প্রধান উপদেষ্টা পরিষদের সভায় তিন নীতিমালার খসড়া অনুমোদন

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় দেশের জন্য গুরুত্বপূর্ণ তিনটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সভায় অনুমোদিত খসড়া নীতিমালাগুলো হলো—
১. বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’।
২. ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’।
৩. আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’।
সভায় জানানো হয়, এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা দেশের বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। একইসঙ্গে টেলিযোগাযোগ নেটওয়ার্কে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজ হলে জনগণের ডিজিটাল সুবিধা আরও প্রসারিত হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধনী অধ্যাদেশ ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।








