হয় শাপলা দিন, নয়তো ধান, সোনালি আঁশ প্রতীক বাদ :নাসীরুদ্দীন পাটওয়ারী

চন্দ্রদ্বীপ নিউজ : নির্বাচন কমিশনকে কঠিন শর্ত দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার  বৈঠকে   তারা বলেন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তিনি বলেন, ‘শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না।’

শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনি বা রাজনৈতিক বাধা নেই দাবি করে এনসিপির এই নেতা বলেন, অদৃশ্য শক্তির হাত রয়েছে। তিনি বলেন, কেন তারা শাপলা দেবে না, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি—হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।

আড়াই ঘণ্টার বৈঠকে প্রতীক প্রশ্নে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুই ঘণ্টা আমরা ওনাদের প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান, সেটাতে আপনার ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। উনাদের যে ধৈর্যশক্তি, সেটার আমরা যথেষ্ট প্রশংসা করি কিন্তু আমরা এটা লাস্ট তাঁদের বলে এসেছি যে আপনি যদি শাপলা না দেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে।’

 




ডিজিটাল নিরাপত্তা আইনে সাজাপ্রাপ্ত-অভিযুক্তরা সবাই খালাস সব মামলা বাতিল

চন্দ্রদ্বীপ নিউজ: আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫এর সংশোধনী অনুমোদন  দেয়া হয়েছে ।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনীর একটি ধারায় বলা হয়েছে-ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ৩১ এবং উক্ত ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটনে সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট তদন্তাধীন মামলা বা কার্যক্রম বাতিল হবে এবং তাদের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না এবং উক্ত ধারাসমূহের অধীন কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব নতুন অধ্যাদেশের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত হবে।




দেশ ছাড়িয়ে উপমহাদেশেও জনপ্রিয় বরিশালের টক-মিষ্টি আমড়া

টক-মিষ্টি অনন্য স্বাদের জন্য বরিশালের আমড়া এখন শুধুই স্থানীয় পণ্যে সীমাবদ্ধ নয়—দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে উপমহাদেশের বিভিন্ন প্রান্তেও। ভারতের আগরতলা, কলকাতা, আসাম ও মেঘালয়ের বাজারে এখন বরিশালের আমড়ার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। সম্প্রতি সরকার এই আমড়াকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বরিশালের কৃষিকে এনে দিয়েছে নতুন মর্যাদা ও বাণিজ্যিক সম্ভাবনা।

বরিশাল অঞ্চলে বর্তমানে প্রায় ২,৫০০ হেক্টর জমিতে প্রতি মৌসুমে ২৫,০০০ টন আমড়া উৎপাদিত হয়। কৃষিবিদদের মতে, আবাদ বাড়িয়ে এটি যদি ১০,০০০ হেক্টরে সম্প্রসারণ করা যায়, তাহলে উৎপাদন লাখ টন ছাড়াতে পারে। স্থানীয় নার্সারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন উন্নতমানের আমড়া চারা উৎপাদন ও সরবরাহ করছে, যা কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে।

বরিশালের আমড়া শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও আয়রন, যা রক্তস্বল্পতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এছাড়া এটি জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, দাঁতের স্বাস্থ্য রক্ষা, ব্রেন স্ট্রোক ও হৃদরোগ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় কৃষিবিদদের মতে, আমড়া চাষে বরিশালের আবহাওয়া অনুকূল। এ অঞ্চলের কৃষকরা এখন আমড়াকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে দেখছেন। প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুললে আমড়া থেকে জুস, জেলি ও আচার তৈরি করে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রফতানির সম্ভাবনা উজ্জ্বল।

ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার বলেন, “আমড়ার আবাদ সম্প্রসারণে আমরা ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে আবাদ আরও বাড়ানো এবং রফতানি সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।”

বরিশালের এই বিশেষ জাতের আমড়া এখন শুধু ফল নয়—এটি হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের কৃষি-অর্থনীতির এক নতুন সম্ভাবনার প্রতীক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে চিকিৎসা সেবা বন্ধ, এক রোগীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের সংঘর্ষে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে সাতজন আহত হন এবং চিকিৎসা সেবা বন্ধ থাকায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে স্থানীয় দুই অ্যাম্বুলেন্স মালিক—জাবেদ সেলিম ও জামাল সিকদারের মধ্যে পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হাসপাতাল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আধা ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগী হাফিজুর রহমান (৬০) মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার দিয়াশুর গ্রামের নুর মোহাম্মদ আকনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, চিকিৎসা বন্ধ থাকায় তার মৃত্যু হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, হাফিজুর রহমানকে আনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইসিজি পরীক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম, তার ভাই সালাম বেপারী, ইলিয়াস সরদারসহ অন্তত সাতজন। তাদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন বলেন, “হাসপাতালের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। রোগীদের সেবা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অনিয়ম ও জায়গা দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণায় ‘University Entrepreneur Award & Expo 2025’ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত

বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশের শীর্ষ তরুণ-নির্ভর প্রতিষ্ঠান Lynovexa Limited আয়োজন করতে যাচ্ছে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ — “University Entrepreneur Award & Expo 2025”।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ও প্রবর্তক Lynovexa Limited-এর ম্যানেজিং ডিরেক্টর এবং University Entrepreneur Award-এর ফাউন্ডার সাদাত শাহ আল মুইজ।

তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান এবং উদ্যোক্তা-নেটওয়ার্ক তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

সাদাত শাহ আল মুইজ বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে। বিদেশে কর্মসংস্থান, সরকারি-বেসরকারি চাকরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যুক্ত হওয়ার পরও প্রায় ১০ লাখ তরুণ শোভন কর্মসংস্থানের সুযোগ পায় না। যদি এই তরুণদের মাত্র ১০ শতাংশকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, তবে তারা নিজেরাই বাকিদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে। University Entrepreneur Award & Expo 2025 তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

ইভেন্টের Organizing Board Advisor হিসেবে যুক্ত হয়েছেন ইউএস-বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এবং রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স ও প্রসেস ডিজিটালাইজেশন বিভাগের জেনারেল ম্যানেজার আহমাদ জাওয়াদ।

তারা দুজনই তরুণ উদ্যোক্তাদের সহায়তা, দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আয়োজনের কাঠামো ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কামরুল ইসলাম বলেন, এই আয়োজন তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই আগামী দিনের সফল উদ্যোক্তা ও দেশের অগ্রযাত্রার পথপ্রদর্শক হবে।

আহমাদ জাওয়াদ বলেন,বর্তমানে তরুণরা সীমাবদ্ধতায় আবদ্ধ থাকতে চায় না। তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় গণ্ডি পেরিয়ে। University Entrepreneur Award & Expo 2025 হবে সেই স্বপ্নকে বাস্তবায়নের অনন্য এক প্ল্যাটফর্ম।”*

১৪ অক্টোবর ২০২৫ শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ঢাকা আয়োজক:Lynovexa Limited ফাউন্ডার ও কনসেপ্ট ইনিশিয়েটর: সাদাত শাহ আল মুইজ, ম্যানেজিং ডিরেক্টর, Lynovexa Limited ইভেন্ট পার্টনার: Bangladesh & Powered by Sales Machine সহযোগী প্রতিষ্ঠান: ইউএস-বাংলা গ্রুপ, পোলার আইসক্রিমসহ অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠান ।

প্রথম ধাপে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা পরবর্তীতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধু উদ্যোক্তা ধারণার সঙ্গে পরিচিত হবেন না, বরং নিজেরা স্টার্টআপ উদ্যোগ তৈরি ও বাস্তবায়নেরও সুযোগ পাবেন।




ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৭ জন রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রবাসীরা সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাকের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গাড়িতে মোট ১১ জন ছিলেন। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।”

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সজীব চৌধুরী, যিনি নিজেও সন্দ্বীপের বাসিন্দা, জানান—
“আমরা সবাই একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা মাছ ধরে গাড়িতে করে ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সবাই মারা যান। অনেকের দেহ বিকৃত হয়ে গেছে।”

দুর্ঘটনার পর ওমান পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে দুকুম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

নিহতদের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকার মানুষ শোকাহত। প্রবাসী সহকর্মীদেরও মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। দিনটি উপলক্ষে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা।

বুধবার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক এস. এম. শাহাজাদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা, এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মণ্ডল

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। একটি দেশ তখনই প্রকৃত অর্থে এগিয়ে যায়, যখন মেয়েরা শিক্ষা, নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ পায়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম বলেন, “কন্যাশিশুদের স্বপ্ন পূরণের পথ সুগম করতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সহযোগিতা দরকার। মেয়েরা এগিয়ে গেলে সমাজ ও দেশ এগিয়ে যাবে।”

সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার

এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং নারী উন্নয়ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইউনেস্কোর সভাপতি নির্বাচিত বাংলাদেশি কূটনীতিক খন্দকার এম তালহা

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি মাত্র তিন ভোটের ব্যবধানে জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে আসীন হয়েছেন।

প্যারিস ও ঢাকায় নিযুক্ত কূটনীতিক সূত্রে জানা গেছে, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি পদে বাংলাদেশ, জাপান, ভারত ও উত্তর কোরিয়া প্রার্থীতা জমা দিয়েছিল। তবে গত সেপ্টেম্বর মাসে ভারত ও উত্তর কোরিয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।

ভোটে খন্দকার এম তালহা পান ৩০ ভোট, আর জাপানের টেকহিরো কানো পান ২৭ ভোট। এই তিন ভোটের ব্যবধানেই প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে প্যারিসে নিযুক্ত বাংলাদেশ মিশন এবং ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউনেস্কোর ৪৩তম সাধারণ অধিবেশন শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর, উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন, যেখানে বিশ্ব সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ এই সংস্থার সভাপতির মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলো। এটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

খন্দকার এম তালহা একজন পেশাদার কূটনীতিক, তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৫তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

জেলার দুমকি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতনে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আল-আমিন এবং ইসলামী আন্দোলন দুমকি উপজেলার প্রধান উপদেষ্টা মাহাবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন এবং দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার) প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভান্ডার। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নবান হওয়া সামাজিক দায়িত্ব। নতুন প্রজন্ম যদি প্রবীণদের প্রতি দায়িত্বশীল হয়, তবে সমাজ আরও সমৃদ্ধ ও মানবিক হয়ে উঠবে।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




 হিজলায় মা ইলিশ অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, আটক ৭

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর জেলেদের অস্ত্রধারী হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৭ জন জেলে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মূল মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ ধরছিল। খবর পেয়ে যৌথ দল অভিযান চালালে জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কর্মকর্তারা আহত হন এবং মৎস্য বিভাগের একটি স্পিডবোট ভাঙচুর করা হয়।

অভিযান শেষে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন— জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ ঘরামী, সাদম মাঝি, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন বেপারী। এদের মধ্যে রায়হান পাটোয়ারীকে হামলার মূল নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “অবৈধ মাছ ধরার খবর পেয়ে অভিযান চালাই। জেলেরা হামলা চালালেও আমরা অভিযান চালিয়ে যাই। মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, “হামলায় কয়েকজন আহত হলেও অভিযান চলবে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০সরকারি কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হচ্ছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫