নুরের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে জাপা নিষিদ্ধের দাবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার (৩০ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টিকে (জাপা) ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলনে রাশেদ খান তিন দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, “গতকালকের ঘটনার তদন্তে কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়প্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত।”

এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না।

অন্তর্বর্তী সরকার বিবৃতিতে উল্লেখ করেছে, নূরের ওপর নৃশংস হামলা কেবল তার জন্যই নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের ওপরও আঘাত। এই ধরনের সহিংসতা দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িতদের কোনো ছাড় থাকবে না। এছাড়া আহত নূর এবং তার দলের অন্যান্য সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাজধানীতে সংঘর্ষের পর গুরুতর আহত নুরুল হক নুর ঢামেকে

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ চালালে নুরুল হক নুরসহ দলের শীর্ষ নেতারা হামলার শিকার হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হন।




জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন গণঅধিকার পরিষদের নেতা-কর্মী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে আছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), সদস্য হাসান তারেক (২৮), মেহবুবা ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান (৪২) এবং এক পুলিশ পরিদর্শক।

গণঅধিকার পরিষদের নেতা ইমরান জানান, মিছিল নিয়ে বিজয়নগর এলাকায় প্রবেশ করার সময় জাতীয় পার্টির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের চারজন নেতা-কর্মী আহত হন। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয়নগর থেকে চারজন গণঅধিকার পরিষদের কর্মী ও একজন পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।




জনগণের ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যৎ সরকার: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই দেশের ভবিষ্যৎ সরকার নির্ধারণ করবে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

আমীর খসরু বলেন, “ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচন করবে। তখন জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে মৌলিক চাহিদার কথা বলতে পারবে, আর সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”

তিনি আরও জানান, বিএনপি একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে এবং জনগণ যদি সমর্থন দেয়, তবে দলটি আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে যাতে নির্বাচনের পরপরই দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে।

অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, “অর্থনীতি আর সীমিত গোষ্ঠীর হাতে থাকবে না। ক্ষুদ্র ও কুটির শিল্পকে আন্তর্জাতিক বাজারে নিয়ে গিয়ে অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করতে হবে। গ্রামের মানুষের তৈরি একটি পণ্যই হতে পারে তাদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার।”

তিনি জানান, বিএনপি দেশের প্রতিটি বিভাগে গিয়ে মানুষের সমস্যা ও দাবি শুনছে। হস্তশিল্প ও কুটির শিল্পকে পুনরুদ্ধার, ব্র্যান্ডিং ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া হবে।

আমীর খসরু আরও বলেন, “আমরা চাই গ্রামীণ মানুষ ঘরে বসেই পণ্য তৈরি করুক, যা দেশ-বিদেশে বিক্রি হবে। এতে কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং অর্থনীতির মূলধারায় সাধারণ মানুষ যুক্ত হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“নৈতিকতার বিকল্প নেই”— নির্বাচন কমিশনের বটম লাইন জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ‘বটম লাইন’ বা মূল ভিত্তি হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। তিনি স্পষ্ট করে জানান, শিক্ষা কিংবা প্রশিক্ষণ কোনোভাবেই নৈতিকতার বিকল্প হতে পারে না।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কোর ট্রেনারস ট্রেনিং কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিক বার্তা পৌঁছানো অত্যন্ত জরুরি। “যোগাযোগ ভেঙে পড়া মানেই সব ভেঙে পড়া,” মন্তব্য করে তিনি যোগ করেন— স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ খরচ হয়, সেটিকে ব্যয় নয় বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখতে হবে।

যোগাযোগ ভাঙনের ঝুঁকির প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে অংশ নেওয়া এক প্রশিক্ষণের অভিজ্ঞতা উল্লেখ করেন। সেখানে দেখা যায়, একটি বার্তা একাধিক ধাপ পেরোতে গিয়ে বিকৃত হয়ে যায়। একই ঝুঁকি নির্বাচনকালীনও থাকতে পারে, তাই প্রত্যেককে মনোযোগী হয়ে শুনতে ও সঠিকভাবে নোট নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “অনেক সময় পেছনের সারিতে বসা প্রশিক্ষণার্থীরা মনোযোগ হারায়, এতে বার্তা বিকৃত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই প্রশিক্ষণের সময় সতর্ক থাকতে হবে।”

নাসির উদ্দিন আরও জানান, নির্বাচনী চ্যালেঞ্জ শুধু রাজনৈতিক বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত নয়, নতুন করে সোশ্যাল মিডিয়া-সংশ্লিষ্ট সমস্যাও যুক্ত হয়েছে। বিশেষ করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠন করবে।

প্রশিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আইনকানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। এ বার্তা যেন প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে।

আজকের প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করেন। দুই ধাপে মোট ৮০ জন প্রশিক্ষণ নেবেন বলে জানানো হয়েছে।




“প্রাণ যেতে পারে, কিন্তু নির্বাচনে কারসাজি নয়”— ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত সবকটি নির্বাচনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী কোর ট্রেনারস ট্রেনিং কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। এ দায়িত্ব পালনের বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, “জীবন বিপন্ন হলেও নির্বাচনে ফাঁকিবাজি কিংবা কারসাজি মেনে নেওয়া হবে না। কমিশন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের শপথ নিতে হবে— দায়িত্ব পালনে কোনো আপস নয়।”

তিনি আরও বলেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই কমিশন হোঁচট খাচ্ছে। তাই কর্মকর্তাদের গোপনীয়তা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে হবে।

আসন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের ভূমিকার ওপর জোর দিয়ে কমিশনার বলেন, “পুরো ভোট প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকবেন প্রিজাইডিং অফিসাররা। তারা যদি দক্ষ, সাহসী ও সৎভাবে দায়িত্ব পালন করেন, তবে একটি ভোটকেন্দ্র নিরপেক্ষভাবে পরিচালনা সম্ভব।”

প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সব চ্যালেঞ্জের তালিকা প্রণয়ন করে সমাধানের পথ খুঁজতে হবে। তাহলেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।




কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলনে যুবককে জরিমানা ও কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি ঝাউবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. হাসনাত (১৯) নামের এক যুবককে হাতে নাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ট্রলি ভর্তি বালুসহ হাসনাতকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ও ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈকত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, গঙ্গামতি এলাকার বাসিন্দা মো. হাসনাত ট্রলিতে করে সৈকতের বালু বহন করছে। ঘটনাস্থলেই তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, “সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বালু উত্তোলনের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং ঝুঁকির মুখে পড়ে উপকূলীয় এলাকা। তাই এ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, নিয়মিতভাবে কুয়াকাটা সৈকতে নজরদারি চলছে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় পরিবেশবিদ ও সাধারণ মানুষ এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




প্রেম নিয়ে বিরোধে কিশোরী ঊর্মীকে হত্যা, বাবা-মা ও ভগ্নিপতি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফ‌লে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বাগ্‌বিতণ্ডার জেরে মাত্র ১৪ বছরের কিশোরী ঊর্মী ইসলামকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবা, মা ও ভগ্নিপতির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে সোপর্দ করলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় এক যুবকের সঙ্গে ঊর্মীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবার জানতে পারলে ২০ আগস্ট রাতে এ নিয়ে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বাবা নজরুল ইসলাম, মা আসেনা বেগম ও ভগ্নিপতি কামাল হোসেন ক্ষিপ্ত হয়ে মেয়েটির গলা টিপে শ্বাসরোধ করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঊর্মীর। পরে লাশ গোপন করার চেষ্টা করা হয়।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর বলেন, তদন্তে হত্যার সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার রাতে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। বুধবার (২৭ আগস্ট) আদালতে হাজির করা হলে তিনজনই ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে গত শনিবার সকালে কনকদিয়া ইউনিয়নের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুম্ভখালী খাল থেকে ঊর্মীর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি রহস্যজনক মনে হলেও পুলিশের ধারাবাহিক তদন্তে আসল চিত্র সামনে আসে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক ছিল। তদন্তে নানা প্রমাণ হাতে এলে অবশেষে নিশ্চিত হওয়া যায় যে, এ হত্যাকাণ্ডে কিশোরীর বাবা, মা ও ভগ্নিপতি জড়িত।

স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পরিবার যে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই পরিবারেই যদি এভাবে প্রাণ দিতে হয়, তবে এটি সমাজের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চলতি বছর রবিউল আউয়াল মাস ২৬ আগস্ট থেকে শুরু হওয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে ৬ সেপ্টেম্বর (শনিবার)

আগে ঘোষিত ৫ সেপ্টেম্বরের (শুক্রবার) ছুটির পরিবর্তে নতুন তারিখে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, হাসপাতাল ও ওষুধ পরিবহনসহ জরুরি সেবাগুলো ছুটির আওতায় থাকবে না।

ব্যাংক খোলা থাকবে কি না তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে এবং আদালতের বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে, যা সেনাবাহিনীর নজরে এসেছে।

এ প্রসঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছে যে, সরকারের পক্ষ থেকে এ নির্বাচনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে শুভকামনা জানানো হয়েছে।