২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, তীরে ফিরেছেন ভোলার জেলেরা

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

সরকারি নির্দেশনা মেনে ইতোমধ্যেই জাল, নৌকা ও ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে তীরে ফিরে এসেছেন ভোলার হাজারো জেলে। শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি, শিবপুরের ভোলার খাল এলাকা ও মেঘনা নদীর তীরবর্তী জেলে পল্লীগুলোতে গিয়ে দেখা গেছে ব্যস্ততার চিত্র। কোথাও জেলেরা ট্রলার নোঙর করছেন, কেউ ইঞ্জিন খুলে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ জাল গোছানো ও মেরামতে ব্যস্ত।

তুলাতুলি এলাকার জেলে ফিরোজ মাঝি ও আকবর মাঝি বলেন, মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। সম্প্রতি মাছ ধরা শুরু হলেও নিষেধাজ্ঞা আসায় আবারও নদী থেকে ফিরতে হলো। তারা অভিযোগ করেন, বাজারে মাছ বিক্রি করলেও দাম বেশি মেলেনি।

এদিকে জেলে আলমগীর মাঝি ও ছগির মাঝি জানান, প্রতি বছরের মতো এবারও তারা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলবেন। তবে দাবি করেন—নিষেধাজ্ঞার সময় যেন অসাধু জেলেরা নদীতে না নামে এবং জেলেদের জন্য বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ভোলা জেলার সাত উপজেলায় প্রায় ১ লাখ ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন জেলেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে। আমাদের লক্ষ্য আগামী ১০ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ বিতরণ শেষ করা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মা ইলিশ রক্ষায় বরিশালে শুরু ২২ দিনের বিশেষ অভিযান

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে টানা ২২ দিনের বিশেষ অভিযান। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর ডিসি ঘাট থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে এক বর্ণাঢ্য নৌর‍্যালির মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করা হয়।

কীর্তনখোলা নদীতে আয়োজিত নৌর‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য পরিচালক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দে, র‌্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

অভিযানে এবার প্রথমবারের মতো আকাশ থেকে নজরদারিতে যুক্ত করা হয়েছে আধুনিক ড্রোন। পাশাপাশি নদীতে নিয়মিত টহল দিচ্ছে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র‌্যাব। শুধু নদী নয়, হাট-বাজার, মাছের আড়ত, লঞ্চ ও বাস টার্মিনালেও পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা হতে পারে।

বরিশাল জেলায় প্রায় ৮০ হাজার জেলের মধ্যে কার্ডধারী ৬৬ হাজার জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এতে মোট বরাদ্দ হয়েছে ১ হাজার ৬৬৩ মেট্রিক টন চাল। শুধু বরিশাল বিভাগেই রয়েছে প্রায় সাড়ে চার লাখ জেলে, যাদের মধ্যে সাড়ে তিন লাখ পরিবার পাচ্ছে এ সহায়তা।

জেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে ৫৪টি বিশেষ টিম মাঠে কাজ করছে। অভিযানের সার্বিক তদারকিতে নিয়োজিত রয়েছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মূল লক্ষ্য হলো— মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পায়, যাতে উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশের বাজারে ইলিশের সরবরাহ আরও বাড়ানো যায়।

অভিযান শেষে জেলা প্রশাসক ও মৎস্য কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, কঠোর নজরদারি থাকায় এ বছর মা ইলিশ সংরক্ষণের অভিযান আগের যেকোনো সময়ের চেয়ে সফল হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রশিদ মোহরী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী ‘সেভেন স্টার পরিবহন’ বাসটি পথচারীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কের অব্যবস্থাপনা এবং গাড়ির অতিরিক্ত গতি বারবার মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

পটুয়াখালী সদর থানার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। শুক্রবার রাতের এ অভিযানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে জানা গেছে।

আটককৃতরা হলো— তালহা মৃধা (২০), মো. আল কাইয়ুম রিফাত (২১), মো. নাজমুল হাসান (১৯) এবং মো. সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯)। এরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে অর্থ আদায় করত বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। তদন্তে আরও জানা গেছে, এ গ্যাং দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ বলেন, “কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আমরা শূন্য সহনশীল নীতি অবলম্বন করেছি। শহরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী শহরের স্থানীয় বাসিন্দারা পুলিশি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন অভিযান নিয়মিত চালানো হলে এলাকায় শান্তি ফিরে আসবে।”

শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমবে বলে আশাবাদী সাধারণ মানুষ।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২৭ লাখ টাকার সেতু, অথচ উঠতে হয় মই দিয়ে

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকায় ২৭ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে এলাকাবাসী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাধ্য হয়ে বাঁশের মই ব্যবহার করতে হচ্ছে। সেতু নির্মাণের পরও সংযোগ রাস্তা না থাকায় তারা সেতুর পূর্ণ সুবিধা পাচ্ছেন না। বর্ষা মৌসুমে সেতুর নিচের অংশ পানির তলায় তলিয়ে যায়, আর শুকনো মৌসুমে দুইপাশের মই বেয়ে সেতু পারাপার করতে হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের। প্রায়ই মানুষ মই বেয়ে সেতু পারাপারে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বাশাইল কলেজের ছাত্রী ফাতেমা আক্তার জানান, “মই বেয়ে সেতু পারাপার করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। তবুও অন্য কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১২ এপ্রিল বাশাইল এলাকার ওয়াপদা খালের ওপর সেতু নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগস্ট নির্মাণ কাজ শুরু করে। চলতি বছরের মার্চে কাজ শেষ করা হলেও সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি।

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, সেতু নির্মাণের ছয় মাস অতিবাহিত হলেও দুইপাশের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ হয়নি। ফলে জনগুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও এলাকাবাসীকে বাঁশের মই বেয়ে পারাপার হতে হচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজের মালিক মো. বাদল হোসেন বলেন, “আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও প্রকৃত কাজ করেছে অন্য কেউ। যারা কাজ করেছেন তাদের সাথে যোগাযোগ করে এ্যাপ্রোচ সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা জানিয়েছেন, “সেতুর টেন্ডার আমার আগমনের পূর্বে হয়েছে। আমি সরেজমিন পরিদর্শন করে যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করব।”

ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত সময়ে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আগামী ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টিরপাতের সম্ভাবনা

চন্দ্রদ্বীপ নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে । এছাড়া অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।

এর মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ ৫ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 




অচিরেই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

চন্দ্রদ্বীপ নিউজ: শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।

প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি।

তবে সেটি অফিশিয়াল হবে তফসিল ঘোষণার পরে।’

তিনি বলেন,  নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।




নাটকীয় জয় পেল টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাংলাদেশ নারী দলের মতোই পূর্ণাঙ্গ নাটকীয়তায় জিতল বাংলাদেশ জাতীয় দল। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৬ রান। পরিস্থিতি সহজ মনে হলেও ম্যাচের শেষ অংশে টাইগাররা রীতিমতো সংগ্রামে পড়েছিল।

ম্যাচের ১৯তম ওভারে আফগানিস্তানের বোলিংয়ে এসেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। এই ওভারে নুরুল হাসান সোহান ব্যাট হাতে টানা দুইটি ছক্কা মেরে বাংলাদেশের জয়ের পথ উন্মুক্ত করেন। তৃতীয় বলে আসে একটি সিঙ্গেল, চতুর্থ বলে রিশাদের শট উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পরিণত হয়। অবশেষে ৮ বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে যায় ১৫৩ রানে, ৬ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে।

দলীয় জয়ের পথ শুরু হয় উদ্বোধনী জুটিতে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে। দুই ওপেনারই আফগান বোলারদের কঠিন প্রতিরোধের মধ্যে দিয়ে অর্ধশতক পূর্ণ করেন। তানজিদ ৫১ রান করে ফিরে যান, আর পারভেজ ৫৪ রান করে সাজঘরে। এরপর দলের বাকি ব্যাটাররা তুলনামূলকভাবে নির্ধারিত রানের দিকে এগোতে পারেননি।

শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ বলে ৪৩ রান, হাতে সবকটি উইকেট। আফগান স্পিনার রশিদ খানের বল যেন টাইগারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। এই স্পিনারের শিকার হয়েছেন বাংলাদেশের ৪ জন ব্যাটার, আর দলের রান ১১৮ এ এসে দাঁড়ায়। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসান ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। সোহান ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন, রিশাদ ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫১ রান। সর্বোচ্চ ৪০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। বাংলাদেশের বোলিংয়ে নাসুম আহমেদ প্রথমে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন। ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন তিনি। এরপর দারউইস রাসুলি ও মোহাম্মদ ইশাক দুইজনই দুই অঙ্কের রান করতে না পারায় আফগানিস্তান দল বিপাকে পড়ে।

শেষ দিকে মোহাম্মদ নবি ঝড়ো ব্যাটিং প্রদর্শন করেন। ১৮তম ওভারে তিনটি ছক্কার সাহায্যে দলের রান বৃদ্ধি করেন, শেষ পর্যন্ত ২৫ বলে ৩৮ রান করেন। অপরাজিত থাকেন শরাফুদ্দিন আশরাফ ১২ বলে ১৭ রান করে।

বাংলাদেশের ব্যাটিং ক্রম এবং শেষ পর্যন্ত জয়ের নাটকীয়তা দেখালো দলের মানসিক দৃঢ়তা এবং সংযম। টাইগারদের এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যৎ ম্যাচগুলোর জন্য আশাব্যঞ্জক বার্তা দিয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র-গবেষণার জীবন্ত মহীরুহ আহমদ রফিক আর নেই

বাংলাদেশের সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র-গবেষণার জীবন্ত মহীরুহ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৯৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান জানান, রাত ১০টা ১২ মিনিটে আহমদ রফিকের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

এর আগে বুধবার তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বারডেমে নেওয়া হয়। সেখানে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সংজ্ঞাহীন ছিলেন এবং অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি একাধিক মৃদু স্ট্রোকও হয়েছিল তাঁর।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রখ্যাত রবীন্দ্রবিশেষজ্ঞ। সেখানে কিছুটা সুস্থ হয়ে ওঠায় তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ওই দিনই শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাঁকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে না পারায় গত রোববার তাঁকে স্থানান্তর করা হয় বারডেম হাসপাতালে। সেখানেই জীবনের শেষ সময় কাটান তিনি।

বাংলা সাহিত্যে ও রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অপরিসীম। দীর্ঘ জীবনে তিনি অসংখ্য প্রবন্ধ, কবিতা ও গবেষণার মাধ্যমে পাঠক সমাজকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে তাঁর বিশ্লেষণ ও গবেষণা আগামী প্রজন্মের কাছে পথপ্রদর্শক হয়ে থাকবে।

সাহিত্যপ্রেমীরা বলছেন, আহমদ রফিক ছিলেন একাধারে সৃজনশীল কবি, চিন্তাশীল প্রাবন্ধিক এবং নিবেদিত রবীন্দ্র-অনুরাগী। তাঁর প্রস্থান বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশবাসী তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপট দেখাল বাংলাদেশ নারী ক্রিকেট দল

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ৭ উইকেটের দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে পাকিস্তানের ইনিংসে। তরুণ পেসার মারুফা আক্তার প্রথম ওভারেই দুই ওপেনারকে সাজঘরে পাঠান। এরপর নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারের ঘূর্ণি আক্রমণে একের পর এক ব্যাটার বিপর্যস্ত হয়ে পড়ে। মুনিবা আলি ও রামিন শামীম কিছুটা লড়াই করলেও খুব বেশি এগোতে পারেননি। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন ৩ উইকেট মাত্র ৫ রানে। মারুফা ও নাহিদা আক্তার দু’জন করে উইকেট শিকার করেন। নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ। ফারজানা হক দ্রুত আউট হলেও অভিষেক ম্যাচ খেলতে নামা রুবাইয়া হায়দার ঝিলিক দেখান তার মেধার ঝলক। ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ করেন ২৩ রান এবং সোবহানা মোস্তারী মাত্র ১৯ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে টাইগ্রেসরা পায় দাপুটে জয়। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন রামিন শামীম, ফাতিমা সানা ও ডায়ানা বাইগ।

এই জয় শুধু গ্রুপ পর্বে সাফল্যের শুরু নয়, বরং টাইগ্রেসদের আত্মবিশ্বাস আরও উঁচুতে তুলে নিল। বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রণ, ফিল্ডারদের সতর্কতা আর রুবাইয়ার অভিষেক ফিফটি যেন ইঙ্গিত দিচ্ছে—এই বিশ্বকাপে বাংলাদেশ নারীরা চমক দেখাতে প্রস্তুত।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম