খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

বিএনপির অভিযোগ, দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে গৃহবন্দি করে রাখা হয়েছিল। সেখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। এরই মাঝে বিএনপি চেয়ারপারসনকে হত্যাচেষ্টা চালানো হয়।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ফলে ওই দিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।



ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ :: সংক্ষিপ্ত সফর শে‌ষে দেশে ফিরে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌র ত্যাগ করেন।

বিমানবন্দ‌রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিদায় জা‌নান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় জানায়, ফলপ্রসূ সফর শে‌ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছে‌ড়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দ‌রে তা‌কে বিদায় জানান প্রধান উপ‌দেষ্টা।

শুক্রবার দুপুর ২টায় ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তা‌কে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। সেখা‌নে তারা সং‌ক্ষিপ্ত বৈঠক ক‌রেন। প‌রে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠক ক‌রেন তারা। বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ক‌রলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।




বরিশালে শ্রমিক হ*ত্যার জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ

বরিশাল অফিস :: বরিশালে গাছকাটা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) জুমা বাদ নগরীর জামিয়া ইসলামিয়া মাহমূদিয়া মাদ্রাসার সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় এলাকাবাসী। পরে সেখানে দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করেন তারা। পরে মিছিলটি গিয়ে বরিশাল কাউনিয়া থানা ঘেড়াও করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানা যায়- গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের চরআবদানী এলাকায় প্রকাশ্যে মাদক বেচা-বিক্রিতে ব্যস্ত ছিল মোঃ সুমন ফকিরের ছেলে অভিযুক্ত আলভী।

এ সময় একই এলাকার মোঃ মানিকের ছেলে মোঃ রাকিব বাঁধা প্রদান করলে তাকে চাইনিজ সেভেন ফায়ার ছুড়ি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। এ সময় রাকিবের মাথা, হাত, কোমড়, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুত্বর জখম হয়। এসময় রাকিবের ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে তার এক আত্মীয় এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করে আলভী।

ঘটনার বিষয়ে মৃত মোসলেম ঢালীর ছেলে আরিফ ঢালী আলভীর বাসায় জানতে গেলে তার উপরেও চড়াও হয়ে তাকেও ছুড়িকাঘাত করায় আরিফের পেটে গুরুত্বর জখম হয়। এদিকে ঘন্টাখানেক পরে একই এলাকার নূর ইসলামের ছেলে মোঃ রাকিব ইসলামকে তার বাসার ছাদে ডেকে নিয়ে তাকেও একইভাবে ছুড়িকাঘাত করে জখম করে। মাদকসেবী আলভীর এমন কর্মকান্ডে দিশেহারা হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে আলভীর বাসায় গেলে পুনরায় একই এলাকার মোঃ আনিচকে এলোপাথারী কুপিয়ে জখম করে আলভী।

এতে আনিচের পেটের ভুড়ি বের হয়ে যায় এবং কিডনীতে গুরুত্বর জখম হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া। সেখানে চিকিসৎসাধিন অবস্থা শুক্রবার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে এ সময় বক্তারা বলেন, মাদকসেবী মাদকসেবী আলভীর বিতর্কিত কর্মকান্ডে বাঁধা দেয়ায় মোঃ আনিচকে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো মামলা হয়নি মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




অর্থনৈতিক সংস্কারে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়ায় সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বঙ্গভবনে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান বলে তার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শ্রমবাজার এবং রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়ায় সহযোগিতা চান।

মালয়েশিয়া আসিয়ানের সভাপতি হওয়ায় আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আশিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী। মালয়েশিয়া এ ব্যাপারে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানির গন্তব্য। আগামীতে যাতে আরও দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়েও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দেন।

এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেয়ার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।




বাউফলে কবরস্থানে মাদকের আখড়া গড়ে তোলা সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মিছিল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বাউফলের কালাইয়ায় বন্দরের সরকারি কবরস্থানের মধ্যে ঘর তুলে সেখানে মাদক বিক্রির আখড়া গড়ে তুলেছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা। সম্প্রতি উত্তেজিত জনতা সেটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তবে, এ বিষয়ে প্রশাসন ওই ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও মুসল্লিরা।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজ শেষে তারা কালাইয়া বন্দর বড় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. আবুল হাসান মুনসুর, কালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব আবদুল হাই, সাংবাদিক মো. মাসুম সিদ্দিকি, ব্যবসায়ী মাইনুল ইসলাম, শিক্ষার্থী মো. নাদিম রহমান, মো. মুরাদ ও ইমরান।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লা সরকারি কবরস্থানের মধ্যে অবৈধভাবে টিনশেড ঘর তুলে মাদকের আখড়া বানিয়েছেন। পবিত্র করবস্থানে বসে তিনি ও তার সহযোগীরা মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসরসহ অনৈতিক কর্মকাণ্ড করতেন। মিজানের মাদক ব্যবসা পরিচালনা করতেন রেজাউল সরদার ওরফে রেজু ও তার স্ত্রী রুনু। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) করবস্থানের চারপাশে দেয়াল, ঘাটলা ও মসজিদ নির্মাণ এবং মাদকের আখড়া উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সেনা ক্যাম্প কমান্ডার ও ওসির কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দেয়া হয়েছে। তবুও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আমরা বিক্ষোভ মিছিল করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, মাদকের আখড়া উচ্ছেদ ও কবরস্থান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়

চন্দ্রদ্বীপ নিউজ :: কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে এসে ঢাকা মাতিয়ে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দশ বছরেরও বেশি সময় পর মালয়েশিয়ার কোনো সরকারপ্রধান ঢাকায় এলেন। আনোয়ার ইব্রাহিমের এই সফরটি সংক্ষিপ্ত হলেও কূটনৈতিক দৃষ্টিকোণে এটি বেশ তাৎপর্যপূর্ণ। একান্ত বৈঠকে বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের সরকারপ্রধানই।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরেই তাদের মধ্যে এক দফা সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় দ্বিপাক্ষিক বৈঠক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রায় দুই মাস সময়ে এটাই বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। ২০১৩ সালের পর মালয়েশিয়ার কোনো সরকারপ্রধানও প্রথম বাংলাদেশ সফর করলেন।

মূলত আনোয়ার ইব্রাহিমের পুরনো বন্ধু ড. ইউনূস। বন্ধুর আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে ড. ইউনূস খুবই খুশি বলে জানিয়েছেন।

৫৮ সদস্যের প্রতিনিধি দলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম উপমন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিকেলে দুই দেশের সরকারপ্রধান এবং সংশ্লিষ্টদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ এবং উচ্চশিক্ষা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে। এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে।

এর আগে দুপুর দুইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।




পটুয়াখালীতে চলছে দুর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্ততি

পটুয়াখালী প্রতিনিধি :: বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীতে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া শেষ, চলছে রঙের কাজ।

আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিন চলবে দুর্গোৎসব। যা আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এ লক্ষ্যে পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায় সর্বমোট ১৭৬ টি মন্ডপে পূজার আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূজা মণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

এদিকে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা। শহর এবং গ্রামীণ জনপদের দুর্গাপূজা মন্ডপ ও মন্দিরগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ আবার কাদা দিয়ে হাত-পা বানাচ্ছেন। দেবী দুর্গা, সরস্বতী, লক্ষী, গণেশ,কার্তিকসহ নানা ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন কারিগরেরা।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিমা শিল্পি রুপক পাল বলেন, আমরা শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি নতুন বাজার, পটুয়াখালীর প্রতিমাগুলো নতুন করে রং ও তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তুলছি। আগে ৮০/৯০ হাজার টাকায় পুরো প্রতিমা তৈরি করা থেকে সাজানো পর্যন্ত খরচ হত। এখন মালামালের দাম বৃদ্ধি , শিল্পিদের পারিশ্রমিক বাড়ার কারনে খরচ এখন প্রায় দিগুন এর ও বেশি, তবুও এই কাজ আমাদের করতেই হবে কারন এটা আমাদের ধর্মীয় রীতিনীতি।
তিনি আরো বলেন, শেষ মূহূর্তে দেবিকে পড়ানো হবে পোষাক পরিচ্ছদ সহ অন্যান্য অলংকার।

মন্দিরের সেবাহীত সমির গাঙ্গুলি বলেন,পঞ্জিকা মতে আগামি ৯ই অক্টোবর শুরু হবে শারদীয় দূর্গা পূজা। এ দিন হবে ষষ্ঠি পূজা। আর ১২ ই অক্টোবর শনিবার দশমিতে চোখের জলে দেবি বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা।

শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি নতুন বাজার, পটুয়াখালী মন্দির কমিটির সভাপতি উৎপল দত্ত (পিংকু) বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পুজা। প্রতিমা গড়া শেষ, চলছে রঙ্গের কাজ ও শেষ সময়ের প্রস্তুতি। এখন শুধু মাত্র বাকি আনুষ্ঠানিকতা। আশা করি এবারের পূজা আনন্দঘন ও নিরাপদে উৎযাপন করতে পারব। পূজায় সরকারি সহায়তা আগের চেয়ে একটু বাড়িয়ে দেয়ার আহ্বান জানান এবং সবাইকে এ উৎসবে সামিল হওয়ার আহব্বান জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় খাসকেল জানান পটুয়াখালী জেলায় মোট ১৭৬ মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২৬ টি, বাউফল উপজেলায় ৬৫ টি, দশমিনা উপজেলায় ১৩টি, দুমকি উপজেলায় ১০টি, গলাচিপা উপজেলায় ২৮টি, কলাপাড়া উপজেলায় ১৪টি, মির্জাগঞ্জ উপজেলায় ১৫টি এবং রাঙ্গাবালী উপজেলায় ৫ টি। পটুয়াখালী জেলার সাধারণ মানুষ সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলেই শারদীয় দুর্গা উৎসব পালন করে আসছি। আমরা উৎসব কে উৎসবমুখর করার জন্য ইতি মধ্যে পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক, সুযোগ্য পুলিশ সুপার এবং ডি.আই.জি মহোদয়ের সাথে সভা করেছি। পটুয়াখালী জেলার সার্বিক পরিস্থিতি এবং পূজার প্রস্তুতি খুবই ভালো। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৮ অক্টোবর মহা পঞ্চমীর মধ্য দিয়া শারদীয় দুর্গা উৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর শুভ বিজয় দশমীতে মাকে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটবে।




ঝালকাঠিতে আ.লীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা

বরিশাল অফিস :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে জাফর আলী খান (৪৫) নামে এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার (২ অক্টোবর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর চড়াইল (কাঁঠালিয়া-ভান্ডারিয়া সীমানা এলাকায়) তাকে কুপিয়ে জখম করে।

নিহত জাফর আলী খান ওই গ্রামের মুনসুর আলী খানের ছেলে ও কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, উত্তর চড়াইল গ্রামের জাফর আলী খানের সঙ্গে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানের বন্ধুত্ব ছিল। উভয়ের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত তারা। একপর্যায় জাফরের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেন মিজান। এনিয়ে জাফরের সঙ্গে মিজানের দ্বন্দ্ব চলছিল। একপর্যায় মিজানকে কুপিয়ে হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন করে দেয় জাফর। বুধবার সন্ধ্যায় পূর্ব মাটিভাংগা গ্রামের সাবেক স্কুলশিক্ষক মো. আমিনের জানাজা শেষে বাড়ি ফিরছিল জাফর। এ সময় কাঠালিয়া-ভান্ডারিয়া সীমান্তের ফকির বাড়ি ব্রিজের ওপর ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে নিজাম ও তার লোকজন।

কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার কালবেলাকে বলেন, ঘটনাস্থল পিরাজপুরের ভান্ডারিয়া এলাকায় হওয়ার কারণে সেখানে মামলা হয়েছে।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিলন মন্ডল  বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে জড়িতদের আটকের চেষ্টা চলছে।




ভোলা জেলা পুলিশে বড় রদবদল : ১৩ কর্মকর্তা বদলি

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলার তজুমুদ্দিন থানার ওসি মো. আনোয়ারুল হক, শশীভুষন থানার ওসি এনামুল হক, দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ, দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ও মনপুরা থানার ওসি জহিরুল হকসহ ভোলা জেলা পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হককে বদলি করে আরওআই রিজার্ভ অফিসে যুক্ত করা হয়েছে। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হককে বদলি করে তজুমদ্দিন সার্কেল অফিসে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে যুক্ত করা হয়েছে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহামদকে বদলি করে ভোলা সদরে, ভোলা সদরের ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদকে বদলি করে ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলামকে লালমোহনের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যুক্ত করা হয়েছে।

এছাড়াও লাইন ওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক আরিফ ইফতেখারকে বদলি করে দুলারহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যুক্ত করা হয়েছে। লাইন ওয়ারের আরেক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে তজুমদ্দিন থানার ইনচার্জ, লাইনের আরেক পরিদর্শক আহসান কবিরকে বদলি করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যুক্ত করা হয়েছে। এছাড়াও মনপুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিক হাসান রাসেলকে বদলি করে শশীভুষন থানার থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, দৌলতখান থানার ইন্সপেক্টর (তদন্ত) এরশাদুল হককে বদলি করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ, পুলিশ অফিসের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সত্যরঞ্জন খাসকেলকে বদলি পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ও লাইন ওআর এর পুলিশ পরিদর্শক মো. মাসুদ হাওলাদারকে বদলি করে লালমোহন থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে যুক্ত করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।




পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

বরিশাল অফিস :: পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে জাফর আলী খান (৪৫) নামে অপর বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাফর আলী খান পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ নেন জাফর আলী খান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান এবং তার সহযোগীরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, হামলাকারী মিজান ও জাফরের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। এ সময় জাফরের প্রথম স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বুধবার জাফর একটি জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মিজান ও তার সহযোগীরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় জাফরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মিজান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাফরকে উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মণ্ডল বলেন, নিহত জাফরের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।