মব ও রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলা যাবে না। রাজনৈতিক কর্মসূচি ও মবের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণঅধিকার পরিষদের কর্মসূচিকে মব বলা যাবে না। তারা নিবন্ধিত রাজনৈতিক দল। যদি তাদের কর্মসূচিকে মব বলা হয়, তবে বিএনপি বা এনসিপির কর্মসূচিকেও একইভাবে বলা হতে পারে। আমাদের স্পষ্ট বুঝতে হবে, রাজনৈতিক দলের কর্মসূচি কখনো মব হতে পারে না।”

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “প্রথম হামলাটা এসেছে জাতীয় পার্টির পক্ষ থেকে। দীর্ঘ ১৭ বছর তারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও এমন ধৃষ্টতা একধরনের বোকামি। কার সাহসে জাতীয় পার্টি এ ধরনের কর্মকাণ্ড করলো, তা খতিয়ে দেখা হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল, তারাই এখন নির্বাচনের সময় পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আসলে তাদের মাথা খারাপ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “সংস্কার, বিচার ও গণতন্ত্র—এই তিনটি বিষয় নিয়েই আমরা কাজ করছি। যারা নির্বাচন বানচালের আশঙ্কা করছে, তাদের স্বার্থে আঘাত লাগবে বলেই তারা এ ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ভাঙ্গায় দ্বিতীয় দফায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত several

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করেছে। অবরোধ শুরু হয় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে এবং চলে আড়াই ঘণ্টা।

অবরোধ চলাকালে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।

অবরোধ চলাকালে হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকায় একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানিয়েছেন, “ভাঙ্গা উপজেলার বিভাজন ঠেকাতে যা করা সম্ভব, তা করা হবে। বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান আশা করছি।” তবে বিক্ষোভকারীরা ইউএনওর আহ্বান অমান্য করে অবরোধ অব্যাহত রেখেছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, অবরোধ শেষে যান চলাচল পুনরায় শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মৎস্য খাতে বিজ্ঞানীদের অবদান গর্ব করার যোগ্য। মৎস্যসম্পদ রক্ষায় গবেষণার বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (ICSF) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কনফারেন্সে টেকসই মৎস্য ব্যবস্থাপনা, উদ্ভাবনী প্রযুক্তি বিনিময় ও অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, অতিরিক্ত মাছ শিকার, অবৈধ জাল ও ট্রল ডোর ব্যবহার সাময়িক লাভের জন্য, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মৎস্য অধিদপ্তর ও বিএফআরআইকে এ বিষয়ে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। এছাড়া শীতকালে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে বর্ষা মৌসুমে মাছের ক্ষতি হচ্ছে। কৃষিখাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

ইলিশ আহরণের কমতির প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টি সময়মতো না হওয়া, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং নদীর নাব্যতা হ্রাসের কারণে ইলিশ আহরণ কমেছে। মিঠা পানির মাছ চাষ বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও মাছের বৈচিত্র্য রক্ষা করা সরকারের অগ্রাধিকার। হাওড় অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন ও প্রজননক্ষেত্র সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার মাধ্যমে মাছ, গবাদিপশু ও ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবন করছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করলে গবেষকরা খাতে আরও ব্যাপক অবদান রাখতে পারবেন।

কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকরা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের ১১টি সেশনে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




জাতীয় নির্বাচনে নিরাপত্তা: দেড় লাখ পুলিশ পাচ্ছে বিশেষ প্রশিক্ষণ

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের জন্য ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে নিয়োজিত পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে আরও সক্ষম হবেন।

তিনি বলেন, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সহযোগিতায় নয়টি প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম ও একটি বুকলেট তৈরি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে ১৯টি কেন্দ্রের মাধ্যমে ১,২৯২ জন ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করা হবে। এরা পরবর্তীতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

ডিআইজি জিয়া আরও জানান, বাস্তব পরিস্থিতি মোকাবিলার জন্য মহড়া প্রশিক্ষণও আয়োজন করা হবে। নির্বাচনের সময় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণের নিশ্চয়তা দিতে পারে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব ও সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করতে সক্ষম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হবে।

বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত শান্তি, কল্যাণ ও সফলতা নিহিত রয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আলু সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্য উপদেষ্টা

আলু বাজারে সিন্ডিকেট গড়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,
“গত বছর আলুর দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি। দাম ভালো পাওয়ায় এবার আলুর উৎপাদনও ভালো হয়েছে। ফলে চাহিদার তুলনায় বেশি আলু থাকায় বাজারে কিছুটা সংকট দেখা দিচ্ছে। তবে, কেউ সিন্ডিকেট করে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আলুর দাম নিয়ে কেবিনেট মিটিংয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি, বাজারে চাহিদা বাড়াতে টিসিবির মাধ্যমে আলু কেনা ও বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। তবে আমরা মনে করি, এই সংকট উত্তরণে একমাত্র সমাধান হলো রপ্তানি।”বাণিজ্য উপদেষ্টা জানান, “গত বছর আলুর ফলন বাম্পার হয়েছিল। কৃষক যেন সঠিক মূল্য পান এবং বাজারে ভারসাম্য বজায় থাকে, সে জন্যই রপ্তানি সবচেয়ে কার্যকর পন্থা।”

পরে হেলিকপ্টারে করে জয়পুরহাট সফরে আসা শেখ বশিরউদ্দীন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত খানকা শরীফে জুমার নামাজ আদায় করেন। সেখানে তিনি তার শ্বশুর, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

এর আগে দুপুর পৌনে ১টায় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫


 




কয়লা সরবরাহে অনিয়ম: পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ বছরের দরপত্র বাতিল

পটুয়াখালী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগের পর পাঁচ বছর মেয়াদী টেন্ডার (দরপত্র) বাতিল করেছে বিদ্যুৎ বিভাগ। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর প্রতিষ্ঠান আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডকে (আরএনপিএল) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে দ্রুত নতুন দরপত্র আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন শর্ত অনুযায়ী, চুক্তির মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছর করার কথা বলা হয়েছে।

তদন্ত কমিটি দরপত্র প্রক্রিয়ার কারিগরি ও আর্থিক মূল্যায়নে অনিয়ম পাওয়ার পর গত ৭ আগস্ট এই নির্দেশনা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সংগ্রহে যে দরপত্র আহ্বান করা হয়েছিল, সেটি অনিয়ম ও ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা একান্ত জরুরি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন,
“কয়লা সরবরাহকারী নিয়োগের প্রক্রিয়া প্রতিযোগিতামূলক না হলে কয়লার দাম বাড়বে এবং শেষ পর্যন্ত তা বিদ্যুতের দাম বাড়িয়ে দিবে। সংক্ষিপ্ত মেয়াদের দরপত্র আহ্বান করলে ছোট সরবরাহকারীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।”

এর আগে, চলতি বছরের ১১ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, দরপত্রে এমন কিছু শর্ত রাখা হয়েছিল যা শুধু সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইয়ংটাই এনার্জি প্রাইভেট লিমিটেডকে সুবিধা দেয়। ২০২৪ সাল থেকে তিন দফা আহ্বান করা দরপত্রে প্রতিষ্ঠানটিই একমাত্র যোগ্য দরদাতা হিসেবে উঠে আসে।

 

আল-আমিন



এনআইডি হারালে আর জিডি করতে হবে না

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর নতুন করে তুলতে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিক ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, “এনআইডি সেবা আরও সহজ করতে আমরা কাজ করছি। জিডির বাধ্যবাধকতা তুলে দেওয়ায় জনগণ দ্রুত সেবা পাবেন।”

ইসির তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে নাগরিক সেবা আরও গতিশীল হচ্ছে।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসির আশা, নতুন এই উদ্যোগে এনআইডি হারানো সংক্রান্ত ঝামেলা কমবে এবং নাগরিকরা আরও দ্রুত সেবা পাবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৩০০ আসনের সীমানা পুননির্ধারণে ইসির প্রজ্ঞাপন জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা পুননির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নতুন সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি শিগগিরই গেজেটে প্রকাশ করা হবে।”

সিনিয়র সচিব জানান, দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয়েছে। তবে ৩৯টি আসনের সীমানায় আংশিক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে।

এর আগে নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল ইসি। ওই সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ জমা পড়ে। সর্বমোট আবেদন ছিল ১ হাজার ৮৯৩টি।

২৪-২৭ আগস্ট টানা চার দিন দাবি-আপত্তি ও সুপারিশের শুনানি শেষে কমিশন বিষয়গুলো পর্যালোচনা করে আজ চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তারেক রহমানের দেশে ফেরা তার নিজের সিদ্ধান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তবে ফেরার সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সরকার তা সমাধান করবে।”

তিনি আরও বলেন, “যদি প্রয়োজন হয়, পাসপোর্ট কিংবা অন্য যে কোনো ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। তবে তিনি এ বিষয়ে আবেদন করেছেন কি না, সেটা আমার জানা নেই। আবেদন করলে তা প্রক্রিয়াকরণ হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে জানান, সরকার পক্ষ থেকে তাঁকে দেশে ফেরার জন্য আলাদা কোনো উদ্যোগ নেওয়া হবে না। “আমরা তাঁকে বলবো না কেন আসছেন না। যখন তিনি আসতে চাইবেন, তখন প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে,” যোগ করেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫