উন্নয়নের নয়, দুর্নীতির জন্য প্রকল্প করা হয়: ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে অনেক প্রকল্প বাস্তবায়িত হয় উন্নয়নের জন্য নয়, বরং দুর্নীতি বৃদ্ধি করার উদ্দেশ্যে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি’ বিষয়ক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
ফাওজুল কবির বলেন, “দুর্নীতির বিষয়ে আমরা সন্তুষ্ট নই। অনেকেই চান দুর্নীতি থাকুক, যাতে তারা সুবিধা নিতে পারেন। শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে। আমরা ইতোমধ্যে জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছি। আগে ৩.২ বিলিয়ন টাকার বকেয়া ছিল, যার অনেকটাই পরিশোধ করা হয়েছে এবং প্রতিযোগিতা ফিরিয়ে আনা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় ও প্রকল্প বন্ধ করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, রোজার সময় সাধারণত লোডশেডিং হয়, এবার তা কম হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, লোডশেডিং নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করা হয়েছে, যা আগে দুর্নীতির সুযোগ সৃষ্টি করতো।
সংলাপে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষণা ফেলো সাফকাত মুনির, নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ. ন. ম. মুনীরুজ্জামান।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫











