নারায়ণগঞ্জের নৈশপ্রহরী হত্যা মামলার প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার

নারায়ণগঞ্জে নৈশপ্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করার ঘটনায় জড়িত প্রধান আসামি অপু (২৫)–কে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল কলাপাড়া থানার বলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অপুকে আটক করে। সে নারায়ণগঞ্জের মহসিন ক্লাব এলাকার হিরা মিয়ার ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে শিশু সানজিদা নামের ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী আবু হানিফকে সন্দেহভাজন হিসেবে কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সুন্দরবন মাঠ, সেন্ট্রাল হাসপাতালের বিপরীতে এবং পরে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে নিয়ে ধারাবাহিকভাবে মারধর করা হয়। এ সময় ইট, লাঠি ও ঘুষির আঘাতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা আহত অবস্থায় হানিফকে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতেই তিনি মারা যান। নিহত হানিফের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলায় হলেও তিনি নারায়ণগঞ্জের খানপুর এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই হযরত আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই পলাতক ছিলো অপু। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, “চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। অবশেষে মূল অভিযুক্তকে কলাপাড়া থেকে আটক করা সম্ভব হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের মতে, হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তারা দ্রুত সকল আসামিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নাসীরুদ্দীনের পদত্যাগ গুঞ্জন উড়িয়ে দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ বা অব্যাহতির বিষয়টি সঠিক নয়। দল নিশ্চিত করেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও সক্রিয়ভাবে দলের সঙ্গে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত পাঠানো বার্তায় জানানো হয়, নাসীরুদ্দীন সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন উইংয়ের তদারকি করছেন। তাই তার পদত্যাগ বা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়টি ভিত্তিহীন।

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা এবং দলের কার্যক্রমে তিনি নিয়মিতভাবে অংশ নিচ্ছেন। দল আশা করছে, বিষয়টি সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেবে এবং অযথা বিভ্রান্তি সৃষ্টি করবে না।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘ ২৪ বছর পর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। তাঁরা বলেন, “আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নির্বাচনের দাবিতে গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসন তা আমলে নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আজ তাঁরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

একজন আন্দোলনকারী ছাত্র বলেন, “৩২ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে কোনো প্রতিনিধিত্ব নেই। ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের পক্ষে দাবি আদায় ও সমস্যার সমাধান করা যেত। কিন্তু এত বছরেও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত।”

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




না ভোট চালু ও প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

চন্দ্রদ্বীপ নিউজ:  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে  গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন   করেছে উপদেষ্টা পরিষদ।

আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে-ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।

বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো-ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।

তিনি আরো বলেন, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, ‘না ভোট’ দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে।

নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলাভিত্তিক নির্বাচন অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর দেশি-বিদেশি আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কী।

সংশোধনীর মধ্যে আরো রয়েছে, নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০০ টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন-কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল সংঘর্ষ: চার শিক্ষার্থী বহিষ্কার, ২১ শিক্ষার্থীকে মুচলেকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ২১ শিক্ষার্থীকে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত আদেশে জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন:

  • তরিকুল ইসলাম নয়ন (অ্যাকাউন্টিং, ২০২২-২৩)
  • শাহারিয়ার শাওন (মার্কেটিং, ২০২০-২১)
  • মো. শাওন শেখ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ২০২২-২৩)
  • সাজ্জাদ হোসেন (২০২৩-২৪)

নয়নকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ৪০ হাজার টাকা জরিমানা, শাহারিয়ার শাওনকে বহিষ্কারাদেশ অথবা ২০ হাজার টাকা জরিমানা। শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস বা এক সেমিস্টারের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

মার্কেটিং বিভাগের ১০ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ শিক্ষার্থীকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে মুচলেকা দিতে হবে।

ঘটনার পটভূমি:
১২ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিটাক ভবনের বালুর মাঠে সংঘর্ষ ঘটে। এতে উপাচার্যসহ ১৪ শিক্ষার্থী আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদন ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে শাস্তি আরোপ করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নাজিরপুরে শ্যামাপূজায় কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

শ্যামাপূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনে নদীর শাঁখারীকাঠী বাজার সংলগ্ন এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নদীর দুপাশে কয়েক হাজার মানুষ ভিড় জমায় এবং গ্রামীণ ঐতিহ্য দেখতে নদীতে ট্রলার ও নৌকা দিয়ে ভ্রমণ করেন।

নৌকাবাইচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এসএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান লিটন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এছাড়াও শতাধিক ট্রলার ও নৌকায় কয়েকশ দর্শনার্থী নদীতে নৌকাবাইচ উপভোগ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দেশ গড়তে শুধু নেতা নয়, নীতি বদলাতে হবে: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শুধু নেতৃত্ব পরিবর্তন যথেষ্ট নয়, নীতিরও মৌলিক পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, “নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি আগের মতোই থাকে— তবে দেশের মানুষের ভাগ্য কখনোই বদলাবে না। আমাদের প্রয়োজন এমন নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত, এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।”

তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালীতে আয়োজিত এক মতনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মকাণ্ড আমাদের প্রোগ্রাম বাধাগ্রস্ত করেছে। কোরআনের প্রোগ্রাম এবং রমজানের ইফতারের আয়োজন করতে দেওয়া হয়নি; ছাত্র-ছাত্রীদের উপর হামলাও হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কিছু দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে, ফলে জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।

তিনি আরও বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিহাস প্রমাণ করে— যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়।

মাসুদ সাঈদী বলেন, “আজ আমাদের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। নতুন বাংলাদেশ গড়তে হলে প্রথম কাজ হওয়া উচিত নীতির পরিবর্তন। দেশের প্রকৃত উন্নয়ন মানুষের চিন্তা, চরিত্র ও রাষ্ট্র পরিচালনায় নীতি-নৈতিকতার বিকাশে নিহিত।”

তিনি সমাবেশে শ্লোগান দেন—
“চাও যদি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ, তবে প্রথমে বদলাও নীতি— তাহলেই বদলাবে বাংলাদেশ।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রবেশপথ পরিদর্শন করেন এবং বেকুটিয়া ব্রিজ সংলগ্ন সমাজসেবক ও মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পাথরঘাটা দুঃখে ভরা জীবন: সুভাষিণীর সংগ্রাম ও আশা

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের সুভাষিণী রাণী। স্বামী দীর্ঘ বছর ধরে শয্যাশায়ী, তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে এক মেয়ে বাকপ্রতিবন্ধী, আরেকটি শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কাজ করতে না পারায় সংসারে নেমে এসেছে কঠিন সময়। সংসারের সব দায়িত্ব পড়ে সুভাষিণীর কাঁধে।

সুভাষিণী বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে সংসারের খরচ চালাচ্ছেন। ধান চাষ, সবজি চাষ ও গৃহস্থালি কাজের পাশাপাশি তিনি বাঁশ শিল্পে যুক্ত। তিনি তৈরি করেন মাছ ধরার চাই, ঝুড়ি, কুলা, চালুনি, মাথাল সহ কৃষিকাজে ব্যবহৃত নানা সামগ্রী। এসব পণ্য পাথরঘাটা বাজারের নারীদের জন্য সংরক্ষিত স্থানে বিক্রি করেন।

সুভাষিণীর লক্ষ্য হলো প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ বাঁশের তৈরি পণ্যের ব্যবহার বাড়ানো। তিনি বেসরকারি সংস্থা রূপান্তরের সঙ্গে কাজ করে প্লাস্টিক দূষণ কমাতে সচেষ্ট।

তিনি বলেন, “৩ মেয়ে, ১ ছেলে। স্বামী দীর্ঘদিন অসুস্থ। তিন মেয়ের মধ্যে দুই প্রতিবন্ধী। সংসারের হাল ধরে রাখতে আমার উপার্জন একমাত্র পথ। জীবন চালাতে তো কাজ করতেই হবে।”

সুভাষিণী প্রতিদিন মাঠে-ঘাটে, ঘরের আঙিনায়, বাঁশ দিয়ে সাজি, ঝুড়িসহ নানা পণ্য তৈরি করে সংসার চালান। হাতে-বুকে ব্যথা হলেও তিনি থেমে থাকেন না।

তিনি আরও বলেন, “কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি করতে চাই, বাঁশ শিল্পে মান বাড়াতে চাই। বেসরকারি সংস্থা সিসিডিবির এনগেজ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট ও জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পেয়েছে।”

প্রকল্প সমন্বয়কারী অভিজিৎ মজুমদার রতন বলেন, “সুভাষিণী রাণী গ্রামে একজন উদাহরণ। কৃষিকাজ ও বাঁশ শিল্পে তার দক্ষতা এবং উদ্যোগ অন্যান্যদের জন্য প্রেরণা। তার সংগ্রাম ও মনোবল প্রশংসনীয়।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আমতলীর দশম শ্রেণির শিক্ষার্থী উদ্ভাবন: পরিবেশবান্ধব কাগজের কলম

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আমিরুল ইসলাম পরিবেশবান্ধব কাগজের কলম তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তার উদ্ভাবিত কলম ব্যবহারের পর মাটিতে ফেললে গাছের চারা জন্মায়, যা পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য আয়ের পথও খুলে দেবে।

আমিরুল ইসলাম সেকান্দারখালী গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে। গত বছরের সেপ্টেম্বর মাসে পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগ নেন। দুই মাসের চেষ্টার পর, ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি সফলভাবে কাগজের কলম তৈরি করেন। কলমটির মধ্যে বিভিন্ন গাছের বীজ ভরা থাকে, যা মাটিতে ফেললে চারা জন্মায়।

এই কলমের বিশেষত্ব হলো এটি প্লাস্টিকের কলমের মতো পরিবেশ দূষণ করে না। ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলে কলমটি মিশে যায় এবং গাছের চারা জন্মায়, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। বর্তমানে, এই কলমটি ৫ টাকা থেকে ১০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এর চাহিদা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরুলের উদ্যোগ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

আমিরুলের বড় ভাই জহিরুল জানান, তিনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আমিরুলকে সহযোগিতা করছেন এবং সরকারকে সহায়তার আহবান জানিয়েছেন। স্থানীয় ছাত্র ও পরিবেশকর্মী রেজাউল করিম বলেন, “কাগজের কলম পরিবেশ রক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি ব্যবহার বৃদ্ধিতে পরিবেশের উপকার হবে এবং প্লাস্টিক বর্জনও কমবে।”

উদ্যোক্তা আমিরুল ইসলাম বলেন, “দুই মাস চেষ্টার পরে প্লাস্টিক ব্যবহার কমাতে কাগজের পরিবেশবান্ধব কলম তৈরি করেছি। কলম ব্যবহার শেষে মাটিতে ফেললে ফলদ গাছের চারা জন্মাবে। সরকারের আর্থিক সহায়তা পেলে দেশের সর্বত্র বাজারজাত করা সম্ভব হবে।”

আমিরুলের বাবা মোঃ মনিরুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় কাজ করছে। তার সফলতা হলো পরিবেশবান্ধব কাগজের কলম।”

এ বিষয়ে আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. হান্নান বলেন, “আমিরুলের এই উদ্ভাবন পরিবেশ সুরক্ষার পাশাপাশি আর্থিক সাশ্রয়ও নিশ্চিত করবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, “আমিরুলের উদ্যোগকে প্রসারিত করতে সকল ধরনের সহায়তা করা হবে। এটি একটি অনন্য ও প্রশংসনীয় উদ্ভাবন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনা-বাকেরগঞ্জ সড়ক ঝুঁকিপূর্ণ, যানজট ও দুর্ঘটনার ‘মরণফাঁদ’

বরগুনা-বাকেরগঞ্জ সড়কের বেতাগী বাসস্ট্যান্ড থেকে নিয়ামতি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশ এখন সাধারণ পথ নয়, বরং যানজট ও দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। চার বছর আগে সারাই করা সড়কটি ফের খানাখন্দে ভরপুর, এবং বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নামমাত্র মেরামতের কারণে জনসাধারণের চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শতাধিক বড় ছোট গর্ত এবং উঠে যাওয়া কার্পেটিংয়ের কারণে সড়কটি কাদাপানির নদীতে পরিণত হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গভীরতা বোঝা যায় না, ফলে ছোট যানবাহন, মোটরসাইকেল, মাহিন্দ্রা গাড়ি উল্টে যাচ্ছে। বড় ট্রাক ও বাসও হেলেদুলে চলাচল করছে। এতে যাত্রী ও চালকদের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।

বেতাগী পৌরসভার বাসিন্দা গোলাম হোসেন বলেন, “এটাকে মহাসড়ক বলা মজার ব্যাপার। দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। দ্রুত নতুন নির্মাণ না হলে দুর্ভোগের অবসান হবে না।”
মাহিন্দ্রা চালক মাইনুল ইসলাম যোগ করেন, “বৃষ্টিতে পানি জমে রাস্তা চালানো অসম্ভব। গর্তে পানি থাকায় গভীরতা বোঝা যায় না। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই, গাড়ির মেরামতে অনেক খরচ হয়।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১২ সালের প্রকল্পের আওতায় ২০১৫ সালে সড়কটি নির্মাণ করা হলেও নিম্নমানের কাজের কারণে দ্রুত ভাঙতে শুরু করে। ২০১৯-২০ অর্থবছরে নামমাত্র সংস্কার হলেও তা টেকসই হয়নি। এর পর থেকে গত ৪-৫ বছর কোনো কার্যকর সংস্কার হয়নি, ফলে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে।

বেতাগী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী শেখ তৌফিক আজিজ জানিয়েছেন, “জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা সড়কটির স্থায়ী সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। একটি পূর্ণাঙ্গ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। খুব শীঘ্রই অর্থ বরাদ্দ পেলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫