বাজেট বরাদ্দের বিভিন্ন দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বিক্ষোভ সমাবেশ

বরিশাল অফিস :: নারীর গৃহস্থালী কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপন ও স্বীকৃতি, সরকারিভাবে ডে-কেয়ার সেন্টার, কর্মজীবি নারী হোস্টেল নির্মাণ এবং নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট বরাদ্দের দাবিতে সমাবেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ জুন) বিকালে ৪ টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে বরিশালের অশ্বিনী কুমার হলচত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিলযোগে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ-সম্পাদক শম্পা ঘোষ, অর্থ সম্পাদক সালমা নাসরিন, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সদস্য শিবানী শিকদার।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,‘পৃথিবীতে এমন কোন কাজ নেই যার ফলাফল নেই। কাজ সেটা ছোট হোক বা বড় হোক তার প্রভাব পড়বেই। কিন্তু এমন অনেক কাজ আছে যে কাজের ফলাফল ছাড়া দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে। মানুষের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক জীবন বিকশিত হওয়া তো দূরের কথা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে কিন্তু সে কাজ হলো এমন ধরণের কাজ যার কোন স্বীকৃতি নেই, যে কাজের মর্যাদা নেই এমনকি যে কাজকে তাচ্ছিল্য করা হয় সবসময় আর যারা এই কাজ করেন তাদের কোন পারিশ্রমিক নেই। এই স্বীকৃতিবিহীন, মর্যাদাবিহীন, মজুরীবিহীন কাজের নাম গৃহস্থালি কাজ। এইসব কাজের ৮০ ভাগের বেশি করেন নারীরা। উদয়াস্ত ক্লান্তিকর এই গৃহস্থালি কাজ ছাড়া সমাজ ও পরিবার টিকে থাকা অসম্ভব।

নারীর কাজের অর্থনৈতিক অবদান প্রধানত তিন ভাগে বিভক্ত। প্রথমতঃ মজুরীর বিনিময়ে কাজ এবং টাকা উপার্জনের জন্য স্বনিয়োজিত কাজ, যা জিডিপির হিসাবে যুক্ত হয়। দ্বিতীয়তঃ নারীর মজুরীবিহীন কিছু পারিবারিক কাজ যেমন হাঁস, মুরগী, গরু, ছাগল পালন করে বিক্রি করা ইত্যাদি, এর আর্থিক মুল্য জিডিপিতে যুক্ত হয়। তৃতীয়তঃ নারীর গৃহস্থালি কাজ, যার বাজার মুল্য বা বিনিময় মুল্য নেই, যা বাজারজাত করা যায় না তা জিডিপিতে যুক্ত হয় না এমন কি শ্রম শক্তি হিসেবেও গণ্য হয় না।

পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি নেই বলে পরিবারে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গৃহিনী নারীদের অংশগ্রহণ তার স্বামী বা পরিবারের অন্য সদস্যরা খুব একটা গ্রহণ করেন না। অর্থাৎ সংসারে নারীদের দায়িত্ব যত আছে অধিকার সে পরিমানে নেই। বিশ্বের অনেক দেশেই বিবাহ বিচ্ছেদের পর স্বামী-স্ত্রীর মাঝে সমান সম্পত্তি ভাগ করার আইন আছে। অর্থাৎ যদি ২০ বছর সংসার করার পর কোন স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয় তাহলে এই ২০ বছরে সৃষ্ট মোট সম্পত্তি সমান সমান ভাগ হবে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা হলো সংসার গড়ে তোলার ক্ষেত্রে নারীর শারীরিক-মানসিক শ্রম থাকা সত্তে¡ও নারীরা স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর সম্পত্তির প্রায় কোন অংশই পান না। ফলে গৃহিনীরা অসহায় হয়ে পড়েন। অনেক সময় আর্থিক নিশ্চিয়তা নেই বলে অনেকে অত্যাচারিত হয়েও স্বামীর সাথে থাকতে বাধ্য হন। অথচ বিয়ের পর ঐ সংসারের যা কিছু সম্পদ-সম্পত্তি অর্জিত হয়েছে গৃহিনী নারীরও সেখানে পরিপূরক ভূমিকা আছে। গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নিরূপণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে পরিবারের ও সমাজের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হতো। পারিবারিক নির্যাতনও কমতো।’


নেতৃবৃন্দ আরো বলেন, ‘বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বাজেটের মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গীও প্রতিফলিত হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অগ্রযাত্রার সাথে দেশের এগিয়ে যাওয়াও যুক্ত। অথচ আমাদের দেশে প্রতি বছর যে জেন্ডার বাজেট হয় তা জাতীয় বাজেটের মাত্র ১ শতাংশের মতো যা মূলত বিভিন্ন ভাতা প্রদানেই সীমাবদ্ধ। ভাতাগুলোর পরিমাণও খুব সামান্য। যেসব কারণে নারীরা কর্মক্ষেত্রে আসতে পারেন না বা কর্মক্ষেত্র থেকে ঝড়ে পড়েন, ঐসব বাধাগুলো দূর করার কার্যকর উদ্যোগ নেয়ার জন্য বাজেটে তেমন কোন বরাদ্দ থাকে না। সরকারি উদ্যোগে উপজেলায় উপজেলায় ডে-কেয়ার সেন্টার ও কর্মজীবি নারী হোস্টেল নির্মাণের জন্য বাজেট বরাদ্দ করলে অনেক নারী কর্মক্ষেত্রে যুক্ত হতে পারে। নারীবান্ধব, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পাবলিক টয়লেট নির্মাণ, মাতৃসদনে পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য খুব বেশি বাজেট বরাদ্দ লাগে না। কিন্তু এগুলোতে সরকারের মনোযোগ খুব কম।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মনে করে নারীর সম অধিকার নিশ্চিত করা এবং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখার ক্ষেত্রে যেসকল প্রতিবন্ধকতা তা দূর করার কার্যকর উদ্যোগ নেয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং সেসকল ক্ষেত্রে রাষ্ট্রকে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীর শ্রমের অবদানের স্বীকৃতি নিশ্চিত করতে হবে।’




বরিশালে ৯২ কেজি আফ্রিকান মাগুর জব্দ, জরিমানা

বরিশাল অফিস :: বরিশালের হিজলায় ৯২ কেজি রাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। পাশাপাশি আহরণ অযোগ্য এমন প্রায় ২০০ কেজি মাগুর বিনষ্ট ও চাষের সঙ্গে জড়িত একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জুন) বিকেলে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ জরিমানা করেন।

বৃহষ্পতিবার (৬ জুন) সকালে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। অভিযানে জীব বৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি স্বরূপ রাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার সময় ৩৬ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়।

পরবর্তীতে এই সূত্রের ভিত্তিতে খুন্না গোবিন্দপুর এলাকার মোঃ. মোতাহার কবিরাজের একটি পুকুরে সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। যা ওই এলাকার দুটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। এছাড়া পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে প্রায় ২০০ কেজি আফ্রিকান মাগুর বিনষ্ট করা হয়।

পরে অভিযুক্ত মো. মোতাহার কবিরাজকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।




বরিশালের ৯ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বরিশাল অফিস :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে বরিশাল বিভাগে ৯টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার নির্বাচনে বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৯ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্য দিয়ে নয়জন প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বরিশাল জেলার ৩টি উপজেলার মধ্যে বাবুগঞ্জে চমক দেখিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব খানের মেয়ে এবং পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) আবুল কালাম আজাদের সহধর্মিণী ফারজানা বিনতে ওহাব। তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বানারীপাড়া উপজেলায় নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক এবং উজিরপুরে হাফিজুর রহমান।

বরগুনা জেলার আমতলী ও তালতলী দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় ৬৫ ও তালতলী উপজেলায় ৩৩টিসহ মোট ৯৮টি ভোট কেন্দ্র হতে প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে।

সে হিসেবে আমতলী উপজেলায় ৩৭ হাজার ১৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাম ছরোয়ার ফোরকান (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ১০ হাজার ৮৯১ ভোট পেয়ে এলমান উদ্দিন আহমেদ সুহাদ (মোটরসাইকেল)।

অপরদিকে তালতলী উপজেলার ৩৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ২০ হাজার ৩৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মিন্টু (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ১৮ হাজার ৪১৩ ভোট পেয়ে রেজবিউল কবির জোমাদ্দার (ঘোড়া)।

এদিকে ভোলা জেলার মনপুরা ও চরফ্যাশন এ দুটি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে মনপুরা উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার চৌধুরী। অপরদিকে চরফ্যাশন উপজেলায় নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ফিরোজ।

অপরদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী দুই উপজেলায় নির্বাচন হয়েছে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কলাপাড়া উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব তালুকদার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আল সাইফুল (আনারস)।

অপরদিকে রাঙ্গাবালী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে সাইদুজ্জামান মামুন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মোহাম্মদ বাশেদ (মোটরসাইকেল)। এই প্রতিবেদনটি বেসরকারি ফলাফলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।




বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই শ্লোগানকে নিয়ে বৃহস্পতিবার (৬) জুন সকা সাড়ে ১০ টায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ,এইচ, এম রাসেদ, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে নগরীর লেডিস্ ক্লাব বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও গাছের চাড়া পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বরিশাল পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ ভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পরিবেশ মেলার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,৫ইজুন বিশ্ব পরিবেশ দিবসের দিন বরিশালের তিনটি উপজেলায় উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সকল কর্মকর্তা নির্বাচনে কাজে ব্যস্থ থাকার কারনে বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।




বরিশালে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলন

বরিশাল অফিস : তিন মন্ত্রণালয়ের সমন্বয় না হলে ভূমির অনিয়ম দূর হবেনা। বেশিরভাগ স্বজনপ্রীতি ভূমিতে, কর্মকর্তা ও কর্মচারীরা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। তাই ব্যবস্থা গ্রহণ কঠিন ষোল বছর আগে এ কথাগুলো বলেছিলেন বাংলাদেশ আমজনতা পরিষদের (বাপ) চেয়ারম্যান ইয়াছিন আরাফাত। বৃহস্পতিবার ৬ জুন ২০২৪ বরিশালের সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কমিশনার শওকত আলীও একই কথা বললেন। আগামী একসপ্তাহ তাৎক্ষণিক সেবা দেবে দেশের ভূমি অফিস।

আগামী ৮ জুন থেকে ১৪ জুন একসপ্তাহ পর্যন্ত সাধারণ মানুষের মাঝে তাৎক্ষণিক সেবা দেবে ভূমি অফিস। সারাদেশের ধারাবাহিকতায বরিশালেও ৪২ টি উপজেলা এবং ২৫২ টি ইউনিয়নে এই সেবা দেয়া হবে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী।

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার আরো বলেন, তিনি বরিশাল আসার পর চারমাসে ভূমি সংক্রান্ত অনিয়মের জন্য ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে শাস্তির আওতায় এনেছেন। সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল কাজই হচ্ছে মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সমূহ তুলে ধরে তার প্রতিকার পথও দেখিয়ে দেয়া। তবে এবারের এই ভূমি সেবা সপ্তাহ অনেকটা মেলার মতই তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেবে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ভূমি সেবা পেতে হলে ডিজিটালাইজেশন এর বিকল্প নেই। সবকিছু এখন থেকে অনলাইনে স্মার্ট ফোনেই ভূমি সংক্রান্ত সব তথ্য ও নামজারি সেবা পাওয়া যাবে বলে জানান বিভাগীয় কমিশনার।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, তিনটি বিভাগের হাতে ভূমি সংক্রান্ত বিষয়াদি।আবার বরিশাল অঞ্চলের বড় সমস্যা হচ্ছে, এখানের সরকারি অফিসের বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী এই বরিশালেরই লোক। ফলে স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার শওকত আলী।

এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সারা বাংলাদেশের ধারাবাহিকতায় বরিশাল জেলা সহ বিভাগের ৬টি জেলায় ৪২ টি উপজেলা এবং ২৫২ টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে বলে জানালেন বক্তারা।




লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি :: চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার ৫৭ নং ধুলাশার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এর আগে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় ভোট দিতে আসেন ওই প্রতিমন্ত্রী।

ভোট শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় রেমালে কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তিনি আরো বলেন, আশা করছি আমার এই দুটি উপজেলায় সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে। সময় স্বল্পতার কারণে আমার হেলিকপ্টারে চড়ে এলাকায় ভোট দিতে আসা।

আরো পড়ুন : পটুয়াখালীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কলাপাড়া ও রাঙ্গাবালী এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩৩৮ জন। দুই উপজেলার ১১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ পুলিশ সদস্য ও ১৭ আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মাঠে ২৮ জন ম্যাজিস্ট্রেট, ৪টি র‌্যাবের, ৭টি বিজিবির ও ৮টি কোস্টগার্ডর টিম মোতায়ান করা হয়েছে। এ ছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স মাঠে কাজ করছে।

ভোটে কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।




টহল দিয়ে পান না ভাড়া, থানা চত্বরে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল থানার সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে ইজিবাইক শ্রমিকরা।

পরে ওসি শোনিত কুমার গায়েন ও ইজিবাইকচালক নেতা মঞ্জুর সঙ্গে চালকদের আলোচনার পরে পরিস্থিতি শান্ত হয়।

চালকদের অভিযোগ, প্রতিদিন রাতে পুলিশ টহলের জন্য তাদের ৫-৭টি ইজিবাইক ব্যবহার করা হয়। তবে রাতে পুলিশের সঙ্গে ডিউটি করলেও পুলিশ তাদের কোনো টাকা প্রদান করে না। রাতে ডিউটি করার ফলে পরেরদিনও তারা ভাড়া চালাতে পারে না। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়।

এ ছাড়াও উপজেলার অন্যান্য এলাকার ইজিবাইক রাতে ডিউটি করে না, শুধু শহরের ইজিবাইকগুলো ডিউটি করে এতে তাদের ঘনঘন ডিউটি পড়ে। রোববার বিকেলে পুলিশ হঠাৎ ডিউটির জন্য থানা গেটে ইজিবাইক আটক করতে শুরু করে। প্রায় ৪০টির মতো ইজিবাইক আটক করা হয়। এ সময় একজন ইজিবাইক চালককে পুলিশ চড় থাপ্পড় মেরেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

আরো পড়ুন : দুমকিতে ২ চেয়ারম্যান প্রার্থীর ৮ সমর্থকের কারাদণ্ড

পুলিশ জানায়, তাদের পর্যাপ্ত যানবাহন নেই। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতে ইজিবাইক নিয়ে ডিউটি করতে হয়। গত ২১ তারিখ থেকে সিরিয়াল করা ইজিবাইকগুলো ডিউটিতে আসছে না। তাই আজকে তাদের সঙ্গে কথা বলার জন্য তাদের থামান হয়েছে। ডিউটির জন্য টাকা দেওয়ার বরাদ্দ নেই। তবে চুরি ডাকাতি বন্ধে তাদের রাতে ডিউটি করতেই হয়। ইজিবাইক চালককে মারধরের অভিযোগ সত্য নয় বলেও জানায় পুলিশ।




পটুয়াখালীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ইং ০৩/০৬/২০২৪ তারিখ সময় অনুমান ১৬ঃ০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন কাঁলাচানপাড়া এলাকা হতে ১ জন ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বশির খান(৪৫), পিতা-মৃত সোনে আলী, সাং-উত্তর চরখালী, ইউপি- গলাচিপা, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জীবিকা নির্বাহের জন্য ভাঙ্গারির দোকান এবং ভাতের হোটেলে কাজ করতেন। ভাতের হোটেলে তার সাথে আসামী বশিরের পরিচয় হয়। এরই সুবাদে সে তার সমস্যার কথা আসামী বশিরকে বলে যেন সে তাকে একটি ভাল কাজের ব্যবস্থা করে দেয়।

পরবর্তীতে আসামী বশির ভিকটিমকে গলাচিপা শহরের একটি হোটেলে কাজ দেওয়ার কথা বলে অপর একজন আসামীর বসতবাড়িতে নিয়ে যায়। ঐদিন রাতে আসামী বশির ও তার সাথে থাকা অন্য দুই জন আসামীরা ভিকটিমের সামনে বসেই মাদকদ্রব্য সেবন করতে থাকে। পরবর্তীতে আসামীরা ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে।

আরো পড়ুন : দুমকিতে ২ চেয়ারম্যান প্রার্থীর ৮ সমর্থকের কারাদণ্ড

ভিকটিম রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পরলে একটি ভাড়া করা মোটরসাইকেল করে তাকে আসামিরা হাসপাতালে প্রেরণ করে। পরে ভিকটিম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে (গলাচিপা মডেল থানার মামলা নং-১৫ তারিখঃ ২৫/০৯/২০২৩ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) ধারা)।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৬/২০২৪ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন হাওলাদার বাড়ি, কাঁলাচানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।




রিমালের আঘাতে বরিশালে ১৭০ বিদ্যালয় ক্ষতিগ্রস্থ

বরিশাল অফিস :: ঘূর্ণিঝড় রিমালের রিমালের তা-বে বরিশাল জেলার ১০ উপজেলার ১৭০ টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আর্থিক ক্ষতি পরিমাণ আনুমানিক ২ কোটি ৬১ লক্ষ ৬১ হাজার ৫৪৮ টাকা। জানাগেছে,বরিশাল জেলায় ১ হাজার ৫৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এরমধ্যে ১৭০ বিদ্যালয়ের অবকাঠামোর ওপর গাছ পড়ে ছাদ, ছাউনির টিন, ফ্লোর, দরজা-জানালা ও আসবাবপত্র নষ্ট হয়েছে। সেইসাথে অধিকাংশের টয়লেটও ক্ষতিগ্রস্থ হয়েছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা অনুযায়ী- বরিশাল সদরে ৫, বাবুগঞ্জে ১১ টি, আগৈলঝাড়ায় ৫ টি, উজিরপুরে ১২ টি,গৌরনদীতে ১৯ টি, বাকেরগঞ্জে ৩৪ টি, বানারীপাড়ায় ৮ টি,মুলাদীতে ৩১ টি, মেহেন্দিগঞ্জে ৪১ টি এবং হিজলায় ৪ টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

যারমধ্যে বরিশাল নগরের সিসটার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর হেলে পড়েছে। এছাড়াও পানি পানের জন্য নলকূপ বসানো হয়েছিলো, তবে সেটিও ক্ষতিগ্রস্থ হওয়ায় সংস্কারে উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

সিসটার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খানম জানান, বর্তমানে ৬ শত শিক্ষার্থীর পাঠদান অব্যাহত রেখেছি। তবে ঘূর্ণিঝড়ের সময় সেপটিক ট্যাংক পানিতে ভরে গেছে,দরজা- জানালা নষ্ট হয়েছে এছাড়াও সীমানা দেয়াল হেলে পড়েছে।

হিজলা উপজেলার ৪৮ নং চর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, ঝড়ে বিদ্যালয়ের টিনশেড ঘরের চালা ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য অবকাঠামো থাকায় সেখানে আপাতত ক্লাশ নেয়া হচ্ছে। আর ক্ষতিগ্রস্থ অবকাঠামোর এখনো সংস্কার কাজ শুরু করা না হলেও যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান বলেন, বরিশাল জেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেশ কিছু বিদ্যালয়ের স্থাপনার ক্ষতি হলেও পাঠদানে কোনও ভাবে ব্যাহত হয়নি। আর্থিক ক্ষতি নিরূপণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু সমাধান করার নির্দেশনা দেওয়া হয়েছে।




বরিশালে মানব পাচার মামলায় ৭ জনকে জরিমানা

বরিশাল অফিস :: চাকুরির প্রলোভনে দুই তরুনীকে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় আবাসিক হোটেলে মালিকসহ ৭ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। সোমবার বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান।

দ-িতরা হলো- নগরীর দক্ষিন চকবাজার এলাকার আবাসিক হোটেল পায়েল এর মালিক মনির হোসেন, কর্মচারী বাকেরগঞ্জ উপজেলার দেউলি গ্রামের মৃত আবুল কাসেম চৌকিদারের ছেলে সেলিম চৌকিদার, একই উপজেলার দত্তরাবাদ গ্রামের আজাহার মৃধার ছেলে আনোয়ার হোসেন, একই উপজেলার পশ্চিম দাড়িয়াল গ্রামের মৃত মমিনউদ্দিন হাওলাদারের ছেলে মন্টু হাওলাদার, নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের বাসিন্দা মৃত মোতাহার গাজীর ছেলে মিন্টু গাজী, নগরীর বাঘিয়া এলাকার বাসিন্দা আজিজ বেপারীর ছেলে কবির হোসেন ও বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া গ্রামের আব্দুল বেপারীর ছেলে বাদশা বেপারী। রায় ঘোষনার সময় সকলে আদালতে উপস্থিত ছিলো।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, ২০২০ সালের ২ অগাষ্ট মহানগর ডিবি পুলিশের একটি দল জানতে পারে আবাসিক হোটেল পায়েল- এ চাকুরির প্রলোভনে দুই তরুনীকে আটকে অনৈতিক কাজ করতে বাধ্য করছে। এ অভিযোগে ডিবি পুলিশের দল ওই হোটেলে অভিযান করে। এ সময় আবাসিক ওই হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে দুই তরুনীকে উদ্ধার করে। হোটেলের কর্মচারী সেলিম, আনোয়ার হোসেন ও মিন্টু গাজীকে আটক করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে আটক তিনজনসহ পালিয়ে যাওয়া হোটেলের আরো ৪ জনের বিরুদ্ধে চাকুরির প্রলোভনে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে কোতয়ালী মডেল থানায় ওইদিন মামলা করে। ডিবির এসআই দেলোয়ার ওই বছরের ১৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৫ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেন। তুহিন মোল্লা বলেন, রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেন। দন্ডিত আসামীরা জরিমানা জমা দিয়ে মুক্ত হয়েছেন।