বরিশালে বিএনপির কার্যালয়ে আগুন: অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বরিশালের মুলাদী উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আগুনে ভস্মিভূত হয়েছে বিএনপির একটি কার্যালয়। ঘটনা ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে সফিপুর ইউনিয়নের চরপদ্মা বেপারীরহাটে।

বুধবার সকালেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি ফারুক মাঝি অভিযোগ করেছেন, কার্যালয়টি আগের পতিত সরকারের সময়ে খুলতে দেওয়া হয়নি। গত বছরের ৫ আগস্ট কার্যালয়টি সংস্কার করে পুনরায় চালু করা হয়।

তিনি আরও জানান, সোমবার রাত ১০টায় নেতাকর্মীরা কার্যালয় বন্ধ করে চলে যান। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ব্যবসায়ীরা আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ভেতরের আসবাবপত্র, টেলিভিশন ও কাগজপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুলাদী থানার এসআই মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি, ক্ষোভ ক্রেতাদের

ভোলায় ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বেড়েছে। বিভিন্ন আকারের ইলিশ এখন স্থানীয় বাজারগুলোতে উঠলেও দাম নিয়ে সাধারণ ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ইলিশের দাম অনেক বেশি, ফলে সামর্থ্য অনুযায়ী পছন্দের মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ভোলা শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায়, তুলাতুলি, ইলিশা জংশন, ভোলার খাল, নাছির মাঝি মৎস্যঘাটসহ বিভিন্ন ঘাট থেকে খুচরা বিক্রেতারা মাছ নিয়ে এসেছেন। বাজারে এক কেজি থেকে শুরু করে ২০০-৯০০ গ্রাম পর্যন্ত সব আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও দাম নিয়ে সন্তুষ্ট নন অনেকে।

ক্রেতা মো. ইকবাল হোসেন, খায়রুল আলম ও খুশি আক্তার জানান, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ১,৭০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। তবে ৯০০ গ্রাম থেকে এক কেজি আকারের ইলিশের দাম এত বেশি যে কিনতে পারছেন না। অন্যদিকে, আকলিমা বেগম, হারুন অর রশিদ ও শান্তা রহমান বলেন, এক কেজির ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৭০০ টাকায়। সাগরের ইলিশ তুলনামূলক ৫০০ টাকা কম হলেও স্বাদ কম থাকায় সেগুলো নেননি।

আরেক ক্রেতা ফারজানা বেগম জানান, “দেশের মোট ইলিশ আহরণের বড় অংশ ভোলায় হয়। অথচ এখানকার দাম ঢাকাসহ চাঁদপুর ও বরিশালের চেয়ে বেশি—এটি মেনে নেওয়া যায় না।”

খুচরা বিক্রেতা মো. জয়নাল ও মো. জুয়েল জানান, জাটকা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০০-৭০০ টাকা দরে। ৬০০-৯০০ গ্রামের ইলিশ ১,৪০০-২,২০০ টাকা এবং এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২,৫০০-২,৭০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন তারা। বিক্রেতাদের দাবি, ঘাট থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও বেশি দাম নিতে হচ্ছে।

ভোলা সদরের তুলাতুলি মৎস্যঘাটের আড়তদার মো. কামাল ব্যাপারী ও মঞ্জু ইসলাম জানান, সরবরাহ কিছুটা বেড়েছে ঠিকই, তবে পাইকারি আড়ত থেকে জেলেদের জন্য দাদন দেওয়া থাকায় চাপ রয়েছে। আগামী সপ্তাহে ইলিশের সরবরাহ আরও বাড়লে কেজিপ্রতি ৩০০-৫০০ টাকা দাম কমতে পারে বলে আশা করছেন তারা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “ভরা মৌসুম শুরু হয়েছে। প্রতিদিন জেলেদের জালে ভালো ইলিশ ধরা পড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে, তখন বাজারে দামও কমে আসবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় নদীভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় পাউবো কার্যালয় ঘেরাও

ভোলা সদর উপজেলার শিবপুর ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বাসিন্দারা ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ভিটেমাটি ও স্থাপনা রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা।

সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক শত মানুষ ভোলা শহরের যুগীরঘোল এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্যালয়ের সামনে জড়ো হন। তারা ব্যানার-ফেস্টুন হাতে নানা স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষুব্ধ জনতা কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করেন।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। তারা আশ্বাস দেন— নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আশ্বাসের পর আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে কর্মসূচি স্থগিত করেন।

স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত ভিটেমাটি, কৃষিজমি, রাস্তাঘাট, মসজিদ, মাদরাসাসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীভাঙন মারাত্মক রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, “আমরা বারবার ভাঙনের শিকার হয়েছি। অনেক ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়েছি। অথচ যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ পাউবো কার্যালয় ঘেরাও করেছি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পর্যটকদের জন্য সতর্কবার্তা ও জরুরি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, যেসব স্থানে লাল পতাকা উত্তোলিত রয়েছে, সেগুলোকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় কোনোভাবেই পানিতে নামা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড সার্বক্ষণিকভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছেন। লাইফগার্ডের সেবার আওতায় থাকা নির্ধারিত সীমার মধ্যে কেবল পানি প্রবেশের নির্দেশনা রয়েছে। এই সীমার বাইরে গেলে বিপদের সময় সহায়তা পাওয়া কঠিন বা অসম্ভব হতে পারে।

পর্যটকদের জন্য আরও সতর্কবার্তা:

  • জোয়ার-ভাটার সময়, সমুদ্রের বর্তমান অবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে থেকে পানিতে নামা।

  • খারাপ আবহাওয়া বা ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে নামা থেকে বিরত থাকা।

  • সাঁতার না জানা ব্যক্তিরা সমুদ্রে না নামার পরামর্শ মানা।

  • হোটেল, গেস্ট হাউস, রিসোর্টে পর্যটকদের জন্য বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট সরবরাহ নিশ্চিত করা। টিউব ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।

  • লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। শিশুদের সব সময় অভিভাবকের তত্ত্বাবধানে রাখা।

  • শিশু বা অপ্রাপ্তবয়স্কের সদ্য তোলা ছবি মোবাইলে সংরক্ষণ করা। এতে শিশু হারালে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।

  • সমুদ্রের স্রোতের প্রকৃতি সম্পর্কে সচেতন থাকা, বিশেষ করে তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত বা নিম্নমুখী প্রবাহের ক্ষেত্রে সতর্ক থাকা।

  • জলোচ্ছ্বাস বা অতিরিক্ত স্রোতের ফলে সমুদ্রতটে তৈরি হওয়া বালি সরার ফাঁকা জায়গা ও গর্ত থেকে সাবধান থাকা।

  • অপ্রশিক্ষিত ব্যক্তি দিয়ে উদ্ধারকাজ পরিচালনা না করা, কারণ এতে প্রাণহানির আশঙ্কা বাড়তে পারে।

পর্যটকদের সতর্ক ও সচেতন থাকার মাধ্যমে সমুদ্রের আনন্দ নিরাপদভাবে ভোগ করার আহ্বান জানানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে

বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত এ ঐতিহ্যবাহী জনপদের ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে নির্মিত মঞ্চে অনুষ্ঠানটি ধারণ করা হয়।

স্থানীয়দের ভালোবাসার এই অনুষ্ঠান ঘিরে পুরো ভোলাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আমন্ত্রিত দর্শকদের পাশাপাশি অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ভিড় করেন। আশপাশের ভবন, ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করেও দর্শকরা উপভোগ করেন প্রিয় অনুষ্ঠানটির ধারণ প্রক্রিয়া।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের আয়োজনে দুটি গান রয়েছে। ভোলাকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় ও হানিফ সংকেতের সুরে পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। এছাড়া রবি চৌধুরী ও আঁখি আলমগীর পরিবেশন করেছেন আরেকটি নতুন গান।

দর্শকপর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে তিনজন দর্শক নির্বাচন করা হয়। পরে তারা অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেন। এছাড়া ভোলার সন্তান, দুইবার এভারেস্ট জয়ী এম এ মুহিতের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হবে।

এবারের ‘ইত্যাদি’তে ভোলা জেলা ও এর বিভিন্ন উপজেলাকে ঘিরে তথ্যভিত্তিক প্রতিবেদন, মহিষের বাথান, মৎস্য খাত, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবার এবং গুলশান-ভোলা গ্রাম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেখানো হবে। বিদেশি প্রতিবেদনে থাকছে চীনের বেইজিংয়ের সামার প্যালেস।

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম।

আগামী ২৯ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশাল নার্সিং কলেজে ক্লাস বর্জন

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। চার মাস আগে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তারা। এসময় শিক্ষার্থীরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাক্টিস ও ল্যাব প্র্যাক্টিস বর্জনের ঘোষণা দেন।

শিক্ষার্থী শাকিল বলেন, “নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়। হামলাকারী ও তাদের মদদদাতা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা ক্লাস বর্জনসহ কর্মসূচি শুরু করেছি।”

আরেক শিক্ষার্থী শামীম হোসেন বলেন, “ঘটনার চার মাস অতিবাহিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা আমাদের লাঞ্ছিত করেছে তাদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে। অন্যথায় এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।”

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, “আমাদের ওপর হামলায় মদদ দিয়েছেন শিক্ষক আলী আসগর, সাইব হোসাইন রনি ও ফরিদা বেগম। কিন্তু তারা এখনও স্বপদে বহাল আছেন। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজকের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ শেষে অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি পূরণ না হলে এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তৌহিদ আফ্রিদি বরিশালের বাড়িটিতে আছেন জানতেন না প্রতিবেশীরা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তিনি আসামি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মামলায় তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে এর আগে ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

তৌহিদ আফ্রিদি গত কয়েকদিন ধরে সস্ত্রীক বরিশালের মামার বাড়িতে অবস্থান করছিলেন। তবে প্রতিবেশীরা কেউই জানতেন না যে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর বিষয়টি সবার নজরে আসে। স্থানীয় এক প্রতিবেশী বলেন, “আমরা ধারণাই করতে পারিনি আফ্রিদি এখানে ছিলেন। গ্রেপ্তারের পরই জানতে পারলাম।”

গ্রেপ্তারের সময় প্রত্যক্ষদর্শীরা জানান, আফ্রিদি পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তিনি জানান, “আমি দাদার বাড়িতে এসেছি কবর জিয়ারত করতে। আত্মগোপনে থাকার কারণ শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয়। ও ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। ভ্রমণ ও ভ্লগিং কনটেন্টের মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি পান। বর্তমানে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৮ লাখ ২১ হাজার এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৬৩ লাখের বেশি। সেখানে তিনি এখন পর্যন্ত ২০৮টি ভিডিও আপলোড করেছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে গ্রেফতার তৌহিদ আফ্রিদি, আলোচনায় আবু সাঈদ নিয়ে পুরনো স্ট্যাটাস

বরিশালে পুলিশের বিশেষ অভিযান শেষে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। জানা গেছে, জুলাই হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে আফ্রিদির ২০২৪ সালের ১৭ জুলাই দেওয়া একটি ফেসবুক পোস্ট। ওই পোস্টে তিনি কোটার সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে বক্তব্য রাখেন। পোস্টে তৌহিদ আফ্রিদি পুলিশের গুলিতে শহীদ হওয়ার আগে আবু সাঈদের দু’হাত সম্প্রসারিত করা ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “আমি দেখিনি ভাষা আন্দোলনের সালাম রফিক, কিন্তু আমি দেখেছি আবু সাঈদ ভাইকে।”

উল্লেখ্য, জুলাই হত্যা মামলায় তাকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কয়েকদিন আগে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারকে আফ্রিদি গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়, আফ্রিদি শুধুমাত্র বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে আফ্রিদি কারাগারে রয়েছেন।

গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটির প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ভোলার লালমোহন থানা-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হরি রঞ্জন দাস। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগর এলাকায়। বাবার নাম জমীনী দাস বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাগরপথে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরে বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ভেঙে যাওয়ার কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী (১৭) নামের এক কলেজছাত্রী। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঐশী স্থানীয় নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। তিনি অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করে সদ্য কলেজে ভর্তি হয়েছিলেন।

স্থানীয়রা জানান, এক মাস আগে ঐশীর বিয়ে ঠিক হয়। পরে টপস ও টিশার্ট পরিহিত কিছু ছবি মেসেঞ্জারের মাধ্যমে ছেলেপক্ষের কাছে পৌঁছালে তারা বিয়ে ভেঙে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ঐশী। ঘটনার দিন সন্ধ্যার আগেই তিনি স্থানীয় এক দোকান থেকে মোবাইলের জন্য এমবি কার্ড কিনে বাসায় ফেরেন এবং কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পরেই নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঐশীর বাবা জাহিদ হোসেন বলেন, “ছবিগুলো কে বা কারা পাঠিয়েছে আমি জানি না। কিন্তু এ কারণেই ছেলেপক্ষ বিয়ে ভেঙে দেয়। আমার মেয়ে সেই অপমান সহ্য করতে পারেনি।”

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই ঐশীর মৃত্যু হয়।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, “খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫