বরিশালে বেকারীর গোডাউন থেকে সরকারি চাল উদ্ধার

বরিশাল অফিস :: গরীব, দুঃস্থ ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দেওয়া সরকারি চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের ভাই ভাই বেকারীর গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি বেকারীর গোডাউনে রাখা আছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের সহায়তায় ওই বেকারীতে অভিযান চালিয়েপ্রায় নয় মন সরকারি চাল জব্দ করে নিয়ে আসি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তখন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে নয় মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন।

গোডাউনের মালিক আব্দুর রহমান জানান, ঈদের আগেরদিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না
পেয়ে এ চাল আমার গোডাউনে রেখেছেন। ইউপি সদস্য সায়েদ বেপারী জানান, গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সেখানে পাঁচজন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল। তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের বেকারীর গোডাউনের মালিক আব্দুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।

 




বরিশাল গৌরনদী পৌরসভার উপ-নির্বাচন সবকেন্দ্র ঝুঁকিপূর্ন দাবি করে কমিশনে আবেদন

বরিশাল অফিস :: জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের সবগুলোকে অধিক ঝুঁকিপূর্ন দাবি করেছেন প্রতিদ্বন্ধী চারজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী। অতিসম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ন্যায় এবারও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা প্রতিটি ভোট কেন্দ্রে বিজিবিসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, স্থায়ীভাবে ম্যাজিষ্ট্রেট নিয়োগসহ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।

ইতোমধ্যে এ দাবি করে জেলার জেষ্ঠ নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আবেদন করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব
মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। গত ২০ জুনের ওই আবেদনে আলাউদ্দিন ভূঁইয়া উল্লেখ করেন, নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে তিনি নির্বাচন কমিশন ঘোষিত সকল প্রকার নির্বাচনী আইন কানুন ও আচরণ বিধিমালা সঠিকভাবে পালন করে আসছেন। কিন্তু তার প্রতিদ্বন্ধী মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে তার (আলাউদ্দিন ভূঁইয়া) কর্মীদের এবং ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের পাশাপাশি হামলা চালাচ্ছে। এমনকি সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডে প্রভাব বিস্তার করা হচ্ছে।

ভোটগ্রহণের দিন প্রতিটি ভোট কেন্দ্র দখল করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ভোটগ্রহণ হবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। তাই পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ দাবি করা হচ্ছে। যে কারনে আগামী ২৬ জুন ভোটগ্রহণের দিন সকল ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়।

আবেদনের অনুলিপি সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের কাছে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকালে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া গৌরনদী বন্দরে গণসংযোগকালে বলেন, নির্বাচন কমিশনার আবেদনটি আমলে নিয়ে শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, শুক্রবার সকালে মোবাইল ফোন মার্কার প্রার্থীর সমর্থকরা তার দুইজন কর্মীর ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে।

উল্লেখ্য, পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জেষ্ঠ নির্বাচন কর্মকর্তা। আগামী ২৬ জুনের এ নির্বাচনে আওয়ামী লীগের চারজন প্রার্থী
মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন।

 




সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা নেই। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন : পটুয়াখালীতে বাড়ির আঙিনায় জালে আটকে গেল শঙ্খিনী সাপ

আজ শুক্রবার (২১ জুন) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তাতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




পটুয়াখালীতে বাড়ির আঙিনায় জালে আটকে গেল শঙ্খিনী সাপ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রুবেলের বাড়ি থেকে শঙ্খিনী সাপটি উদ্ধার করা হয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এইচ এম মাসুদ হাসান বলেন, খবর পেয়ে রুবেলের বাড়িতে গিয়ে দেখি জালে পেঁচিয়ে পড়ে আছে একটি শঙ্খিনী সাপ। পরে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। সুস্থ থাকায় নিরাপদ স্থানে অবমুক্ত করি।

আরো পড়ুন : পটুয়াখালী, বরগুনায় বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক

রুবেল বলেন, আমার বাড়ির আঙিনায় জালের সাথে পেঁচিয়ে ছিল সাপটি। দূর থেকে কিছু একটা নড়তে দেখে কাছাকাছি গিয়ে দেখি বড় একটি সাপ জালে আটকে গেছে। আমি তাৎক্ষণিক অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের খবর দেই। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বন্য প্রাণী হিসেবে এটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এটির নাম শঙ্খিনী (Banded Krait)। তবে দু-মুখো সাপও বলতে শোনা যায়। স্থানীয়ভাবেই বেশি বলা হয় দু-মুখো সাপ। দু-মুখো বলা হলেও আসলে এর মাথা একটিই। এর আকৃতি এমন যে, কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না। তবে সাপটি অনেক বিষাক্ত। এই সাপটি ইঁদুরসহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে।




দশমিনা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

পটুয়াখালী প্রতিনিধি :: নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দশমিনা উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি।

আরো পড়ুন :: ভূতুড়ে কৃষি ঋণের ফাঁদে পটুয়াখালীর মৃতরা

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন তমান জোমাদ্দার ও ভাইস চেয়ারম্যান মহিলা সামচ্ছুরনাহার খান ডলি প্রমুখ।




দশমিনা সোনালী অতীত বনাম পটুয়াখালী সোনালী অতীত এর ফাইনাল খেলা সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত বুধবার বিকেল ৫ টায় পটুয়াখালী সোনালী অতীত বনাম দশমিনা সোনালী অতীত এর মধ্যকার ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ছে।

উক্ত খেলায় নওশাদ মাহমুদ অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

আরো পড়ুন : বাউফলে চুরির অভিযোগে ২ যুবক গ্রেফতার

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




ইউপি ভবন নির্মাণের দাবিতে দুুমকিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ষাটের দশকে নির্মিত পরিত্যক্ত পাঙ্গাশিয়া ইউপি ভবনের সামনের সড়কে স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন ’একতা সংঘ’র উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড়

একতা সংঘের সভাপতি আবিদ আল-আসাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাঈম বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা বসতে পারেন না, বৃষ্টিতে পরিষদের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার, বিশেষ করে নাগরিকদের জন্ম-মৃত্যুর বহি. ট্যাক্স ফাইলসহ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। ভবন না থাকায় মেম্বার, চেয়ারম্যান ও সচিবদের একত্রে পাওয়া দুষ্কর, আর এ কারণেই সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিয়নবাসীর ভোগান্তি লাঘবে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।




বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড়

পটুয়াখালী প্রতিনিধি :: ঈদুল আজহার চতুর্থ দিনেও পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। সকাল থেকে টানা বৃষ্টিকে উপেক্ষা করেই সমুদ্র বিলাসে মেতেছে নানা বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের তুলনায় দ্বিগুণ পর্যটকের আগমন ঘটেছে। সৈকতের জিরো পয়েন্টের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আগত দর্শনার্থীদের পদচারণায় আনন্দ উন্মাদনা ছিল লক্ষণীয়। বৃষ্টিভেজা শরীরেও থেমে ছিল না দর্শনীয় স্পটে ঘুরে বেড়ানো। আবাসিক হোটেল-মোটেল রিসোর্টগুলোর প্রায় ৮০ ভাগ কক্ষই বুকিং রয়েছে। এমন ভিড় থাকবে আগামী শনিবার পর্যন্ত এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা।

অতিরিক্ত গরমে পর্যটক খরা কাটিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক ভ্রমণ প্রিয় মানুষের আগমন ঘটেছে ঈদের ছুটিতে। তবে কাঙ্ক্ষিত পর্যটকের আগমনে আবাসিক ও খাবারসহ তিন চাকার যান চালকরা এর সুফল ভোগ করলেও অন্যান্য পর্যটন সংশ্লিষ্টরা বৃষ্টির প্রকোপে বঞ্চিত হয়েছেন।

অপরদিকে সৈকতে প্রবেশের প্রধান ফটকের সড়কের দুই পাশে বিশৃঙ্খলভাবে রাখা যানবাহন ও সৈকতের মূল কেন্দ্রে যত্রতত্র যানবাহনের অবাধ বিচরণ ঠেকাতে কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। এতে পর্যটকদের নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে কুয়াকাটা বাস টার্মিনাল থেকে সৈকতে আসতে বাড়তি ভাড়া আদায়সহ নানা ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। আর এসব নিরসনে প্রশাসনের নেই কোনো দায়িত্বশীল ভূমিকা। ইজিবাইক চালকদের বেপরোয়া উৎপাত এবং অসংলগ্ন আচরণে পর্যটকরা রীতিমতো হতাশ। খাবার হোটেলগুলোয় খাবারের দাম ও মান নিয়েও পর্যটকদের রয়েছে নানা আপত্তি। এতে করে অনেকেই কুয়াকাটা ভ্রমণ বিমুখ হচ্ছেন। অপরদিকে আবাসিক হোটেলে গলাকাটা ভাড়া নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, সকাল থেকে পর্যটকদের উপচেপড়া ভিড়। কানায় কানায় পূর্ণ ছিল সমুদ্র সৈকত এলাকা। তবে হঠাৎ করেই বৃষ্টির প্রকোপে কমতে শুরু করে পর্যটকের সংখ্যা। একটানা বৃষ্টিতে বাধ্য হয়ে অনেকেই কুয়াকাটা ত্যাগ করবেন বলে পর্যটকের সাথে কথা বলে জানা গেছে। আবার অনেকেই উত্তাল সমুদ্রের সঙ্গে বৃষ্টির আমেজ পেয়ে আনন্দ উন্মাদনায় জমে উঠেছেন।

ঢাকার থেকে আগত পর্যটক নাজমুল ইসলাম বলেন, উত্তাল সমুদ্রের সঙ্গে বৃষ্টির পরিবেশ পেয়ে আনন্দের যেন এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এভাবে পরিবেশ পাবো আশা করিনি। অনেক ভালো লেগেছে এবার কুয়াকাটায় ঘুরতে এসে।

সুনামগঞ্জের হাওর থেকে পরিবার নিয়ে আগত পর্যটক প্রসেনজিৎ বলেন, তিনদিনের জন্য কুয়াকাটা বেড়াতে এসেছি। অনেকবার কক্সবাজার যাওয়া হলেও এই প্রথমবার কুয়াকাটা এসেছি। তবে বৃষ্টির কারণে সেভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি। কোথাও বের হতে পারছি না। ভাবছি একদিন আগেই চলে যাবো। সমুদ্র উপভোগ ছাড়া আর কিছুই দেখাই হলো না।

পাবনা থেকে বন্ধু-বান্ধব নিয়ে আসা পর্যটক ইসরাফিল জানান, অনেক টাকা খরচ করে বেড়াতে এসেছি। বৃষ্টি হচ্ছে তাই বলে কি ঘোরাফেরা মাটি হবে? যতই বৃষ্টি হোক না কেন আমরা বেশ আনন্দ উপভোগ করছি।

ঢাকার নারায়ণগঞ্জের পর্যটক নাজমুল জানান, বৃষ্টি আর উত্তাল সমুদ্রে দারুণ উপভোগ করলাম। তবে সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই পাশটা ভয়ানক। জিও ব্যাগের ফাঁদে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছি। এগুলোর বিষয়ে কোনো নির্দেশনা নেই। দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রের সৈকত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে এমনটা কখনোই আশা করা যায় না।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির ‘ইয়েলো বেলিড সি’ সাপ

বরিশাল থেকে আগত পর্যটক দম্পতি রাইয়ান-কাকলি বলেন, ফেরি বিহীন সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় স্বল্প সময়ে কুয়াকাটা এসেছি। কয়েকদিন থাকবো। তবে কুয়াকাটার অবকাঠামোগত উন্নয়ন হলেও পাল্টায়নি এখানকার ব্যবস্থাপনা। পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে। যারা নতুন আসবে তারা অনেকেই বহুমুখী ভোগান্তির শিকার হবে। দ্রুত যদি এসব অব্যবস্থাপনাগুলো ঢেলে সাজাতে না পারে তাহলে কুয়াকাটা ভ্রমণে পর্যটকরা মুখ ফিরিয়ে নিবেন। আশা করছি পর্যটনের গতিশীলতা বজায় রাখতে প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিবেন।

সৈকতের আচার ব্যবসায়ী জহির রায়হান বলেন, এবারের ঈদে আমরা যেভাবে পর্যটক আগমনের আশা করেছিলাম তার থেকেও অনেক পর্যটকের এসেছে। তবে পর্যটক আসলেও গত দুই দিনের বৃষ্টিতে আমাদের তেমন ভালো বেচা বিক্রি হয়নি। বৃষ্টিতে অনেকেই দোকান বন্ধ করে রেখেছে।

সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম খলিফা জানান, এমন দিনে কয়েক হাজার টাকা ইনকাম হয়। আজ মাত্র ৭’শ টাকা আয় হয়েছে। তাতে অনেক কষ্ট করা লাগছে। এভাবে চললে আমাদের বাকি দিনগুলো পরিবার নিয়ে টিকে থাকতে কষ্ট হয়ে যাবে।

আবাসিক হোটেল সী বিচ ইন এর ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, আগামীকাল শুক্রবারের বেশ কিছু বুকিং বাতিল হয়ে গেছে। তিনদিন বুকিং দেওয়া কিছু পর্যটক একদিন আগেই চলে যাবেন। আমরা এখন হতাশার মধ্যে পড়ে গেলাম।

আবাসিক হোটেল সৈকতের ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, ঈদের দিন থেকে তার হোটেলের সবগুলো কক্ষ আগাম বুকিং রয়েছে।

হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, আবাসিক হোটেল মোটেল ও রিসোর্টগুলোতে আশাতীত বুকিং রয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় এখন কোনো পর্যটককে রুম সংকটে ভুগতে হয় না।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।




কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির ‘ইয়েলো বেলিড সি’ সাপ

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটা সমুদ্র সৈকতে ইয়োলো-বিল্ড সি স্নেক নামে একটি বিরল প্রজাতির বিষধর সাপের দেখা মিলেছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সৈকতের পূর্ব পাশে ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. মাসুম বিল্লাহ সাপটিকে দেখতে পেয়ে স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যদের খবর দেন।

মো. মাসুম বিল্লাহ বলেন, এই সাপের পেটের রং হলুদ, দেহের উপরিভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুবই সুন্দর। সাপটি উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি যাতে কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা সৈকতে বিচরণকালে কোনো বিপদের সম্মুখীন না হয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য কেএম বাচ্চু বলেন, দুপুরে ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে ছুটে যাই সৈকতের পূর্ব পাশে ঝাউবনের পাশে। ইয়েলো-বিল্ড সি স্নেক প্রজাতির সাপটি জীবিত থাকা অবস্থায় আমি সৈকত থেকে উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, যেহেতু সাপটি রঙিন ইয়োলো কালার, শখের বশে পর্যটকরা যেন বিষাক্ত এই সাপ স্পর্শ না করে বা ছবি তুলতে কাছে না আসেন। এর দেখা মিললে যেন বন বিভাগ লোকজনকে সংবাদ দেন।

আরো পড়ুন : ঘূর্ণিঝড় রিমাল গেলেও পটুয়াখালীর গ্রামীণ জনপদে রেখে গেছে ক্ষত

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এই সাপগুলো বসবাস বা বেড়ে ওঠা সমুদ্রে। গত দুই বছর ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সাপের দেখা মিলছে। তবে কুয়াকাটায় তেমন একটা দেখা যায় না এ সাপ।

ওয়ার্ল্ড ফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল বিষধর সাপের মধ্যে এটা চতুর্থতম। এটা তীব্র বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকত ও কুয়াকাটা সৈকতে এই সাপ দেখা গেছে।

বাংলাদেশ বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এই প্রজাতির সাপ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এর নাম ‘ইয়েলো-বিল্ড সি’। এরা হাইড্রোফিদা পরিবারভুক্ত। ভয়ংকর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই।




বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নারী নিহত,আহত ১৫

বরিশাল অফিস :: বরিশাল-ঢাকা মহাসড়কে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোর সংলগ্ন এলাকায় দুই যাত্রীবাহি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চাক্কার নিচে পড়ে পিষ্ট হয়ে যাত্রী খাদিজা বেগম (৪২) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশাল এয়ারপোর্ট থানার সংলগ্ন কামিনী পেট্রোল পাম্প এলাকায় এদূর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম উজিরপুর উপজেলার নয়াবাড়ি গ্রামের আজিজ তালুকদারের স্ত্রী। প্রত্যাক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল টু ভুরঘাটা রুটে চলাচল করা সামি-সাদি (বরিশাল-ব-১১-০১০০ পরিবহনের সাথে শাতলাগামী ফরহাদ পরিবহন (বরিশাল-জ-০১২৪) এর সাথে এয়ারপোর্ট মোর সংলগ্ন স্থানে বসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বাসের মধ্যে থাকা খাদিজা বেগম বাসের গ্লাস ভেঙ্গে ছিটকে গাড়ীর চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন। এদিকে দূর্ঘটনার পর প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। এর ফলে প্রায় ১ঘন্টা সড়কে যানজট দেখা যায়। এবিষয়ে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ ইমন বলেন, দূর্ঘটনার খবর শুনে আমারা ছুটে এসে দেখি দূর্ঘটনায় ১জন নারী নিহত হয়েছে এবং দুই পরিবহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে।

তিনি আরও বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও সামি-সাদি এবং ফরহাদ পরিবহন নামের ২টি গাড়ি আটক করা হয়েছে। কেন কিভাবে এই দূর্ঘটনা ঘটেছে সুষ্ঠু তদন্তে করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পরই উভয় গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

পাশাপাশি ঘাতক বাস দুটি আটক করা হয়েছে।