ডাকসু নির্বাচন: এক ভোটার কে দুটি ব্যালট দেয়ায় পোলিং অফিসারকে অব্যাহতি

চন্দ্রদ্বীপ নিউজ..  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট চলাকালে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ একাধিক ব্যালট পেপার দেয়ার ঘটনা ঘটেছে ,যার জন্য দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবির কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন জানিয়েছে, ভোট চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তারপরও ঘটনা জানার সাথে সাথে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 




ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর স্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায়ও গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। ফলে উভয় মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ বিক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে।”

এর আগে গত শুক্রবার একই দাবিতে এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেছিলেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ায় আবারও মহাসড়ক অবরোধে নামলেন তারা।

স্থানীয়দের দাবি, আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি নির্বাচন কমিশনের গেজেটে তা পরিবর্তন করে অন্য আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালী থেকে সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলাম গ্রেপ্তার

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এবং এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিসোর্টটি তার মালিকানাধীন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ডিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি লতিফ সিদ্দিকী ও আবু আলম শহীদ খানসহ কয়েকজনের সঙ্গে গোপন আঁতাতের তথ্য হাতে আসার পরই এ অভিযান চালানো হয়। বর্তমানে ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঢাকার বাতাসের মানের অবনতি, দূষণের শীর্ষে ম্যানিলা

চন্দ্রদ্বীপ নিউজ..আজও ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেশি। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ মঙ্গলবার, সকাল ৮ টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৭৩। দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রাজধানীর অবস্থান ২৮তম।

এদিকে, গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ৬৬ বায়ুমান নিয়ে ৩৩তম অবস্থানে ছিল ঢাকা।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ফিলিপাইনের ম্যানিলা। শহরটির বায়ুমান ১৪৫, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও সৌদি আরবের রিয়াদ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪২, ১৩০, ১২৩ ও ১১৭।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে। পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।




আজ বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

 চন্দ্রদ্বীপ ‍নিউজ.. মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

 




আমাদের দেশের ১৮ কোটি মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে: প্রেস সচিব

চন্দ্রদ্বীপ নিউজ .. প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি খাতকে আঘাত করলেও সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না। ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ ক্ষেত্রে শক্তিশালী যুক্তি তৈরি করতে হলে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের ১৮ কোটি মানুষ সরাসরি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে। সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস ও নোনাজলের বিস্তার প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু আমাদের নিজেদের গল্পগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছায় না। বিদেশি গণমাধ্যম মাঝে মাঝে এদেশে টিম পাঠিয়ে প্রতিবেদন করলেও দেশীয়ভাবে প্রস্তুত গল্পগুলো বৈশ্বিক অঙ্গনে জায়গা পায় না।

রাজধানীর পিকেএসএফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বক্তব্য রাখেন।

‘ভবদহে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে থাকে। মৌসুম শেষে এ বিষয়টি আর সংবাদে থাকে না। অথচ এটি জলবায়ু পরিবর্তনের বড় উদাহরণ। এভাবে হাজারো গল্প রয়েছে যেগুলো আমাদের সংবাদ কভারেজের বাইরে থেকে যাচ্ছে,’ বলেন প্রেস সচিব।

তিনি আরো  উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয়; বরং স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক অস্থিতিশীলতার সঙ্গেও এটি জড়িত। তিনি উদাহরণ হিসেবে ডেঙ্গুর বিস্তার, মাতৃস্বাস্থ্য সংকট ও উর্বরতার হার পরিবর্তনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ক্ষেত্রে—সামাজিক টেনশন, স্বাস্থ্যঝুঁকি বা রাজনৈতিক অস্থিতিশীলতা—জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। কিন্তু এই গল্পগুলো আমরা বাইরে তুলে ধরতে পারি না। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কেস তৈরি হয় না এবং আমরা প্রত্যাশিত ফান্ডিং থেকে বঞ্চিত হই।’

 




জাতীয় রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে ডাকসু নির্বাচনের মাধ্যমে : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ডাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও বাংলাদেশের ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাই গোটা দেশের দৃষ্টি আগামীকাল ডাকসু নির্বাচনের দিকে থাকবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। আমরা চাই, ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক।

চরমোনাই পির বলেন,  আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা যা করার তাই করুন। শক্ত হাতে প্রশাসন পরিচালনা করুন। গোয়েন্দা তথ্যকে কাজে লাগান। কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তার জন্য পূর্বপ্রস্তুতি নিন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে পড়াশোনা-গবেষণাই মুখ্য হওয়া উচিত। সেই হিসাবে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলেই বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।




চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় গেলে আয় বাড়বে: উপদেষ্টা সাখাওয়াত

চট্টগ্রাম বন্দরের পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হলে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাবে এবং রাজস্ব আয়ে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গত এক বছরের অর্জন সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত জানান, দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর পায়রার অবকাঠামো ও টার্মিনাল নির্মাণ এখন শেষ পর্যায়ে। আগামী বছরের জুলাই মাস থেকে পূর্ণাঙ্গভাবে এ বন্দরের কার্যক্রম চালু হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে প্রযুক্তি, কারিগরি দক্ষতা এবং রাজস্ব—সব ক্ষেত্রেই উন্নতি হবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, গত অর্থবছরে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৫৭৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

দেশে প্রথমবারের মতো নৌশুমারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তিনি। এ উদ্যোগের মাধ্যমে সব নৌযানের ডাটাবেজ তৈরি করা হবে। এ ছাড়া ১২৫ বছরের পুরোনো ঐতিহাসিক স্টিমার ‘পিএস মাহসুদ’ আবারও চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে উপদেষ্টা সাখাওয়াত উল্লেখ করেন, বিআইডব্লিউটিএর মিঠামইন প্রকল্পসহ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এমন উদাহরণ শুধু নৌপরিবহন মন্ত্রণালয়েই নয়, অন্যান্য মন্ত্রণালয়েও বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএসের ৩৪তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়াও বিভাগীয় পদোন্নতির মাধ্যমে কয়েকজন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত হয়েছেন।

এই পদোন্নতিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মহল আশা করছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকা আরও শক্তিশালী হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




‘শেখ হাসিনা সরণি’ নাম বদলে হলো ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’

দেশের ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে চারটি স্থাপনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম সরিয়ে নতুন নামকরণ করা হয়েছে। এছাড়া আরও দুটি স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকার শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড’ এর নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। এছাড়া, ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এখন ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক’ এর নতুন নাম হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক, চট্টগ্রাম’।

এছাড়া, চট্টগ্রামের ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার’ এর নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ এবং রাজশাহীর ‘শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক’ এখন পরিচিত হবে ‘আরডিএ পার্ক’ নামে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসব নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫