কলাপাড়ায় সবজিতে আগুন – মাছে নাভিশ্বাস

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় কাঁচাবাজারে নাভিশ্বাস ক্রেতাদের। হাতের নাগালে বেগুন, শসা,আলু, পটল, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, লাউসহ সব রকম সবজির দাম দিনের পর দিন বেড়েই চলেছে কাঁচাবাজারের পাশাপাশি মাছ মাংস দুধ ডিমের দামও। এতে নিম্ন আয়ের মানুষের যেন বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। অনেকে হাটে এসে কাঁচাবাজার না করেই খালি ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফেরত চলে যাচ্ছেন। আবার কেউ বাধ্য হয়ে বেশি দামেই বাজার করে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

তবে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন।

সরজমিন দেখা যায়, কলাপাড়া পৌরসভার কাঁচা বাজারে সবজির দাম শুনতেই নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বাজারে করলা ১শ’ টাকা কেজি, ঢেঁড়শ ৯০ টাকা, বেগুন ৯০ টাকা, আলু ৬০ টাকা, ঝিঙে ১শ’ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, শসা ১শ’ টাকা, জালি কুমড়া ৭০ টাকা, পিয়াজ ১শ’ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২২০ টাকা, কাঁচামরিচ ৩২০ টাকা, কচু ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পুঁইশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে রুই মাছ ৩শ’ টাকা, পাঙ্গাশ ২২০ টাকা, কাতলা মাছ ৩৫০ টাকা, সিলভারকাপ মাছ ৩শ’ টাকা, টেংরা মাছ ৬শ’ টাকা, চিংড়ী মাছ ৬-৮শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কলাপাড়া বাজারে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষতি

বাজার করতে আসা নিম্নআয়ের মানুষ মো. শাহিদুল ইসলাম জানান, তিনি বাজার করতে এসে তরকারির দাম শুনে হতাশ হয়ে বাজার না করে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফেরত যাচ্ছেন। তিনি সারাদিনে কাজ করে পারিশ্রমিক পান মাত্র ৬শ’ টাকা। আর বাজারে এক কেজি বেগুনের দাম ৮০ টাকা, পাঙ্গাশ মাছের দাম ২২০ টাকা।

বাজার করতে আসা মো. বাবুল চৌকিদার বলেন, মাছের বাজারে গিয়ে হাফ কেজি চিংড়ি মাছ কিনেছি ৩৫০ টাকা দিয়ে, এক কেজি আলু কিনেছি ৬০ টাকা দিয়ে। যেভাবে দিন দিন তরি তরকারির দাম বাড়ছে তাতে মানুষের বাজার করে খাওয়া দায় হয়ে পড়েছে।

মো. আলমগীর নামের ব্যবসায়ী জানান, তারা পাইকারি বাজার থেকে বেশি দামে মাল কিনে খুচরা দামে বিক্রি করছেন। তাদের কাছে পাইকারি বাজারে বেগুনের দাম ধরা হচ্ছে ৮০ টাকা আর সেই বেগুন খুচরা বাজারে বিক্রি করছি ৮৫-৯০ টাকা দরে। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তারা বেশি দামে মাল কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।




পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আজও অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় কলাপাড়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত।

গত আট দিনের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাটসহ ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। লোকসানের মুখে পড়েছেন সবজী চাষিসহ কৃষকরা। আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

আরো পড়ুন : পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা নীলগঞ্জ ইউপির পাখিমারা গ্রামের সবজি চাষি জাকির হোসেন জানান, একটানা বাড়ি ভারি বর্ষণের কারণে সবজি ক্ষেত তলিয়ে গিয়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার চাকামইয়া ইউপির মৎস্য ব্যাবসায়ী সেলিম হাওলাদার জানান, বৃষ্টির পানির সঙ্গে নদীর পানি বেড়ে গিয়ে আমার ৩টি মাছের ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে আমার কয়েক লক্ষ টাকার মাছ ভেসে গিয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কয়েকদিনের অতি বর্ষণের ফলে উপজেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরে কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।




পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি :: প্রধানমন্ত্রী ভারত সফরে দেশ বিরোধী সব চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় দেশ বিরোধী সব চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি স্থানীয় লঞ্চঘাট চত্বর হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব লঞ্চঘাট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মো. হাবিবির রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও. মু. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ মাও. কাজী গোলাম সরোয়ার, সহসভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সাবেক সেক্রেটারি মাওলানা আর আই এম অহিদুজ্জামান, সদর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ইশা শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জসিম উদ্দিন জাফর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাও. আনসার উদ্দিন আনসারী, ইশা যুব আন্দোলনের সভাপতি মো. জাহিদ হোসেন লিটন, ওলামা মাশায়েখ পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মো. ফেরদাউস খান, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মু. রফিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে সেতু ভেঙে আহত পথচারী

বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে অবিলম্বে ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করার পাশাপাশি দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। সমাবেশে ও বিক্ষোভ মিছিলে বৈরী আবহাওয়ার মধ্যে শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।




রাঙ্গাবালীতে সেতু ভেঙে আহত পথচারী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে সেতু ভেঙে খালে পড়ে সুজন হাওলাদার নামের এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আমলাভাঙ্গা খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই যুবক উনিশ নম্বর (রাঙ্গাবালী) গ্রামের সালাম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ১৮ থেকে ২০ বছর আগে আমলাভাঙ্গা খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়।

খালের পশ্চিম পাড়ে কাছিয়াবুনিয়া এবং পূর্ব পাড়ে রাঙ্গাবালী গ্রাম ফলে প্রতিদিন সেতুটি দিয়ে কয়েকশত মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতো। দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো সেতুটি। এমনকি সেতুটির মাঝখানে ঢালাই সরে গিয়ে রড বের হয়েছিলো। ঝুঁকি থাকা সত্ত্বেও কারো নজরে আসেনি। শুক্রবার সকালে সেতুটি ভেঙে গিয়ে একজন আহত হন।

আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সকালের মহিষ নিয়ে খালপাড় হচ্ছিল সুজন। এ সময় মহিষের একটি বাচ্চা সেতুর ওপর উঠে গেলে মহিষটাকে নামাতে সেতুতে সুজনও উঠে। তবে, মহিষ দ্রুত নেমে পড়লেও সুজন মাঝামাঝি থাকা অবস্থায় সেতটিু ভেঙে পড়ে।
এ সময় তার মাথায় আঘাত লাগে। হাত ও পিঠে মারাত্মক জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৩ যাত্রীবাহী বাস থেকে ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ, জরিমানা

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি পুরাতন ব্রীজ ছিল। অনেক আগে ইউনিয়ন পরিষদ থেকে করা হয়েছিল।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড সাঁটানো জন্য তালিকাও করেছি। এর মধ্যেই দুর্ঘটনা ঘটে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন বলেন, ‘দীর্ঘদিন ধরে সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। ইতোমধ্যে এলজিইডিকে অবহিত করা হয়েছে। ওখানে নতুন একটা সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান।




পটুয়াখালীতে ৩ যাত্রীবাহী বাস থেকে ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ, জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী যাত্রীবাহী তিনটি বাস থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)কৌশিক আহম্মেদ।

এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে তিন বাসের চালককে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন : বাউফলে চার সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে যুবলীগ নেতার মামলা

জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযানের সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্বাস, অন্তরা ও মীমজাল পরিবহন থেকে ২০০ কেজি ইলিশ, ২০০ কেজি পোয়া, ১৮০ কেজি ডাডি ও ৪৮০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়েছে। সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমুদ্র থেকে এসব মাছ শিকার করে কিছু অসাধু জেলে।




বাউফলে চার সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে যুবলীগ নেতার মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে গৃহবধূকে বাগিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন তার স্বামী। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবলীগ নেতা বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে চার সাংবাদিকের নামে মামলা করেছেন।

আসামিরা হলেন কালবেলার বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রতিদিন ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক এনামুল হক এনা, বেসরকারি টেলিভিশন সময় টিভির স্টাফ রিপোর্টার মনির হোসেন ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজ।

বাদী আরিফুজ্জামান খান রিয়াদ বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও যুগান্তরের বাউফল স্টাফ রিপোর্টার।

আরো পড়ুন : নির্মাণের ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ

এর আগে ‘অন্যের বউ বাগিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। বাগিয়ে নেওয়া ওই নারীর স্বামী মাইনুল ইসলাম জানান, যুবলীগ নেতা রিয়াদ খান কৌশলে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। সর্বশেষ ১৩ জুন ভোররাতে তার স্ত্রীকে রিয়াদের সঙ্গে আপত্তিকর অবস্থায় তার শাশুড়ি দেখতে পান। পরে রিয়াদ খান তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে যুবলীগ নেতা আরিফুজ্জামান খান রিয়াদ বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ কারণে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছি।’




নির্মাণের ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ।

নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কের। ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

উপজেলা এলজিইডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের এমন বেহাল দশা হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

আরো পড়ুন : গলাচিপায় পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার – অবশেষে বহিষ্কার

এবিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান।

তবে সড়কটির তদারকি কর্মকর্তাকে কারণ দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার।

এ বিষয় পটুয়াখালীর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিব হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টি এবং ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে। তবে ঠিকাদারকে বলা হয়েছে রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য।




গলাচিপায় পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার – অবশেষে বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় এইচএসসির পরীক্ষার উত্তরপত্র বাড়িতে নিয়ে যাওয়ায় গলাচিপা মহিলা কলেজ (৪১৯) কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টায় ইংরেজি প্রথমপত্র (১০৭) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ওই পরীক্ষার্থীর রোল নম্বর ২২৬৯১০। সে গলাচিপা সরকারী কলেজের মানবিক শাখার ছাত্রী।

আরো পড়ুন : বাউফলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ১১টি তদন্ত কমিটি গঠন

জানা যায়, গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে ১১১ নম্বর কক্ষে ৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। ওই কক্ষে তিনজন দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে উত্তরপত্র গণনা করা হলে একটি উত্তরপত্র কম পাওয়া যায়। তাৎক্ষণিক তদন্ত করে শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করা হয়। পরে কেন্দ্রের পরীক্ষা কমিটি পুলিশের সহায়তা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাগরদী রোড এলাকায় পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করে।

গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া জানান, পরীক্ষার্থীর বাড়ি থেকে ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্রটি উদ্ধার করা হয়েছে। তাকে বহিষ্কার করা হয়েছে।




কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়কে অগ্মি সংযোগ করে অবরোধ ও বিক্ষোভ

বরিশাল অফিস :: সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে চতুর্থদিনের মতো ঢাকা-বরিশাল-কুয়াকাটা সহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে অগ্মি সংযোগ ও অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধে শেক্ষার্থীরা বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে সকলে জড়ো

হয়ে বিক্ষোভ করতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি কমে আসলে বিক্ষোভরত শিক্ষার্থীরা মিছিল সহকারে ক্যাম্পাস থেকে বেড় হয়ে বরিশাল- কুয়াকাটা সড়ক অবরোধ করে এসময় শিক্ষার্থীরা নগরের রুপাতলী টোলঘড় এলাকায় অবস্থান নেয়। অপরদল বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ শুরু করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা সড়কে টায়ার,বই ও বিভিন্ন কাঠ,বাঁশ বিভিন্ন তক্তা এনে তাতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ কর্মসূচির গতি বাড়িয়ে দেয়।এদিকে এই কর্মসূচির কারণে
নগরীর রুপাতলী থেকে শুরু করে অপরপ্রান্তের নলচিঠির জিরো পয়েন্ট পর্যন্ত অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনে থাকা য়াত্রীরা আটকে চরম ভোগান্তিতে পড়েন। তবে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা এ্যামবুলেন্স ও রোগীবহন কারী অটো ও মাহেন্দা গাড়িগুলো মানবিক কারনে ছেড়ে য়ে। এছাড় মটর বাইক সহ অন্যসকল যানবাহন চণাচল বন্ধ করে করে রাখে।

এ সময় শিক্ষার্খীরা বলেন ঘোষিত চার দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কোটা–পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন শুরুক রেন।

এদিকে আন্দোলন ও সড়ক অবরোধ চালাকালে শত শত সাধারন মানুষ প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ২ ধারে থেমে থাকা বিভিন্ন যানবাহনের জ্যামের মধ্যেপায়ে বরিশাল শহরে প্রবেশ করছে।

এসময় বিভেন্ন দূর্ভোগে পড়া যাত্রীরা বলেন ‘আমরা শান্তি চাই। (শিক্ষার্থীদের) আন্দোলনও চলুক, সেই সাথে আমাদের চলাচলের পথও করে দিক। অনেক ব্যস্ততা নিয়ে বরিশালে যাওয়ার জন্য রওনা দিয়েছি। ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো আটকে আছে। খুব কষ্ট
হচ্ছে। পাশাপাশি কাজের ক্ষতি হচ্ছে।

এদিকে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেওয়া হবে না। তাঁরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানান। ৫৬ শতাংশ কোটা কোনো দেশের স্বাভাবিক অবস্থা হতে পারে না। মেধাবীরা পরিশ্রম করে চাকরি পাবেন, কোটায় নয়।

কোটা প্রথা কখনোই জাতির কল্যাণ বয়ে আনবে না। এটা দেশের মেধাবীদের সঙ্গে একধরনের উপহাস আন্দোলনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, ‘আমরা কোটা চাই না। অবিলম্বে কোটা বাতিল চাই। আশা করি, যদি কোটা প্রদ্ধতি বাতিল না হয়, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।




বাউফলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ১১টি তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি :: সরকারের ১১টি প্রকল্প থেকে ২ কোটি ৪ লাখ ১৫ হাজার ২শ ৯০ টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে ১১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শেষ করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডটকম সহো কয়েকটি দৈনিক পত্রিকায় গত ৩০ জুন ‘কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুইকোটি টাকা আত্মসাতের অভিযোগ’ সংবাদ প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জুলাই অনাবাদী পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান প্রকল্প, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য জোড়দার প্রকল্প এবং এসএসিপি এই ৩টি প্রকল্প তদন্ত সম্পন্ন হয়েছে। খুব শিগ্রই বাকি ৭টি প্রকল্পের তদন্ত করা হবে। ইতিমধ্যে ওই সব প্রকল্পের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন : গলাচিপায় ফ্যান ছিঁড়ে শিক্ষার্থী গুরুতর আহত

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ২০২৩-২০২৪ অর্থ বছরে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি ও পুষ্টি বাগান স্থাপণ প্রকল্প, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোড়দারকরণ প্রকল্প, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষক উন্নয়ন প্রকল্প, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, রাজস্ব প্রকল্প, সমন্বিত ব্যবস্থাপণার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারগ্রেনরশীপ অ্যান্ড রেডিয়েশন ইন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বরাদ্দকৃত টাকা, স্টেকহোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেশন প্রকল্প (এসএসিপি) এবং বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প থেকে মোট ২ কোটি ৪ লাখ ১৫ হাজার ২৯০ টাকা আত্মসাত করেন।

তদন্ত কমিটি গঠন নিয়ে কোন ধরনের বক্তব্য দিকে রাজি হননি অভিযুক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির অনুলিপি আমি পেয়েছি ।

উল্লেখ, এসব প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী গত ২০ জুন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন।