লাওতারোর একমাত্র গোলে ইতিহাস গড়ে কোপা শিরোপা আর্জেন্টিনার

বরিশাল অফিস :: দুই দলের একের পর এক আক্রমণ, দুই দলের গোলরক্ষকের একের পর এক সেভ, দ্বিতীয়ার্ধে চোটে মেসি মাঠ ছাড়া, দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল পেয়েও যেন পেল না আর্জেন্টিনা। কাগজে-কলমে ফাইনালটা লিখা না থাকলেও এমন টানটান উত্তেজনার ম্যাচকে ফাইনাল বলতে বাধ্য হতেন আপনিও। আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার রোমাঞ্চকর এই ম্যাচটির ১১০ মিনিট পর্যন্তও স্কোরলাইন গোলশূন্য। দল দুটির ডাগআউট প্রস্তুত হচ্ছিল টাইব্রেকারের জন্যই। তবে লাওতারো মার্তিনেজের চমকটা যে তখনও ছিল দেখানোর বাকি। ১১২ মিনিটে বদলি নামা লো সোলসোর থ্রু পাস থেকে বল পেয়ে কলম্বিয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন লাওতারো। শেষ পর্যন্ত সেই ১-০ ব্যবধানেই কলম্বিয়াকে থামিয়ে কোপায় টানা দ্বিতীয় শিরোপা জিতল আর্জেন্টিনা।

কোপায় এবারের শিরোপা দিয়ে ইতিহাস গড়ল মেসি-ডি মারিয়া। ২০২১ কোপার, ২০২২ বিশ্বকাপের পর এবার ২০২৪ কোপার শিরোপা, দক্ষিণ আমেরিকার প্রথম কোনো দল হিসেবে টানা তিনটি বড় টুর্নামেন্টের শিরোপা জিতল আর্জেন্টিনা। বৈশ্বিকভাবে এই কীর্তি আর আছে কেবল স্পেনের। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপের পর ২০১২ ইউরোও জিতেছিল স্প্যানিশরা। এক যুগ পর এবার তাদের কীর্তিতে ভাগ বসাল আর্জেন্টিনা।

বিস্তারিত আসছে…




শূন্যহাতে শুরু এখন দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কাঠশিল্প কারখানার মালিক

বরিশাল অফিস :: লেখাপড়া করলেও চাকরি নিয়ে জীবনধারণের অভীপ্সা কখনোই ছিল না এম এ রশিদ আরিফের। কিন্তু ঠিক কী কাজ আয়ের উৎস হতে পারে তা নিয়েও নিশ্চিত ছিলেন না। চিন্তা ছিল নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করবেন। যে চিন্তা সেই কাজ। ২০০৪ সালে নারিকেলের মালা দিয়ে হাতেই শো-পিস বানানো শুরু করেন। নিজের বানানো শো-পিসের বাজার সৃষ্টি করতে দোকানে দোকানে ঘুরে বেড়ান। কিন্তু নিজেই সন্তুষ্ট হতে পারছিলেন না উৎপাদনের গতি নিয়ে।

চিন্তা করলেন বিকল্প পণ্য উৎপাদনের। ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন কাঠের কারুপণ্য তৈরি। আর তাতেই ভাগ্য সুপ্রসন্ন হলো এই তরুণের। ঋণ করে শুরু করা সেই ব্যবসা থেকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কাঠের কারুপণ্যের কারখানার মালিক এখন তিনি। দুটি কারখানায় তৈরি হয় লাখ লাখ পণ্য। বছরে দেড় কোটি টাকারও বেশি পণ্য তৈরির অর্ডার আসে দেশের নামিদামি ব্যান্ডের প্রতিষ্ঠান থেকে।

রশিদ আরিফেরই এক প্রতিষ্ঠান হাসিনা কুটির শিল্প। বরিশাল বিসিক শিল্প নগরীতে প্রতিষ্ঠানটির অবস্থান। প্রতিদিন ভোর হতেই সেখানে কাঠ প্রক্রিয়াজাত করে মেশিনে তুলে দেওয়ার ব্যস্ততা শুরু হয়। ৩০ জনেরও বেশি শ্রমিক সেখানে কাজ করেন।

কারখানার ব্যবস্থাপক মহিউদ্দিন মাহি বলেন, আমাদের পণ্যগুলো সাধারণত মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়। ভালো গাছ কিনে তা সমিল দিয়ে পাতলা কাঠ করে কারখানায় নিয়ে এসে শুকিয়ে তোলা হয় নকশার মেশিনে। নকশা হয়ে গেলে পাঠানো হয় বার্নিশে। এরপর সেগুলো আবারও পরীক্ষা করে প্যাকেট করে ক্রেতার হাতে হস্তান্তর করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলে।

শুধু দেশেই নয় দেশের বাইরেও যাচ্ছে হাসিনা কুটির শিল্পের পণ্য। এ প্রসঙ্গে কারখানার আরেক কর্মী আহসান হাবিব বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা। এ ছাড়া দেশের নামিদামি ব্র্যান্ড যেমন আড়ং চুক্তিবদ্ধভাবে পণ্য নিচ্ছে। বাৎসরিক হিসেবে পণ্যের অর্ডারের তারতম্য হলেও এভারেজে প্রতি বছর লাখের অধিক পণ্য উৎপাদন হয়। এখানে গ্লাসের ঢাকনা, দেয়ালচিত্র, টিস্যুবক্স, শিশুদের পাজেল, ফুলদানি, ভিজিটিং কার্ডদানিসহ সৌখিন মানুষের ঘর ও অফিসের সৌন্দর্যের সবকিছুই তৈরি হয়।

তিনি বলেন, ব্র্যান্ডের দোকানের পোশাকের ডিজাইন কাঠে খোদাই করে দেওয়া হয়। সেই নকশা ব্যবহার করে পোশাক কারখানাগুলো ডিজাইন করে।

সরেজমিনে দেখা গেছে, বড় বড় উন্নত প্রযুক্তির লেজারের দুটি খোদাই মেশিন উচ্চ শব্দ করে কাঠে নকশা তুলছে। মেশিন থেকে নকশা হয়ে গেলে সেগুলো পাঠানো হচ্ছে আরেক কক্ষে বার্নিশের জন্য। বার্নিশ হয়ে গেলে পণ্যগুলো কারখানার কালার সেকশনে যায়। ক্রেতার পছন্দ অনুসারে রং করে তা শুকিয়ে প্যাকেটজাত করা হয়।

এ ছাড়া, কারখানার এখানে সেখানে কাঠ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। কারখানা মালিক নিজেও শ্রমিকদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন।

এ প্রসঙ্গে মালিক এমএ রশিদ আরিফ বলেন, আমি কখনো ভাবিনি কারখানার মালিক হতে পারব। যদিও আমার আব্বা কুটির শিল্পের সঙ্গে বহু আগে থেকেই জড়িত। তার কাজ দেখে আমি নিজেও অনুপ্রেরণা পাই। এরপর যখন নারিকেলের কারুপণ্য তৈরি শুরু করি তখন হাত শূন্য ছিল। সেটি জনপ্রিয় হওয়ার পরে ব্যবসার ধরণ বদলে একজন শ্রমিক নিয়ে কাঠের কাজ শুরু করি।

তিনি বলেন, প্রথমে আমার বাসায় এবং পরবর্তীতে চাঁনমারি এলাকায় একটি কক্ষে কাজ করতাম। পর্যায়ক্রমে মানুষের মধ্যে কাঠের পণ্যের চাহিদা বাড়ায় বিসিকে কারখানা শুরু করি। এখন চানমারি ও বিসিকে দুটি কারখানা চালু আছে। প্রতিমাসে প্রায় ১২ লাখ টাকার পণ্য ডেলিভারি দিচ্ছি।

নতুনদের উদ্দেশ্যে সফল এ ব্যবসায়ী বলেন, ব্যবসায় অনেক সুযোগ রয়েছে। তবে উদ্যোক্তাকে অবশ্যই নতুন নতুন আইডিয়া জেনারেট করে ব্যবসায় নামতে হবে। আমাদের দেশে একটি খারাপ প্রচলন হচ্ছে কারো ব্যবসার ধরণ জনপ্রিয় হলে সেটি অনেকেই নকল করা শুরু করেন। এতে করে বাজার নষ্ট হয়ে যায়। এখান থেকে না ফিরতে পারলে ব্যবসার সুষম অবস্থান তৈরি হবে না।

বিদেশি মানহীন পণ্য কারুপণ্যের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, আগে আমাদের দেশের ৮টি পণ্য থাকলে বিদেশি পণ্য থাকতো দুটি। কিন্তু এখন পরিস্থিতি বিপরীত। বিদেশি মানহীন পণ্য বাজার দখলে নিয়ে নিয়েছে। এখন সেইসব মানহীন পণ্য ৮টি আর দেশীয় দুটি পণ্য আছে বলেও মনে হয় না। তারপরও আমরা ভালোমানের পণ্য দিয়ে ব্যবসায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। সরকার যদি বাজার ব্যবস্থার প্রতি নজর দিতো তাহলে দেশীয় উদ্যোক্তা-প্রতিষ্ঠানগুলো আরো প্রসারিত হতো।

হাসিনা কুটির শিল্প মানসম্মত কাজ দিয়ে বেশ কয়েকটি পদকও জিতেছেন বলে উল্লেখ করেন তিনি।

বিসিক বরিশাল জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, কুটির শিল্প নিয়ে বেশ ভালো কাজ করছে হাসিনা কুটির শিল্প। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে ইতোমধ্যে নিজের পণ্যের বাজার সৃষ্টি করেছে। আমরাও চাই এভাবে সবগুলো প্রতিষ্ঠান এগিয়ে যাক।




কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনু, সম্পাদক আমির

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু ও হোসাইন আমির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী প্রধান দুই পদের ভোটাভুটি শেষে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

সভাপতি হিসেবে তিনজন ও সাধারণ সম্পাদক হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ১৬ জন ভোটার ভোট প্রদান করেন।

আরো পড়ুন : পবিপ্রবিতে সর্বাত্মক কর্মবিরতি – সেশনজটের আশঙ্কা

এছাড়া আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মো. কুদ্দুচ মাহমুদ, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে সাইদুর রহমান মনোনীত হয়।

কুয়াকাটা প্রসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, চতুর্থ বারের মতো এবং (দু’বছর মেয়াদ) টানা চার বছর পর সভাপতির পদ থেকে আগামী ২০ জুলাই ২০২৪ বিদায় নিতে চলেছি। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে অভিনন্দন। কুয়াকাটা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী টানা দুই মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকার পর তৃতীয় মেয়াদে নির্বাচন করা যায় না।




পবিপ্রবিতে সর্বাত্মক কর্মবিরতি – সেশনজটের আশঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সর্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ১৪তম দিনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় ১৪তম দিনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ ও কর্মচারী ইউনিয়ন কর্মসূচি পালন করছে।

এ সময় শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের এ সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। স্থবির হয়ে পড়েছে পবিপ্রবির শিক্ষা কার্যক্রম। দেখা দিচ্ছে সেশনজটের আশঙ্কা। শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন : ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট – এবার পর্নোগ্রাফি আইনে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া (মুন্না) বলেন, যুগ যুগ ধরে দেশের সেরা শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় অথচ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যেভাবে দেখছে তা চরম মর্যাদাহানিকর ও অবমাননাকর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিমের আওতায় থাকবে না।

তিনি আরো বলেন, আমাদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতনস্কেল প্রবর্তন করতেই হবে। সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ এ দাবিতে কর্মসূচি দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।




ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট – এবার পর্নোগ্রাফি আইনে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র ছবি, ভিডিও সুপার এডিট করে প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসঞ্জোরে কথোপকথন সুপার এডিট করে তাঁর সম্মানহানী করার জন্য একটি পর্নো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার অপরাধে এবার পটুয়াখালীর কলাপাড়ায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪) জুলাই সকালে মহিপুর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম ফরাজী কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালতে এ মামলা করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দাখিলী কাগজপত্র, ভিডিও পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে এজাহার গ্রহণের নির্দেশ দেন বিচারক।

বাদির নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ ও আদালতের বেঞ্চ সহকারী মো: কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় মো: আরিফ বিল্লাহ নাসিম, মো: রনি হোসেন রকি, আসাদুজ্জামান কবির মল্লিক, মহসীন উদ্দীন হিমন, সায়েদ কায়সার সজীবসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসেঞ্জার কথোপকথন সুপার এডিট করে তার সম্মানহানী করার জন্য একটি র্পনোভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে আসামিরা। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনানুমতিতে পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুণ্ন করার জন্য এতে লাইক, কমেন্টস, শেয়ার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় আসামিরা। বিষয়টি বাদিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্দ হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।

আরো পড়ুন : বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

এর আগে, প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্টের ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগসহ তিনজনের নামে সাইবার নিরাপত্তা আইনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ ১০ জুলাই বরিশাল সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেন। বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুকের সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদির দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদির নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।




কোটাবৈষম্য নিরসনে পবিপ্রবির শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

পটুয়াখালী প্রতিনিধি :: কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেন। পদযাত্রা শেষে দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন : বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

এ সময় বৈষম্যমূলক কোটাপদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পদযাত্রায় পবিপ্রবির পাশাপাশি পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপি দেওয়া শেষে পবিপ্রবির শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটাবৈষম্য নিরসন করবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে, তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে।’

আন্দোলনরত পবিপ্রবি শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্রসমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।




বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে হাতুড়িপেটায় আহত পরেশ চন্দ্র বিশ্বাস (৩৫) মারা গেছেন।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

হাতুড়িপেটায় আহত আহত পলাশী বিশ্বাস (৩০) ও মানবিকা বিশ্বাস (৫০) নামে দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। পলাশী বিশ্বাস নিহত পরেশের স্ত্রী ও মানবিকা বিশ্বাস তার (পরেশ) বড় ভাই শেখর চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

আরো পড়ুন : এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পটুয়াখালীতে স্মরণসভা

জানা গেছে, গত বুধবার (১০ জুলাই) সকালে পরেশ বিশ্বাস চন্দনবাড়িয়া গ্রামে তার জমি চাষ করতে যান। ওই সময় মো. ফারুক সিকদার (৪৮) নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ওই জমি চাষে বাঁধা দেয় এবং তাকে মারধর করে। একর্পায়ে তাকে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরেশের চিৎকারে তার স্ত্রী পলাশী বিশ্বাস ও ভাইয়ের স্ত্রী মানবিকা বিশ্বাস এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে ওইদিনই তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে পরেশের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পরেশের মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘ঘটনার পর এ বিষয়ে লিখিত অভিযোগ করতে বলা হয়েছিল। তারা অভিযোগ না করে চিকিৎসার জন্য পটুয়াখালী চলে গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই নিহত ব্যক্তির ময়না তদন্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী ঢাকা-বরিশাল সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগমের বাড়ি গৌরনদী উপজেলার বড় কসবা। তিনি ওই এলাকার মো: রশিদ হাওলাদার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: গোলাম রসুল মোল্লা।
জানা যায়, তিনি চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী ছেড়ে আসা বাস তাকে চাপা দেয়। গ্রিনভিউ পরিবহন নামের বাসটি নুরজাহান বেগমকে পিষে ফেলেন। স্থানীয়রা নুরজাহান বেগমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।



লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, ক্রেতারা দিশেহারা

বরিশাল অফিস :: পিরোজপুরের কাউখালীতে পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, ৬০ টাকার নিচে কোন সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। যতই দিন যাচ্ছে সবজি, পিঁয়াজ, কাঁচা মরিচের দাম পাল্লা দিয়ে বাড়ছে, কোন পদক্ষেপ নিয়ে ঠেকানো যাচ্ছে না দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতিটি সবজির দাম ১৫ থেকে ৩০ টাকা বেড়েছে।

শনিবার ১৩ জুলাই উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে সরেজমিনে দেখা গেছে, প্রতিটি হাটবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে। প্রতি কেজি পিঁয়াজ ১১০ টাকা, রসুন ২৩০ টাকা, আদা ৪০০ টাকা, কাঁচা মরিচ ৩৫০ টাকা, আলু ৬০ টাকা, করলা ১৩০ টাকা, কাকরোল ১০০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুর গাটি ৮০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এ ছাড়া যে কোন ধরনের শাক বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ টাকা থেকে ৫০ টাকা। দক্ষিণ বাজারের সবজি বিক্রিতা গোলাম রসুল ও উত্তর বাজারের সবজি বিক্রিতা কাবুল হোসেন বলেন, সবজির বাজার স্থিতিশীল নয়, বন্যা ঘূর্ণিঝড়, অতিবৃষ্টিতে সবজির ক্ষেত্রে ক্ষতি হওয়ায় উৎপাদন কমে গেছে এবং স্থানীয় পর্যায়ে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না বিধায় বাজারে সবজির দাম বেশি। আমাদের বেশি দামে মোকাম থেকে ক্রয় করতে হয়।

ফলে আমাদেরকে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। দিনমজুর শুকুর আলী ও শ্যামল বড়াল আক্ষেপ করে বলেন, আমরা অনেক আগে থেকেই মাছ-মাংস কেনা বন্ধ করে দিয়েছি, খেতাম একটু সবজি তাও এখন আমাদের পক্ষে কিনা সম্ভব না। সবজি দিয়ে ভাত খাব তার উপায় নেই। সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, আমাদের মত মধ্যবিত্ত ফ্যামিলিদের কষ্টের কোন শেষ নাই।

ভুক্তভোগীরা বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যর দাম বাড়িয়ে বিক্রি করছে। বাজার মনিটরিং জোরদার করা হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সকলের নাগালে ভিতরে চলে আসবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমরা বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার করব। যদি কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারের দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।




এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পটুয়াখালীতে স্মরণসভা

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী জেলা জাতীয় পার্টি।

রোববার (১৪ জুলাই) বেলা ১২টায় পটুয়াখালী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপদলনেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদ সাহেব আজ বেঁচে নেই, তিনি দেখলে আনন্দিত হতেন দল আজ ঐক্যবদ্ধ, আরও বড় আকারে ভিন্ন ধারার রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। অনেকে তাকে স্বৈরাচার বলেন, তিনি যদি স্বৈরাচার হতেন তবে জেলে থেকে তিনি ৫টি আসনে নির্বাচিত হতে পারতেন না।’

‘দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে, গত অর্থবছরে সাত লাখ সত্তর হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছিল আর এরশাদ সাহেব তার ৯ বছরের শাসনামলে মাত্র ৮০ হাজার কোটি টাকা খরচ করেছিলেন। তার আমলেও দেশে উন্নয়ন হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মাত্র দুবছর আগে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, সেই রিজার্ভ আজ মাত্র ১৯ বিলিয়ন ডলারে আসলো কিভাবে?’

কোটার বিষয়ে ব্যারিস্টার আনিসুল বলেন, ‘সরকার কোটার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখেছে। যখন ৩০ শতাংশ কোটা ছিল তখন অনেক পদ খালি রাখতে হয়েছিল কারণ ওই পদের জন্য মুক্তিযোদ্ধার সন্তান, নাতি বা পুতি পাওয়া যায়নি। তখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি। দেশের বর্তমান জনসংখ্যার কথা বিবেচনা করে কোটা বিষয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে।’

আরো পড়ুন : পটুয়াখালীতে ইপিজেডের কাজে বাধা – ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ জমির মালিকদের

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইছারুহুল্লা আসিফ।