‘মধ্যপ্রাচ্যের শ্রমিকদের জন্য ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ’

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন, তাদের জন্য দুই সপ্তাহের মধ্যে স্পেশাল (বিশেষ) লাউঞ্জের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এটি তাদের প্রতি আমাদের উদারতা নয়, বরং দায়বদ্ধতা।

তিনি জানান, সিন্ডিকেটের মাধ্যমে নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি খোলা হবে।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তারা বাংলাদেশ থেকে ১৮ হাজার কর্মী নেবেন। বিষয়টি কিছু জায়গায় ভুলভাবে উপস্থাপন হয়েছে। আমরা জানি গত ৩১ মের মধ্যে যে ১৭ হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল, তারা দুর্ভাগ্যবশত যেতে পারেননি। মালয়েশিয়া সরকার তাদের যাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এটা যতদ্রুত সম্ভব কার্যকর করার চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান ও মালয়েশিয়ার পক্ষে পারকেসো এর গ্রুপ অব এক্সিকিউটিভ অফিসার দাতো সারি ড. মোহাম্মেদ আজমান বিন আজিজ স্বাক্ষর করেন।




সেনাবাহিনী মাঠে আছে, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

চন্দ্রদ্বীপ নিউজ ::দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জেনারেল ওয়াকার- উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে।

সেনাপ্রধান বলেন, আশা করি, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

পরিদর্শনের সময় সেনা প্রধান হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি।

 




দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত আমির

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

জামায়াত আমীর আরও বলেন, এ সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন।

তিনি বলেন, আমরা আশা করবো, বতর্মান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ-বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন।

এর আগে আড়াইটায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। দলটি জানায়, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে তারা।

সংলাপ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি। আমাদের মতামতও দিয়ে এসেছি। আমরা বলেছি যে, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন, কবে নির্বাচন হবে, সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি।




দলে সাকিবের শূন্যতা নিয়ে হৃদয় যা বললেন

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যর্থতা ভুলে এবার সাদা বলের ক্রিকেটে মনোযোগী টাইগাররা। আগামীকাল রবিবার গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টেস্ট স্কোয়াডে থাকলেও ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। কয়েকদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি। সাকিব জানিয়ে দিয়েছেন, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই সংস্করণের সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

বিশ্বকাপের পর এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তবে এবার দলের সঙ্গে নেই সাকিব। ম্যাচটিকে সামনে রেখে গোয়ালিয়রে আজ সংবাদ সম্মেলনে আসেন ব্যাটার তাওহিদ হৃদয়। সেখানেও উঠল সাকিবের দলে না থাকার প্রসঙ্গ।

হৃদয়ের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। সেটা মাথায় থাকলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

সাকিবকে নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সাকিবের ভালো বিকল্প মিরাজ হতে পারবেন বলেও জানান তিনি, ‘সাকিব ভাইয়ের ব্যাপারে যদি বলি, অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’




পবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবিতে) বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

৫ অক্টোবর (শনিবার) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রম শেষে কৃষি অনুষদের কনফারেন্স রুমে শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষক হিসেবে রাগ করে নয় শিক্ষার্থীদের বুঝিয়ে, কাউন্সিলিং করে পড়াতে হবে। সবাই ভালো শিক্ষার্থী নয়, যদি একটি ছেলেও আপনার দ্বারা উপকৃত হয় তাহলে আপনার শিক্ষকতা সফল হবে। আপনি আপনার ডিপার্টমেন্টে ভুমিকা রাখেন, আপনার পাবলিকেশনে খেয়াল রাখেন, বিশ্ববিদ্যালয় আপনার মূল্যায়ন করবে।’

আলোচনা সভায় ল্যান্ড ‘ল’ অনুষদের ডিন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আরোও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. সুজাহাঙ্গীর কবীর, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন, কৃষি অনুষদের অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মো. মহসিন হোসেন, অধ্যাপক ড. মামুন আর রশীদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি, গবেষণা, উচ্চশিক্ষা, কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের ভূমিকা রাখার কথা আলোচনা করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের ১০০টি দেশে সকল শিক্ষক সংগঠন গুলো এই দিবসটি পালন করে থাকে। । এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।”




জামায়াতের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ে

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের জামায়াত প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমীর আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে।




যাত্রী থাকলেও নেই ঢাকা-বরিশাল আকাশ পথে পর্যাপ্ত ফ্লাইট

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল আকাশ পথে পর্যাপ্ত যাত্রী থাকলেও কোনো কারণ ছাড়াই এ রুটে বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক ফ্লাইট। আগে এ রুটে প্রতিদিন আটটি করে ফ্লাইট চলাচল করলেও এখন সপ্তাহে তিনদিন চলছে মাত্র দুটি করে ফ্লাইট। ফলে কম সময়ে দ্রুত যাতায়াত করতে না পেরে চরম ভোগান্তি আর ক্ষোভ প্রকাশ করেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর আগে দৈনিক চারটি করে ফ্লাইট চালাত ইউএস-বাংলা। দুটি করে ফ্লাইট ছিল বাংলাদেশ বিমান ও নভোএয়ারের। হঠাৎ প্লেন সংকটের কারণ দেখিয়ে প্রথমে এই রুটে ফ্লাইট বন্ধ করে নভোএয়ার। পরে একই পথে হাঁটে ইউএস-বাংলা। প্রথমে তারা দৈনিক চারটি ফ্লাইট থেকে কমিয়ে করে দুটি। পরে যাত্রী সংকটের কথা বলে সেই দুটিও বন্ধ করে দেয়। এরপর থেকে বাংলাদেশ বিমান প্রতিদিন তাদের ফ্লাইট চালু রাখে। পরে যাত্রী সংকটের অজুহাতে তারাও সপ্তাহে তিনদিন (বৃহস্পতি, শুক্র ও রোববার) ফ্লাইট চালাতে শুরু করে।

ঢাকা-বরিশাল আকাশ পথের যাত্রী ইমরান সিকদার সালাউদ্দিন বলেন, বুধবার জরুরি ঢাকা যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু সেদিন কোনো ফ্লাইট না থাকায় বৃহস্পতিবার যেতে হয়েছে। সেজন্য কাজের অনেক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় সময়ই কাজের স্বার্থে ঢাকা যেতে হয়। এজন্য কম সময়ে পৌঁছাতে আকাশ পথেই যাওয়া হয়। বৃহস্পতিবারও বাংলাদেশ বিমান পরিপূর্ণ যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যায়। এভাবে প্রতিটি ফ্লাইট দাপট নিয়ে চলাচল করছে। তারপরও কেন এ রুটে ফ্লাইট কমিয়ে দেওয়া হয়েছে বুঝি না।

আরেক যাত্রী বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার আব্দুর রহমান বলেন, প্রতিদিন ফ্লাইট না থাকায় ব্যবসায়িকভাবেও আমাদের অনেক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। সপ্তাহের তিনদিন অসময়ে ফ্লাইট থাকায় বায়াররা আসতে পারছে না। এ রুটে প্রতিদিন চলাচল করার মতো পর্যাপ্ত যাত্রী রয়েছে। বিষয়টি বিবেচনা করে এ পথে প্রতিদিন ফ্লাইট চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

ব্যবসায়ী নূরুল আমিন বলেন, অন্যান্য রুটের চেয়ে ঢাকা-বরিশাল রুটে অর্ধেক সময় লাগলেও বিমান কর্তৃপক্ষ সমান ভাড়া নিচ্ছে। তারপর কেন এই রুটে লোকসানের দোহাই দিয়ে ফ্লাইট বন্ধ করা হয়েছে জানি না। অচিরেই সব কোম্পানি প্রতিদিন এ পথে ফ্লাইট চালু করবে এমনটাই প্রত্যাশা করছি।

এ ব্যাপারে জানতে ইউএস-বাংলা ও নভোএয়ারের দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিমানের বরিশাল বিমানবন্দরের এক কর্মকর্তা জানান,পদ্মা সেতু চালুর আগে যথেষ্ট যাত্রী ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে। এখন সপ্তাহে তিনদিন চললেও সব দিন পর্যাপ্ত যাত্রী থাকে না। মাঝে মাঝে পরিপূর্ণ যাত্রী হয়। আর ফ্লাইট বাড়ানো হবে কি না সে বিষয়টা বিমান কর্তৃপক্ষ জানে।

বরিশাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঢাকা-বরিশাল রুটে যে যাত্রী রয়েছে তাতে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট সংখ্যা বাড়াতে পারে। আগে প্রতিদিন ফ্লাইট ছিল, পর্যাপ্ত যাত্রীও ছিল। এখন ফ্লাইট বাড়ালে পুনরায় যাত্রীর সংখ্যাও বাড়বে। যাত্রীদের সেবা দিতে বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত। এছাড়া বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে।




চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী মজিবর মাস্টার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মজিবর রহমান মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (৫ অক্টোবর) সকাল নয়টায় রংপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মজিবর রহমান মাস্টার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

১৯৩৭ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়ায় জন্মগ্রহণ করেন মজিবর রহমান মাস্টার। তার বাবার নাম সেরাজ উদ্দিন ও মায়ের নাম আলিমন নেছা।

১৯৪৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ভাষা আন্দোলনে যুক্ত হন মজিবর রহমান। ১৯৫২ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় ভাষার দাবিতে আন্দোলনে যুক্ত থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সময় মজিবর মাস্টার শ্যামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

১৯৭১ সালে গঠিত বদরগঞ্জের সর্বদলীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হন। মজিবর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। ১ এপ্রিল সৈয়দপুর সেনানিবাস থেকে ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বে ৩ শতাধিক আনসার, পুলিশ ও সেনা সদস্য বদরগঞ্জে আসেন। তিনি ওই বহরে অংশ নেন। তারপর বদরগঞ্জ থেকে তারা দিনাজপুরের ফুলবাড়ীতে যান। সেখানে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। ৬নং সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন নোয়াজেসের সঙ্গে তিনি নীলফামারীর চিলাহাটির তিনটি স্থানে গেরিলা যুদ্ধে অংশ নেন। পরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে কলকাতায় দেখা করেন। তার নির্দেশে তিনি ভারতের কুচবিহারের টাপুরহাট যুব ক্যাম্পে সহকারী রিক্রুটিং অফিসার হিসেবে যোগ দেন।

মজিবর রহমান ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া কয়েক বছর বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটস আন্দোলনে যুক্ত থেকে রাষ্ট্রপতি পদকও লাভ করেন মাস্টার মজিবর রহমান।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক-২০২৩ পান রংপুরের কৃতি সন্তান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মজিবর রহমান মাস্টার।




দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে লেবুখালী-বাউফল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন- দুমকি উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

জামাল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, মাওলানা মামুনুর রহমান, জহিরুল ইসলাম, জিএম ইউছুফ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন শাহীন, শাহজাহান সরদার, সহকারী শিক্ষক আমির হোসেন প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানসহ শিক্ষক প্রতিনিধি, দুমকি প্রেসক্লাবের সভাপতি – সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষক দিবসের সূচনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবি জানান।




নির্বাচনের দিনকাল নিয়ে কিছু আলোচনা হয়নি: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ ::নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচন প্রস্তুতির বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এছাড়া বিতর্কিত কেউ যাতে সংস্কার কমিশনে আসতে না পারে সেই কথাও বলেছে তারা।

শনিবার (০৫ অক্টোবর) বিকেলে সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে দেড় ঘণ্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, সংলাপে নির্বাচনের দিনকাল নিয়ে কোন আলোচনা হয়নি। আমরা শুধু রোডম্যাপ চেয়েছি। অন্তবর্তীকালীন সরকার বলছে নির্বাচনটা তাদের প্রথম অগ্রাধিকার।

এসময় তিনি আরও বলেন, সচিবালয়ে চুক্তিভিত্তিক সচিবদের নিয়োগ বাতিল করার পাশাপাশি স্বৈরাচারী সরকারের দোসদের সরিয়ে নিরপেক্ষ প্রশাসন নিয়োগের কথা বলেছি।
এছাড়া, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাজানো সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। সাবেক এমপি মন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিরা দেশ ছেড়ে কীভাবে পালাচ্ছে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছি।

কথিত ফ্যাসিবাদ শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্যাম্পেইন চালাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য প্রধান উপদেষ্টাকে ভারতের সাথে আলোচনার করার আবদেন জানিয়েছি। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ উদঘাটন করে এই বিষয়ে সুরাহা করার কথাও আমরা উত্থাপন করেছি।