দুর্গত রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপ গুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রিমালে দুর্গত পটুয়াখালীর রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপ গুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিব এমপি।

শুক্রবার দিনভর এসব উপকূলে ঘুরে ঘুরে তিনি দেড় হাজার পরিবারের মাঝে এ ত্রান বিতরন করেন।

ত্রান হিসেবে প্রত্যেকে চাল, ডাল, তেল, চিনি, লবন ও দুধ প্রদান করা হয়। ত্রান পেয়ে ক্ষতিগ্রস্থ মানুষ অনেকটা স্বস্তি বোধ করলেও তারা টেকসই বেড়িবাধ নির্মানের দাবি জানান। এছাড়া ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৩২০ টন জি-আর চাল প্রদান করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালী পৌঁছে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ত্রান বিতরনের সময় প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও ঘূর্ণিঝড়ে বাস্তুহারা মানুষের বাসস্থান নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে। এছাড়া দুর্গত এলাকার মানুষের স্বচ্ছলতা ফেরাতে সরকার সব সময় পাশে আছে বলেও জানান তিনি ।




হোয়াটসঅ্যাপ অডিও স্ট্যাটাসে নতুন সুবিধা আসছে




পটুয়াখালী পৌঁছে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টার পর হেলিকপ্টার যোগে রওনা করেন তিনি। বেলা পৌনে একটার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করে।

আরো পড়ুন : ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এরপর সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে যান প্রধানমন্ত্রী। সেখানে দুই হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন।

ত্রাণ বিতরণ শেষে শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। তাছাড়া, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।




ঘূর্ণিঝড় রেমালে পটুয়াখালীতে ক্ষয়-ক্ষতি ২৮ কোটি টাকার বেশি

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার হিসেবে এই ক্ষতির পরিমাণ ২৮ কোটি টাকারও বেশি । পানিবন্দি অবস্থায় এখনো রয়েছে অনেক পরিবার।

রেমালের তাণ্ডবে গত দুই দিনে জেলায় মৃত্যুর সংখ্যা ৩ জন। কলাপাড়ায় স্রোতের তোড়ে ভেসে গিয়ে শরিফুল ইসলাম নামে এক যুবক, বাউফলে ঘরচাপা পড়ে করিম আলী খান নামে এক বৃদ্ধ ও দুমকিতে গাছচাপা পড়ে জয়নাল হাওলাদার নামের অপর এক বৃদ্ধ মারা যান।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে, জেলায় ৯১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া জেলায় ৩৫০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা।

আরো পড়ুন : আজ কলাপাড়া আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে অনেক স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রয়েছে। গত দুইদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা আজই মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবেন। এদিকে জেলার বিভিন্নস্থানে পড়ে থাকা গাছ অপসারণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।




আজ কলাপাড়া আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করতে আজ বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালী আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আসবেন।

আরো পড়ুন : দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১১৪, পটুয়াখালী -৪ (এমপি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলাপাড়া উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। মাঠে মোতায়েন করা হয়েছে ৩ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব, সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের।




বরিশালে পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক  :: বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মুলাদী থানা-পুলিশ বোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।

ওই ভবনটিতে হাতবোমা থাকার সন্দেহে গত ২৬ মে রোববার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী থানা-পুলিশ পাহারায় রেখেছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করেছিল। কলেজের ভবনের হাতবোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করায় ওই এলাকার দোকান ও বাড়ি-ঘরে স্বস্তি ফিরেছে।

বরিশাল মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, গত রোববার সন্ধ্যায় জনৈক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটে সংবাদ দেওয়া হয়।

বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপপরিদর্শক মো. গোলাম মর্তুজার নেতৃত্বে ৪ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা ৩টি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।




দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী মাল্টা কাওসারের প্রধান সহযোগী ও নির্বাচনে একনিষ্ঠ কর্মী মাদক সম্রাট শফিক খানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের মাল্টা কাওসারের নির্বাচনী কার্যালয় থেকে শফিকুল ইসলাম খাঁনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত দিনে শফিক খানের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়াও বেশ কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে নিন্দা ও প্রচন্ড ক্ষোভের জন্ম হয়। একজন প্রার্থীর প্রধান সহযোগীর এমন কর্মকান্ডে সাধারণ মানুষ বিশেষ করে অভিভাবকদের মাঝে ভয় ও উৎকন্ঠা ছড়িয়ে পরে।

একাধিক সূত্র জানায়, শুধু সেবন না তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ আছে।

দুমকি থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ সফির উর রহমান বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে জি আর ৫৭/২০ মাদক মামলার ওরেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।




প্রতিদিনের ডায়েটে রাখুন লিচু, কমবে পেটের জেদি চর্বি

চন্দ্রদ্বীপ ডেস্ক: গরমকাল মানেই আম, লিচু, কাঁঠাল, জামের সমাহার। আম-লিচুর গন্ধে ম ম করে ওঠে রাস্তাঘাট, বাজার। আর এই মৌসুমি ফল খেলে শরীর থাকে তাজা ও হাইড্রেটেড। গ্রীষ্মের দিনগুলোতে অতিরিক্ত ঘাম নির্গত হওয়ায় শরীর থেকে লবণ ও ইলেক্ট্রোলাইট ক্ষয় হয়। অপর্যাপ্ত পরিমাণে পানি ও লবণের কারণ এই সময় হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা দেয়। তাই এই সময় চিকিৎসকরা পানি ও মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন।

গরমকালে সবচেয়ে বেশি জনপ্রিয় ও পছন্দের ফল হলো আম। এছাড়া লিচুও খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর। সুপার হাইড্রেটিং ফল হিসেবে লিচুর সুখ্যাতি যেমন আছে, তেমনি ওজন কমানোর ডায়েটের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল।

লিচু খেলেও ওজন কমে। এর স্বাস্থ্যকর উপকারিতা কী কী, জেনে নিন…

 

>> গরমকালে মৌসুমি ফলগুলোর মধ্যে লিচু হলো একটি সুপার হাইড্রেটিং ফল। লিচুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম, যা শরীরের সঠিক তরল ভারসাম্য ও পেশির কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। হাইড্রেটেড থাকা ও ইলেক্ট্রোলাইটগুলো পুনরায় পূরণ করা ডিহাইড্রেশন রোধ করতেও সক্ষম হয়।

>> লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। শরীরের সংক্রমণ ও অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে তোলে। গ্রীষ্মে লিচু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ও মৌসুমি ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

>> ভিটামিন সি ছাড়াও, লিচুতে অন্যান্য শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড। এই যৌগগুলো ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেলগুলোকে রোধ করতে সাহায্য করে। লিচুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো পরিবেশ দূষণকারীর প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।

>> লিচু ভিটামিন সি সমৃদ্ধ ফলে, কোলাজেন উৎপাদনের জন্য ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতা প্রদান করে। লিচু খাওয়া স্বাস্থ্যকর, তারুণ্যময় ত্বক বজায় রাখতে সাহায্য করতে পারে। সানবার্নের জেরে ত্বকের ক্ষতি যেমন বলিরেখা ও বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করতে পারে।

গরমকালে ডায়েটে লিচুকে রোজ রাখলে কখনও মেদ জমার অবকাশ থাকে না। হাইড্রেশন, ইমিউন সিস্টেম সমর্থন, অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা, ত্বকের স্বাস্থ্য, হজম সহায়তা ও রক্তে শর্করার নিয়ন্ত্রণসহ এর অসংখ্য স্বাস্থ্যকর সুবিধা রয়েছে।




মানবিক দুমকীর কারিগর মেহেদী হাসান মিজান

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হয়ে গেছে দুমকী উপজেলা নির্বাচন। বিধ্বস্ত জনপদে থেমে গেছে নির্বাচনী উৎসব। তবে থেমে নেই একজন মানবিক মানুষ নাম যার মেহেদী হাসান মিজান।  আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী এই মানুষটা রিমাল আঘাত হানার শুরু থেকেই আছেন মানুষের পাশে। তিনি এবং তারঁ সহধর্মিণী ঝড়বৃষ্টি, বন্যার পানি উপেক্ষা করে হেঁটে চলেছেন এ বাড়ি ও বাড়ি।

ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলিয়ে যাচ্ছেন খিচুড়িসহ শুকনো খাবার। খোঁজ খবর নিচ্ছেন ঘরে ঘরে।

শুধু  তাই নয় নিজ উদ্যোগে জরুরী ভিত্তিতে মেরামত করে দিচ্ছেন সড়ক।

বঙ্গবন্দুর আাদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিজান এলাকার মানুষের সেবা করছেন ছাত্রজীবন থেকেই।

মঙ্গলবার (২৮) দুপুরে উপজেলার লেবুখালি ব্রীজের নিচে রাস্তা ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে সাময়িক যাতায়াত করার জন্য আনারস প্রার্থী মেহেদী হাসান মিজান দ্রত একটা বাঁশের সাকোঁর ব্যবস্থা করে দেন।

স্থানীয় ইউনিয়ন ভুমি অফিস এবং হাবিবউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তা।

ঘূর্ণিঝড় রিমালের পর এমন অসংখ্য ছোট অথচ জরুরি ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে চলেছেন মেহেদী হাসান মিজান।

এলাকাবাসী বলছেন, ইশতেহারে আনারস প্রতীকের পক্ষে তিনি যে স্মার্ট, উন্নত ও মানবিক দুমকী বিনির্মানের রূপরেখা দিয়েছেন তার মানবিক দুমকীর চেহারা ইতোমধ্যে তাদের নিকট স্পষ্ট হয়ে গেছে।




ঘূর্ণিঝড় রেমালে বরিশালে ভবনের দেয়াল ধসে ২ জনের মৃত্যু

বরিশাল অফিস :: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে বরিশালের রুপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেয়াল ধসে খাবারের হোটেলের টিনের ওপর পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ ঘটনায় শাকিব নামে আরও এক হোটেলের কর্মী আহত হয়েছেন। তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেছেন, ভোরে লোকমান, মোকসেদুর ও শাকিব টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে ঝড়-বৃষ্টির মধ্যে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে সোমবার ভোরে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।