তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণের তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় এক ঘণ্টা পর, দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাঁদের দাবির বিষয়ে উদ্যোগ না নেয়, তবে তাঁরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা একই হুঁশিয়ারি দিয়েছিলেন।
শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেদিকে তাকাবেন সেদিকেই সংকট। এবার আমরা বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনে নেমেছি। আমাদের দাবি দ্রুত পূরণ না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।”
অন্য শিক্ষার্থী ইনজাম শাওন অভিযোগ করেন, “শ্রেণিকক্ষ সংকট সবচেয়ে ভয়াবহ। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৩৬টি। ফলে খোলা মাঠে ক্লাস নিতে হয়, সেশনজট প্রকট আকার ধারণ করছে।”
শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষক ও আবাসন সংকট, গ্রন্থাগারে বইয়ের স্বল্পতা, একটিমাত্র খেলার মাঠ, জিমনেসিয়াম ও সুইমিং পুলের অভাব শিক্ষাজীবন ব্যাহত করছে। প্রতিদিন ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন পরিবহনে যাতায়াতও শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একই ভবনে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষক–কর্মচারীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
অবরোধ চলাকালে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।”
এর আগে গত ২৯ জুলাই শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের সীমিত অবকাঠামো ও অনুন্নত পরিবেশ শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ফেলছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








