ইউনেস্কোর হ্যামদান পুরস্কার পেলো গুড নেইবারস বাংলাদেশ

পটুয়াখালী প্রতিনিধি :: দেশে প্রথমাবের মতো ইউনেস্কোর হ্যামদান পুরস্কার পেলো গুড নেইবারস বাংলাদেশ। শিক্ষক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থা।

শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই পুরস্কার ঘোষণা করে ইউনেস্কো। সেখানে গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল। এরপর তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

বক্তব্যে মাইনুদ্দিন মাইনুল বলেন, এই পুরস্কারটি আমাদের শিক্ষকদের জন্য এক অনন্য স্বীকৃতি। তারা (শিক্ষকরা) শুধুমাত্র শিক্ষাই দিচ্ছেন না, পাশাপাশি সকল ধরনের বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এই লড়াই শুধু সুশীল সমাজের নয়। এই লড়াই এনজিওসহ গোটা জাতির।

দেশে সুবিধাবঞ্চিত শিশুদের বিস্তৃত এবং শিক্ষামূলক পরিবেশ তৈরিতে পরিচালিত হচ্ছে জিএনবির শিক্ষা কার্যক্রম। দেশের ১৩টি জেলার মোট ৩৯৬টি স্কুল নিয়ে পরিচালিত হচ্ছে এই কর্মসূচি। এতে কাজ করছেন ৪৯ জন উচ্চ প্রশিক্ষিত শিক্ষক।




হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হলেন বাংলাদেশের নীড়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। শুক্রবার (৪ অক্টোবর) হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে ভারতের পান্ডা সাম্বিতকে পরাজিত করেন নীড়। এতে আট রাউন্ডে ৬ পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও ৩ টি নর্ম প্রয়োজন। মনন রেজা নীড়ের রেটিং ইতোমধ্যে ২৪৫০। নীড়ের অবশ্য দুটি নর্ম আগেই ছিল। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সকল শর্ত পুরণ করেছেন তিনি।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডরেশনের আরবিটার হারুনর রশীদ।

মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নীড়। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও ১৫ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার টাইটেল পেয়েছিলেন।

নীড়ের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের দাবায় আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচে। তারা হলেন- জিল্লুর রহমান চম্পম, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। এই পাঁচ জনের মধ্যে ফাহাদ রহমানের একটি জিএম নর্ম আছে। ফাহাদও হাঙ্গেরির এই টুর্নামেন্ট খেলছেন। আজ (৫ অক্টোবর) শেষ রাউন্ডে জিতলে ফাহাদের আরেকটি জিএম নর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাঙ্গেরির বুদাপেস্টে অলিম্পিয়াডে অংশ নিয়েছিল বাংলাদেশ। অলিম্পিয়াড শেষে বাংলাদেশের তিন জন পুরুষ ও দুই জন নারী দাবাড়ু বুদাপেস্টেই নিজ খরচে তিনটি টুর্নামেন্ট খেলছে। প্রথম টুর্নামেন্টে ওয়াদিফা আহমেদ মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। দ্বিতীয় টুর্নামেন্টে নীড় আন্তর্জাতিক মাস্টার হলেন। এছাড়া ফাহাদের জিএম নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় টুর্নামেন্ট থেকে বাংলাদেশের দাবাড়ুদের নর্ম ও রেটিং বৃদ্ধির প্রত্যাশ্যা রয়েছে।




উপকূলে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না – অন্য মাছে সয়লাব বাজার

পটুয়াখালী প্রতিনিধি :: আর দিন সাতেক পর শুরু হবে ইলিশ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। কিন্তু তার আগে এই ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না জেলেদের জালে। পটুয়াখালীর উপকূলীয় মৎস্য বন্দরগুলোতে ইলিশের জায়গা অন্য নানা প্রজাতির সামুদ্রিক মাছে সয়লাব।

শনিবার (৫ অক্টোবর) সকালে উপকূলীয় বিভিন্ন মাছের বাজারে পোয়া, ডাডি, গাগরা, চিংড়ি, চন্দনা, ডেলা, তেলাপিয়া, ভাডা, চাউম্মা ও হিলালসহ ১৮-২০ প্রজাতির মাছ দেখা গেছে। এসব মাছই স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের নানা প্রান্তের মোকামে পাঠাচ্ছেন পাইকাররা।

জানা গেছে, আগামী ১৩ অক্টোবর শুরু হবে ইলিশ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। তার আগে এই সময়ে ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। পটুয়াখালীর উপকূলীয় মৎস্যবন্দর আলীপুর-মহিপুর, কুয়াকাটা, আশাখালীসহ উপজেলার বিভিন্ন পাইকারি মাছের বাজারে দেখা নেই ইলিশের। দু-একটি বোট ইলিশ মাছ নিয়ে ঘাটে এলেও তা অতি নগণ্য।

মাছ বাজারের খুচরা ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, ‘বর্তমানে ইলিশ না আসায় সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আমার ব্যবসা চলমান রয়েছে। যে সামান্য ইলিশের সরবরাহ রয়েছে, তা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।’

ইলিশ বেশি না থাকলেও ব্যবস্ততা কম নেই ব্যবসায়ীদের। স্থানীয় মাছ বাজারের রব্বানী ফিশের আড়তদার ও মৎস্য ব্যবসায়ী মো. রুবেল হাওলাদার বলেন, ‘ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫ মণ মাছ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য প্যাকেট করা হয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এসব মাছের অনেক চাহিদা রয়েছে।’

বাজারে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাচের ব্যবসা সব সময় থাকলেও তাদের মূল ব্যবসা ইলিশ মাছ নিয়ে বলে জানান মেসার্স খান ফিশের ব্যবস্থাপক মো. রহিম খান। তিনি বলেন, ‘চলমান ইলিশ মৌসুম শেষ পর্যায়ে, তবুও দেখা নেই কাঙ্খিত ইলিশের। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর থেকে ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু হবে। তখন বঙ্গোপসাগরে কোনো ধরনের মাছ ধরা যাবে না। এতে ব্যবসায়ী ও জেলেরা চিন্তিত।’

এই সময়ে ইলিশ না মেলার কারণ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ডা. সাজেদুল হক বলেন, প্রতিনিয়ত সমুদ্রদূষণ হচ্ছে, নদীর গতিবেগ পরিবর্তন হচ্ছে, পাশাপাশি ইলিশের খাদ্যাভ্যাসের কারণে তারা মাইগ্রেশন (চলাচল) করে, যে কারণে বড় ইলিশের দেখা মিলছে না।

অধ্যাপক ডা. সাজেদুল হক জানান, প্রতিবছর মা ইলিশ নিয়ে গবেষণা করেন তারা। কখন-কোথায় তারা ডিম দেয়, কোথায়-কখন বড় হয়। এর ওপর নির্ভর করে এ বছরও আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকছে।’

যেসব ছোট প্রজাতির সামুদ্রিক মাছ বেশি ধরা পড়ছে সেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানান অধ্যাপক সাজেদুল হক।

তিনি আরও বলেন, ‘এসব মাছ মাইগ্রেশন করে না। এরা উপকূলের কাছাকাছি থাকে বলে বেশি ধরা পড়ছে।




এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: স্বরাষ্ট্র-মন্ত্রণালয় প্রশাসনে ব্যাপকভাবে পদোন্নতির পরিপ্রেক্ষিতে কাজের সুবিধার যুক্তিতে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়েছিল। এর পর থেকে সুযোগ-সুবিধা ও দায়িত্ব নিয়ে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা—এই দুই বিভাগের কর্মরতদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। এ কারণে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে পরিণত করার পরিকল্পনা করছে। এতে আর্থিক ব্যয়ও অনেকটা কমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবার একটি বিভাগে রূপান্তরিত করতে গত সোমবার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ আবদুল মোমেন গত মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা হয়। সিনিয়র সচিব এ বিষয়ে মতামত দেওয়ার জন্য বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই বিভাগ একত্র হলে কাজের সুবিধা হবে। কারণ, এতে অভ্যন্তরীণ মনোমালিন্য দূর হবে এবং কাজের গতি বাড়বে।

২০১৭ সালের ১৯ জানুয়ারি জারি হওয়া এ বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করেছেন। দুই বিভাগে দুজন সচিব থাকবেন।

জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং ব্যবস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশে পদায়নের সুযোগ পাওয়া না-পাওয়া এবং এক বিভাগের কর্মীদের পদায়নের দায়িত্ব অন্য বিভাগের হাতে থাকার মতো বিষয়ে দুই বিভাগের মধ্যে টানাপোড়েন চলছে। বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট অফিস রয়েছে।

২০১৪ সালে বিদেশে পাসপোর্ট ইস্যুর কাজটি পররাষ্ট্র থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনা হয়। এর তিন বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগে বিভক্ত করা হলে বিদেশে পাসপোর্ট অফিসে কাজ করার সুযোগ নিয়ে দুই বিভাগের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পাসপোর্ট ইস্যুর কাজটি সুরক্ষা সেবা বিভাগ করে বলে এ বিভাগের কর্মীরাই বিদেশের পাসপোর্ট অফিসে কাজ করার সুযোগ পেয়ে আসছেন। একপর্যায়ে উভয় বিভাগের কর্মীদের সমান হারে বিদেশে যাওয়ার সুযোগ দিতে পরিপত্র জারি করা হয়। বিষয়টি নিয়ে জননিরাপত্তা বিভাগ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। এ মামলায় জননিরাপত্তা বিভাগের পক্ষে রায় হয়। এর আলোকে উভয় বিভাগের মধ্যে সমহারে বিদেশে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে সুরক্ষা সেবা বিভাগ এ নির্দেশনার বিরুদ্ধে আপিল করে।

সংশ্লিষ্ট অনেকে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই ভাগে ভাগ হওয়ায় কর্মকর্তাদের সুবিধা হলেও কর্মচারীদের সমস্যা হয়। সহায়ক জনবলের ঘাটতি পূরণে মন্ত্রণালয়ে অন্তত ৪০-৪৫ জন পুলিশ সদস্যের পদায়ন হয়েছিল। এতে কর্মচারীদের মধ্যে একধরনের ক্ষোভ রয়েছে। বিক্ষুব্ধদের মত হচ্ছে, দুই বিভাগ একত্র হলে অতিরিক্ত সহায়ক জনবলের প্রয়োজন হবে না।

জানা গেছে, মন্ত্রণালয়ের সুরক্ষা সেবার অধীনে থাকা পাসপোর্ট ফেরিভিকেশন ও ইমিগ্রেশনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। অথচ পুলিশের পদায়নের দায়িত্বে রয়েছে জননিরাপত্তা বিভাগ। এটি উভয় বিভাগের মধ্যে অস্বস্তি ও অসন্তোষের অন্যতম কারণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্গানোগ্রামে অতিরিক্ত সচিবের পদ রয়েছে একটি। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনে ব্যাপকভাবে পদোন্নতি দেওয়ায় বর্তমানে সেখানে অতিরিক্ত সচিবের পদ রয়েছে ১৫টি। এসব অতিরিক্ত সচিবের অধীনে সহায়ক জনবল দেওয়ার জন্যই মূলত পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখন আর কোনো মন্ত্রণালয়ই অর্গানোগ্রাম অনুযায়ী চলছে না। কাজের পরিধি বাড়ায় জনবলেরও প্রয়োজন বেড়েছে। তবে মন্ত্রণালয়ের সচিব একজন হলে অভ্যন্তরীণ সমস্যা থাকবে না।




বৃষ্টি থাকতে পারে ১১ অক্টোবর পর্যন্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ ধারা ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।




আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার মতো সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে আজ (শনিবার) থেকে শুরু হবে সংলাপ। সংলাপের জন্য প্রথমেই ডাকা হয়েছে বিএনপিকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি বলে জানা গেছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। এই সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।

বিএনপির শীর্ষনেতাদের সূত্রে জানা যায়, বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রস্তাব রাখা হবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও পতিত শেখ হাসিনা সরকারের সহযোগীরা রয়েছেন। তাদের সরানোর বিষয়টি আলোচনায় তুলে ধরা হবে। একইসঙ্গে পোশাক শ্রমিক অসন্তোষ, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও আলোচনা আসবে।




ওয়াজেদ  পুতুল  ঢাকায় আসবেন কি না?

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: অক্টোবরে  ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেন্যু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ  পুতুল এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন কি না এমন আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত এল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরমধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে।

এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেফতার করা হবে কি না এ নিয়ে নানা আলোচনা রয়েছে।

তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না। ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে, ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না।

সূত্রটি বলছে, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে। ঢাকা এবং দিল্লির কূটনীতিক সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়মা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়।

ফলে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন। আন্তর্জাতিক পরিসরে এই আইনের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন সায়েমা ওয়াজেদ পুতুল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি।




আজ বিশ্ব শিক্ষক দিবস

মন্ত্রণালয় বলছে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো হবে। আর এর মাধ্যমে অন্য শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হবে। সেই লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪’ প্রণয়ন করা l




সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী আর নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বরুদ্দোজ্জা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রখ্যাত চিকিৎসক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তাকে রাষ্ট্রপতি করে। তবে রাজনৈতিক কারণে প্রায় সাত মাস পর তাকে ইস্তফা দিতে হয়। পরে তিনি বিকল্প ধারা বাংলাদেশ নামে দল গঠন করেন।




বরগুনায় ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে উভয় পক্ষ মারমুখী অবস্থায় শহরে অবস্থান নেয়। এ সময় শহরে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ও বিএনপির সিনিয়র নেতারা উভয় দলকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পাথরঘাটা শহরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সগির হোসেন লিয়ন সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে মৌন দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আজ শুক্রবার মাগরিবের নামাজের পর পাথরঘাটা শহরে লিকার পট্টি এলাকায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ গ্রুপের মধ্যে হাতাহাতি হয়।

পরে উভয় পক্ষের সমর্থকেরা জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ করেন। এর আগে সন্ধ্যার পর পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের নিলিমা পয়েন্টে মামুন ও হাসিবুল্লাহ গ্রুপের ছোট ভাইদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সন্ধ্যার পর শহরের উত্তেজনা বিরাজ করে।

এদের মধ্য নুরুল ইসলাম মনি হলেন হাসিবুল্লাহর সমর্থক আর সগির হোসেন লিয়নের সমর্থক মামুন আহমেদ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে হাসিবুল্লাহসহ তাঁর সমর্থকেরা। বিভিন্ন স্থান থেকে তাদের বিরুদ্ধে দখলদারি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ছোট ভাই সাইফুল ইসলাম জামালের ছত্রচ্ছায়ায় এগুলো করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন।

পাল্টা অভিযোগ করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ সাহজাদার একনিষ্ঠ বন্ধু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ। মামুনের ছত্রচ্ছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। এদের দ্বারা দলের সিনিয়র নেতারা অপমানিত হচ্ছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ‘দুই গ্রুপের ভুল বোঝাবুঝির কারণে সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সিনিয়ররা উভয় পক্ষকে শান্ত করে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে বসে সমাধান করা হবে।’

এ বিষয়ে বরগুনা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘আমি আজ শুক্রবার পাথরঘাটায় যোগদান করেছি। সন্ধ্যা পরে ছাত্রদলের উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানায় কোনো পক্ষের থেকে অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।