কর আইনজীবীদের প্রতি অর্থ উপদেষ্টার অনুরোধ: হয়রানি নয়, স্বচ্ছ সেবা

কর আইনজীবীদের উদ্দেশ্যে সেবাগ্রহীতাদের হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনমানুষের হয়রানি কমাতে এবং স্বচ্ছতা বাড়াতে কর সেবা খাতকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অর্থ উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত সংস্কার ভবিষ্যত সরকারের জন্য সহায়ক ভূমিকা রাখবে। তাই আইনজীবীদের উচিত হবে জনগণকে সহজ ও ঝামেলাহীন সেবা প্রদান করা।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল সম্পূর্ণ অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এছাড়া চলতি বছরই কর সংক্রান্ত একটি মোবাইল অ্যাপস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কর ব্যবস্থাপনা ডিজিটাল হলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে, যা সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিনা মূল্যের পাঠ্যবই চড়া মূল্যে বিক্রি হচ্ছে খোলাবাজারে

চন্দ্রদ্বীপ নিউজ: শিক্ষা  একটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রা্খে আর শিক্ষিত জনগোষ্ঠী। আর এ শিক্ষিত জনগোষ্ঠী

তৈরি করতে শতভাগ শিশুকে স্কুলমুখী করা প্রয়োজন আর এ লক্ষে বছরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেয় সরকার। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দিতে এপ্রিল মাস লেগে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে ২৩ ছাপাখানার বিনা মূল্যের পাঠ্যবই চড়া মূল্যে বিক্রি হয়েছে খোলাবাজারে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গোয়েন্দা রিপোর্টটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পেয়েছে। যার প্রেক্ষিতে সম্প্রতি ২৩ ছাপাখানার মালিককে সতর্ক করে দিয়েছে এনসিটিবি। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা ২৩ ছাপাখানা হলো রাব্বিল প্রেস, হাওলাদার প্রেস, মেরাজ প্রেস, ফরাজি প্রেস, ফাইজা প্রেস, শাপলা প্রেস, দিগন্ত প্রিন্টার্স, সোহাগ প্রিন্টার্স, টাইম মিডিয়া প্রেস, লেটার অ্যান্ড কালার প্রেস, মেঘদ্যুত প্রেস, টাঙ্গাইল প্রেস, আলিফ প্রেস, মৌসুমী প্রেস, জনতা প্রেস, এস আর প্রিন্টিং প্রেস, আনন্দ প্রিন্টার্স, রেদওয়ানিয়া প্রেস, অক্সফোর্ড প্রেস, মোল্লা প্রিন্টিং প্রেস, অটো প্রিন্টিং প্রেস, সৃষ্টি প্রিন্টার্স ও গ্লোবাল প্রিন্টিং প্রেস। এসব ছাপাখানার বই খোলাবাজারে বিক্রি সিন্ডিকেটের সঙ্গে ১৬ পরিবহন কনট্রাক্টর জড়িত থাকার তথ্যও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তারা হলেন আবুল বাতেন, মো. শুকুর আলী, রহমত আলী, চান মিয়া, রাসেল (এমআর ট্রান্সপোর্ট), মেহেদী, আলমাস, মো. রফিক, মহিদ হোসেন, বাবুল, আক্কাস আলী, রাজিব, খলিল, জীবন, আব্দুল কাদের ও মনসুর। এই গোয়েন্দা রিপোর্টটি গত তিন ধরে এনসিটিবিতে হ্যান্ডবিল আকারে বিলিও করা হয়েছে। ১৬ পরিবহন কনট্রাক্টরকে আগামী শিক্ষাবর্ষে কাজ না দিতে ২৩ ছাপাখানার মালিককে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে এনসিটিবি।

এ ব্যাপারে জনতা প্রেসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম কাজল বলেন, ‘কে বা কারা এই হ্যান্ডবিল আকারে বিলি করেছে তা জানি না। তবে যারা পাঠ্যবই চুরি ও বেচাকেনার সঙ্গে জড়িত, তারাই নিজেদের দোষ ধামাচাপা দিতে এই কাজটি করেছে বলে আমার মনে হয়েছে।’ বিনা মূল্যের পাঠ্যবই চড়া মূল্যে খোলাবাজারে বিক্রি সিন্ডিকেটের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকু বলেন, ২৩ ছাপাখানা ও ১৬ পরিবহন কনট্রাক্টরের নামসহ গোয়েন্দা রিপোর্ট তারা পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১ জানুয়ারি স্কুলে বই বিতরণের দিন থেকেই রাজধানীর বাংলাবাজার, নীলক্ষেত, মোহাম্মদপুর, উত্তরাসহ অভিজাত এলাকার বইয়ের দোকানে বিনা মূল্যের বই বিক্রি হয়। রাজধানীসহ দেশের কয়েকটি স্কুলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা অভিযোগ করেন, ‘চাহিদা অনুযায়ী তারা বই পান না। যতসংখ্যক বইয়ের চাহিদা দেওয়া হয়, তার থেকে সব সময়ই কিছু বই কম দেয় পাঠ্যপুস্তক বোর্ড। শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা শতভাগ পূরণ না করার কারণে তাদেরকে বাজার থেকে বই কিনে নিতে হয়।’ এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর কঠোর নজরদারিতে ২০২৬ শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের চাহিদা ২০২৫ শিক্ষাবর্ষের চেয়ে প্রায় সাড়ে ৪ কোটি কমেছে; যা ছাপাতে খরচ হতো প্রায় ২০০ কোটি টাকা।




ভোলার চারটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ভোলায় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চারটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।

তিনি বলেন, “৫৩ বছর পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশ গঠনের সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী দেব?” এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে করার দাবি পুনর্ব্যক্ত করেন।

তার দাবি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ, কালো টাকার রাজনীতি ও নির্যাতন-জুলুম বাড়বে। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এ পদ্ধতির বিকল্প নেই।

সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনে দেশের মানুষ নির্যাতন, গুলি এবং অর্থপাচারের শিকার হয়েছে। এখন সময় এসেছে রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন ও গণদাবি পূরণের।

ঘোষিত প্রার্থীদের নাম

  • ভোলা-১ আসন : মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা

  • ভোলা-২ আসন : মুফতি রেজাউল করিম

  • ভোলা-৩ আসন : মুফতি মোসলে উদ্দিন

  • ভোলা-৪ আসন : প্রফেসর কামাল উদ্দিন

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি। এছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপাতত ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের কাজের পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পটুয়াখালী পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সাখাওয়াত হোসেন বলেন, “ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে, বাকি অংশও শিগগিরই শেষ হবে। তবে রেলপথ আপাতত বরিশাল পর্যন্ত হবে। আমার দায়িত্বকালেই যেন পটুয়াখালী পর্যন্ত রেললাইন অনুমোদন পায়, সে বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে বাবুগঞ্জ ও মুলাদীর আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ ফেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং অক্টোবরেই বরিশালে নদীর পানি পরিশোধন করে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হবে।

ভোলার গ্যাস সরবরাহ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয়রা এখনো সরাসরি গ্যাস সুবিধা না পেলেও বরিশালে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় ঘাটতি মেটাতে উদ্যোক্তাদের দুটি আধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নদীভাঙন রোধে হিজলা-মেহেন্দিগঞ্জ এলাকায় ৮১০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পথে রয়েছে, যা শীতকালে বাস্তবায়ন শুরু হবে।

ঐতিহ্য সংরক্ষণের প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপে নদীতে পুরোনো স্টিমার এখনো চালু আছে, কিন্তু বরিশালে তা ভেঙে ফেলা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন স্টিমার ঘাট নির্মাণের পাশাপাশি আগামী অক্টোবরের মাঝামাঝি প্যাডেল চালিত স্টিমার চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া তিনি বরিশালে বিপিএলের একটি ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। খেলোয়াড়দের বিআইডব্লিউটিসির স্টিমারে করে আনা-নেওয়া ও বিশেষ আপ্যায়নের ব্যবস্থার কথাও জানান উপদেষ্টা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অক্টোবরে বরিশাল-ঢাকা রুটে চালু হচ্ছে প্যাডেল জাহাজ: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী অক্টোবর থেকেই বরিশাল-ঢাকা নৌপথে প্যাডেল জাহাজ চলাচল শুরু হবে। ঐতিহ্যবাহী এই স্টিমার সার্ভিসকে সংস্কার করে আধুনিকতার সঙ্গে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নগরের জেলখাল, নদী রক্ষা প্রকল্প ও স্টিমার ঘাট এলাকা পরিদর্শন করেন।

উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশালে নতুন স্টিমার ঘাট নির্মাণ কাজ চলছে। পুরোনো স্টিমারগুলো সংস্কার করে যাত্রীসেবায় ফিরিয়ে আনা হচ্ছে। প্যাডেল জাহাজ চালু হলে নৌযাত্রা যেমন সহজ হবে, তেমনি এ অঞ্চলের পর্যটনেও নতুন গতি আসবে।”

তিনি আরও জানান, বরিশাল শহরের খাল পুনরুদ্ধার ও ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সহযোগিতা করবে। পাশাপাশি মীরগঞ্জ সেতু, হিজলা-মুলাদীতে বাঁধ নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদ স্পষ্ট করেছে—আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের আন্দোলনে যেসব প্রাণ উৎসর্গ হয়েছে, তার প্রতিফলন হবে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তিনি আরও বলেন, কিছুটা আইনশৃঙ্খলা অবনতি হলেও নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : উপদেষ্টা সাখাওয়াত

নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শন শেষে সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে সরকার।

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় উৎসবে বিভেদ নয়, বরং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টা জানান, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ভয়াবহ নদীভাঙন প্রতিরোধে ৮১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ এবং ১৩০ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ডিসেম্বরের মধ্যে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পুরনো সার্কিট হাউজসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, পোর্ট রোডে আরসিসি উন্নয়ন কাজ সম্পন্ন, কীর্তনখোলা নদীকে দুষণমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং ভোলার গ্যাস বরিশালে আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালু ও কন্টেইনার পরিবহন সুবিধা বৃদ্ধিতেও কাজ চলছে।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো. জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মহিপুরে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, তিন জেলে দগ্ধ

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে রাখা একটি মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহিপুর মৎস্য বন্দর এলাকার আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ জেলেদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়েছেন জহির হোসেন (৫৫)। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) মহিপুরেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন, “আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো ট্রলারই পুড়ে যেত।”

আরেক জেলে জাকির হোসেন জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা ছুটে যান। তখনই দেখেন জহির হোসেনের শরীরের বড় অংশ দগ্ধ হয়ে গেছে। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নামবিহীন ফারুক মাঝির মালিকানাধীন ট্রলারটি নদীতে নোঙর অবস্থায় ছিল। রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেশ হালদার বলেন, “ঘটনার বিষয়ে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কুয়াকাটায় হোটেলের বর্জ্যে পরিবেশ হুমকিতে

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকে মুখরিত থাকে। সমুদ্র ও প্রকৃতির টানে ভিড় জমানো এসব মানুষের আনন্দঘন ভ্রমণ এখন হুমকির মুখে পড়ছে। জিরো পয়েন্ট সংলগ্ন হোটেল সি-ভিউ থেকে নিয়মিত বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে শুধু সৈকতের পরিবেশই নষ্ট হচ্ছে না, স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিয়াসীরা।

স্থানীয়দের দাবি, গভীর রাতে হোটেলটির টয়লেটের বর্জ্য ও ময়লা পানি পাইপের মাধ্যমে সরাসরি সমুদ্রে ফেলছে কর্তৃপক্ষ। প্রতিদিন রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এসব বর্জ্য ফেলা হয়। ভোরে সৈকতের চারপাশে বাজে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে সমুদ্রস্নানে নামা পর্যটকরা ভোগান্তিতে পড়েন, স্থানীয়দেরও দুর্ভোগ পোহাতে হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোরের দিকে সৈকতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে থাকে। স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, “প্রতিদিন ভোরে সৈকতে গেলে বাজে গন্ধ পাওয়া যায়। এতে শুধু পরিবেশ নষ্ট হচ্ছে না, আমাদেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।”

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক রুমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত দূর থেকে কুয়াকাটা এসেছি, কিন্তু সৈকতে দাঁড়ানো যাচ্ছে না। দুর্গন্ধে সমুদ্রের সৌন্দর্য উপভোগই অসম্ভব হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে পর্যটকরা আর আসতে চাইবেন না।”

অভিযোগের বিষয়ে হোটেল সি-ভিউয়ের ম্যানেজার মো. সোলায়মান বলেন, “আমরা টয়লেটের বর্জ্য ফেলি না। প্রতিদিন রাত আড়াইটার থেকে তিনটার মধ্যে শুধু গোসলের পানি বালুর মধ্যে ছেড়ে দেওয়া হয়।” তবে স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি একেবারেই সত্য নয় এবং হোটেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলে আসছে।

কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, “এটি পরিবেশ আইনবিরোধী কাজ। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না হলে সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে।”

এ প্রসঙ্গে কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন, “পর্যটন নগরের ভাবমূর্তি রক্ষায় প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এ ধরনের অনিয়ম পুরো কুয়াকাটার জন্য ক্ষতিকর।”

কলাপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসিন সাদেক জানান, অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিদরা মনে করছেন, এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে কুয়াকাটার সমুদ্র ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পর্যটকদের কাছে কুয়াকাটা তার আকর্ষণ হারাবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আওয়ামী লীগ ও জামায়াত এখন একই সুতায় গাথা মালার মতো রুহুল কুদ্দুস তালুকদার দুলু

চন্দ্রদ্বীপ নিউজ: আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। ১৯৯৬ সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করেছিল। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিনকয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামায়াত-শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, বলেন তিনি। তার কথা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে, ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে।’

এই জনসভায় দুলু ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ দলের আরও অনেক নেতা-কর্মী।




নাজিরপুরে বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) রাজনীতি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তারা জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদারসহ আরও ৪০-৫০ জন নেতাকর্মী জামায়াতের পতাকাতলে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, মো. ইস্রাফিল হাওলাদার দল থেকে বহিষ্কৃত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অনিয়মে জড়িত ছিলেন। এ কারণে চলতি বছরের ৯ মে কেন্দ্রীয় নির্দেশে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এমনকি দোকানঘরকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার এবং সেখানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙানোর অভিযোগও তার বিরুদ্ধে ওঠে।

এ বিষয়ে ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই আমি দল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার ফল।”

উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ। এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলে হুদ্দিন ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নবাগতদের আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫