পটুয়াখালীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল – বেঁধে রাখলেন স্থানীয়রা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে বাকেরগঞ্জ উপজেলার জেলের জালে আটকা পড়েছে একটি ঘড়িয়াল। পরে সেটিকে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জালে ঘড়িয়ালটি আটকে যায়। এটি দেখতে ভীড় জমিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয়রা এটিকে কুমির ভেবে আটকে রেখেছিল।

এ বিষয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান, স্থানীয়রা একটি কুমির ভেবে বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছিলেন তারা। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটি যে ঘড়িয়াল তা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এটি শান্ত প্রাণী। মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে স্থানীয় লোকজন প্রচুর ভীড় করে রাখায় ভয়ে ঘড়িয়ালটি উদ্ধারকারী দলের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।




স্বৈরাচারকে নির্বাচনে না নেওয়ার অনুরোধ ইসলামী আন্দোলনের

চন্দ্রদ্বীপ নিউজ :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম জানিয়েছেন, পতিত স্বৈরাচার যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে প্রধান উপদেষ্টাকে সে অনুরোধ করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাতে সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করিম বলেন, আজকে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি। তাদের সাথে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। স্বাধীনতার ৫৩ বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন ছিলো প্রশ্নবিদ্ধ। সংস্কার করতে যতটুকু সময় লাগে সংস্কার কাজ শেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার ব্যবস্থা করতে হবে। স্বৈরাচারীরা যেন কোনভাবে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সে ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

রেজাউল করিম বলেন, আমরা বলেছি এই দেশ ৫ আগস্ট স্বাধীন হয়েছে বহু রক্ত ও জানের বিনিময়ে। আপনাদের সাথে দেশের জনগণ রয়েছে, আপনারা সবচেয়ে শক্তিশালী সরকার। কিন্তু খুনি, অর্থ পাচারকারী, দাগী, অপরাধীরা কীভাবে দেশ থেকে পালালো? আপনারা কেন তাদেরকে দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন। এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

সংস্কার কমিশন নিয়ে তিনি বলেন, আমরা ছয় সংস্কার কমিশন ছাড়া ও আরও কয়েকটি কমিশন গঠনের কথা বলেছি।

এর আগে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।




পিরোজপুর থেকে অপহৃত কিশোরী বরিশালে উদ্ধার

বরিশাল অফিস :: পিরোজপুর থেকে অপহৃত সিনথিয়া আক্তার রুমি (১৩) নামে এক কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন সিনথিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় পিরোজপুর সদরের হোরের হাওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শেখ তরিকুল ইসলাম বাদী হয়ে গত ৩ অক্টোবর সদর থানায় একটি অভিযোগ করেন।

জানা গেছে, বাদী তরিকুলের শ্যালক মো: আল আমিন হাওলাদারের মেয়ে সিনথিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর সে বাড়ি ফিরে আসেনি। পরিবার সিনথিয়াকে অনেক খোজাখুজি করার পর না পেয়ে পুলিশ সুপারের অফিসে যান।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন বলেন, অপহৃত সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩ তারিখ রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করা হয়। তাঁর পিতা আল আমিন ও বাদী তরিকুলের কাছে মেয়েটিকে হস্তান্তর করা হয়েছে।




সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এখন তিনি ডিবি কার্যালয়ে।

রোববার (৬ অক্টোবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আমরাও শুনেছি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছেন। তবে আমাদের এখনও ফরমালি জানানো হয়নি। ডিবি থেকে জানালে আমরা জানাবো।




আগে চাই গ্রহণযোগ্য সংস্কার, তারপরে নির্বাচন :জামায়াতের হেলাল

বরিশাল অফিস ::জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার এসেছে। তাদের আগে রাষ্ট্রের গ্রহণযোগ্য সংস্কার করতে হবে, তারপরে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। বিগত সরকার জামায়াতকে চাপিয়ে রাখার চেষ্টা করলেও জামায়াতের অগ্রগতি আগের চেয়েও বেশি হয়েছে।’

শনিবার (৫ অক্টোবর) ঝালকাঠির শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছর ধরে যাদের রাজনৈতিকভাবে শত্রু মনে করেছে তাদেরকেই হত্যা করেছেন। জামায়াতের পাঁচ নেতাকে মিথ্যা অভিযোগে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছেন। তারা হত্যা হয়নি, শহীদ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ দেশের অসংখ্য মানুষকেই কারাগারে রেখে তিলে তিলে শেষ করেছে। বেশি নির্যাতন করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি। কিন্তু জামায়াতে ইসলামী মরে যায়নি। দেশের জনসাধারণ জামায়াতের প্রতি অতীতের সব সময়ের থেকে এবং অন্যান্য দলের চেয়ে বেশি আস্থাশীল। বাংলাদেশে জামায়াতকে কেন্দ্র করে জনসাধারণ বর্তমানে বিকল্প চিন্তা করছে।’

ছাত্রদের অবদান স্বীকার করে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘দাবি আদায়ে ছাত্ররা যখন মাঠে নামে তখন আওয়ামী লীগ ঠাট্টা, বিদ্রুপ ও কটাক্ষ করে কথা বলে ছাত্রলীগ-পুলিশ লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করে। হত্যার কবল থেকে শিশুও রেহাই পায়নি। তবুও অধিকারের আন্দোলন থেকে ছাত্ররা একচুল পরিমাণও সরে যাননি। এর কারণেই ন্যক্কারজনকভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ৪৫ মিনিটের আল্টিমেটামে অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে দেশ ছেড়ে পালিয়েছে। শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের দাবিও জানান জামায়াতের ওই কেন্দ্রীয় নেতা।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাড. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন: বরিশাল অঞ্চল টিম সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও বরিশাল বিএম কলেজছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন: জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সদর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, নলছিটি আমির মাওলানা শামসুল হক, রাজাপুর আমীর মাওলানা হেমায়েত উদ্দিন, কাঁঠালিয়া আমীর মাস্টার মজিবুর রহমান।




পিরোজপুরে নদী ভাঙন রোধে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়নি ৭ বছরেও

বরিশাল অফিস :: পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ৪ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভিত্তি প্রস্তরের ৭ বছরেও কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

পাইলিংয়ের জন্য নাম মাত্র কিছু ব্লক ও জিও ব্যাগ ৬ বছর আগে নির্মাণ করে খাদ্য গুদামের সামনে রেখে দেওয়া হয়। ব্লকগুলো এখন শ্যাওলা, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কবে নাগাদ পাইলিংয়ের কাজ শুরু হবে, তা কেউ বলতে পারে না।

বর্তমানে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন থাকায় যে কোনো সময় বিলীন হতে পারে কাউখালীর ঐতিহ্যবাহী খাদ্য গুদামের ৫টি ভবন।

কাউখালীর খাদ্য গুদাম এক সময়ে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্য গুদামজাত করার লক্ষে সরকারিভাবে চাল, গম সামগ্রী সরবরাহ করা হতো। সরকারের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তা-ঘাট, বেরিবাধ, খাল খনন, মাটিকাটা শ্রমিকদের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি বাস্তবায়ন করা হতো এখান থেকে।

মূলত গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের এই সকল উদ্যোগেই আজ বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রের মর্যাদার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আজ শত কোটি টাকার খাদ্য গুদাম সঠিকভাবে সংরক্ষণ না করা এবং নদী ভাঙনের হাত থেকে রক্ষা না করার জন্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। খাদ্য গুদামের ভাউন্ডারির ওয়াল, প্রবেশ পথ ও জেটিসহ রাস্তা বহু আগেই নদী ভাঙনে বিলীন হয়েছে গেছে। এখন সীমানা প্রাচীরও ভেঙে নদীতে তলিয়ে গেছে। নদী ভাঙনের কবলে পড়েছে মূল খাদ্য গুদামের ভবন। সীমানা প্রাচীর না থাকায় সরকারি বহু মূল্যবান সম্পদ ঝুঁকিতে রয়েছে।

কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম জানান, কাউখালী খাদ্য গুদামটি অরক্ষিত এলাকায়। দ্রুত কাজ না করলে যে কোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।

পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি পানি কমলে নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

এ বিষয়ে জানতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।




রাজাপুরে গণপূর্তের প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা মুখ বেধে খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও গণপূর্ত মন্ত্রণালয়ের এসডি প্রকৌশলী মাসুম বিল্লাহ গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা এসময় ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়। ডাকাতের পিটুনীতে ঘরে থাকা খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও তার ভাই মামুন ডাকুয়া আহত হয়। আহতরা ওই এলাকার ইউনুচ আলী ডাকুয়ার ছেলে।

আহত মামুন ডাকুয়া ও তার মামা ফরিদ তালুকদার জানান, রাত আড়াইটার দিকে দ্বিতল় ভবনের সামনে ড্রোইং রুমে জানালার গ্রীল কেটে ৮/১০ জন আগ্নেয়াস্ত্র (শর্টগান) ও দেশী অস্ত্রে সজ্জিত মুখোশধারী ডাকাত দল ভবনের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভবনে থাকা ৭ জনের সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেধে ফেলে। পরে সবাইকে এক রুমের মধ্যে আটকে রেখে মারধর করে ভবনের প্রতিটি ভবনে ঘণ্টাব্যাপি লুটপাট চালিয়ে সবকিছু তছনছ করে ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।
রাজাপুর থানা ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ভোলায় মাইক্রোবাস- অটোরিকশার সংঘর্ষে আহত ৫

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন আহত তিনজন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মো. রহিম মিয়ার ছেলে শাহীন আহমেদ, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার এবং একই ওয়ার্ডের শাহজাহান মিয়ার ছেলে মিলন ফরাজি।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে গাড়ি দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এসময় দুটি গাড়িতে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আহতদের সঠিক চিকিৎসা প্রদানের পাশাপাশি পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও একইদিন সকালে জেলার সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।




মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

বরিশাল অফিস :: মেঘনা নদীতে নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।

নিহত জেলে কবির মাঝি (৩৫) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া আশা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মাঝির ছেলে।

শনিবার( অক্টোবর) সকালে ৭ টার দিকে বরিশালে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমাদুল করিম।

তিনি জানান,মেঘনা নদীতে বজ্রপাতে একজন জেলের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দিয়ে দেওয়া হয়েছে।

নিহতের প্রতিবেশি জসিম সরদার জানান, ইলিশ মাছ শিকারে রাতে মেঘনা নদীতে জাল ফেলেন জেলেরা। সকালে নদী থেকে জাল উঠানোর সময় বজ্রপাত হয়। এতে নৌকার অন্য মাঝিরা রক্ষা পেলেও সুকান ধরা কবির মাঝি উপুড় হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।




শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলো: জিএম কাদের

চন্দ্রদ্বীপ নিউজ :: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলো। যে কারনে, আওয়ামী লীগ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই “বি” টিম সৃষ্টি করেছিলো।

শনিবার (৫ অক্টোবর) বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছি। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছে। বিএনপি’কে হামলা-মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে। তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিলো। আবার, জামায়াতে ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি। হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছে। আর, জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে দুই ভাগ করে।

তিনি বলেন, ২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিলো আওয়ামী লীগ। জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বে-আইনিভাবে আরো একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এ পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেয়া।

জিএম কাদের বলেন, সরকারী পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সকল কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সকল গণমাধ্যমকে সহায়তা করতো। তাদের কাজ ছিলো মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার করা।

তিনি বলেন, ২০২৪ সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি, তারা রাজনীতি ভালোই বোঝে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় ৪ কোটি। আগামী দিনের রাজনীতিতে তারা অসামান্য অবদান রাখেবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন।