ঝাড়ু মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও – পালালেন কর্মকর্তারা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও বন্ধ মিটারের বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় শতাধিক গ্রাহক বাউফল পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঝাড়ু মিছিলে অংশ নেন।

এ সময় পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের কর্মকর্তা অফিস ত্যাগ করেন।

আরো পড়ুন : সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, সম্প্রতি তাদের মিটারে রিডিং এর চাইতে অতিরিক্ত বিল করা হয়েছে৷ এ ছাড়াও আরও কয়েকটি বন্ধ মিটারেও বিল করে পল্লীবিদ্যুৎ। এ বিষয়ে অভিযোগ দিলে গ্রাহকদের নামে মামলা দেওয়ার ভয় দেখায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ৷

পল্লীবিদ্যুতের এ ঘটনার প্রতিকার না পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা এ ঝাড়ু মিছিল করেন।




সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: সময় টিভির সাংবাদিক ও পটুয়াখালী প্রেসক্লা‌বের সদস্য মো. ম‌নির হোসেন বাদলের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোড ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

এ সময় মানববন্ধনে গত ৩ জুলাই বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সময় টিভির সাংবাদিক ও পটুয়াখালীর প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নির হোসেন বাদ‌লসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মামলা প্রত্যাহারসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন- পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, সহ-সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, মুফতি সালাহউদ্দিন, মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতের ১০ কি. মি. জুড়ে এক লাখ বৃক্ষ রোপণ চলছে

জানা যায়, পটুয়াখালীর বাউফলে গৃহবধূকে ভাগিয়ে নেয়ার অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। এ ঘটনায় ‘অন্যের বউ ভাগিয়ে নেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা’ শিরোনামে গত ২৯ জুন সময় টিভির ওয়েবসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হন বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান খান রিয়াদ (৪৩)। তিনি বাদী হয়ে গত ৩ জুলাই বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সময় টিভির সাংবাদিক ও পটুয়াখালীর প্রেসক্লা‌বের সদস‌্য ম‌নির হো‌সেন বাদ‌লসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য বিবাদীরা হলেন- দৈনিক কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি জি এম মশিউর রহমান মিলন, বাউফল প্রতিদিন ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক মো. এনামুল হক এনা, বেসরকারি টেলিভিশন সময় টিভির রিপোর্টার মো. মনির হোসেন বাদল ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজ। আদালত বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার দায়িত্ব দেন।




কুয়াকাটা সৈকতের ১০ কি. মি. জুড়ে এক লাখ বৃক্ষ রোপণ চলছে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় মাটির ক্ষয়রোধ, বেড়িবাঁধ সুরক্ষা ও সুফল প্রকল্পের আওতাভুক্ত সদস্যদের সুবিধায় ১০ কিলোমিটার এলাকায় এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগ।

শনিবার বিকারে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট পূর্ব পাশে ঝাউবন এলাকায় এই বনায়নের উদ্বোধন করেন কোস্টাল অঞ্চল বরিশাল বিভাগীয় বন সংরক্ষক মো. হারুন অর রশিদ খান। এছাড়া উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে নতুনপাড়া পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধের দুই পাশে ১০ কিলোমিটার এলাকায় ২০টি সারিতে মোট ১ লাখ গাছের চারা লাগানো হবে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে চারা রোপণ শেষ করা হবে বলে বন বিভাগ মহিপুর রেঞ্জ সূত্রে জানা গেছে।

প্রাকৃতিক দুর্যোগ ও বেড়িবাঁধ রক্ষায় এই প্রকল্পের আওতায় লাগানো হবে ঝাউ, আকাশমনি, অর্জুন, তেঁতুল, ইপিল ইপিল, মেহগনি, শিশু, জারুল, আমলকিসহ ১৫ প্রজাতির গাছের চারা।

কোস্টাল অঞ্চল বরিশাল বিভাগীয় বন সংরক্ষক মো. হারুন অর রশিদ খান জানান, ঘূর্ণিঝড় রেমালসহ উপকূলীয় এলাকায় ঝড়-ঝাপটায় প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল। তাই এই উপকূল এলাকা ও সমুদ্র রক্ষা বেড়িবাঁধ টেকসই করতে সরকারের সুফল প্রকল্পের আওতায় এই ১ লাখ গাছের চারা রোপণের উদোগ নেয়া হয়। এতে একদিকে মাটিক্ষয় রোধসহ ঘূর্ণিঝড় থেকে উপকূল রক্ষা হবে। অন্যদিকে এই সুফল প্রকল্পের আওতায় প্রায় ৫০০ জন সুফলভোগীও উপকৃত হবেন।




পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ তিন শিক্ষার্থীর

পটুয়াখালী প্রতিনিধি :: ব‌রিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোভার স্কাউট গ্রুপের তিন রোভার বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশে বের হয়েছেন।

রোববার (৭ জুলাই) সকাল ৭টায় পাঁচ দিনব্যাপী এ যাত্রা শুরু করেন তারা। এ যাত্রা শেষ হবে ১১ জুলাই।

রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করতে এই পরিভ্রমণ সম্পন্ন করবেন সিনিয়র রোভার মেট অভিজিৎ দাস, রাশেদ ইমরান ও রবিন চন্দ্র মজুমদার।

পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামে তারা বাকেরগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পায়ে হেঁটে পরিভ্রমণ করবে। এই সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করে।

পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।




পটুয়াখালীতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ই-জিপি বিষয়ক কর্মশালা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর পরিচালক (যুগ্ম সচিব) মো. নাছিমুর রহমান শরীফ।

তিনি বলেন, সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি সিস্টেম উল্লেখযোগ্য সুফল বয়ে এনেছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এতে সভাপতিত্ব করেন। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আছিমুর রহমান শরীফ তার বক্তৃতায় উল্লেখ করেন, ই-জিপিকে একটি পূর্ণাঙ্গ অনলাইন সিস্টেমে পরিণত করার জন্য এতে কিছু নতুন মডিউল যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু

তিনি বলেন, মোট সরকারি ক্রয়ের প্রায় ৭০ শতাংশ এখন ই-জিপি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি দেশে ই-জিপি বাস্তবায়নের মাধ্যমে সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্জিত ইতিবাচক ফলাফলগুলিও উল্লেখ করেন। ‘এ পর্যন্ত ১১টি দেশ এবং পাঁচটি আন্তর্জাতিক সংস্থা আমাদের ই-জিপি সাফল্য সম্পর্কে জানার জন্য বিপিপিএ পরিদর্শন করেছে’।

তিনি উল্লেখ করে বলেন, ই-জিপি এখন সরকারি ক্রয় প্রক্রিয়ায় ক্রয়কারী সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক।

একই ধরনের একটি কর্মশালা আগামীকাল (সোমবার) বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) বিপিপিএ কর্তৃক নিয়োজিত পরামর্শক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেছে।

স্থানীয় ক্রয়কারী সংস্থা, দরদাতা, ব্যাংক ও গণমাধ্যমের প্রায় ৭৫ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। কিছু ক্রয়কারী সংস্থা ও দরদাতা সরকারি ক্রয় ও ই-জিপি সিস্টেম সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। মো. নাসিমুর রহমান শরীফ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ অনুযায়ী ব্যাখ্যা প্রদান করেন।

বিপিপিএ (পূর্বতন সিপিটিইউ) সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের জন্য ই-জিপি চালু করে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালের ২ জুন ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন। বিপিপিএ কর্তৃক নিয়োজিত দোহাটেক নিউ মিডিয়া প্রধান পরামর্শক হিসাবে, বেক্সিমকো আইটি এবং জিএসএস ইনফোটেকের সাথে ই-জিপি সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে আসছে।




পটুয়াখালীতে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

রোববার (৭ জুলাই) সকালে বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন)-এ সাত দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এ সময় হাজারো ভক্তের সমাগমে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে। পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

আজ বিকেলে মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়রসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। পরে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করেন।

ইসকন কর্তৃপক্ষ সাত দিনব্যাপী এ উৎসবে হরিনাম সংকৃর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে। এছাড়া পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি থেকে জগন্নাথ দেবকে নিয়ে আরো একটি রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।

শাস্ত্র মতে, ভক্তদের দর্শন দিতে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতিবছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান। সাত দিন পরে তিনি আপন আলয়ে ফিরে আসেন। তখন হয় উল্টো রথ। বিশ্ব শান্তির উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসবটি পালন করেন।

পটুয়াখালীর কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের পুরোহিত শিশির বলেন, ‘যজ্ঞানুষ্ঠানে বৈদিক মন্ত্রচারনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেছি। বিকেলে মন্দির থেকে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়। সাত দিনব্যাপী মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকবে।




কোটা বাতিল দাবিতে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস :: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ও সরকারি বিএম কলেজ শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে ববি গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এ ছাড়া বিএম কলেজের শিক্ষার্থী বরিশাল নথুল্লাবাদ মহাসড়ক অবরোধ করে বন্ধ করে দেয়।

এর আগে বেলা ১১টায় ববির গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সভা শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এসময় ববির চার আবাসিক হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে দুই পাশে শতশত যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তৃতা দেন— ববি শিক্ষার্থী সুজয় শুভ, ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। তাই আমরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল সময়ের দাবি। যদি কোটা পদ্ধতি বাতিল না হয় তবে সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হবে। তাই বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।

কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, মহাসড়কে অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এ দিকে বিএম কলেজ শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, আমাদের দাবী যতক্ষণে না মেনে নেওয়া হবে আমারা রাজপথ ছাড়বো না।

প্রসঙ্গত: এর আগে সারাদেশের সঙ্গে একযোগে সোমবার বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেছিলেন ববি শিক্ষার্থীরা।




বরিশালের নদ-নদীতে ধরা পরছে বড় সাইজের ইলিশ

বরিশাল অফিস :: আষাঢ়ের শেষের দিকে টানা কয়েক দিনের বৃষ্টিতে জেলার নদ-নদীতে জেলের জালে ধরা পরছে বড় সাইজের ইলিশ। মেঘনাসহ কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীতে ধরা পড়া ইলিশে সরবরাহ বেড়েছে নগরীর পোর্টরোড মৎস্য আড়তে। তাই নদীতে ইলিশ ধরায় এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার ৭৫ হাজার জেলে।

রবিবার সকালে পোর্ট রোডের লিয়া মৎস্য আড়তের আড়তদার রুবেল হোসেন বলেন,বর্তমানে বড় সাইজের ইলিশ বেশি ধরা পরছে। গত কয়েকদিন ধরে মোকামে গড়ে ৬০ মণ করে ইলিশ সরবরাহ হচ্ছে। এসব ইলিশের মধ্যে এলসি (৬০০-৯০০ গ্রাম) আকারের ইলিশ প্রতিকেজি ১৫ থেকে ১৬শ’ টাকা, এক কেজি সাইজের ইলিশ ১৭ থেকে ১৯শ’ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৪ থেকে ১৫’শ টাকা দরে বিক্রি হচ্ছে।

কীর্তনখোলা নদীর জেলে আব্দুর রহমান বলেন, বৃষ্টি শুরুর পর নদীতে বড় আকারের ইলিশ ধরা পরছে। তবে তা সংখ্যায় খুব বেশি না। বৃষ্টি থাকলে ইলিশ শিকার আরও বাড়তে পারে। প্রায় একই কথা জানিয়েছেন, আঁড়িয়াল খাঁ ও মেঘনা নদীর জেলেরা।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক বশির আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে দিনের অধিকাংশ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলশেগুঁড়ি বৃষ্টি ইলিশ শিকারের সু-সময়। তাই এ সময়ে মেঘনাসহ অন্য নদীতে বড় ইলিশ ধরা পরছে। যেকারণে নগরীর পোর্টরোড মৎস্য মোকামেও সরবরাহ বেড়েছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, কঠোর অবস্থানে
গিয়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করা হয়েছে। পাশাপাশি আষাঢ়ে বৃষ্টি হওয়ায় বড় সাইজের ইলিশ ধরা পরছে। ইলিশ শিকারের হার আরও বাড়বে। তাই বিভাগের ছয় জেলার চার লক্ষাধিক জেলে ইলিশ শিকারে নদী চষে বেড়াচ্ছেন।

 




বরিশালে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বরিশাল অফিস :: দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রবিবার বেলা এগারোটার দিকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক
ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উজিরপুরের সাংবাদিক
নাজমুল হাসান মুন্না, মাহফুজুর রহমান মাসুম, এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, নির্বাহী সদস্য এইচএম আলামিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম

রুবেল, দপ্তর সম্পাদক উৎপল চক্রবর্তী, নির্বাহী সদস্য ফাহাদ মিয়া, বিনয় শিয়ালী, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দাস, সাংবাদিক লোকমান হোসেন রাজু প্রমুখ।

বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের
করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।




এইচএসসির পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের মধ্যে বিষপানে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশাল অফিস :: বরিশালে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বরিশালে এইচএসসির পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের মধ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক ছাত্রী।

বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে রোববার (৭ জুলাই) সকাল পৌঁনে ১০টায় এ ঘটনা ঘটে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বমি করে অজ্ঞান হয়ে পড়া ওই ছাত্রী বিষ জাতীয় কিছু খেয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সোমা। তিনি বলেন, ওই পরীক্ষার্থীর অবস্থা গুরুতর।

আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্রীর নাম – সোমা আক্তার সুমনা (১৭)। সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। সুমনা নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা সুমনের মেয়ে।

অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, পৌনে ১০টার দিকে হলের সামনের বারান্দায় এক ছাত্রী বমি করে একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। (রোববার) এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে এসেছিল ওই পরীক্ষার্থী।

বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সোমা বলেন, বিষ জাতীয় কিছু খাওয়ার কারণে ছাত্রী বমি করছিল। বমির সঙ্গে সাদা পাউডার জাতীয় পদার্থ বের হয়েছে। তার অবস্থা গুরুতর। সে কথা বলতে পারছে না। তাই তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পাইনি। এখনই খবর নিচ্ছি।