ভোলায় আদালত চত্বরে দেয়াল ভেঙে ক্ষুব্ধ আইনজীবীরা, দ্রুত রাস্তা সংস্কারের দাবি

ভোলায় জেলা ও দায়রা জজ আদালতের অভ্যন্তরে দীর্ঘদিন সংস্কারহীন রাস্তায় চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে। এর মধ্যেই স্থানীয় গণপূর্ত অধিদপ্তর ওই রাস্তাটির শেষ প্রান্তে দেয়াল নির্মাণ করলে জজ কোর্ট থেকে মুন্সেফ কোয়ার্টার পর্যন্ত যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ আইনজীবীরা দেয়াল ভেঙে দেন এবং দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান।

জানা গেছে, জেলা জজ মালিকানাধীন জমিতে গণপূর্ত অধিদপ্তর সম্প্রতি দেয়াল নির্মাণ শুরু করে। এতে প্রায় আড়াইশ থেকে ৩০০ মিটার দীর্ঘ পুরাতন ওই রাস্তায় যাতায়াত বাধাগ্রস্ত হয়। আইনজীবী ও আদালত সংশ্লিষ্টদের জন্য এ পথটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হলেও সংস্কারের অভাবে এটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জেলা জজ আদালতের সিনিয়র নাজির আব্দুল কাদের জিলানী জানান, আদালতের মূল ভবন থেকে মুন্সেফ কোয়ার্টার পর্যন্ত এই রাস্তাটি বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ। সংস্কারের অভাবে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ মোঃ ফজলে রাব্বি স্থানীয় পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান।

এর জবাবে ভোলা পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, বিগত অর্থবছরে বাজেট সংকটের কারণে কাজটি করা সম্ভব হয়নি। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে রাস্তা সংস্কারের কাজ হাতে নেয়া হবে।

আইনজীবীরা বলছেন, বরাদ্দের অপেক্ষায় সময়ক্ষেপণের ফলে আদালতের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দেয়াল ভেঙে ফেললেও দ্রুত রাস্তা সংস্কার না হলে সমস্যা থেকেই যাবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইন্দুরকানীতে ইয়াবাসহ যুবক আটক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে বালিপাড়া বাজারের মৃধা বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার সংলগ্ন এলাকার বাসিন্দা মো. গফুর শেখের ছেলে মো. কালাম। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝালকাঠিতে গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আজমল হোসেন সরদার পিরোজপুরের কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। একইদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদারকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরাদ্দ সংকটে ভাঙা সড়ক, ভোগান্তিতে বরগুনার মানুষ

বরগুনার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। অধিকাংশ সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৬ হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটার পাকা সড়ক। নিয়ম অনুযায়ী তিন বছর পরপর এসব সড়কের সংস্কার দরকার হলেও বরাদ্দ সংকটে কাজ করা যাচ্ছে না। বর্তমানে প্রায় ৭০০ কিলোমিটার সড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন হলেও এ জন্য প্রয়োজন ৩৫০ কোটি টাকা। অথচ বরাদ্দ এসেছে মাত্র ৩৫ কোটি টাকা। ফলে ৬০-৭০ কিলোমিটারের বেশি সংস্কার করা সম্ভব হচ্ছে না।

বিশেষ করে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের পরিস্থিতি সবচেয়ে করুণ। প্রায় ৩৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও পড়ছেন ভোগান্তিতে। তালতলীতে সোনাকাটা ইকোপার্ক, শুভসন্ধ্যা সমুদ্র সৈকত, নিদ্রার চরসহ একাধিক পর্যটনকেন্দ্র থাকায় প্রতিদিন শত শত পর্যটক এ সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে যাত্রী ও চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

সরেজমিনে দেখা যায়, অনেক স্থানে সড়কের পিচ উঠে গেছে, কোথাও কোথাও গাড়ি আটকে যায় গর্তে। এমন অবস্থায় যাত্রী নামিয়ে গাড়ি পার করতে হয় চালকদের। এতে সময়ের অপচয় ছাড়াও ঘটে দুর্ঘটনা।

ঢাকা থেকে আসা এক যাত্রী রত্না দাস বলেন,
“তালতলীতে যাওয়ার একমাত্র সড়কটি এখন প্রাণনাশের ফাঁদ। ছোট শিশু বা বয়স্ক মানুষ নিয়ে চলাচল করাটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

অন্যদিকে স্থানীয় বাসিন্দা মো. মাসুদ অভিযোগ করে বলেন,
“বর্ষায় খানাখন্দে পানি জমে গর্ত বোঝা যায় না। এতে প্রায়ই গাড়ি দুর্ঘটনার শিকার হয়।”

অটোরিকশা চালক মিলন সিকদার জানান,
“গাড়ি চালিয়ে যা আয় করি, তার অর্ধেকের বেশি চলে যায় গাড়ি মেরামতে। সংসার চালাতেই কষ্ট হয়।”

পর্যটকবাহী গাড়ির চালক মো. শাহজাহান বলেন,
“পর্যটন এলাকায় যাত্রী নিয়ে যেতে গেলে অনেক সময় প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। প্রশাসনের কাছে দাবি—এই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হোক।”

অপর্যাপ্ত বরাদ্দের কারণে সব সড়ক সংস্কার সম্ভব না হলেও স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও পর্যটনকেন্দ্রের প্রবেশপথের সড়কগুলো যেন দ্রুত সংস্কার করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনা পলিটেকনিকে রাজনৈতিক বই পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে লাইব্রেরিতে সংরক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই বের করে এনে একসঙ্গে অগ্নিসংযোগ করে। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে স্বৈরাচার সরকারের চিহ্ন মুছে ফেলার উদ্যোগ নেওয়া হলেও তাদের লাইব্রেরিতে এসব বই এখনো রাখা ছিল।

শিক্ষার্থীদের দাবি, কর্তৃপক্ষের অবহেলায় পাঠ্যবই সংকট থাকলেও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না বলেও মন্তব্য করেন তারা।

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া জানান, তিনি ঘটনাস্থলে না থাকলেও শিক্ষার্থীদের বই পোড়ানোর খবর পেয়েছেন। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর রাজনৈতিক সংশ্লিষ্ট বই সরিয়ে ফেলা হয়েছে বলে জানতাম। তবে লাইব্রেরিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় বইয়ের অবস্থা সম্পর্কে অবগত ছিলাম না।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





বরিশালে কোচদের জন্য বিসিবির ওয়ার্কশপ

বরিশালে স্থানীয় কোচ ও তরুণ ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, হাসিবুল হোসেন শান্ত এবং মেহরাব হোসেন অপি। তারা স্থানীয় কোচ ও যুব খেলোয়াড়দের জন্য কোচিং টিপস ও দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা মো. সাখাওয়াত হোসেন। আয়োজনটি বরিশালের ক্রিকেট সম্প্রদায়ের মধ্যে শিক্ষামূলক ও ব্যবহারিক অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।

স্থানীয় কোচরা জানান, এই ধরনের ওয়ার্কশপ তাদের প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের উন্নত মানের প্রশিক্ষণ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সুস্থ জীবনের জন্য নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: ববি উপাচার্য

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্থ থাকতে এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেন, “শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলা অপরিহার্য। পড়াশোনা যেমন মেধা বিকাশে সহায়তা করে, তেমনি খেলাধুলা শরীরকে রাখে সুস্থ ও সবল।”

শনিবার (১৬ আগস্ট) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী উপজেলা ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতা করে বিআরটিএ এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, ববি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন এবং বুরো বাংলাদেশ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম।

টুর্নামেন্টটি সকাল ১০টায় উদ্বোধনের পর দিনব্যাপী বিভিন্ন উপজেলা ভিত্তিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। বিকেল ৫টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। খেলাগুলো পরিচালনা করেন নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. ইমনের সঞ্চালনায় এবং মো. মোতালেব হোসেন সোহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ড. তৌফিক আলম আরও বলেন, “আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের নিয়ে তারা যে সুন্দর একটি আয়োজন করেছে, তা প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শেবাচিম’র সামনে ফের উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন এবং পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ প্রধান গেট আটকে দেয়। আন্দোলনকারীরা বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় ভেতর থেকে হাসপাতালের কর্মচারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এর আগে শনিবার (১৬ আগস্ট) বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দীন রনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একইসাথে শেবামেকের কর্মচারীদের হামলার প্রতিবাদে ২১তম দিনের (১৭ আগস্ট) কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণার ধারাবাহিকতায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আন্দোলনকারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শেবামেকের দিকে রওনা হন।

সূত্রমতে, বিক্ষোভ মিছিলের খবরে শেবামেকের কর্মকর্তা-কর্মচারীরা আগেভাগেই ভেতরে অবস্থান নেন। সংঘর্ষের আশঙ্কায় গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পারায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যান। এসময় তারা দালালচক্র ও সিন্ডিকেট বিরোধী নানা স্লোগান দেন এবং হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দ্রুত প্রত্যাহারের দাবি জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শেবাচিমে চার দিনে ৯৫টি অচল মেশিন সচল, রোগী সেবা বৃদ্ধি

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) দীর্ঘদিন অকেজো থাকা যন্ত্রপাতি সচল করে নতুনভাবে রোগী সেবায় ব্যবহার শুরু করেছে। মাত্র চার দিনের মধ্যে হাসপাতালের ৯৫টি অচল মেশিন সচল করতে সক্ষম হয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নেতৃত্বে গঠিত বিশেষ কারিগরি টিম।

ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা ৭ সদস্যের টিম হাসপাতালের বিভিন্ন বিভাগে অকেজো যন্ত্রপাতি মেরামত করেছেন।

সচল হওয়া যন্ত্রপাতির মধ্যে রয়েছে:

  • ৬টি অ্যানেস্থেসিয়া মেশিন

  • ২৫টি সাকশন মেশিন

  • ১০টি আইসিইউ ভেন্টিলেটর

  • ৫টি অটোক্লেভ

  • ১টি সি-আর্ম মেশিন

  • ২টি মনিটর

  • ৮টি ওটি টেবিল

  • ৫টি ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর

  • ১০টি হাই ফ্লো নাসাল ক্যানুলা

  • ৫টি আইসিইউ বেড

  • ৬টি ওটি লাইট

  • ৫টি ডেন্টাল ইউনিট

  • ২টি ডায়াথার্মি মেশিন

  • ৪টি ইসিজি মেশিন

  • ১টি এক্সরে মেশিন

কারিগরি টিম জানিয়েছে, হাসপাতালের আরও ২০টির বেশি গুরুত্বপূর্ণ যন্ত্র সচল করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে রয়েছে এনজিওগ্রাম, সিটি স্ক্যান, এক্সরে, চোখের লেসিক ও ওসিটি, ইউরোলজি লিথোরিপটর, এন্ডোসকপি মেশিনসহ অন্যান্য আধুনিক সরঞ্জাম। তবে অনেক যন্ত্রাংশ দেশে না থাকায় তা বিদেশ থেকে সংগ্রহ করতে হবে।

হাসপাতালের টেকনোলজিস্ট মিথুন রায় বলেন, “শতাধিক যন্ত্র সচল হওয়ায় রোগীরা দ্রুত সেবা পাচ্ছেন। চিকিৎসকরাও কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারছেন।”

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, “অকেজো যন্ত্রপাতি সচল হওয়ায় রোগী সেবার মান বৃদ্ধি পেয়েছে। বাকি মেশিনের জন্য যন্ত্রাংশ আমদানি চলছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে একটি এমআরআই মেশিন, ক্যাথল্যাব ও সি-আর্ম মেশিন পাওয়া যাবে। আমাদের সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা চলমান। জনবল ও সরঞ্জাম ঘাটতি কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা প্রয়োজন।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





বরিশালে নিখোঁজ স্কুলছাত্রী, পাঁচদিনেও সন্ধান মেলেনি

বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পোল এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী নুসরাত আক্তার (১৩)। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবার এবং স্থানীয়রা উদ্বিগ্ন।

নুসরাত আক্তার মাঠরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং রাসেল হোসেন ও শম্পা বেগমের একমাত্র মেয়ে। নিখোঁজ হওয়ার দিন সকাল ১২ আগস্ট, সে স্কুলে যায়, কিন্তু নির্ধারিত সময়ে বাসায় ফেরেনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা স্কুলসহ বিভিন্ন স্থান খুঁজেও তাকে খুঁজে পাননি।

নিখোঁজের ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে শনিবার (১৬ আগস্ট) নুসরাতের মা শম্পা বেগম বলেন, “আমাদের একমাত্র মেয়ে, পাঁচ দিন ধরে কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা পাগলের মতো হয়ে পড়েছি।”

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে কাজ শুরু করেছে। তবে নুসরাতের সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকার কারণে তার অবস্থান নির্ধারণ করতে কিছুটা সময় লাগছে। পুলিশ স্থানীয়দের তথ্য সংগ্রহ ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ স্কুলছাত্রীর পরিবারের আহ্বান, কেউ যদি তার বিষয়ে কোনো তথ্য রাখেন তবে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫