বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

হাইকোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন। তবে আদালতের এ আদেশের ফলে আগামী ৬ অক্টোবর নির্ধারিত বিসিবি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি হবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (২২ সেপ্টেম্বর) এই আদেশ দেন।
এর আগে চার জন ব্যক্তি বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটকারীরা হলেন: রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।
বিসিবি নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনীত কাউন্সিলররা নির্ধারিত সময়ে ফরম জমা দিয়েছেন। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের মনোনয়ন দেয়নি, সেগুলো বাতিল করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে নিজে সই করে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, যা নিয়ে গত দুই দিন ধরে বিতর্ক তৈরি হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষিত অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর না দেওয়ায় বিতর্ক আরও বেড়ে যায়। বিসিবি সভাপতির এমন পদক্ষেপ গঠনতন্ত্রের ১২ এর ৭ ধারা অনুযায়ী সম্ভব নয়।
বিসিবি সভাপতি বুলবুলের চিঠি স্থগিত হওয়ায় নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না। নির্বাচনে মনোনীত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা যথাসময়ে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









