বরিশালে হিমাগারে ডিম মজুত করার অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল অফিস :: বরিশাল নিউ হাটখোলা এলাকার একটি হিমাগারে ডিম মজুত করার অভিযোগে ৬ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় হিমাগারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের যৌথ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানিয়েছেন, বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার হিমাগারে অভিযান চালান। এ সময় সেখানে হাঁসের ডিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুরগির প্রায় ৩ লাখ ডিম মজুত পান। এরপর ডিম মজুতকারী ছয় ব্যবসায়ীকে খবর দেওয়া হয়। ব্যবসায়ীদের প্রত্যেককে ৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা এবং মজুত হাঁসের ডিম ৭ দিনের মধ্যে এবং মুরগির ডিম ৩ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া হিমাগারের লাইসেন্স না থাকায় জেলা প্রশাসনের টিম ১০ হাজার টাকা জরিমানা করে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশ দেন। অন্যথায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

ডিম ব্যবসায়ী মো. আলামিন জানিয়েছেন, তারা ডিম ভালো রাখার জন্য হিমাগারে রেখেছিলেন। কোনও কালোবাজারি কিংবা মজুত করার উদ্দেশে রাখেননি। এখন যে সময় বেঁধে দেয়া হয়েছে ওই সময়ের মধ্যে ডিম বিক্রি করা সম্ভব নয়। বিশেষ করে হাঁসের ডিম কোনোভাবেই ওই সময়ের মধ্যে বিক্রি হবে না। তাতে করে হিমাগার থেকে বের করা হলে ডিমগুলো পচে যাবে। এতে তাদের ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

তিনি আরও জানান, ডিমের দাম বাড়ায় পিরোজপুরের স্বরূপকাঠীর ব্যবসায়ীরা। কারণ, সেখান থেকেই বেশির ভাগ ডিম পাইকারি আনা হয়। আনার পর তারা পাইকারি বিক্রির দাম কমিয়ে দিলে তাদের বিপাকে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এভাবে তাদের সঙ্গে ছলচাতুরি করছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী।

 




বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস :: কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ববি শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তায় অবরোধ করতে দেখা গেছে।

বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১২টা থেকে মানববন্ধন ও পরে সড়ক অবরোধ করা হয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবিসহ কোটা বাতিল উথাপন করেন। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করলো আমরা জানি না। আমি নিজে মেয়ে হয়েও বলছি,আমাদের মেয়েদের জন্য আলাদা কোটার প্রয়োজন নেই। নারী পুরুষ আমরা সবাই সমান। কোটা বাতিল হোক এটাই আমাদের চাওয়া।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, আমরা কোটা চাই না। অবিলম্বে এর বাতিল চাই। আশা করি কোটা বাতিল করে আদালত রায় প্রদান করবেন। যদি তা বাতিল না হয়, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু বলেন, ২০১৮ সালের রক্তের দাগ আজও শুকায়নি। আমাদের সেই সংগ্রাম ব্যর্থ হওয়ার পথে। কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। কোটা বাতিল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। ঢাকা থেকে আসা মো. মনিরুজ্জামান জানান, আমি অনেক দূর থেকে এসেছি। প্রায় দুই ঘণ্টা ধরে আটকে পড়ে আছি। এতে খুবই কষ্ট হচ্ছে।

নলছিটি থেকে আসা নুরে আলম শরীফ নামে এক যাত্রী জানান, আমরা চাই শান্তি। তাদের আন্দোলনও চলুক, আমাদের চলাচলের পথও করে দেওয়া হোক। অনেক ব্যস্ততা নিয়ে বরিশালে যাওয়ার পথে রওনা দিয়েছি। অনেক্ষণ ধরে যানবাহনগুলো আটকে আছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মো. মিরাজ হোসেন, নাইমুর রহমান,কাইউম, ইংরেজি বিভাগের তামিম ও সমাজবিজ্ঞান বিভাগের অপর্না আক্তার।

 




পটুয়াখালীতে বিএনপির সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপির সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের হোটেল আল কায়সারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা করে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।

আরো পড়ুন : দুমকিতে জেলেদের চাল আত্মসাৎকারী চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এর আগে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত ছিলেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।




গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত ওয়ানা মার্জিয়া নিতু দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, নারী ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।

আরো পড়ুন : পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল

এ সময় উপজেলা চেয়ারম্যানকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভবনে বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত ২১ মে অনুষ্ঠিত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ওয়ানা মার্জিয়া নিতু।




পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।

সোমবার (১ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

গত ৫ দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উপকূলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজি চাষিরা।

আরো পড়ুন : দশমিনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে আহত ৪

এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমাল তৈরি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




এক সপ্তাহ পর ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি :: এক সপ্তাহ পর ফের চালু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন।

সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটটি চালু করা হয়। এ কেন্দ্রটি থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে ২৪ জুন বিকাল চারটার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে।

আরো পড়ুন : পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি উদ্ধার

এসব তথ্য নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তিনি জানান, আগামী ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল তাদের। কিন্তু দেশের কথা চিন্তা করে তাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকাল সাড়ে চারটায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। তারা বর্তমানে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন বলে জানান তিনি।




পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত কোটি টাকার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথ ভাবে দিনভর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

উচ্ছেদ অভিযানে অবৈধ ভাবে এলাকার প্রভাবশালী আলী আহম্মেদ সরদারের ছেলে বাচ্চু সরদার ও রুহুল আমিন সরদারের দখলে থাকা চারতলা বহুতল পাকা ভবন সহ অর্ধ শতাধিক দোকান ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত প্রায় কোটি টাকা মূল্যের প্রায় ৩ একর জমি অবৈধ দখলদারদের দখল থেকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন : বাউফলে প্রশ্নপত্রের ছবি তোলায় ১ শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ প্রকৌশলী রেজা আহমেদ জানান, আমতলা বাজারের ৫৫/২ পোল্ডারের ১৪৬ নম্বর খতিয়ানের ১৯০৫ নম্বর দাগের প্রায় ৩ একর জমি বাসাবাড়ি দোকানপাট তৈরি করে দীর্ঘ বছর যাবৎ অবৈধ ভাবে দখল করে রেখাছিল। অবৈধ দখলদারদের ওই জমি মুক্ত করে দেওয়ার জন্য একাধিকবার নোটিশ জারি করা হলেও দখলদাররা তাতে কর্নপাত করেনি তাই জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন করা জমি দখল মুক্ত করা হয়েছে।




বাউফলে প্রশ্নপত্রের ছবি তোলায় ১ শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: প্রশ্নপত্রের ছবি তোলায় পটুয়াখালীর বাউফলে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তোলায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ডু এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।

আরো পড়ুন : পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

জানা গেছে, আজ মঙ্গলবার (২ জুলাই) পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। ওই সময় কেন্দ্রের অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করে।




পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে ২ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১০ টায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখে এ কর্মবিরতি শুরু করেন সমিতির শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীদের দাবি স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন। ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী বিতরণ

আন্দোলনকারীদের অভিযোগ, সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। বিতরণ লাইনে ব্যবহৃত নিম্নমানের মালামালের জন্য ভালো গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হয় না।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির অপারেশন ও ম্যান্টেনেন্স বিভাগের সহকারি জেনারেল ম্যানেজার মশিউর রহমান, বিলিং সহকারী আইরিন, মিটার রিডার মো: জাহিদ হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বিলিং সহকারী ও মিটার রিডারসহ বিভিন্ন পদের চাকুরী স্থায়ীকরণ ও একই পদের বৈষম্য দূরীকরণ সহ ২ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। দাবি না মানলে লাগাতার কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান।




পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: আগামীতে রাঙ্গাবালী উপজেলা হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট, বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রতিটি ইউনিয়নের সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। চরহেরা, জাহাজমারা, সোনার চরে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সাইক্লোন সেল্টার নির্মাণ করে দিচ্ছি পর্যটকরা যাতে এই সাইক্লোন সেন্টার ব্যবহার করতে পারে।

পটুয়াখালী রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে কারাগারে বিএনপি নেতা

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২’শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।