুবলীগ নেতা সলিল গুহ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সান্টু, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের

কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, পৌরসভার প্যানেল মেয়র, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সির ও পৌর যুবলীগের সহসভাপতি মোঃ ইখতিয়ার হোসেন হাওলাদার।

তাপসী রানী গুহর দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ্যযোগ্য অভিযুক্ত আসামিরা হলেন-উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, তার ছেলে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ মাহমুদ, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু। হামলা ও সংঘর্ষের পর উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে পাল্টাপাল্টি মামলা দায়েরের পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গৌরনদীজুড়ে।

অপরদিকে হামলায় গুরুত্বর আহত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু তার মোটরসাইকেল চালক পলাশ হাওলাদার ও প্রতিপক্ষের দেলোয়ার হোসেন দিলু হাওলাদারকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ইউপি চেয়ারম্যান ও তার চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং দিলু হাওলাদারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ ১০/১৫ জন সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যার পর পর বাটাজোর বাসষ্টান্ডের ব্যবসায়ীদের সাথে আমি সৌজন্য সাক্ষাত করছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের সমর্থক দেলোয়ার হোসেন দিলু তার লোকজন নিয়ে হারিছুর রহমানের নির্দেশে ৩৫/৪০ জন সহযোগি নিয়ে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ইউপি চেয়ারম্যান পিকলু, তার মোটরসাইকেল চালক পলাশ হাওলাদারকে কুপিয়ে ও মামুন খানকে পিটিয়ে গুরুত্বর জখম করে।

এ অভিযোগ অস্বীকার করে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু পাল্টা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু পিস্তল দিয়ে গুলি করে দেলোয়ার হোসেন দিলু ও তার পুত্র ইমতিয়াজ মাহমুদকে আহত করে।তবে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাত গুরুত্বর এবং দেলোয়ার হোসেনের জখমে গুলিবিদ্ধ হওয়ার কোন আলামাত পাওয়া যায়নি।

বরিশাল গৌরনদী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কেউ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেনি। এ ঘটনায় উভয়পক্ষের পৃথক দুইটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশালে হিটস্ট্রোকে ধান কাটা শ্রমিকের মৃত্যু

বরিশাল অফিস :: প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে বরিশাাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে শনিবার সকালে ধান কাটার সময় জামাল ফরাজী (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত জামাল ফরাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের সৈয়দ ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকার মোখলেস খানের জমিতে বোরো ধান কাটছিলেন জামাল ফরাজীসহ অন্যান্য শ্রমিকরা। প্রচন্ড গরমে ধান কাটার সময় হিটস্ট্রোক করে জামাল অসুস্থ হয়ে পরেন। পরে জমির মালিক মোকলেসসহ অন্যান্য শ্রমিকরা জামালকে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জামালকে মৃত বলে ঘোষণা করেন।

জমির মালিক মোকলেস খান জানান, চলতি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য বাগেরহাট থেকে গত এপ্রিল মাসে একদল শ্রমিক এলাকায় আসেন। তারা ঘুরে ঘুরে বিভিন্ন জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। তাদেরই একজন হচ্ছেন জামাল ফরাজী। প্রচন্ড গরমে শ্রমিক অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে মৃতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 




বরিশালে শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ,উত্তপ্ত বাস টার্মিনাল

বরিশাল অফিস :: হামলায় দুই বাস শ্রমিক আহত ও পরে তাদের তুলে নেওয়ার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ করেছে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকরা। একপর্যায়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।

শ‌নিবার দুুপুরে তিনজন বাস শ্রমিক‌কে মা‌লিক স‌মি‌তির স্টাফ কর্তৃক মারধ‌র করে তুলে নেওয়ার জেরধরে শ্রমিকরা এ বিক্ষোভ করেছেন। এ ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহসড়‌কের দুরপাল্লার যানচলাচল ক‌য়েক ঘন্টা বন্ধ ছিলো। পরবর্তীতে দুরপাল্লার বাস চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীন রুটের যানচলাচল। ফলে চরম দুর্ভোগের মধ্যে পরেছেন সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ‌নিবার দুপুর সা‌ড়ে বারোটার দিকে নথুল্লাবাদ বাস টা‌র্মিনা‌লের মাদারীপু‌রগামী এক‌টি লোকাল গা‌ড়ি মোটরসাইকেল চালককে সাইড নিতে হর্ন দি‌তে‌ছিল। এসময় বাস মা‌লিক স‌মি‌তির কয়েকজন স্টাফ এসে বাস‌টি স‌রা‌তে বলেন।

তারপরেও বাসটি না সরানোর কারণে মালিক সমিতির স্টাফরা ওই বাসের চালককে মারধর করে। এ ঘটনায় দুই শ্রমিক সৌরভ ও সা‌কিল মোবাইল ফোনে ভি‌ডিও কর‌তে গে‌লে তা‌দেরকে বেদম মারধর করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য মেডিক্যালে নেওয়ার পথে তুলে নিয়ে যাওয়া হয়। এ খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে দুই শ্রমিক‌কে উদ্ধা‌রের দাবি‌তে শ্রমিকরা একজোট হ‌য়ে টা‌র্মিনা‌লের

ভেতর ও বা‌হি‌রে বিক্ষোভ শুরু ক‌রেন। প‌রে শতা‌ধিক শ্রমিক টা‌র্মিনা‌লের বাহি‌রে থাকা ক্ষমতাসীন দলের স্থানীয় শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব‌্যানার ছি‌ড়ে ফে‌লে। একপর্যা‌য়ে ট‌া‌র্মিনা‌লের ভেত‌রের আসবাবপত্র এবং মালিক স‌মি‌তির কার্যালয় ভাঙচু‌রের চেস্টা চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় প্রতিপক্ষ শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা বাস টা‌র্মিনা‌লে অবস্থান নি‌য়ে শ্রমিক‌দের সা‌থে একাত্মতা প্রকাশ করে ঘোষনা দেয় তুলে নেওয়া শ্রমিকদের না পাওয়া পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে।

 

বরিশাল জেলা শ্রমিক ইউনিয়‌নের নব‌নির্বা‌চিত সভাপ‌তি কাজী ক‌বির হোসেন ব‌লেন, ‌নতুন কমিটিকে নাজেহাল করতে তুচ্ছ ঘটনায় একটি মহল শ্রমিকদের উস্কানি দিয়ে অরাজগতার সৃষ্টি করেছে। এ ঘটনার সা‌থে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মে‌ট্রোপলিটন পু‌লি‌শের এডি‌সি মো‌ঃ ফারুক হোসেন ব‌লেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে এনেছেন।

 




জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল, উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ এ নোটিশ দেন।

গত বৃহস্পতিবার রাতে বাউফলে ঘোড়া নিয়ে মিছিল বের করায় শুক্রবার এই প্রার্থীকে শোকজ নোটিশটি দেওয়া হয় বলে জানা যায়।

তবে শোকজের জবাবে অভিযুক্ত প্রার্থী মোতালেব হাওলাদার বিষয়টিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
তিনি বর্তমানে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান। আগামী ২১ মে এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত রয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঘোড়া প্রতীকের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাতে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক ও দুটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন। আপনার কর্মীসমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়েছে, যা নির্বাচন বিধিমালার লঙ্ঘন। নির্বাচনী আইনে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।

আরো পড়ুন : দুমকিকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান প্রার্থী এ্যাড.মেহেদি হাসান মিজান

নোটিশে এ অপরাধে কেন তাঁর প্রার্থীতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবে না তার ব্যাখ্যা আজ শুক্রবার দুপুর ২টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই মোতালেব হাওলাদার লিখিতভাবে তাঁর জবাব দাখিল করেন।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমি শোকজ নোটিশ পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিয়েছি।’

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ বলেন, ‘লিখিত জবাবে ওই প্রার্থী বলেছেন তাঁর কিছু উৎসুক কর্মী-সমর্থক ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে মিছিল বের করেছে। ঘটনার সময় তিনি অন্যত্র নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। বিষয়টিতে তিনি লজ্জিত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী বলেও উল্লেখ করে বলেন, অভিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হবে না।’




দশমিনায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় ‘‘দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় দশমিনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরো পড়ুন : দুমকিকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান প্রার্থী এ্যাড.মেহেদি হাসান মিজান

রচনা প্রতিযোগীতায় ৮টি বিদ্যালয়ের ২০জন ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের ২৪জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা আইসিটি অফিসার দেওয়ান মোহাম্মদ জিয়াউর রহমান, তথ্য অফিসার নাদিয়া আফরোস, দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের প্রভাষক মো. সালাউদ্দিন ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মেদ ইব্রাহিম অরবিল, সহ সভাপতি তাহমিনা সুলতানা, সাধারন সম্পাদক মো. মোসারেফ হোসেন, সদস্য ফোরকান, শিক্ষক ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে এসে শেষ হয়।




বরিশালে সাড়ে ৭৪ কোটি ব্যয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ সম্পন্ন

বরিশাাল অফিস :: বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্পে ব্যয় হয়েছে সাড়ে ৭৪ কোটি টাকা নারী শিক্ষার বিকাশ,কারিগরি শিক্ষায় শিক্ষিত, কর্মক্ষেত্রে নারীর কর্র্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নগরীর আলেকান্দা সড়কে প্রায় ৩ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে এবং জিওবি’র অর্থায়নে এই ইনস্টিটিউটি সাড়ে ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, সুশিক্ষিত, দক্ষ ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, এটি বরিশাল জেলার বিভিন্ন স্থাপনার মধ্যে একটি অন্যতম প্রকল্প। বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ শেষে ভর্তি কার্যক্রম শুরু হলে এই অঞ্চলের নারীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত ও বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রতিষ্ঠানে ৯টি বিভাগে শিক্ষার সুযোগ পাবে প্রায় ৪শ’ ছাত্রী। তাই প্রায় ২শ’ ছাত্রীর জন্য নির্মাণ করা হচ্ছে ৪তলা ছাত্রী হোস্টেল। পাশাপাশি ৬তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অডিটরিয়াম, শ্রেনী কক্ষসহ কর্মশালা ভবন। এছাড়া প্রিন্সিপালের জন্য দ্বিতল বাস ভবনসহ ৩০ জন শিক্ষক-কর্মকর্তাদের জন্য ৫ তলা ডরমেটরি ভবন নির্মিত হয়েছে। প্রকল্পের কাজ ২০২০ সালের অক্টোবর মাসে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে চুক্তি সম্পাদিত হয়েছিল। পরবর্তীতে তা আরো প্রায় ৫০ লাখ টাকা বৃদ্ধি করা হয়। এরমধ্যে প্রকল্পের প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প চলতি বছরের জুন মাস নাগাদ প্রত্যাশী সংস্থার কাছে হস্তান্তর করা হলে আগামী বছরের জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু করা যাবে।

এই বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়র মো. আরিফুর রহমান বাসস’কে বলেন, তথ্য-প্রযুক্তির প্রসার এবং কর্মক্ষেত্রে দক্ষ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নারীরা এখন ধীরে ধীরে কারিগরি শিক্ষার প্রতি ঝুঁকে পড়েছে। পড়াশোনার খরচ কম হওয়ায় কিংবা দীর্ঘ বিরতির কারণেও অনেকে ভর্তি হচ্ছে কারিগরি শিক্ষায়।




পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা আয়োজিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩ টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমন। এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষকতায় থাকেন পবিপ্রবির উপাচার্য ও পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন পবিপ্রবির কোষাধক্ষ্য অধ্যাপক মোহাম্মদ আলী।

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন ও চ্যানেল 24 এর জয়েন্ট নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ খন্দকার মোঃ মাজহারুল হক।

এসময় গযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন তার আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবাদ প্রকাশের স্বাধীনতা ও তাদের সংবাদের প্রকাশের বিস্তৃতি তুলে ধরেন। অতঃপর চ্যানেল 24 এর খন্দকার মোঃ মাজহারুল হক ডিজিটাল সাংবাদিকতা এবং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভালো দিক ও গবেষণার দিক গুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যায় ও দূর্নীতি কঠোর হতে হবে এবং অপপ্রচারের ব্যাপারে সতর্ক হতে হবে।

আরো পড়ুন : দুমকিকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান প্রার্থী এ্যাড.মেহেদি হাসান মিজান

উক্ত আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তব্যে সমাজ গঠনে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে বর্তমানে তীব্র তাপদাহে গাছ লাগানোর গুরুত্ব ও এর প্রচারের কথা বলেন। এছাড়াও তিনি ভালো সাংবাদিকের ও হলুদ সাংবাদিকের উদাহরণের মাধ্যমে সাংবাদিকদের সঠিক সংবাদের দিকে আহবান করেন।

উক্ত আয়োজনের সভাপতি নূর মোহাম্মদ শাহীন তার সমাপনী বক্তব্যে পবিপ্রবি সাংবাদিক সমিতির বিভিন্ন নীতি ও কাজ তুলে ধরেন । তিনি সকল অতিথিকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডীন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক বৃন্দ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।




বিশ্ব গণমাধ্যম দিবসে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে দুপুর ১২ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক নির্যাতন বন্ধে যথোপযুক্ত আইন প্রনয়ন ও সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবি এ মানববন্ধনের প্রতিপাদ্য বিষয়।

১৯৯১ সালের ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩মে তারিখকে “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে`র ( বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) স্বীকৃতি দেয়া হয়। ওই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করে আসছেন গণমাধ্যমকর্মীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমরা সরাকারে প্রতি আহবান জানাচ্ছি। দেশে চার হাজারের বেশি পত্রিকা রয়েছে তবে সাংবাদিক রয়েছে কয়েকগুণ এর প্রতিকার প্রয়োজন। কয়েক ধাপে ওয়েস বোর্ডের কার্যক্রম পরিচালিত হলেও মফস্বল সাংবাদিকরা বেশিরভাগই ওয়েস বোর্ডের আওতায় আসেনি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি মফস্বলের সাংবাদিকদের ওয়েস বোর্ড এর আওতায় আনা হোক।

আরো পড়ুন : দুমকিকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান প্রার্থী এ্যাড.মেহেদি হাসান মিজান

তাই প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালিত হচ্ছে একঝাক প্রবীন ও নবীন সাংবাদিকদের অংশগ্রহণে।

পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাকারিয়া হৃদয় এর সঞ্চালনায় মানব বন্ধনে অংশগ্রহন করেন পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা।

এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জালাল আহম্মেদ ও সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।




পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ জনের মনোনয়ন দাখিল

পটুয়াখালী প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহষ্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা প্রশাসকের দরবার হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর কাছে উক্ত সব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মোঃ গোলাম সরোয়ার ও রেজাউল করিম।

ভাইস চেয়ারম্যান পদে চিন্ময় বণিক, ফারুক হোসাইন, আনিচুর রহমান, হাসান সিকদার, আফজাল হোসেন, সালাউদ্দিন হীরা, সহিদুল ইসলাম, সাইদুর রহমান, কামরুল ইসলাম ও দেলোয়ার হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোহানা হোসেন, ফৌজিয়া ইয়াসমিন, নাসিমা আক্তার ও কামরুন নাহার শিমুল।

আরো পড়ুন : গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

উক্ত প্রার্থীদর মনোনয়নপত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।




গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্টের পর স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণী অনশন শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কালাইয়া ৩নং ওয়ার্ডের ছুমির উদ্দিন হাওলাদার বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪ বছর ধরে ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির জসীম হাওলাদারের ছেলে শাহীনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের মেয়ের প্রেমের সম্পর্ক চলছে। বিয়ের আশ্বাস দিয়ে শাহীন তার প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ৪ মাস আগে সামাজিক লাজ-লজ্জার ভয় দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে মেয়েটির গর্ভে থাকা ভ্রূণ নষ্ট করেন শাহীন। এরপর থেকে শাহীন দূরত্ব বজায় রাখায় সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে শাহীন জানান- এই মুহূর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়।

আরো পড়ুন : সৎ, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব নির্বাচিত করে কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে স্মার্ট, উন্নত ও মানবিক দুমকি বিনির্মানে সহযোগীতা চাইলেন মেহেদী হাসান মিজান

বৃহস্পতিবার মেয়েটি তার প্রেমিক শাহীনের বাড়ি গিয়ে অনশন শুরু করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহীনের স্ত্রী হতে চাই। কোনোটাই না হলে আত্মহত্যা করতে চাই।

মেয়েটি তার প্রেমিকের বাড়িতে আসার পরই পেছনের দরজা দিয়ে পালিয়ে যান শাহীন। এ কারণে শাহীনের বক্তব্য জানা যায়নি। তবে শাহীনের মা শাহনাজ বেগম বলেন, আজ সকালে আমার বাড়িতে এসেছে মেয়েটি। ঘটনার কিছুই আমার জানা নেই। ছেলে (শাহীন) বাড়িতে এলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।