সেপ্টেম্বরে ২৭ দিনে দেশে রেমিট্যান্স সাড়ে ২৮ হাজার কোটি টাকা

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সময়ে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যার টাকার অঙ্ক দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য জানান। তিনি জানান, রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার, আর এবার এসেছে ২৩৪ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ ২৪ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী,

  • রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার
  • বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার
  • বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা)। সেপ্টেম্বরের এই আয় প্রমাণ করে যে প্রবাসীরা নিয়মিতভাবে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সমৃদ্ধ করছেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক

চন্দ্রদ্বীপ নিউজ: বাংলাদেশে  সফররত ইউরোপিয়ান ইউনিয়ন এর একটি প্রতিনিধি দলের সাথে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির এক বৈঠক অনুষ্ঠিত হয় আজ ২৭ সেপ্টেম্বর শনিবার বাংলামোটরে পার্টির কার্যালয়ে।

বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।




নির্বাচন কমিশন ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে

চন্দ্রদ্বীপ নিউজ:শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাইঅন্তে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়া হয়েছে।  বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার সপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ছয় সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 




ইসলামি বইমেলা শিশু কিশোরদের কলরবে মুখর

চন্দ্রদ্বীপ নিউজ:   আন্তর্জাতিক ইসলামি বইমেলার ১৫তম দিন আজ। সকাল ১১টা থেকে পাঠকের আনাগোনা ছিল বেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টলগুলোতে ছিল বইপ্রেমীদের ভিড়। শিশুদের প্লে জোন মুখর হতে শুরু করে শিশু-কিশোরদের পদচারণায়। শিশুদের কেউবা বাবা-মায়ের হাত ধরে, কেউবা বন্ধুদের সঙ্গে আবার কেউবা শিক্ষকদের সঙ্গে এসেছে মেলায়।

এবারের মেলায় শিশুদের জন্য রয়েছে ভিন্নমাত্রার আয়োজন। শিশুদের বই, সিরিজ, ফ্ল্যাশকার্ড ও বিজ্ঞান বাক্স—এসবের সঙ্গে রয়েছে আনন্দমুখর কিডস প্লে জোন। ফলে বই কেনা ও দেখার পাশাপাশি শিশুরা পাচ্ছে খেলাধুলার পরিবেশও।

মেলা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি প্রকাশনী শিশুদের জন্য নিয়ে এসেছে নানা বিষয়ে বই। শুধু শিশুদের বই নিয়ে স্টল দিয়েছেন, এমন প্রকাশনীর সংখ্যাও চোখে পড়ার মতো। এসব স্টলে প্রবেশ করলেই মনে হবে এ যেন কোনো শিশুরাজ্য। যেখানে শিশু-কিশোরদের রাজত্ব। তাদের জন্য রয়েছে কোরআন-হাদিসের গল্প, ইসলাম শেখা ও জানা, মাসয়ালা, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরনের বই।

প্রায় প্রতিটি বইয়ের প্রচ্ছদ চমকপ্রদ ও নজরকাড়া। শিশুদের মননের সঙ্গে মিল রেখে এসব প্রচ্ছদ করা হয়েছে। বইয়ের ভেতরেও আছে নানা ধরনের অলঙ্করণ, গ্রাফিক ইত্যাদি।

স্টল ঘুরে ঘুরে দেখা গেছে, শিশু-কিশোরদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে এসেছে বেশ কয়েকটি প্রকাশনী। এর মধ্যে ফিউচার উম্মাহ বিডি, বিজ্ঞান বাক্স, লিটল উম্মাহ, টুন টুন, আতফাল প্রকাশনী, শিশু কানন, গার্ডিয়ান পাবলিকেশনস, সিয়ান, সমর্পণ, সন্দীপন, রাহনুমা প্রকাশনী, সুকুন পাবলিশিং, নাশাত পাবলিকেশন ইত্যাদি উল্লেখযোগ্য।

ঢাকার এক মাদরাসাশিক্ষক সন্তানদের নিয়ে এসেছেন বইমেলায়। জানতে চাইলে তিনি বলেন, শিশুদের জন্য সুন্দর আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। এখানে এলে শিশুরা আনন্দ খুঁজে পায়, বই পড়ার প্রতিও আগ্রহ বাড়ে। তাই তাদের নিয়ে এসেছি। আনন্দ করার পাশাপাশি ওরা বইও কিনেছে।

 




বিদেশি ঋণে সীমা বেঁধে দিল আইএমএফ বাংলাদেশের ঋণ সক্ষমতা নিয়ে উদ্বেগ

চন্দ্রদ্বীপ নিউজ: বাংলাদেশের ওপর প্রথমবারের মতো বিদেশি ঋণ গ্রহণে সরাসরি সীমা আরোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ ৮.৪৪ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিতে পারবে—এমন শর্তই দিয়েছে সংস্থাটি।

গত জুনে ৫.৫ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের সময় এই নতুন সীমা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে মূল ঋণের পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয় এবং প্রোগ্রামের মেয়াদ ছয় মাস বৃদ্ধি পায়।

বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণের ওপর এমন সীমাবদ্ধতা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে দেশের ঋণ সক্ষমতা নিয়ে আইএমএফের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।

নতুন শর্ত অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ সর্বোচ্চ ১.৯১ বিলিয়ন ডলার এবং প্রথম ছয় মাসে ৩.৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক ঋণ নিতে পারবে। এর বাইরে যেতে হলে আইএমএফের অনুমোদন প্রয়োজন হবে।

আইএমএফ প্রতি তিন মাস অন্তর ঋণ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করবে। এটি বাংলাদেশ সরকারের নতুন ঋণ চুক্তি ও বৈদেশিক ব্যয় পরিকল্পনার ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আইএমএফের সাম্প্রতিক ঋণ স্থায়িত্ব বিশ্লেষণ (Debt Sustainability Analysis, DSA) অনুযায়ী বাংলাদেশকে ‘মধ্যম ঝুঁকি’র দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে, ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশকে ‘কম ঝুঁকি’র দেশ হিসেবে বিবেচনা করা হতো। তবে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে ঋণ পরিশোধ সক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়, বিশেষ করে রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনায় ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায়।

DSA রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ঋণ-রপ্তানি অনুপাত দাঁড়িয়েছে ১৬২.৭ শতাংশ, যা পূর্বাভাস অনুযায়ী ১১৬-১১৮ শতাংশ হওয়ার কথা ছিল। একই সঙ্গে ঋণ-রাজস্ব অনুপাতও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন “আইএমএফ আগে বাংলাদেশের ঋণ পরিস্থিতি নিয়ে সোনালী চিত্র তুলে ধরত। কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতি ও লিকুইডিটি সংকট সেই ‘রূপকথার গল্প’ বদলে দিচ্ছে।” তিনি আরও বলেন, আগে কেবল ঋণ-জিডিপি অনুপাত বিবেচনায় নেওয়া হতো, এখন রিজার্ভ পরিস্থিতি ও বৈদেশিক আয়ের ভিত্তিতে ঋণ নীতিতে পরিবর্তন আনা হচ্ছে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “নির্বাচনের আগে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার অংশ হিসেবেই আইএমএফ এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে বড় চাপ তৈরি করতে পারে।”

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে যেখানে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২০.৩ বিলিয়ন ডলার, সেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৬৮.৮ বিলিয়ন ডলারে।

২০২৫ সালের জুনে বৈদেশিক ঋণের পরিমাণ পৌঁছেছে ৮০.১৯ বিলিয়ন ডলারে, অর্থাৎ গত ১৩ বছরে তিনগুণেরও বেশি ঋণ বৃদ্ধি পেয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বৈদেশিক ঋণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি।

তবে, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, বর্তমানে উদ্বেগের কিছু নেই। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই ও আগস্টে মাত্র ২৩৪ মিলিয়ন ডলারের নতুন ঋণ গ্রহণ করা হয়েছে, যা আইএমএফ নির্ধারিত সীমার অনেক নিচে।

২০২৪-২৫ অর্থবছরেও নতুন ঋণ গ্রহণ ছিল ৮.৩২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।

আইএমএফের নতুন ঋণ সীমা আরোপ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি দেশের ঋণ ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা আনার ইঙ্গিত দেয়।

এখন প্রয়োজন, রাজস্ব আয়, রপ্তানি সক্ষমতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া।




বরিশালে রাজনৈতিক তর্কে প্রতিপক্ষের হামলায় কৃষক দল নেতা নিহত

বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিপক্ষের মারধরে ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল লতিফ (৫৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এই ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল লতিফ ছিলেন সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজ শেষে আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেয়া দেলোয়ার ঘরামীর সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে তর্ক হয়। একপর্যায় দেলোয়ার ঘরামী আব্দুল লতিফকে কানে চড় দেন। এতে তিনি নিচে পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ ৭-৮ জন মারধর চালিয়ে আব্দুল লতিফকে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বলেন, রাজনৈতিক তর্কের জের ধরে এই মারধরের ঘটনা ঘটেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরে নৌকায় ভেসে সবজির হাট, প্রাণ ফিরে এলো নদীতে

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে ভেসে বেচাকেনার ঐতিহ্যবাহী হাট জমে উঠেছে। ভোরের আলো ফুটতেই নদী-খালের তীরে মানুষের আনাগোনা বেড়ে যায়। বিক্রেতারা নৌকায় পণ্যের পসরা সাজান, ক্রেতারা নৌকা থেকে নৌকায় ঘুরে দর কষেন ও কেনাকাটা করেন। দিনের আলো প্রখর হওয়ার আগেই দিনের কেনাবেচা শেষ করে সবাই ফিরে যান। স্থানীয়ভাবে এই বাজারকে ‘ভাসমান হাট’ বলা হয়।

তথ্য মতে, স্বাধীনতার আগে দক্ষিণাঞ্চলের নদী-খাল-বিল এলাকায় সড়ক যোগাযোগ সীমিত থাকায় নৌকায় ভাসমান হাটের প্রচলন শুরু হয়। বর্তমানে এসব হাট জেলা শহরের সঙ্গে সরাসরি সংযুক্ত। বর্ষার মৌসুমে ভাসমান হাটগুলো সবচেয়ে জমজমাট হয়। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর-কুড়িয়ানা এবং ঝালকাঠি সদরের ভীমরুলি হাট পর্যটন খ্যাতি অর্জন করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক, সরকারি কর্মকর্তারা এবং বিদেশি রাষ্ট্রদূতরা এই হাট দেখতে আসেন।

স্থানীয়রা জানায়, আটঘর-কুড়িয়ানার ভাসমান হাট কমপক্ষে ২০০ বছর আগে শুরু হয়। নাজিরপুরের বেলুয়া নদীর সবজিসহ কৃষিপণের হাটও শতবর্ষের ইতিহাসের ধারক। এছাড়া পিরোজপুর-ঝালকাঠির বিভিন্ন স্থানে ছোট পরিসরে ভাসমান হাট রয়েছে। স্বরূপকাঠি, ঝালকাঠি ও বানারীপাড়া উপজেলায় ফলের বাগানও রয়েছে। বিশেষ করে পেয়ারা ও আমড়া বাগান এই অঞ্চলকে পরিচিত করেছে।

ভাসমান হাটে পেয়ারা ও আমড়া মৌসুমে প্রতি শুক্র ও মঙ্গলবার লাখ লাখ টাকার পাইকারি লেনদেন হয়। পাইকাররা সারাদেশে সরবরাহ করেন। আটঘর হাটে কৃষকরা নৌকা কিনে নিয়ে যান। ভাসমান হাটের এই অনন্য বাণিজ্যিক ও পর্যটন সংস্কৃতি এখানে দীর্ঘদিন ধরে চালু আছে।

পর্যটকরা নৌকায় ঘুরে ঘুরে বাগানের সৌন্দর্য ও ফলের বেচাকেনা উপভোগ করেন। বিশেষ করে ভীমরুলি বাজারে প্রতিবছর দেশি-বিদেশি পর্যটকরা আসেন। বিভিন্ন দেশে রাষ্ট্রদূতরা পিরোজপুরের এই ভাসমান হাট দেখতে আগ্রহী। এই বাজার ও বাগানগুলো স্থানীয় ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার একটি চমৎকার উদাহরণ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার দেখা দিতে পারে:তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকে, আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের উদ্ভব ঘটতে পারে। তিনি বলেন, “একটি কথা, সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ। সবার আগে বাংলাদেশ।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান আরও বলেন, “বক্তব্য অনেক হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে। সম্মেলনের শ্লোগান হোক – ঐক্য, জনগণ এবং পুনর্গঠন। নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করছেন। কেউ জেলে গেছেন, কেউ গুম হয়েছেন। স্বৈরাচারের পতন ঘটেছে। এখনই সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে। সকলকে মিলে সুন্দর ঘর গঠন করতে হবে এবং জনগণের কাছে পৌঁছাতে হবে।”

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা ও ১০৭টি ইউনিয়ন এবং ৯৯৯টি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতি ও ধর্ম নির্বিশেষে মিলিত হয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সকলের সহযোগিতা অপরিহার্য।

ড. ইউনূস শনিবার একটি বাণীতে দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “সকল অশুভ, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। দুর্গাপূজা উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা করি।”

তিনি আরও উল্লেখ করেছেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মমতে, দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে এসে ভক্তদের কল্যাণ সাধন করেন, শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরকে আরাধনা করার এই উৎসবের তাৎপর্য বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন তৈরি করেছে।

ড. ইউনূস বলেন, “সব ধর্মের মানুষ মিলেমিশে বাংলাদেশকে শান্তি, মৈত্রী ও সমৃদ্ধির দেশে পরিণত করতে পারে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, এবারের দূর্গাপূজা সারাদেশে নির্বিঘ্নে, উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপিত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাকে সমুন্নত রাখবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোটের মাঠে সরগরম ঝালকাঠি, ভোটারের দ্বারে দ্বারে ছোটাছুটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ও ঘোষিত প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা সমর্থন চাইছেন। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন, ফলে নির্বাচনী মাঠে সরগরম পরিবেশ তৈরি হয়েছে।

জেলার দুটি আসনেই বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা বাড়ছে। জামায়াতে ইসলামী জেলার সব আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী চূড়ান্ত করেছে। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঝালকাঠি-২ আসনে কেন্দ্রীয় নেতা মনোনয়ন চাইবেন।

ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া):
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন: ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নিউইয়র্ক দক্ষিণ কমিটির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিক হাওলাদার, জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি ও রাজাপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ড. জাকারিয়া লিংকন। এছাড়া সদ্য যোগ দেওয়া নতুন সদস্য কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান ও দলের সদস্য ড. ফয়জুল হক মনোনয়ন চান।
জামায়াতে ইসলামীর প্রার্থী: জেলা কমিটির কর্ম পরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন।

ঝালকাঠি-২ (জেলা সদর ও নলছিটি):
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর।
জামায়াতে ইসলামী: ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম।
এবি পার্টি: কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জামাল উদ্দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জেলা শাখার উপদেষ্টা ডা. সিরাজুল ইসলাম সিরাজী।

মাঠে নেতাকর্মীরা সক্রিয় হওয়ার কারণে ভোটপ্রচারের গতিপ্রকৃতি গত কয়েক বছরের তুলনায় অনেক তীব্র। নির্বাচনী পদচারণা ও জনসংযোগে অংশ নেওয়া স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫