খুলনায় আসছে না ভোলার গ্যাস, অনিশ্চয়তায় বিনিয়োগ

ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পেট্রোবাংলার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভোলার গ্যাস বরিশাল হয়ে ঢাকায় নেওয়া হবে, তবে খুলনা রুট আপাতত স্থগিত রাখা হয়েছে। এতে খুলনার শিল্প-বিনিয়োগ নিয়ে শঙ্কা বাড়ছে।
পেট্রোবাংলা ও সুন্দরবন গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, ভোলা-খুলনা রুটে গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ভোলা-বরিশাল-ঢাকা রুটে কাজ শুরু হয়েছে। পরবর্তী ধাপে খুলনা রুটে সংযোগ দেওয়া হবে, তবে কবে থেকে কাজ শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।
এর ফলে খুলনার শিল্প কারখানাগুলো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস না থাকায় এ অঞ্চলের শিল্প কারখানাগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না, নতুন শিল্পও গড়ে উঠছে না।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, “গ্যাসের দাবিতে খুলনার মানুষ এক দশকের বেশি সময় ধরে আন্দোলন করছে। অথচ ভোলা থেকে খুলনায় কবে গ্যাস আসবে তা অনিশ্চিত। ঢাকায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত খুলনার জন্য বৈষম্যমূলক।”
উল্লেখ্য, ২০১৬ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইন বসানো হয়। পরে ২০১৯ সালে খুলনা ও দক্ষিণাঞ্চলের জন্য সুন্দরবন গ্যাস কোম্পানি গঠন করা হলেও এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি।
সুন্দরবন গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ভোলা থেকে গ্যাস এলে খুলনার দুটি বিদ্যুৎকেন্দ্র এবং বিসিক শিল্প এলাকার দুটি প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গ্যাস সরবরাহ শুরু হলে খুলনার শিল্পাঞ্চলও উপকৃত হতে পারে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








