নির্বাচনে সহযোগিতা পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি বাহারুল আলম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, “জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে জনগণের বিশ্বাস ও আস্থা রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে। প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন, যাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে।”

তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু আইন শেখানো নয়, বরং চাপের মধ্যেও কীভাবে নিরপেক্ষ থাকা যায়, কীভাবে সংঘাত এড়িয়ে সমাধান দেওয়া যায় এবং মানুষের আস্থা অর্জন করা যায়—সেই সক্ষমতা অর্জন করতে হবে।”

বাহারুল আলম বলেন, “আমরা যদি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করি, তবে পুলিশের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে। বাংলাদেশ পুলিশকে আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে।”

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “প্রশিক্ষণে শেখা প্রতিটি জ্ঞান ও কৌশল মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।”

আইজিপি আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে পুলিশের দক্ষতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের দুই আসনে বাসদের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনে বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তরিকুল ইসলাম তারেককে প্রার্থী করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

কর্মী সভায় বজলুর রশিদ ফিরোজ বলেন, “আরপিও সংশোধনের মাধ্যমে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং প্রার্থীর নির্বাচনী ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭৮ লাখ টাকা করা হয়েছে। এ পদক্ষেপ নির্বাচনকে ধনিক শ্রেণীর হাতে তুলে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাই আমরা এই সংশোধনী বাতিলের দাবি জানাচ্ছি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ধোলাই মার্কেট এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৭৫০ ফুট পাইপ ভেঙে ফেলা হয় এবং উত্তোলন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বেড়িবাঁধ সংলগ্ন মাছের ঘের থেকে বালু উত্তোলন করে খাল ও সংরক্ষিত বনের জমি ভরাট করছে। এর ফলে বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা ধারণা করছেন, ভরাট করা জমিতে মার্কেট নির্মাণের চেষ্টা চলছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

এ ঘটনায় এলাকায় সচেতন মহল সন্তোষ প্রকাশ করলেও, তারা আশঙ্কা করছেন—বড় চক্র ধরা না পড়লে এ ধরনের কার্যক্রম থামবে না।

 

আল-আমিন, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় মসজিদের খতিবকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

ভোলায় দুর্বৃত্তদের নির্মম হামলায় নিজ বাড়িতে খুন হয়েছেন মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানী (৪৫)। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি রাইস মিলের পাশে তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল হক নোমানী ওই এলাকার বিশিষ্ট আলেম মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী ও সন্তান বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ফলে গত দুইদিন তিনি বাড়িতে একাই ছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে তিনি বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার বাড়ি থেকে ডাক-চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় আমিনুল হক মেঝেতে পড়ে আছেন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাজন জানান, “আমি নামাজ শেষে বাড়ি ফেরার সময় হুজুরের বাড়ির ভেতর থেকে চিৎকার শুনতে পাই। পরে কয়েকজন মিলে গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর হাসপাতালে নিয়ে যাই।”

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত বলেন, “রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও ব্যাপক রক্তক্ষরণ ছিল। দ্রুত চিকিৎসা শুরু করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।”

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।”

স্থানীয়দের মাঝে এ হত্যাকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ির মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি রাজবাড়ীতে একটি মাজারকেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় প্রাণহানি ও সহিংসতা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লালন আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে আখড়াবাড়ি এলাকায় দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন জানান, “গতকাল রাজবাড়ীতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, “জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। লালন আখড়াবাড়িও তার অন্তর্ভুক্ত।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আ.লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সারজিস আলমের

বাংলাদেশের রাজনীতিতে অপরাধ, দুর্নীতি ও খুনিদের কোনো স্থান নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ যেমন জনগণের রক্তের দায়ে কলঙ্কিত, তেমনি তাদের সহযোগী জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। তিনি দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই দুই দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতা খুন, সন্ত্রাস ও দমননীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা একা নন, তার জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারাই তার নির্দেশ বাস্তবায়ন করেছেন। সম্মিলিতভাবে তারা বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে বলে দাবি করেন তিনি।

জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের বি-টিম’ আখ্যা দিয়ে সারজিস আলম বলেন, “দলটির কো-চেয়ারম্যান সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগের ভালো নেতাদের মনোনয়ন দেওয়ার কথা। এতে প্রমাণিত হয়—চোরে চোরে মাসতুতো ভাই। আওয়ামী লীগের পতনের পর তাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রোববার থেকে গণছুটিতে যাচ্ছেন পবিস কর্মকর্তা-কর্মচারীরা

রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দফতর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠনসহ সমস্যা সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন হয়নি। উল্টো আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি চলছে। এতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অঞ্জু রানী মালাকার দাবি করেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তাদের বরখাস্ত আদেশ বাতিল করতে হবে। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

পবিস-এর চার দফা দাবির মধ্যে রয়েছে:

  • আরইবি-পবিস একীভূতকরণ বা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠন প্রজ্ঞাপন জারি করা।

  • সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত (মিটার রিডার, ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ।

  • মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

  • সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন।

  • জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘন্টা নির্ধারণ।

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং দেশের প্রায় ৮০ শতাংশ গ্রাহক তাদের আওতায়। সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন এবং দীর্ঘ ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আন্দোলন চালিয়ে আসছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বক্তব্য প্রদানকালে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকে তিনি দলকে নেতৃত্ব দেবেন।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে।”

ডা. জাহিদ হোসেন সবাইকে আহ্বান জানান চলমান ষড়যন্ত্র রুখতে চোখ-কান খোলা রাখার জন্য।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জাপা অফিসে হামলার নিন্দা জানালেন ব্যারিস্টার আনিস

জাতীয় পার্টির (আহা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত।”

ব্যারিস্টার আনিস আরও বলেন, যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা দেশকে অস্থিতিশীল করে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। তিনি এ ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেন।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি নিন্দা জানিয়েছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সিভিল সোসাইটি, গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতিবাদ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “দেশের সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।”

বিবৃতিতে তিনি আরও দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে না পারায় দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে।

ব্যারিস্টার আনিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আইনশৃঙ্খলার এ অবনতির ধারাবাহিকতা অব্যাহত থাকলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। ষড়যন্ত্রকারী চক্র দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সরকার নীরব দর্শক হয়ে আছে।”

তিনি আরও জানান, জাতীয় পার্টি কোনো দমন-পীড়ন বা ষড়যন্ত্রে দমে যাবে না। পল্লীবন্ধুর আদর্শ ও জনগণের ভালোবাসায় তারা গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের জন্য শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




টাঙ্গুয়ার হাওরে অবৈধ মাছ ধরায় ৫ জন আটক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের নির্দেশে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার ভরত খাল নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছিল। এ সময় হাওর পরিদর্শনে থাকা মৎস্য উপদেষ্টা বিষয়টি টের পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। পরে তাৎক্ষণিকভাবে থানার সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলেন— পাতারগাঁও গ্রামের পাষান মিয়া (৩৫), আবু বক্কর (২০), আলী নুর (২২), নুর আহম্মদ (২৫) এবং সোনাপুর গ্রামের উজ্জ্বল মিয়া (১৯)।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে প্রথমে তাহিরপুর উপজেলায় পৌঁছান। এরপর স্পিডবোটে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেকসহ আশপাশের হাওর ও নদী পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “উপদেষ্টা নদীতে অবৈধ মাছ ধরা দেখতে পান। তার নির্দেশে আমরা পাঁচজনকে আটক করে থানায় নিয়ে এসেছি।”

উপদেষ্টার এ সময় সঙ্গী ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ এবং যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫