কক্সবাজারের নতুন জেলা প্রশাসক উপসচিব মো.আবদুল মান্নান

চন্দ্রদ্বীপ নিউজ: ১২ সেপ্টেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফাইনালে উন্মত্ত দর্শক কর্তৃক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেপরোয়া ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা সামাল দিতে না পারার ব্যর্থতা তিন দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মান্নান। তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জুলাই-আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসক হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে যানজটের শহর কক্সবাজারে নতুন করে দেড় হাজার অটোরিকশা (টমটম) লাইসেন্স প্রদানে সহযোগিতা, বাঁকখালী নদী অবৈধ দখল উচ্ছেদের নামে দীর্ঘদিনের স্বত্ব দখলীয় বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

 




পিরোজপুরে অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জরিমানার তালিকা

  • কবির হোটেল – ১০,০০০ টাকা
  • মহসিন সু স্টোর – ৫,০০০ টাকা
  • ঝিলিক গার্মেন্টস – ২,০০০ টাকা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অবশেষে বাসায় ফিরলেন নুরুল হক নুর

চন্দ্রদ্বীপ নিউজ :১৮ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এরপর নুরুল হক বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক আজ ঢাকা মেডিকেল থেকে বাসায় যাবে এবং স্বজনদের সাথে থাকবেন  আগামীকাল মঙ্গলবার অন্য আরেকটি হাসপাতালে তাঁর নাকের অস্ত্রোপচার করা হবে।

নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান বলেন, ‘নুরুল হক এখনো হাঁটাচলা করতে পারেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও কিছুদিন সময় লাগবে। নাকের হাড় ভেঙে যাওয়ায় তিনি এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না।’

রাশেদ খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও গড়িমসি করা হচ্ছে। বিষয়টি ঝুলে থাকায় দলের পক্ষ থেকে আমরা নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’




দুপুরের মধ্যে ১০ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

চন্দ্রদ্বীপ নিউজ: দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 




চার ‘কুতুবের’ হাতে জিম্মি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-প্রশাসন অসহায় উপাচার্য

চন্দ্রদ্বীপনিউজ:ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) বিভিন্ন পদে গত শুক্র ও শনিবার প্রশাসনিক কর্মকর্তা, আইন কর্মকর্তা ও বিভিন্ন প্রকৌশল বিভাগের কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল; কিন্তু সেখানে ‘চাপ’ সৃষ্টি করছিল কয়েকটি গ্রুপ। এর মধ্যে ছিল একটি রাজনৈতিক দল, মাদ্রাসাকেন্দ্রিক একটি সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের চারজন প্রভাবশালী কর্মকর্তা। পরে শিক্ষা উপদেষ্টার কাছে এ বিষয়ে অভিযোগ গেলে তিনি নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্তের নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস দিলেও এই চার কর্মকর্তার কারণে সেটা আর হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে চার কুতুব নামে পরিচিত এসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে রেখেছেন বলেও অভিযোগ আছে।

এসব কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইয়ুব হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. রুহুল্লাহ, সহকারী রেজিস্ট্রার দিদার উল্লাহ ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হান্নান সাব্বির। তবে অন্য কর্মকর্তাদের অভিযোগ, এই চার কর্মকর্তা বিশ্বাবিদ্যালয় প্রশাসনকে নিয়ন্ত্রণ করলেও উপাচার্যের ভূমিকা রহস্যজনক। তিনি হয়তো সব কিছু জেনেও না জানার ভান করে আছেন।

অভিযোগ রয়েছে, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল, দেশের মাদ্রাসাকেন্দ্রিক একটি সংগঠন পুরো নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করেছে। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নানা ধরনের সুযোগ-সুবিধা বাগিয়ে নেওয়াসহ নিয়োগ বাণিজ্য করে আসছে বলেও অভিযোগ রয়েছে। প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় সংগঠনটির সুপারিশে কেউ না কেউ নিয়োগ পেয়েছেন, যার সংখ্যা অন্তত ৭০ জন। সংগঠনটির একজন শীর্ষ নেতার ছেলেও একই প্রক্রিয়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘আগে অনেকেই অনেকভাবে নিয়োগ পেয়েছেন। কেউ কেউ একটি সংগঠনের সুপারিশের চাকরি পেয়েছেন, এটা আমিও শুনেছি। এখন থেকে সেটি আর হবে না।’

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, গত শুক্র ও শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করার পেছনে রয়েছে নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ‘সরলতা’র সুযোগে প্রশাসন কার্যত নিয়ন্ত্রণ করছেন সহকারী রেজিস্ট্রার পর্যায়ের পাঁচ কর্মকর্তা। তাদের কারও বোন, কারও স্ত্রী, কারও শ্যালিকার নিয়োগ নিশ্চিত করতে এসব কর্মকর্তা উপাচার্যের ওপর ‘চাপ’ সৃষ্টি করেন। এদের মধ্যে তিনজন সাবেক ছাত্রলীগ নেতা এবং দুজন সাবেক শিবির নেতা।

অভিযোগ রয়েছে, রেজিস্ট্রার আইয়ুব হোসেন তার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. রুহুল্লাহর নিয়ন্ত্রণে পুরোপুরি পরিচালিত হন। সহকারী রেজিস্ট্রারই অফিস চালান এবং এসব বিষয়ে উপাচার্য শামছুল ইসলাম বলেন, ‘অনেকের বিষয়ে আমি জানি, কারও বিষয়ে নতুন শুনলাম। তবে সবার পেছনে তো গোয়েন্দা লাগানো সম্ভব না।’ নিজের পিএসের বিষয়ে তিনি বলেন, ‘অনেক মাদ্রাসার অধ্যক্ষ অবৈধ কিছু দাবি নিয়ে আসেন, সে (পিএস) যদি বুঝিয়ে বলে এতে দোষের কিছু দেখছি না। তার পরও যেহেতু অভিযোগ এসেছে, খতিয়ে দেখা হবে।’

অন্যদিকে যোগাযোগ করা হলে সহকারী রেজিস্ট্রার মো. রুহুল্লাহ রেজিস্ট্রার অফিসে কথা বলার পরামর্শ দেন। ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করবেন বলে ফোন কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যত্রতত্র কামিল মাদ্রাসার অনুমোদন দেওয়া। নিয়ম অনুযায়ী ১০ কিলোমিটারের ভেতরে একটি কামিল মাদ্রাসা থাকলে নতুন কোনো অনুমোদন দেওয়া যায় না। কিন্তু নিয়ম ভেঙে গত ১০ মাসে শতাধিক মাদ্রাসাকে কামিল স্তরে অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এসব মাদ্রাসার সক্ষমতা যাচাই করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ নিয়েছেন।

তথ্য অনুযায়ী, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর প্রথম ৮ বছরে মাত্র ২০০ মাদ্রাসাকে ফাজিল ও কামিল স্তরে অনুমোদন দেওয়া হলেও সদ্য সাবেক উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রশিদ দেড় বছরের দায়িত্ব পালনকালে অন্তত ১২০টি মাদ্রাসাকে ফাজিল-কামিল স্তরে অনুমোদন দেন। এ সিদ্ধান্তে দেশের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক-দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে এত কামিল মাদ্রাসা অনুমোদন দেওয়া হলে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা ভিক্ষা করতে বাধ্য হবে। তারা জানান, আগে কামিল পরীক্ষায় ৭০ থেকে ৮০ হাজার শিক্ষার্থী অংশ নিতেন, এখন তা নেমে এসেছে মাত্র ৪০ হাজারে।

এ বিষয়ে উপাচার্য শামছুল ইসলাম  বলেন, ‘এসব তথ্য সঠিক নয়। ফাজিল ও কামিল স্তরে যারা আবেদন করছেন তাদের সক্ষমতা যাচাই করতে পরিদর্শন টিম পাঠানো হয়। তারা ১০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো মাদ্রাসা আছে কি না, নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী আছে কি না—এসব বিষয়ে প্রতিবেদন দেওয়ার পরই তা অনুমোদন দেওয়া হয়।’ তার দাবি, ‘গত ১৫ বছরে অনেক প্রতিষ্ঠান সক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে অনুমোদন থেকে বঞ্চিত হয়েছে। সেগুলোকে এখন গুরুত্ব দিয়ে অনুমোদন দেওয়া হচ্ছে।’

 




আজ রাজধানীবাসী যেসব এলাকায় মার্কেট করতে যাবেন না

চন্দ্রদ্বীপ নিউজ: আপনার  জরুরী  কেনা কাটা করা দরকার তাই বাসা থেকে মার্কটের উদ্দেশ্যে বেরিয়েছেন কিন্তু আপনি হয়তো জানেন না  যে মার্কটের উদ্দেশ্যে  আপনি যাচ্ছেন সেটা আজ বন্ধ আর তখনই পড়তে হবে মহাবিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট বন্ধ।


বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।




৪ অক্টোবর বিসিবি নির্বাচন: নতুন নেতৃত্ব আসছে ক্রিকেট প্রশাসনে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ও বিসিবি কর্তৃপক্ষের যৌথ বৈঠকে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকে ক্রিকেটাঙ্গনে বাড়ছে উত্তেজনা।

ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তাঁর সঙ্গে রয়েছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। তারা বিসিবির সঙ্গে আলোচনার পর একটি পূর্ণাঙ্গ নির্বাচন কার্যসূচি ঘোষণা করেছেন।

সময়সূচি অনুযায়ী কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর—সেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২১ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এরপর ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, আর জমা দেওয়ার শেষ দিন ২৫ সেপ্টেম্বর। যাচাই-বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং একই দিন পোস্টাল ও ই-ব্যালট বিতরণ করা হবে।

নির্বাচনের দিন ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে জানানো হবে প্রাথমিক ফলাফল, আর ৫ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ফল।

২৫ জন পরিচালক নির্বাচিত হবেন তিন ক্যাটাগরিতে ভাগ হয়ে—বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ক্লাব প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে একজন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হবেন আরও দুই পরিচালক। নির্বাচিত এই ২৫ জন পরিচালকের মধ্য থেকেই পরবর্তীতে নির্ধারিত হবেন বিসিবির সভাপতি।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। তবে বিসিবির সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম এবারের দৌড়ে থাকছেন না।

দেশের ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন—নতুন সভাপতি হিসেবে কে নেতৃত্ব দেবেন বিসিবিকে? তার উত্তর পাওয়া যাবে ৪ অক্টোবরের নির্বাচনের পর।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাড়ে ১১ ঘণ্টা রেলপথ ও মহাসড়ক অবরোধের পর ভাঙ্গা মুক্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে সাড়ে ১১ ঘণ্টা ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়। অবরোধের ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রেলপথে নকশি কাঁথা কমিউটার এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা জংশন স্টেশনে আটকা পড়ে। অবরোধকারীরা কাফনের কাপড় পরে ট্রেন ও সড়ক অবরোধ করেন। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অনেককে ট্রেন থেকে নেমে তিন কিলোমিটার দূরত্ব হেঁটে যেতে হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা ট্রেনে আটকা যাত্রীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি।

বিকেল সাড়ে পাঁচটার দিকে অবরোধকারীরা আজকের কর্মসূচি প্রত্যাহার করেন। এর পর মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জানান, খুলনা ছেড়ে আসা নকশি কাঁথা কমিউটার ট্রেন সকাল ৯টা ৫ মিনিটে হামিরদী এলাকায় আটকা পড়ে। যাত্রীদের মধ্যে অনেকেই কাজ, শিক্ষা ও পারিবারিক দায়িত্বে ছিলেন। উদাহরণস্বরূপ, হামিদ খান খুলনা থেকে ঢাকায় চাকরিতে যোগ দিতে আসছিলেন এবং শবনম নেছা তার দুই ছেলেসহ ঢাকায় ফেরার পথে ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস নিয়ে আন্দোলন চলমান থাকলেও, আজকের মতো পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না: ফরহাদ

বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বলেছেন, ডাকসু নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক বা প্রভাব নেই। তিনি জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠভাবে জয়ী হবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত “মিট দ্যা রিপোর্টার্স” অনুষ্ঠানে ফরহাদ আরও বলেন, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার হবে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

ফরহাদ জানান, ১৯৮২ সালে তিনি বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার সংসদীয় এলাকার বড় সমস্যা নদী ভাঙন, যা রোধে বিভিন্ন প্রকল্প আনার জন্য কাজ চলছে। হিজলা এলাকার একটি প্রকল্প প্রি-একনেকে যাওয়ার অপেক্ষায় আছে।

তিনি আরও উল্লেখ করেন, গোবিন্দপুর নামে একটি চর রয়েছে, যেখান থেকে প্রতিবছর প্রায় ১০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লোকেরা উপকৃত হচ্ছে। নির্বাচিত হলে তিনি চরের প্রকৃত মালিকদের তাদের সম্পত্তি উপভোগের ব্যবস্থা করবেন।

অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাস্তা অবরোধকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের মধ্যেই যদি এ সমস্যা সমাধান না হয়, তাহলে আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”

তিনি আরও জানান, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে উদ্ভূত সমস্যাও আলোচনায় উঠে এসেছে।

ফরিদপুরের ইউনিয়নভিত্তিক আসন পরিবর্তন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের নয়। নির্বাচন কমিশন জনগণের যুক্তি-তর্ক শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “মাত্র দুটি ইউনিয়নের বিষয় নিয়ে লাখ লাখ মানুষকে জিম্মি করা হচ্ছে। যদি ক্ষোভ থাকে তবে তা যথাযথ চ্যানেলের মাধ্যমে জানানো উচিত ছিল। কিন্তু জনস্বার্থ বিরোধী কর্মসূচি গ্রহণ করা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫