আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

চন্দ্রদ্বীপ নিউজ :  আজ ২৪ শে জানুয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী ।

২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে তারেক রহমান উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও কোকো রাজনীতিতে জড়িত ছিলেন না বরং খেলা ধুলা নিয়ে তিনি ব্যস্ত থাকতেন । তিনি ক্রীড়া সংগঠক ও শিল্পোদ্যোক্তা হিসেবেই  বেশি পরিচিত ছিলেন।

প্রসঙ্গত, তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।এ ছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন। ছিলেন। বিসিবি ছাড়াও তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সিটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিত্সা নিতে সপরিবারে ব্যাঙ্ককে যান তিনি। পরে মালয়েশিয়ায় চলে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।




স্কুলে শিশু নির্যাতনের ঘটনায়‘শারমিন একাডেমি’ ব্যবস্থাপক গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ:একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে সেখানে দেখা যাচ্ছে একটি স্কুলে চার বছরের কম বয়সী  একটি বাচ্চাকে নির্যাতনের করা হচ্ছে । এই ঘটনা ঘটেছে রাজধানীর নয়াপল্টন এলাকায়, “শারমিন একাডেমি” নামক একটি প্রতিষ্ঠানে ।

উক্ত ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ নামের ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষকের স্বামী পবিত্র কুমার।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেফতার করে। এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তাকেও গ্রেফতার করা হবে দ্রুত। পবিত্র কুমার কুমার বড়ুয়া এখন পল্টন থানায় আছেন।




কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী সড়ক: ৭০ কিলোমিটারে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী ৭০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে অন্তত ১৫টি বিপজ্জনক বাঁক রয়েছে। ঝুঁকিপূর্ণ এই বাঁক পেরিয়ে বাস ও ট্রাক চলাচলে ক্রমশ দুর্ঘটনা বাড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কুয়াকাটা পর্যটন এলাকায় আসা পর্যটকবাহী বাসের চালকরা।

বাসচালকরা জানাচ্ছেন, কুয়াকাটা থেকে কলাপাড়ায় যাত্রাপথে বিপজ্জনক বাঁকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কচ্ছপখালী লেক, হলদিবাড়িয়া খালের কালভার্ট, পাখিমারা স্কুল, মাস্টার বাড়ি ইত্যাদি। কলাপাড়া থেকে পটুয়াখালী পর্যন্ত রয়েছে সেকান্দর খালী, বান্দ্রা, কলঙ্ক, খুড়িয়ার খেয়াঘাটের আগে, আমতলী বন্দরের আগে, আমতলী ফায়ার সার্ভিস সংলগ্ন, ঘটখালী, আমরাগাছিয়া, মহিষকাটা, ইটভাটা, শাখারিয়া স্কুলসহ আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ স্পট।

দ্রুতগতির বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন বাঁকগুলো ঘুরতে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে। যদিও সড়ক ও জনপথ বিভাগের সতর্কতা সংবলিত নির্দেশনা স্থাপন করা রয়েছে, তারপরও দ্রুতগতিতে আসা যানবাহন নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

বাসচালক আল আমিন জানান, “পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা সড়কটির চওড়া কম। ঝুঁকিপূর্ণ মোড় ২০টির মতো। নিয়মিত চলাচল করলেও দুর্ঘটনা ঘটছে। অপরিচিত চালকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।”

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “এই বাঁকগুলো চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। দ্রুতগতিতে যানবাহন চালকরা অসতর্ক হলে দুর্ঘটনা ঘটতেই পারে। সড়কটি প্রশস্তকরণের সময় বাঁকগুলো ঠিক করা যেতে পারে।”

সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা আশা করছেন, দ্রুত এই ঝুঁকিপূর্ণ বাঁকগুলো ঠিক করে সড়কটি নিরাপদ করা হবে, যাতে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমানো যায়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




এক ব্যক্তির নামে সর্বোচ্চ ৫টি সিম: নতুন সিদ্ধান্তে কঠোর সরকার

নির্বাচনকে সামনে রেখে সিমকার্ড ব্যবহারে আরও কঠোর হচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি সিমকার্ড নিবন্ধন করতে পারবেন। বর্তমানে যেসব গ্রাহকের নামে ছয় থেকে ১০টি সিম রয়েছে, সেগুলোর সংখ্যাও ধাপে ধাপে কমিয়ে পাঁচে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা সূত্র জানায়, সিম ব্যবহারের অপব্যবহার, অবৈধ কার্যক্রম এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই পদক্ষেপে আগের মতোই আপত্তি জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। তাদের দাবি, এতে নতুন গ্রাহক সংযোগ ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়তে পারে।

বায়োমেট্রিক অপব্যবহার নিয়ে উদ্বেগ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর পর্যবেক্ষণে উঠে এসেছে, রাস্তাঘাটে সিম বিক্রির সময় কিছু অসাধু বিক্রেতা গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে। পরে এসব তথ্য ব্যবহার করে অতিরিক্ত ও অবৈধ সিম নিবন্ধন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, একজন গ্রাহক এক দিনেই দুইটির বেশি সিম কিনছেন, যা স্বাভাবিক নয় বলে মনে করছে কমিশন।

দেশে সিম ব্যবহারকারীর বর্তমান চিত্র

বিটিআরসির সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে—

  • গ্রামীণফোন: ৮ কোটি ৫৯ লাখ

  • রবি: ৫ কোটি ৭৫ লাখ

  • বাংলালিংক: ৩ কোটি ৭৯ লাখ

  • টেলিটক: ৬৬ লাখ ৭০ হাজার

গত এক দশকে দেশে সিম ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৫ সালে যেখানে ব্যবহারকারী ছিলেন ১৩ কোটি ৩৭ লাখ, ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৭ কোটিতে।

অতিরিক্ত সিম বাতিলে সময়সীমা

সিম ব্যবহারের অপব্যবহার রোধে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা প্রায় ২৬ কোটি ৬৩ লাখ, যার মধ্যে প্রায় ১৯ কোটি সক্রিয় এবং বাকিগুলো নিষ্ক্রিয়।

সূত্র জানায়, আগস্ট পর্যন্ত এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম ছিল প্রায় ৬৭ লাখ। এর মধ্যে গত তিন মাসে প্রায় ১৫ লাখ সিম স্বেচ্ছায় বাতিল করা হয়েছে। তবে এখনো প্রায় ৫০ থেকে ৫৩ লাখ সিম বাতিল হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে বাতিল না হওয়ায় এসব সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসির বক্তব্য

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, “নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যারা ডি-রেজিস্ট্রেশন করেননি, তাদের সক্রিয় সিম বাতিল করা হবে। বিষয়টি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, “আগামী ১ জানুয়ারি থেকে নতুন করে সিম নিবন্ধনের ক্ষেত্রে একজন গ্রাহকের নামে পাঁচটির বেশি সিম রাখা যাবে না।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




হবিগঞ্জে জমি বিরোধে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দুইপক্ষের তুমুল সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাই এবং মুহিত মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কৃষি জমি ও এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে উভয়পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই ঘণ্টা চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলে শিথিলতা ফেরানো সম্ভব হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




চুয়াডাঙ্গায় রেকর্ড শীতল তাপমাত্রা ১১.৭° সেলসিয়াস

চুয়াডাঙ্গা, খুলনা বিভাগ, ২২ ডিসেম্বর ২০২৫ (সময় ন্যাশনাল ডেস্ক) – দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় ১১.৭° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, যদিও উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

দৈনিক আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মধ্যরাত্রি থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দৃশ্যমানতা কমাতে পারে।

এদিকে, চট্টগ্রাম বিভাগের তেকনাফে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সাধারণত শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, লেনদেন বৃদ্ধি

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ (জ্যেষ্ঠ প্রতিবেদক) – টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর দেশের শেয়ারবাজার সোমবার (২২ ডিসেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সবকটি মূল্যসূচক বেড়েছে, একই সঙ্গে লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

ডিএসইতে সূচক ও লেনদেনের তথ্য:

  • প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৪,৮৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
  • ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১,৮৭১ পয়েন্টে উঠে এসেছে।
  • ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১,৬ পয়েন্টে অবস্থান করছে।
  • লেনদেনের পরিমাণ বেড়ে ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকা, আগের কার্যদিবসের ২৯৩ কোটি ৩০ লাখ টাকার তুলনায় ১০২ কোটি ৬৪ লাখ টাকা বৃদ্ধি।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৩০২ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, ৩৭টির দাম কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো লভ্যাংশ প্রদানকারী ১৬৮টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে।

বড় লেনদেনকারী প্রতিষ্ঠান:

  1. বাংলাদেশ শিপিং করপোরেশন – ১৮ কোটি ৮২ লাখ টাকা
  2. সায়হাম কটন – ১৬ কোটি ৫১ লাখ টাকা
  3. কে অ্যান্ড কিউ – ১০ কোটি ৭৯ লাখ টাকা

অন্যান্য শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠান: রহিমা ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং, মুন্নু ফেব্রিক্স।

সিএসই-এর তথ্য:

  • সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে।
  • লেনদেনে অংশ নেওয়া ১৫৫ প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে, ৫০টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
  • লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৯ লাখ টাকা, আগের কার্যদিবসের ১২ কোটি ৪৬ লাখ টাকার তুলনায় বৃদ্ধি।

শেয়ারবাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধার ও লেনদেন বৃদ্ধি নির্দেশ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাউফলে গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) গণমাধ্যমে হামলা, দমন ও প্রহারকে ঘিরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাউফল প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি মোঃ জলিলুর রহমান। বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ-এর প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, মাই টিভি-এর বাউফল প্রতিনিধি মোঃ অহিদুজ্জামান ডিউক এবং দৈনিক প্রথম আলো-এর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান।

বক্তারা উল্লেখ করেন, সংবাদমাধ্যমে হামলা ও দমন-পীড়নের ইতিহাস বাংলাদেশে নতুন নয়। স্বাধীনতার আগে সামরিক আগ্রাসন, স্বাধীনতার পর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সময়ে জনতার সহিংসতায় পত্রিকা অফিসে অগ্নিসংযোগ—সব মিলিয়ে গণমাধ্যম বারবার সংকটের মুখে পড়েছে। সম্প্রতি দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এই পুরোনো ইতিহাসের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

দৈনিক বাংলাদেশের আলো-এর বাউফল প্রতিনিধি মো. তরিকুল ইসলাম (মোস্তফা) বলেন, ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট-এর সময় ঢাকায় দৈনিক ইত্তেফাক-এর অফিস ও ছাপাখানায় আগুন দেওয়া হয়েছিল। স্বাধীনতা ও বাঙালির অধিকার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ায় পত্রিকাটি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এটি ছিল স্বাধীনতার কণ্ঠ স্তব্ধ করার সরাসরি চেষ্টা।

মানববন্ধন শেষকালে অংশগ্রহণকারীরা গণমাধ্যমে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু সাংবাদিকতা প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ৮ দফা দাবিতে বিক্ষোভ

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীরা সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবির সমর্থনে দুই ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নেন, যার ফলে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের মূল দাবি:

  • কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা।
  • ডিপ্লোমা কৃষিবিদদের কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।
  • সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ।
  • ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ।
  • উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান।

শিক্ষার্থী সালমান মাহমুদ বলেন, “নয় মাস আগে আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছেন, বাস্তবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ বিভিন্ন কর্মসূচি চলবে।”

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়, সিদ্ধান্ত নিতে হবে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে।”

এ আন্দোলনের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডের দুইপাশে যানজট সৃষ্টি হলেও শিক্ষার্থীরা জরুরি সেবার যানবাহনের চলাচলে কোনো বাঁধা দেননি। দক্ষিণাঞ্চল ও ঢাকাগামী যাত্রীরা বিশাল ভোগান্তির মধ্যে পড়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভিপি নূরের নির্বাচনী আসনে বিএনপি নেতা মামুনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে রাজনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রার্থিতা ঘোষণার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

এর আগে একই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সীমিত আসনভিত্তিক সমঝোতার ঘোষণার পরদিনই বিএনপির এক কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনো পটুয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেনি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে তার পক্ষে সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ভিপি নূর নিজেই জানিয়েছেন যে তিনি দু-একটি আসনের জন্য সমঝোতায় যাবেন না। সে প্রেক্ষাপটে আমরা এই আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্তে অটল আছি।

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সকল বিধি-বিধান ও নির্দেশনা প্রার্থীর প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে দুইটি আসনে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনী বিধি অনুসারে তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই পরিস্থিতিতে পটুয়াখালী-৩ আসনে একাধিক প্রভাবশালী প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫