রোডম্যাপ প্রকাশ: রোজার আগে জাতীয় নির্বাচন, ডিসেম্বরেই তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানায়, সেপ্টেম্বর মাসেই রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। আর ভোটের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের কমপক্ষে দুই মাস আগে— অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করেছি। প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংলাপ। রাজনৈতিক দল, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নারী নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।”

রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।




৫৬তম সীমান্ত সম্মেলন শেষে বিজিবি-বিএসএফের মধ্যে একাধিক বিষয়ে ঐকমত্য

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে চার দিনব্যাপী (২৫-২৮ আগস্ট) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মাধ্যমে সম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

সম্মেলনে উভয় পক্ষ সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা ও আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। বিএসএফ মহাপরিচালক সীমান্তে অতিরিক্ত সতর্কতা গ্রহণ এবং রাতের টহল জোরদার করার আশ্বাস দেন, যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

এ ছাড়া উভয় পক্ষ মাদক, অস্ত্র, স্বর্ণ, জাল নোট ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা জোরদার, পাচারকারীদের রিয়েল-টাইম তথ্য শেয়ার এবং সীমান্তবর্তী জনগণকে সচেতন করার বিষয়ে একমত হয়।

সীমান্ত শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে অনুমোদন ছাড়া কোনো উন্নয়নমূলক কাজ না করার পাশাপাশি যৌথ নদী কমিশনের আওতায় নদী তীর সংরক্ষণ কার্যক্রম সহজতর করার বিষয়েও সিদ্ধান্ত হয়।

‘কানেক্টেড বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দহগ্রামকে তিন বিঘা করিডরের মাধ্যমে সংযুক্ত করার জন্য অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে ভারতীয় মহাপরিচালক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরার আশ্বাস দেন।

অন্যদিকে, উভয় পক্ষ আন্তঃসীমান্ত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সীমান্ত রেখা নির্ধারণ, সীমান্ত পিলার স্থাপন এবং আকাশসীমা লঙ্ঘন রোধে রিয়েল-টাইম তথ্য শেয়ারের ব্যাপারেও সম্মতি জানানো হয়।

এ ছাড়া, গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার বন্ধ ও সীমান্তে শান্তি বজায় রাখার জন্য উভয় দেশ পরস্পরকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। সম্মেলনের ফলাফলে দুই মহাপরিচালকই সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।




ডাকসুতে প্রথম ইশতেহার প্রকাশ, ভোটারদের সামনে ১০ প্রতিশ্রুতি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত আকারে ১০ দফা ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারে শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও গবেষণামুখী ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহজ শিক্ষার পরিবেশ এবং মানসম্মত স্বাস্থ্যসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কারিকুলাম আধুনিকায়ন, পরীক্ষার মানোন্নয়ন, পরিবহন ব্যবস্থা সহজীকরণ, শাটল সার্ভিস চালু, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল।

ডিজিটাল সুবিধা বৃদ্ধি, সাইবার বুলিং প্রতিরোধ, পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানোও ইশতেহারের অন্যতম দিক।

আবিদুল ইসলাম খান বলেন, “আমরা এমন একটি ডাকসু গঠন করতে চাই, যা শুধু শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয়, বরং বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক পর্যায়ে নতুনভাবে উপস্থাপন করবে।”




সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ ; আপত্তিহীন আসনে কোনো পরিবর্তন নয়: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়া সীমানা নির্ধারণের ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও সুপারিশ জানানোর সময় ছিল। এ সময়ের মধ্যে দেশের ৩৩টি জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল।

ইসি সচিব জানান, গত ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সংশ্লিষ্টরা তাদের মতামত উপস্থাপন করেছেন। কমিশন এখন এসব তথ্য যাচাই-বাছাই করছে। “খুব শিগগিরই সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে,” বলেন তিনি।

শুনানির সময় ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে সচিব বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ইসির রোডম্যাপ ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং ২৮ আগস্ট বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, “যেসব আসনে আপত্তি জমা পড়েছে, মূলত সেখানেই পরিবর্তন আসতে পারে। যেখানে কোনো আপত্তি নেই, সেসব আসনে পরিবর্তনের পরিকল্পনা নেই।”

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব স্পষ্ট করেন, কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ করার নির্দেশ নির্বাচন কমিশন দেয়নি। এটি তাদের এখতিয়ারের বাইরে।




ইন্টারকন্টিনেন্টালের সামনে উত্তেজনা, শিক্ষার্থীদের তিন দফা দাবি

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিন দফা দাবিতে বিক্ষোভ করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটা দিকে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নেন। অন্যদিকে মোড়ে অবস্থান নেয় পুলিশ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এলাকায় যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।

এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তা ছত্রভঙ্গ করে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ করা,
২. ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশে শুধু স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

এ ঘটনার পর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পরিস্থিতি এখনো উত্তপ্ত ও উদ্বেগজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।




সিলেটে সাদা পাথর লুট: সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যসহ গণশুনানি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধ পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হওয়ায় মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি গণশুনানি করেছে।

বুধবার সকালে সিলেট সার্কিট হাউজে শুরু হওয়া শুনানিতে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহবায়ক ও মন্ত্রীপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীসসহ অন্যান্য সদস্যরা। গণশুনানিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও প্রেসক্লাবের প্রতিনিধিরাও তাদের বক্তব্য প্রদান করেন।

মন্ত্রীপরিষদ গঠিত এই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করেছে। কমিটি সরেজমিনে সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে।

গত ২০ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগের উদ্যোগে গঠিত এই তদন্ত কমিটি, দুদকের প্রাথমিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কাজ করছে। দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর লুটে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ ৫৩ জনের সম্পৃক্ততা রয়েছে। এতে বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ইউএনও, ওসি-সহ অন্যান্যদের নাম অভিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের লুটপাটে জড়িত থাকার কারণে ৪২ জনের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ও যোগসাজশে পাথর লুটের ঘটনা সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের নিজস্ব তদন্ত কমিটিও প্রতিবেদন জমা দিয়েছে। এতে শতাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিএসসি-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন

বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহারের আগে ডিপ্লোমা প্রকৌশলীদের নাম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীরা উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ সুযোগ না দেওয়া, পদোন্নতিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন।

দুই পক্ষের অনড় অবস্থান ও দাবির তীব্রতার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ও এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে আছেন:

  • শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

  • শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

  • পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম

  • ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. তানভির মঞ্জুর

কমিটির সদস্যসচিব হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও রাখে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সীমানা পুনর্নির্ধারণে ইসিতে আজ শেষ দিনের শুনানি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত দিনের শুনানি আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এ শুনানি শুরু হয়েছে।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আসনগুলোর দাবি-আপত্তির শুনানি হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, পঞ্চগড়-২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৫, সিরাজগঞ্জ-৬ এবং পাবনা-১ আসনের শুনানি অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১, ফরিদপুর-৪, মাদারীপুর-২, মাদারীপুর-৩, শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ আসনের শুনানি হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের বিরুদ্ধে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এসব আবেদন নিষ্পত্তির জন্য গত ২৩ আগস্ট থেকে ধারাবাহিকভাবে শুনানি শুরু করে ইসি, যা শেষ হচ্ছে আজ।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন পর্যালোচনা করে সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে।




জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুলকে শ্রদ্ধা তারেকের

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কবি নজরুল জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান লেখেন, “অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় কবি। কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত বৈশিষ্ট্য।”

তিনি আরও বলেন, নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ সালের গণআন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সবসময়ই তার রচনা মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন, “মানব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত কবি নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার সাহিত্যকর্ম আমাদের উদ্বুদ্ধ করে। আমি বিশ্বাস করি, যুগ যুগ ধরে তার রচনা আমাদের স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে।”




‘বাংলাদেশ জেল’ নয়, নতুন নাম হবে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি জানান, শুধু নাম পরিবর্তনই নয়—কারা অধিদপ্তরের আইন, নীতি ও কাঠামোকে যুগোপযোগী করে তুলতে খসড়া ‘কারেকশন সার্ভিসেস অ্যাক্ট-২০২৫’ প্রস্তুত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর লক্ষ্য হবে শাস্তির চেয়ে সংশোধনমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া।

অবকাঠামো ও জনবল বৃদ্ধি

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি সামলাতে নতুন দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু হয়েছে। ঢাকা বিভাগকে ভেঙে দুটি পৃথক বিভাগ গঠন করা হয়েছে। জনবল সংকট মোকাবিলায় সরকার ১,৮৯৯ নতুন পদ অনুমোদন দিয়েছে এবং আরও ১,৫০০ জনবলের আবেদন করা হয়েছে।

নিরাপত্তা ও প্রযুক্তি

কারা প্রাঙ্গণকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ফাইবার নেটওয়ার্ক, ডিজিটাল অ্যাটেনডেন্ট সিস্টেম, টিম ট্রেকার্স, এআই নির্ভর সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, মোবাইল জ্যামিং সিস্টেম, বডি স্ক্যানারসহ নানা আধুনিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তা জোরদারে অস্ত্র কেনার পরিকল্পনাও রয়েছে।

বন্দিদের কল্যাণ

  • খাবার: প্রোটিন বাড়ানো, সকালের নাস্তা ও বিশেষ দিবসে বাড়তি বরাদ্দ।
  • স্বাস্থ্যসেবা: কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ।
  • মানসিক স্বাস্থ্য: খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা।
  • সাক্ষাৎ ও যোগাযোগ: টেলিফোন কল ও সাক্ষাৎ এখন ডিজিটালাইজড, হটলাইন (১৬১৯১) চালু।

কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা

অবসরপ্রাপ্ত কারারক্ষীদের আজীবন রেশন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। উন্নতমানের প্যাকেটজাত রেশন, বিশেষ দিবসে খাবারের বরাদ্দ, ওয়েট চার্ট বাধ্যতামূলক করা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে।

দুর্নীতি ও মাদকবিরোধী কঠোরতা

গত এক বছরে মাদকসেবী ২৯ জন সদস্যকে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অনিয়ম ও দুর্নীতির কারণে ৩৪ জনকে চাকরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ১৭২ জনকে বদলি করা হয়েছে।

আইজি প্রিজন জানান, “শাস্তিমূলক নয়, সংশোধনমূলক কার্যক্রমের উপর জোর দিয়েই কারা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে।”