বরিশালে কারেন্ট জাল বিক্রেতার কারাদন্ড

বরিশাল অফিস :: বরিশাল জেলার মুলাদীতে কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজন ক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানে দুইটি দোকান থেকে সাড়ে আট হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

পাশাপাশি ব্যবসায়ী আজিজুল হাওলাদারকে এক বছরের কারাদন্ড এবং ক্রেতা জহিরুল হাওলাদার ও নজরুল ইসলামকে সাড়ে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।




বরিশালে পৌরসভার কর্মচারীরকবর জিয়ারত করেছেন জনতার মেয়র

বরিশাল অফিস :: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত জেলার গৌরনদী পৌরসভার সাবেক কম্পিউটার অপারেটর মরহুম এম নাজমুল হুসাইন শুভ মিয়ার কবর জিয়ারত করেছেন বরিশাল গৌরনদী পৌরসভার নবনির্বাচিত জনতার মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

শুক্রবার বাদ জুম্মা পৌর এলাকার গেরাকুল মিয়াবাড়ির পারিবারিক কবরস্তানে মরহুম নাজমুল হুসাইন শুভ মিয়ার কবর জিয়ারতের সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ এনায়েত করিম, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম হেলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ আগস্ট নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেপরোয়াগতির এনা পরিবহনের চাঁপায় নাজমুল হুসাইন শুভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনার সময় তৎকালীন পৌর মেয়র হারিছুর রহমান একটিবারের জন্যও নিহতের কবর জিয়ারত কিংবা শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। এনিয়ে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ নিহতের পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অতিসম্প্রতি জনতার প্রার্থী
আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্বগ্রহণ শেষে শুক্রবার বাদ জুম্মা মরহুম নাজমুল হুসাইন শুভর কবর জিয়ারত করেছেন। একইসাথে নাজমুল হুসাইন শুভর স্ত্রী সুমা আক্তার ও এক মেয়ে সাহানা খানমসহ অসহায় পরিবারের দায়িত্বগ্রহণের আশ্বাস প্রদান করেছেন।




পর্যটকশূন্য কুয়াকাটা, কর্মহীন প্রায় ৫ হাজার শ্রমিক

পটুয়াখালী প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও কারফিউর কারণে থমকে আছে দেশের পর্যটন শিল্প। পর্যটকদের আনাগোনায় মুখর থাকা কুয়াকাটা সমুদ্রসৈকত এখন জনমানবশূন্য। এতে বিপাকে পড়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা।

সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম সমুদ্রসৈকত কুয়াকাটা। বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম ধরা হলেও, পদ্মাসেতু চালুর পর থেকে বছরজুড়েই পর্যটকে মুখর থাকে সমুদ্রকন্যা।

প্রাণোচ্ছ্বল সেই সৈকত এখন পর্যটক শূন্য। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। পর্যটক না থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৫ হাজার শ্রমিক।

গত কয়েকদিনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার উপরে। আরও কতদিন এই পরিস্থিতি চলবে, তা নিয়ে শঙ্কায় হোটেল-মোটেল মালিকরা।

পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেছেন, সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

চলমান পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে আবার আগমন ঘটবে পর্যটকদের, এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের।




কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে গত ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পটুয়াখালীর দুমকিতে বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাইনুল হাসান শুক্রবার নিশ্চিত করেছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘১৮ জুলাই দুমিক বোর্ড অফিস বাজার এলাকায় সংঘটিত ঘটনায় ১৯ জুলাই ২৫ জনকে শনাক্ত করে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় কৃষকদল নেতা জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান বলেন, ‘গত ৫ দিনে পটুয়াখালীর বিভিন্ন থানায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যেই জেলা হাজতে পাঠানো হয়েছে। দুমকিতে বৃহস্পতিবার রাতে একটি নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর অপরাধিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আফজাল হোসেন

পটুয়াখালী প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বৃহস্পতিবার পটুয়াখালী পৌরসভার পিডিএসএ মাঠে গরীব অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু।

ত্রাণ বিতরণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

তিনি আরো বলেন, সমাজে শান্তি ফিরিয়ে আনতে ছাত্র সমাজসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ছাত্র সমাজকে ঢাল হিসাবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানও বক্তব্য রাখেন।

পরে আফজাল হোসেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসের কারণে আহত দুমকী উপজেলার ছাত্রলীগ নেতা হাসান শিকদার ও ফারুক আহমেদকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।




নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পায়রা নদী থেকে জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে কুদবারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত জেলের নাম হারুন আকন (৬০)। তিনি উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ছেলে নান্নু আকন ও মাঝি নিখিল গোলদারের সঙ্গে নিয়ে পায়রা নদীতে ছোট নৌকা ভাসিয়ে মাছ ধরতে যান হারুন। রাত আটটার দিকে মাছ ধরা শেষে তীরে ফেরার সময় নৌকাটি তীব্র স্রোতে উল্টে যায়। এ সময় ছেলে নান্নু ও নিখিল সাঁতার কেটে তীরে ফিরলেও নিখোঁজ হন আকন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। ৩৬ ঘণ্টা পর পাশের মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পরিবারের লোকজন হারুন আকনের লাশ শনাক্ত করেছেন।




বিপৎসীমার ওপরে বরিশালে ১০ নদীর পানি

বরিশাল অফিস :: বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১২টি নদীর মধ্যে ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বরিশাল নগরীসহ অন্যান্য জেলা ও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

শুক্রবার ( ২৬ জুলাই) দিবাগত রাতে এই তথ্য জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম। তিনি বলেন, বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে বন্যা বলা যাবে না। এটি মৌসুমি পানি প্রবাহ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি ২ সেন্টিমিটার, ঝালকাঠিতে বিষখালী নদী বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা জেলার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালী নদী ২৪ সেন্টিমিটার, ভোলা জেলার দৌলতখান উপজেলা পয়েন্টে মেঘনা নদী ৮৯ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলা পয়েন্টে মেঘনা ১ দশমিক ৭ সেন্টিমিটার, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা নদীর পানি ৮ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলা পয়েন্টে বিষখালী নদী ২১ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে বিষখালী নদী ৭ সেন্টিমিটার, পিরোজপুর জেলার বলেশ্বর নদী ১৫ সেন্টিমিটার ও উমেদপুর পয়েন্টে কচা নদী বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া বরগুনা জেলার আমতলী উপজেলা পয়েন্টে পায়রা ও ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।




কুয়াকাটা থেকে প্রশাসনের সহায়তায় ফিরেছে ৫০০ পর্যটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে কারফিউতে আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে যৌথ বাহিনীর সহায়তায় নিরাপদে ঢাকা ও বরিশালে পাঠিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

গত মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে ৪টি পরিবহনে ১৫০ জন পর্যটককে পুলিশ, সেনাবাহিনীর পাহারায় ঢাকায় পাঠায় জেলা প্রশাসন। এ ছাড়া প্রায় ৩৫০ জন পর্যটক প্রশাসনের নিরাপত্তায় বরিশাল পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রবিউল ইসলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব পর্যটক শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আটকে ছিলেন কুয়াকাটায়। তবে শুক্রবার থেকে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রুমের ভাড়া নেননি অনেক হোটেলের মালিক।

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী অস্থিরতায় যান চলাচল বন্ধ হয়ে গেলে পবিত্র আশুরা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় বেড়াতে এসে আটকে পড়েছিলেন অসংখ্য পর্যটক। পরিস্থিতি বিবেচনা করে আটকে পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে মাইকিং করে পুরো এলাকায় গাড়ি ছাড়ার কথা জানিয়ে দেয় কলাপাড়া উপজেলা প্রশাসন। পরে আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৫০ জন ঢাকার উদ্দেশে যেতে চাইলে তাঁদের পর্যটন হলিডে হোমসের সামনে জড়ো করা হয়। সেখান থেকে একটি গ্রিনলাইন পরিবহন ও তিনটি সাকুরা পরিবহনের পর্যটকবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া ৩৫০ জনের মতো পর্যটক নিজস্ব ব্যবস্থাপনায় যেতে চাইলে তাঁদের বরিশাল পর্যন্ত নিরাপত্তা দেয় প্রশাসন। পরে তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যান।

কুয়াকাটায় আটকে পড়া ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা হাসিব উদ্দিন ভূঁইয়া নামের এক পর্যটক বলেন, ‘পরিবার নিয়ে গত বুধবার কুয়াকাটায় এসেছি। তবে ভ্রমণ শেষে শুক্রবার ঢাকার উদ্দেশে যেতে চাইলে কারফিউর কারণে আর যেতে পারিনি। কিন্তু সকালে মাইকিং শুনলাম যে সেনাবাহিনীর পাহারায় উপজেলা প্রশাসন ঢাকায় পাঠাবে ভ্রমণকারীদের।’ সে ব্যবস্থায় ফিরেছেন হাসিব উদ্দিন ভূঁইয়া।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রবিউল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে কুয়াকাটায় কোনো পর্যটক আসছে না। কারফিউর কারণে পাঁচ শতাধিক পর্যটক কুয়াকাটায় আটকা পড়েছিল। গতকাল জেলা প্রশাসনের নির্দেশে যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।’




পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে স্বামী ও স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের নিজেদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আশ্রাব আলী (৭০) কলাপাড়ার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০) গৃহিণী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাব আলীর বড় ছেলে হিমু চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। গত তিনদিন যাবত বাবা মাকে মুঠোফোনে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়ির প্রধান গেট ভিতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় তাদের ঘরের দরজা খোলা ছিলো। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড নিশ্চিত ভাবে বলতে পারেনি পুলিশ।

পটুয়াখালী পুলিশ সুপার আবদুস সালাম জানান, এ দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।




যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আ.লীগ প্রস্তুত: কাদের

 

বরিশাল অফিস :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধীসহ যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তেজগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশবাসী জনগণকে কোনো রকম গুজবে কান না দেয়ার জন্য আহবান জানাবো। সন্ত্রাস, মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব প্রতিরোধ করতে হবে।

বিএনপি বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। কোথায় গিয়ে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে সবকিছু আগে থেকেই নীল নকশা প্রস্তুত করেছিল। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছে।

কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খুনি তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে বসানোর নীল নকশার রাজনীতি আজকে জাতির সামনে উম্মোচিত হয়ে গেছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।