অবৈধ ইউরোপ যাত্রায় লিবিয়ায় আটক বরিশালের ৭০ যুবক

অবৈধভাবে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার স্বপ্ন বুনে ভূমধ্যসাগর পার হওয়ার সময় লিবিয়ার একটি গুদামে আটকা পড়েছে ১০৮ জন বাংলাদেশি যুবক। তাদের মধ্যে ৭০ জন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জানা গেছে, যুবকদের মধ্যে ৬০ জন গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তারা ইতালি প্রবাসী দালাল জাকির মোল্লা ও বগুড়ার দালাল সাজু মিয়ারের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা করে দিয়ে গেমিং নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাকি ১০ জন যুবক গৌরনদী ও আগৈলঝাড়ার অন্যান্য গ্রাম থেকে কুষ্টিয়ার দালাল লিটনের মাধ্যমে নৌকায় ওঠেন।
আটককৃত যুবকদের অভিভাবকরা জানিয়েছেন, লিবিয়ার বাংকিনা কারাগারের পাশে একটি গুদামে তাদের সন্তানরা আটক রয়েছেন। অভিভাবকরা বিভিন্নভাবে চেষ্টা করে ১৭ অক্টোবর রাতে ৩ জনকে মুক্ত করান। পরবর্তীতে চাপে পড়ে দালাল জাকির মোল্লা ২০ জনকে আরও একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করেন।
জাকির মোল্লার মা নুরজাহান বেগম বলেন, “জাকির কাউকে জোর করে সাগর পথে পাঠায়নি। যারা গিয়েছে তারা ঝুঁকি জেনেই গিয়েছেন। আগামী ৩ দিনের মধ্যে অন্যান্য আটককৃতদেরও নিরাপদে ফিরিয়ে আনা হবে।”
অবৈধভাবে লিবিয়ায় যাওয়া যুবকদের পরিবার সদস্যরা উদ্বিগ্ন। এ বিষয়ে স্বজনরা জানিয়েছেন, ১০৮ জনের মধ্যে ৬০ জন গৌরনদী ও ১০ জন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। বাকি ৩৮ জন ঢাকার পাশাপাশি মাদারীপুর, সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলার।
যুবকদের পরিবারগুলো দালালদের মাধ্যমে সন্তানদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। তবে তাদের ফেরার সময়সূচি এখনও অনিশ্চিত।










