বাউফলে তীব্র লোডশেডিং – দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়া এবং ভোল্টেজ ড্রোপ থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুতের তীব্র লোডশেডিং শুরু হয়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। এদিকে এই লোডশেডিংয়ের কারণে উপজেলার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তাদের পরীক্ষা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।

গত ১ সপ্তাহ ধরে তীব্র লোডশেডিংয়ের এর কবলে উপজেলার বাসিন্দারা। এদিকে ৩০ জুন থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে।

লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ৩টা থেকে সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা এবং রাত ১২টা থেকে ২টা পর্যন্ত সিডিউল অনুযায়ী লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ও তীব্র গড়মে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে মাছের ঘেরের মাছ লুট ও সবজি বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

এছাড়াও, এতে বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরাও বিপাকে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা ফার্মেসির ওষুধ, ফিজিং নির্ভর খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবুর রহমান বলেন, ভোল্টেজ ড্রোপের কিছু সমস্যা রয়েছে এবং জাতীয় গ্রীড থেকে চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। চাহিদা ১৫ মেগাওয়াট বিদ্যুতের থাকলেও ৭ থেকে ৮ মেগাওয়াট পাওয়া যাচ্ছে। কাজ চলমান রয়েছে। ২-১ দিনের ভিতর লোডশেডিং স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।




পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় ১৭২ জন অনুপস্থিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে প্রশাসনের কঠোর নজরদারীতে ২৪টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ম দিনে বাংলা বিষয়ে এইচএসসি পরীক্ষার ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলায় ২৪টি কেন্দ্রে ১০হাজার ছয়শত ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার আটজন অংশগ্রহণ করেন। এতে ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে এবং পটুয়াখালী সরকারী কলেজ কেন্দ্রে একজন ছাত্রী বহিষ্কার হয়েছে।

আরো পড়ুন : দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

উক্ত সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলায় ২৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ১০ হাজার ছয়শত আটজন ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নিয়েছেন ১০ হাজার ৪৩৬ জন। ১৭২ জন অনুপস্থিত রয়েছে। যা গতবছরের চেয়ে ৯১ জন বেশী অনুপস্থিত রয়েছে। পটুয়াখালী সদর উপজেলায় পাঁচটি কেন্দ্রে ২৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪২ জন, বাউফল উপজেলায় ছয়টি কেন্দ্রে ২৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৪৩ জন, গলাচিপা উপজেলায় তিনটি কেন্দ্রে ১৪৪২ জনের মধ্যে অনুপস্থিত ২২ জন , কলাপাড়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে ১১৫২ জনের মধ্যে অনুপস্থিত ২৪ জন, মির্জাগঞ্জ উপজোয় একটি কেন্দ্রে ৮০৫ জনের মধ্য অনুপস্থিত ৯ জন, দশমিনা উপজেলায় একটি কেন্দ্রে ৫৯৫ জনের মধ্যে অনুপস্থিত ১৩ জন, দুমকি উপজেলায় দুইটি কেন্দ্রে ৭৬৭ জনের মধ্যে অনুপস্থিত ৭ জন ও রাঙ্গাবালী উপজেলায় একটি কেন্দ্রে ৪৯৩ জনের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

আরো পড়ুন :পটুয়াখালী সদরসহ ১৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহন

এইচএসসি পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এর নেতৃত্বে একটিসহ পাঁচটি ভিজিলেন্স টিম গঠনসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে বলে উক্ত সূত্রে জানাগেছে ।




পটুয়াখালী সদরসহ ১৩ টি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন আজ ৩০ জুন রবিবার বিকাল ৪ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন ৯ জুন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে যানান সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগ নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট।

আরো পড়ুন : দশমিনায় স্বামীর টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া স্ত্রীকে আদালত চত্বরে মারধর

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক প্রার্থী মোসা. কামরুন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট। এ নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

১৯ জুন গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় উপজেলা পরিষদ আইন -১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন -২০১১ দ্বারা সংশোধিত ৯ ধারার ক্ষমতাবলে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী (অতিরিক্ত সচিব)।

উক্ত আইনের ধারা ১০ অনুযায়ী উল্লেখিত নির্বাচিতগণ হলফনামার মাধ্যমে শপথ গ্রহনের পূর্বে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরন দাখিল করেন নির্বাচিত প্রার্থীরা। এবং শপথ গ্রহন করেন।

প্রকাশ, একই দিন একই সময় একই স্থানে গৌরনদী, আগৈলঝাড়া, তজুমদ্দিন, লালমোহন, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটা, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহন করেন ।




রাঙ্গাবালিতে সাইক্লোন শেল্টারের দেড় বছরের কাজ শেষ হয়নি ৪ বছরেও

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীতে দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ চার বছরেও শেষ হয়নি। প্রকল্প নির্মাণ শুরুর ১৮ মাসে কাজ হস্তান্তরের কথা থাকলেও ঠিকাদারের গাফিলতি আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অবহেলায় চার বছর পার হলেও প্রকল্প বাস্তবায়ন হয়নি।

এ ছাড়া সাইক্লোন শেল্টারটি নির্মাণে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। উপজেলার কাজীরহাওলা মোহসেনিয়া দাখিল মাদরাসা কাম সাইক্লোন শেল্টারের চিত্র এমন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকা প্রকল্প ব্যয়ে ১৮ মাসের মেয়াদে সাইক্লোন শেল্টারটি নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুচ অ্যান্ড ব্রাদার্স। কাগজে কলমে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুচ অ্যান্ড ব্রাদার্স হলেও তাদের কাছ থেকে নিয়ে চুক্তিতে কাজ করছেন মাঈদুল ইসলাম শাওন নামের আরেক ঠিকাদার। এ নিয়ে স্থানীয়রা শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল। কাজিরহাওলার বাসিন্দারা ঠিকাদারি প্রতিষ্ঠান আর কাজের মানের আপত্তি জানাতে কয়েকবার পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যান। কিন্তু তদারকি প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

কাজীরহাওলা মোহসেনিয়া দাখিল মাদরাসার সুপারিনটেন্ড আব্দুল বারেক বলেন, ঠিকাদার কাজ দেরিতে শুরু করেছে। এজন্য কাজ শেষ করতেও দেরি হচ্ছে। আমরা এখনো জরাজীর্ণ টিনশেডেই ক্লাস করাচ্ছি।

আরো পড়ুন : কুয়াকাটায় প্রকাশ্যে মাছ শিকার ও বিক্রি নিয়ে কোটি টাকার বাণিজ্য

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন মল্লিক বলেন, মাদ্রাসার নির্মাণ কাজ এখনো চলছে। আমরা ভবন বুঝে পেলে শিক্ষার্থীদের সুবিধা হবে। পাশাপাশি যেহেতু এটি একটি সাইক্লোন শেল্টার। ঝড়-বন্যায় নিরাপদ একটি আশ্রয় হবে আমাদের।

নির্মাণ কাজে বিলম্ব হওয়ার প্রশ্নে মাঈদুল ইসলাম শাওন বলেন, ২০২০-২১ অর্থবছরে প্রকল্প হওয়ায় প্রকল্পটিতে পুরাতন রেট ধরা হয়েছে। বর্তমানে রড, সিমেন্টের দাম বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে পরিবহন খরচ। শ্রমিক মজুরিও বেড়েছে। যে কারণে নির্ধারিত সময়ে বাস্তবায়নে বেগ পেতে হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি কাজ শেষ করে হস্তান্তর করার।

পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোশফিকুর রহমান বলেন, নির্মাণ স্থান রিমোট এলাকায় হওয়ায় একটু সমস্যা হতে পারে। তবুও চেষ্টা করছি প্রকল্পটি হস্তান্তরের জন্য। ভবনের ৯৫ শতাংশ কাজ শেষ। আশা করছি দুই মাস পরেই হস্তান্তর করবে।

ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, কিছুদিনের মধ্যে আমরা ভবন পরিদর্শনে যাব। যদি কোনো অনিয়ম ধরা পরে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ জুলাই

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮শে জুলাই।

শনিবার (২৯ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা মোট ১৫৭০ টি। এর বাইরে কোটায় আসন সংখ্যা ১২৬টি। এদিকে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।

 




বরগুনায় ছেলের মরদেহ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মায়েরও

বরিশাল অফিস :: কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। গতকাল শনিবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছেলে আলম হাওলাদারের মরদেহসহ মা পুষ্প বেগম রোববার সকালে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেন বাড়ির উদ্দেশে।

ঢাকা–কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার ডাক্তার বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা পুষ্প বেগম ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার।

নিহত মোটরসাইকেল চালক রুবেল সিকদারের বাড়ি আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে। তাঁর বাবার নাম আনসার সিকদার।

রোববার (৩০ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন আরও চারজন। আমতলী ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পুষ্প বেগমের ভাই রহিম তালুকদার বলেন, ‘আমার ভাগনে আলম হাওলাদার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যায়। ভাগ্নের মরদেহ নিয়ে পুষ্প বেগম বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আমার বোন মারা গেছেন। আমার বোনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের দাবি জানাই।

নিহত মোটরসাইকেল চালক রুবেল সিকদারের স্বজন নাশির উদ্দিন নশা মৃধা বলেন, ‘আমতলী থেকে বাড়ি যাচ্ছিল রুবেল। পথে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে সে।’

বরগুনা আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুটি মরদেহসহ তিনটি মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী সাখাওয়াত বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায় ও মোটরসাইকেল দুমড়েমুড়চে যায়। মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও দমকল বাহিনীর লোকজন খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে মৃত আলম হাওলাদার ও তাঁর মা পুষ্প বেগমের মরদেহ উদ্ধার করে।

 




বরিশালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

বরিশাল অফিস :: সারাদেশে শুরু হয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষা। রবিবার ( ৩০ জুন) সকাল ১০টা বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম জেলার মহানগরীর বেশ কয়েকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

শুরুতে বরিশাল সিটি কলেজ, সরকারি বরিশাল কলেজ এবং সরকারি মডেল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্ব স্ব কলেজ অধ্যক্ষ বৃন্দ, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শন করেন।

এ বার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ খ্রিষ্টাব্দে ৬ জেলার ৩‘শ ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবারে এই বোর্ডের ১৩৭টি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থী ৫৬ হাজার ৭৭০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৭৯, প্রাইভেট পরীক্ষার্থী ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ৫১২ জন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৫৩৬ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৮ হাজার ২১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩২ হাজার ১০৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৪৫৫ জন।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। ৩০ জুন শুরু হয়ে এবারের ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।




বাজছে যুদ্ধের দামামা, ৭ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ




দশমিনায় একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও অর্থলুট

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় রাতের খাবারের সাথে ওষুধ মিশিয়ে একই পরিবাররে পাঁচজনকে অজ্ঞান করে তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্ককার লুট করে নিয়েছে অজ্ঞান পার্টি।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য আউলিয়াপুর সেরাজ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : আঙ্গা‌রিয়া ইউনিয়ন চেয়ারম‌্যা‌নের বাড়ি থে‌কে সরকারি চাল জব্দ

অজ্ঞান অবস্থায় আলমগীর হাওলাদার, শাহনাজ বগেম, সাথী আক্তার, মানসুর হাওলাদার ও মাহিন হাওলাদারকে শুক্রবার সকাল ৭টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে আর অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




গলাচিপায় ভাইরাল হওয়া ময়লার পুকুর পরিষ্কার করলো বিডি ক্লিন

পটুয়াখালী প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই পুকুরের ময়লার স্তূপ পরিষ্কার করেছে বিডিক্লিন সদস্যরা।

গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার ৫ নং ওয়ার্ডের হোটেল আল মামুন এর পশ্চিম পাশের পুকুরটি পরিষ্কার করে “বিডি ক্লিন” নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এ সময় গলাচিপা পৌরসভার গাড়ি ব্যবহার করে ময়লা অপসারণ করা হয়েছে।

পুকুর পরিষ্কার কার্যক্রমে অংশ গ্রহন করেছে প্রিতম, সজিব, মাহফুজ, রিয়ান, টুম্পা, বিথি সহ ৫০ জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নব নিবার্চিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবী, এম এম আসাদুজ্জামান আরিফ, প্রধান শিক্ষক রেদওয়ান তালাল প্রমূখ।

গলাচিপা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা সহকারী শিক্ষক খবির হোসেন জানান, এই ওয়ার্ডে আমার বাসা। পুকুরের এত ময়লা পরিস্কার করতে আমাকে বলা হলেও আমি নামতাম না। তবে বিডি ক্লিন এর সদস্যদের উদ্দ্যোগে আনন্দ উৎসবমুখর পরিবেশে তারা কাজ করছে। এরা অভিনন্দন পাওয়ার যোগ্য। এখানে একটি ডাস্টবিনের ব্যবস্থা করলে ভালো হবে। স্থানীয়রা ময়লা আবর্জনা না ফেললে মশামাছি, রোগ জীবানু আর ছড়াবে না।

আরো পড়ুন : মির্জাগঞ্জে পায়রার ভাঙ্গনের মুখে প্রাথমিক বিদ্যালয়

স্থানীয় বাসিন্দা সৌরভ জানান, এখানে একাধিক প্রতিষ্ঠান ও অর্ধশতাধিক বাসা রয়েছে । পুকুরটি পরিস্কার হওয়ায় আমরা অত্যন্ত খুশি এবং ইউএনও মহোদয়কে কি দিয়ে ধন্যবাদ জানাব ভাষা খুজে পাচ্ছি না।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি ভাইরালের পর বিডি ক্লিন এর সহযোগিতায় আমরা পুকুরটি পরিষ্কার করেছি। এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো পরিষ্কার করা উচিত। জনগনের পক্ষ থেকে ময়লা উৎপাদন কমানো না হয় এবং যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ না হয়, তাহলে এই একদিনের উদ্যোগ কোনো কাজে আসবে না। মানুষের প্রতি একটাই আহ্বান, ছোট ছোট যুবকরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিভাবে ময়লা পরিষ্কার করতে হয়। আমাদের জঞ্জাল, আমাদেরই দায়বদ্ধতা। আবার ময়লা ফেলার
আগে বিবেচনা করবেন যে এটা পরিষ্কার করা ফকতটা কষ্টকর।