জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার

চন্দ্রদ্বীপ নিউজ: আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।  জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিশন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা।

আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, ১৫ অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে।

 




পটুয়াখালীতে র‍্যাবের পিকনিকের গাড়ি দুর্ঘটনায় দুই বছরের শিশুর মৃত্যু, আহত ২২

পটুয়াখালী সদরে র‌্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। নিহত ও আহত সবাই র‌্যাবের গাড়িতে ছিলেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, র‌্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু নিহত হয় এবং র‌্যাব সদস্যসহ ২২ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে এক শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান জানান, “দুর্ঘটনার পর হাসপাতালে ২০ থেকে ২২ জন আহতকে ভর্তি করা হয়েছে। নিহত শিশুটির বয়স দুই বছর। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ অন্যান্য স্থানে পাঠানো হয়েছে।”

 

আল-আমিন



পটুয়াখালীর ৪ প্রভাবশালী নেতার সাক্ষাৎকার বিএনপির মনোনয়ন বোর্ডে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ডাকে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন পটুয়াখালী জেলার চারজন শীর্ষস্থানীয় ও প্রভাবশালী নেতা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে তারা পৃথকভাবে অংশ নেন এবং নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন।

দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ আসন (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের ডাকা হয়েছে তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু

সূত্র জানায়, সাক্ষাৎকারে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক সক্ষমতা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “দীর্ঘদিন ধরে আমি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলের আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “গত দুই দশক ধরে তৃণমূলের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি।”

অন্যদিকে সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু জানান, “আমি পৌর মেয়র থাকাকালে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি এবং এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে দলের পক্ষে মাঠে আছি।”

মনোনয়ন সাক্ষাৎকারে চারজনই দলের প্রতি তাদের আনুগত্য, তৃণমূল পর্যায়ে প্রভাব, জনপ্রিয়তা ও নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার শেষে তাদের যোগ্যতা, সাংগঠনিক প্রভাব ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা মূল্যায়ন করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে পরবর্তী ধাপে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইসরায়েলি কারাগার থেকে মুক্ত শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে

বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রশিল্পী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি তুরস্কে পৌঁছান, যেখানে তাঁকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়,
তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসা বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

ইসরায়েলের কারাগারে আটক থাকার পর তাঁর মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্ক সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শহিদুল আলমের মুক্তিতে তুরস্কের সহযোগিতা বাংলাদেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

মানবাধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা শহিদুল আলমের মুক্তিকে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে দেখছে। তাঁর নিরাপদে তুরস্কে পৌঁছানোয় দেশজুড়ে স্বস্তির বাতাস বইছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বীরের বেশে শনিবার দেশে ফিরবেন শহিদুল আলম

চন্দ্রদ্বীপ নিউজ:  আগামীকাল শনিবার দেশে ফিরে আসবেন ইসরাইলে আটক হওয়া  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

মুক্ত হয়ে বর্তমানে  তিনি  তুরস্কে অবস্থান করছেন। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শহিদুল আলম স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকায় ফেরার ফ্লাইট শুক্রবার তুর্কি সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ত্যাগ করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েল থেকে শহীদুল আলমের মুক্তি এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।




পিআর নিয়ে গনভোট চায় জামায়াতে ইসলামী : গোলাম পরওয়ার

চন্দ্রদ্বীপ নিউজ: শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন , পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করবো 

গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করবো।

তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।

গোলাম পরওয়ার আরো  বলেন, পিআর জনগণ বোঝে না-এমন অপপ্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে উল্লেখ করেন তিনি।




কোরিয়ার জালে ব্রাজিলের গোল বন্যা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে যেন ব্রাজিল ফুটবলের এক উৎসবই হয়ে গেল। বহুদিন পর সেই পুরনো নান্দনিক ফুটবলে ফিরেছে সেলেসাওরা। শুক্রবার (১০ অক্টোবর) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৫-০ গোলের বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

কোচ কার্লো আনচেলত্তির অধীনে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ব্রাজিল। ১৩ মিনিটেই এগিয়ে যায় দল। ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে গোল করেন তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ৪০ মিনিটে রদ্রিগোর অসাধারণ দূরপাল্লার শটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। ক্যাসেমিরো ও ভিনিসিউসের সঙ্গে চমৎকার সমন্বয়ে তৈরি হয় গোলটি।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল পায় সেলেসাওরা। ৪৭ মিনিটে এস্তেভাও নিজের দ্বিতীয় গোল করেন কোরিয়ান ডিফেন্ডারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে। আর ৪৯ মিনিটে ভিনিসিউসের দারুণ পাস থেকে রদ্রিগো পান তার দ্বিতীয় গোলের দেখা।

শেষ দিকে ৭৭ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। ম্যাথুস কুনহার লম্বা পাসে ছুটে গিয়ে কোরিয়ান গোলরক্ষককে পরাস্ত করে তিনি এই গোলটি করেন।

এই ৫-০ ব্যবধানের জয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ৫-১ ব্যবধানে।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই জয় নিঃসন্দেহে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। এশিয়া সফরে ব্রাজিলের এটি ছিল প্রথম ম্যাচ। সামনে ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




আগামী নির্বাচনে ইসলামী শক্তি বনাম বিপক্ষ শক্তির লড়াই অনিবার্য: মুফতি ফয়জুল করীম

আগামী জাতীয় নির্বাচন ইসলামের পক্ষের শক্তি ও বিপক্ষ শক্তির মধ্যে এক অনিবার্য লড়াইয়ে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচনে ইসলামী শক্তির সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই যুদ্ধে ইসলামের পক্ষে থাকা দেশপ্রেমিক শক্তিই বিজয়ী হবে। যারা বিদেশি স্বার্থে দালালি করে, তাদের পতন অনিবার্য।”

তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী আন্দোলন এমন একটি সমাজ গঠন করতে চায়, যেখানে মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না, কেউ খাদ্যের অভাবে কষ্ট পাবে না, আর সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেন, শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনা সময়ের দাবি। বর্তমান পরিস্থিতি ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। তাই সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতির বাস্তবায়ন এখন জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক ভোটব্যবস্থায় জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এতে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অবিচার সৃষ্টি হয়, যা শ্রমিকদের অধিকারকেও বাধাগ্রস্ত করে।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, যুগ্ম সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদসহ শীর্ষ নেতৃবৃন্দ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




১৫ অক্টোবর জাতীয় সংসদে স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। ঐতিহাসিক এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কমিশনের পাঁচ দফা আলোচনায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামত এবং বিশেষজ্ঞদের পরামর্শ বিশ্লেষণ করা হয়।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শুরু করা সম্ভব হবে। কমিশন শিগগিরই বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ ও সনদের চূড়ান্ত খসড়া সরকারের কাছে জমা দেবে বলেও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, এবং ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা মনে করছেন, জুলাই সনদ ২০২৫ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচন করবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শেষ মুহূর্তে ভেঙে গেলো বাংলাদেশের স্বপ্ন, সাত গোলের রোমাঞ্চে হংকংয়ের জয়

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি যেন এক নাটকীয় ফুটবল থ্রিলার। সাত গোলের লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ। এই হারেই এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের নেতৃত্বাধীন দলের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। গ্যালারিভর্তি দর্শকদের সামনে ১৩ মিনিটেই দুর্দান্ত এক গোল করেন দলের সেরা তারকা হামজা দেওয়ান চৌধুরী। স্টেডিয়াম তখন উল্লাসে মুখর। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের বিশৃঙ্খলা আর দুর্বল ডিফেন্সের কারণে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ।

হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার এভারটনরাফায়েল শুরু থেকেই বাংলাদেশ রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। বিশেষ করে সাদ উদ্দিনের দিক দিয়ে একের পর এক আক্রমণ গড়ে ওঠে। ম্যাচের ৪৫ মিনিটে এভারটনের গোলে সমতায় ফেরে হংকং। বিরতির পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে রাফায়েলের গোলে প্রথমবার এগিয়ে যায় অতিথিরা।

৭৪ মিনিটে আবারও গোল করেন রাফায়েল। স্কোরলাইন তখন ৩-১, মনে হচ্ছিল ম্যাচ শেষ। কিন্তু বাংলাদেশ তখনও হার মানেনি। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স দেখান শামিত সোম, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদফাহামিদুল। ৮৪ মিনিটে মোরসালিনের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। ইনজুরি সময়ে শামিতের দারুণ এক গোল ম্যাচে ফেরায় বাংলাদেশকে, স্কোর ৩-৩!

পুরো স্টেডিয়াম তখন উত্তেজনায় ফেটে পড়ে। খেলোয়াড়দের সঙ্গে উল্লাসে মেতে ওঠে দর্শকরা। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। শেষ মুহূর্তে আবারও বাংলাদেশ রক্ষণের ভুলে রাফায়েল গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন হংকংয়ের জন্য।

ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সমর্থকদের অভিযোগ, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। শুরু থেকেই রক্ষণভাগ দুর্বল থাকলেও সাদ উদ্দিনকে পুরো ম্যাচ খেলানোয় হতাশা প্রকাশ করেন সবাই। অনেকে মনে করছেন, সময়মতো পরিবর্তন আনলে ফল অন্যরকম হতে পারতো।

বদলি হিসেবে নামা জামাল ভূঁইয়া দ্বিতীয় গোলের অন্যতম যোগানদাতা ছিলেন। জায়ান ও শামিতও নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু ডিফেন্সের বিশৃঙ্খলায় সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে নেমে গেছে বাংলাদেশ। ফলে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা এখন নিভে গেছে লাল-সবুজের জন্য।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম