প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  1. চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এ বৈঠক শুরু

ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ।

জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এর আগে গত ২৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক বাম জোট ও এবি পার্টির সঙ্গে আজ সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক দলের জন্য ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।




‘ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না’

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোন আয়নাঘর থাকবে না। ভাতের হোটেল থাকবে না। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না।

শনিবার রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিকে জনবান্ধন হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি।’

তিনি বলেন, ‘ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।’

এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, ‘দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়।’

এ সময় ডিবির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন রেজাউল করিম মল্লিক।




সরকারকে কতদিন সময় দিবেন, জানালেন মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ততদিন এ সরকারকে সময় দেবো যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আবারও ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।’

মৌলবাদ বা বিরাজনীতিকরণের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না দাবি করেন দলটির শীর্ষ এই নেতা।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করা হবে।’

বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, ‘নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।’

ফখরুল বলেন, ‘যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা বিএনপির লোক নয়। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, আবার বুকের রক্ত দিয়ে দেশে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘এই যে দেশটা, সাঈদ থেকে শুরু করে বাচ্চারা জীবন দিল, আজকে সুযোগ এসেছে; সেই সুযোগটা কাজে লাগান। যতক্ষণ পর্যন্ত না মানুষের শক্তিকে কাজে লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়ে লাভ হবে না। আপনাদের প্রতি মুহূর্তে ভাবতে হবে জাতিকে কী দিলাম।’

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বলতে দ্বিধা নেই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই জায়গাটা ঠিক করার সময় এখন। পরিবর্তন করতে না পারলে জাতি চরমভাবে হতাশ হবে। জাতীয়করণ করার পর সিলেকশনের প্রশ্ন আসবে। শিক্ষকদের গুণগতমান অর্জন করতে হবে। শিক্ষকদের দলকানা হলে চলবে না।’




চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভে’ আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৮ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিনে বহির্নোঙরে থাকা ওয়েল ট্যাংকারে আগুন ধরে যায়। চার ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন, জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন।

উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা জাহাজের ৪৮ নাবিককে । উদ্ধার করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিক মারা যান।




রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার সকালে বঙ্গভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।




বরিশালে দুর্গাপূজা মণ্ডপের ৩টি প্রতিমা ভাঙচুর,ওসি প্রত্যাহার

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপের ৩টি প্রতিমা ভাঙচুর হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটি ও পুলিশ জানিয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেউরী বলেন, গত রাত দেড়টা পর্যন্ত মন্দিরে ছিলেন তারা। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে।

শংকর দেউরী বলেন, গত ১১ বছর ধরে এ মণ্ডপে পূজা হয়। এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি সম্ভব হবে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও জানান।

এদিকে, বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বাকেরগঞ্জ থানার ওসির দায়িত্ব পাওয়া গোলাম মোস্তফা বলেন, তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একটির মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে। আরেকটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয়। অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে ।

বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিষয়টির অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না। মণ্ডপ কমিটির প্রতি আমাদের নির্দেশনা ছিল, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখার। কিন্তু তারা রাখেনি। এক্ষেত্রে মণ্ডপের কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপনে কোনো ধরনের নাশকতা করলে ছাড় দেওয়া হবে না। ফেসবুকে কেউ ধর্মীয় আপত্তিকর পোষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা – গয়না নিয়ে পালালো প্রেমিক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লা (২৫) নামের এক যুবকের বাড়িতে অনশন করছে এক কিশোরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই কিশোরী সাইফুলের বাড়িতে অনশন শুরু করে। এদিকে অভিযুক্ত প্রেমিক সাইফুল কিশোরীর গয়না নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সাইফুল মোল্লা উপজেলার কালাইয়া ইউনিয়নের সৌলা গ্রামের তারের পোল সংলগ্ন মোল্লা বাড়ির আহম্মেদ মোল্লার ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলে, সাইফুল মোল্লার সঙ্গে দীর্ঘদিন আমার প্রেমের সম্পর্ক। বিষয়টা জানাজানি হলে আমার মামা সাইফুলকে মারধর করে। পরে সে আমাকে কিছু টাকা ম্যানেজ করতে বলে এবং পালিয়ে বিয়ে করার আশ্বাস দেয়। কিছুদিন আগে আমি মায়ের শেষ সম্বল সামান্য গয়না সাইফুলের হাতে তুলে দেই এবং শুক্রবার দুপুরে আমরা পালিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল করে রওনা দেই। পথে মামার হাতে ধরা পড়ি। এর মধ্যে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়। পরবর্তীতে লোকলজ্জার ভয়ে সাইফুলের নানা আমাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়। তখন স্থানীয় ইউপি সদস্য আমাকে চৌকিদারের বাসায় রাখতে বলেন।

কিশোরী আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে বিষয়টা সমাধানের কথা ছিল। কিন্তু দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আমি চৌকিদারের বাড়িতে থাকলেও কোনো সমাধান হয়নি। রাত বেশি হওয়ায় পরে চৌকিদার আর আমাকে ঘরে রাখতে চায় না। সাইফুলের নানা আমাকে ঘরে তুলবে না, তাই আমি ওর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। ঘরের মধ্যে তারা কেউ নেই। আমার মায়ের গয়না তার কাছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার যাওয়ারও কোনো জায়গা নেই।

এ বিষয়ে চৌকিদার বাবুল বলেন, মেম্বার (জালাল মোল্লা) তাকে বলেছেন কিশোরীকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাসায় রাখতে, এর মধ্যে সে সমাধানের ব্যবস্থা করবে। ৭টার পরে মেম্বার আমাকে বলেন, ইউএনও স্যার তাকে পরামর্শ দিছেন, মেয়েকে পরিবারের কাছে পৌঁছে দিতে। কারণ মেয়ে প্রাপ্তবয়স্ক না। আমি মেয়েকে নেওয়ার জন্য তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। ছেলের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য জালাল মোল্লা বলেন, সাইফুল আমার ভাতিজা হলেও তার পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়নি এখানে তাই প্রশাসনকে না জানিয়ে বিয়ে দেওয়া অসম্ভব। আমরা চেয়েছিলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে প্রাথমিক সমাধান করে, প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা নিশ্চিত করতে। কিন্তু বসার জন্য ছেলেসহ তার পরিবারের কাউকেই খুঁজে পাচ্ছি না। গ্রামের কেউ দায়িত্ব নিচ্ছে না, আমি কিভাবে সমাধান করব।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




আর কোনো ভাতের হোটেল – আয়নাঘর থাকবে না : ডিএমপির ডিবিপ্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ (৫ অক্টোবর) শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসাথে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবেনা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানানো হবে। এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।




হামজাকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে বড় এক দুঃসংবাদই পেলো বাংলাদেশের ফুটবল ভক্তরা। বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের ক্ষণ অনেকটাই এগিয়ে আসছিলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের। ইংল্যান্ডের ফুটবল ফেডারেশনের থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছিলেন তিনি। পাসপোর্ট থেকে শুরু করে আনুসঙ্গিক যাবতীয় কাগজপত্রের জটিলতার পর্বও প্রায় শেষ। শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন মিললেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারতেন তিনি। কিন্তু চোটের ধাক্কায় এখন সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে বিলম্ব হতে পারে।

অনুশীলনের সময় কাঁধের হাড় নড়ে গেছে হামজার। যার ফলে ঠিক কতদিন মাঠে বাইরে থাকতে হবে তা এখনও জানা যায়নি।

লেস্টার সিটির কোচ কুপার বলেন, কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।

কোচ আরও বলেন, এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়। আমি তার যাত্রাকে সম্মান করি। সে যে একজন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বাফুফে চেয়েছিলো যাতে নভেম্বরের উইন্ডোতেই হামজাকে বাংলাদেশের ক্যাম্পে পাওয়া যায়। তবে চোটের ফলে সেটি বিলম্বিত হওয়া এখন অনেকটাই নিশ্চিত।




তরুণ প্রজন্ম অপরাজনীতিতে লিপ্ত, সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান – শিক্ষা উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত। তাই তাদেরকে সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, যেকোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশাব্যক্ত করেন তিনি।

পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মাত্র দুই-তিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথমদিনে বই তুলে দেয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি।