দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে – প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলশ্রুতিতে সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

রোববার (৬ অক্টোবর) সেনাবাহিনী সদরদফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী পর্ষদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ছাত্র-শ্রমিক-জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান।

এসময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সব বীর সেনানীদের যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।




পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি দেউলী বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাঙচুর করেছে কতিপয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। মামলায় ইমরান সিকদার নামের এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপি নেতা কর্মীদের ভাষ্যমতে,পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগের নেতাদের ঈন্ধন ও সাজানো ছক অনুযায়ী যুবলীগ কর্মী ইমরান সিকদার গং এই হামলা ও ভাঙচুর যজ্ঞ চালায়।

তাঁরা বলেন, এর পেছনে রয়েছে অন্ততঃপক্ষে আরো বিশ-পঁচিশজন আওয়ামীলীগের নেতা কর্মী, যারা বিএনপির শক্তি পরীক্ষা নেওয়ার জন্য এই কাজ করেছে। আওয়ামীলীগের নেতা কর্মীরা যে কোনো সময় বাজার দখল করে এবং আসন্ন শারদীয় দুর্গা পূজায় হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে বিএনপি নেতা কর্মীদের আশঙ্কা।

অফিস ভাঙচুর ও মামলার ব্যাপারে দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খানের কাছে জানার জন্য ফোন করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান (ফারুক) অফিস ভাঙচুরের বিষয় সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বিএনপির অফিস কক্ষের দরজায় তালা ছিল। যা একটি শক্ত মজবুত লাঠি দ্বারা আঘাত করে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এর আগে দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। একটি কব্জা ছুঁটাতে পারলেও অন্যগুলি পারেনি। পরে ভিতরে ঢুকে অফিস কক্ষের ভেতর থাকা চেয়ারগুলি ভেঙে ফেলে।

মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইমরান সিকদার নামের এক যুবলীগ কর্মীকে আটক করেন। এর আগে স্থানীয় জনতার হাতে সে আটক হয়।ইমরান সিকদার দেউলী গ্রামের ইউনুচ সিকদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত ইমরান সিকদার নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এতে ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।




ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি – র‌্যাব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর র‌্যাব প্রাণঘাতী কোনো গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, ছাত্র-জনতার ওপর র‍্যাব কখনোই প্রাণঘাতি গুলি ব্যবহার করেনি। আমরা ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম। এখনো অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

তাকে জিজ্ঞেস করা হয়েছে যে পুলিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র‍্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা?

তখন তিনি বলেন, র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। কোনো সদস্য কর্মবিরতিতেও যায়নি। আমাদের কোনো সমস্যা ছিল না।

বৈষম্যবিরোধী আন্দোলনে গণ-হত্যায় জড়িতদের আটকে র‍্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত র‍্যাব এক হাজার ৭০ জনকে আটক করেছে। এর মধ্যে সরকারের উচ্চপর্যায়ের ৩৯ জন রয়েছেন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তিনি আরো বলেন, নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা থেকে করে উচ্চপর্যায়ের অনেককেই আটক করা হচ্ছে। এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। র‍্যাব যদি কোনো তথ্য পায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে। র‍্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে।

ওবায়দুল কাদের, নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের আটকের বিষয় মুনীম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে। তথ্য পেলেই আটক করা হবে।




সন্ধ্যায় ভারত-বাংলাদেশ লড়াই

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ৩ ম‍্যাচ সিরিজের ১ম টি টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ালিয়রে বাংলাদেশ সময় সন্ধ‍্যা ৭:৩০ মিনিটে শুরু সংক্ষিপ্ত ফরম্যাটের দুই দলের লড়াই।

সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচে স্পিনার রাকিবুল হাসানের অভিষেকের সম্ভাবনা রয়েছে।

যেকোন ম‍্যাচের আগে সাম্প্রতিক সময় বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন করাটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ শুরুর আগের দিন কোনো পেসার করেনি অনুশীলন। তবে অধিকাংশ ব‍্যাটার প্রস্তুত করেছেন নিজেদের। গোয়লিয়রের প্রচন্ড তাপদাহে ক্রিকেটারদের সুস্থ রাখাকে দেয়া হয়েছে প্রাধান‍্য। তবে দলের লক্ষ‍্য একটাই জয়।

২০১৯ সালে সবশেষ ভারত সফরের মতো এবার ভারতকে হারিয়ে সিরিজ শুরু করতে চায় শান্তর দল। আর ভারতীয় স্কোয়াড তুলনা মূলক অনভিজ্ঞ হওয়ার ফায়দাটা নিতে চাইবে টিম ম‍্যানেজমেন্ট। এই ম্যাচের জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে গতকাল সফরকারীদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।
নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করবো।

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদভ এই সিরিজে তরুণরা ফলাফল পক্ষে আনবে বলে আশাবাদী।
তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ। তারা তাদের রাজ্যের দলে যেখানেই খেলেছে ভালো পারফর্ম করেছে। এখানে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। এই সিরিজে ওপেন করতে চলেছেন সঞ্জু স্যামসন। উইকেট স্লো নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট ভালোই হয়। এখানকার পরিস্থিতি এবং পিচ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। শিশির নিয়েও ভাবনা রয়েছে আমাদের। মাঠে কী করণীয় সেটা আমরা জানি। যদি সবাই অবদান রাখতে পারে, তাহলে নিশ্চয়ই আশানুরূপ ফলাফলই পাবো।




উন্নত দেশগুলো বড় বড় কথা বলে টাকা দেয় না: পরিবেশ উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়। এ কারণে লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়নি। তারা বড় বড় কথা বলে। তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম। আগামী মাসে সকল দেশ একসাথে হবে। সেখানে এ বিষয়ে কথা বলা হবে। এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে উজান ও ভাটির দেশকে একসাথে এসে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং সতর্ক না করে পানি ছেড়ে দেয়ার কারণে বন্যা হয়েছে। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরও ঝুঁকি বাড়বে

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা গুলো জাতীয় পর্যায়ে দেখতে হবে। ন্যাশনাল অ্যাডাপটেশনের পরিকল্পনাগুলো সরকারি অর্থায়নে মোকাবেলা সময় তা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এ সময় বাজারে খাদ্যের ঘাটতি পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে সুইডেনের পক্ষে দূতাবাসের উন্নয়ন সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিডসম্যান বলেন, অতিরিক্ত গরমের কারণে এবছর স্কুল বন্ধ ছিল। গরমে শিশুদের অনেক কষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের দিন দিন বড় ইস্যু হচ্ছে। অনেক দেশে এটির প্রভাব ভয়াবহ। বাংলাদেশও এর ভুক্তভোগী। এ বিষয়ে কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের ভয়েস রেস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।




স্ত্রীসহ এনএসআইর সাবেক মহাপরিচালক জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শন পূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ী ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।




মূলধন ঘাটতির সাথে বাড়ছে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদও

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রভিশন সংরক্ষণসহ বিভিন্ন ছাড়ের পরও ব্যাংকে বাড়ছে খেলাপি ঋণ। আর এর প্রভাবে মূলধন ঘাটতিও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে মূলধন ঘাটতিতে পড়েছে ১৩ ব্যাংক। এ তালিকায় সরকারি মালিকানার ৬, বেসরকারি ৬ এবং বিদেশি ব্যাংক রয়েছে ১ টি। ৩ মাস আগে রাষ্ট্রীয় মালিকানার সোনালীসহ ১৫টি ব্যাংকের ঘাটতি ছিল ৩৩ হাজার ৭৪৩ কোটি টাকা।

সাধারণত ব্যাংকঋণের শ্রেণিমান বিবেচনায় প্রতিটি ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হয়। ব্যাংকের খারাপ ঋণ যত বাড়ে, প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা তত বেড়ে যায়। আর প্রভিশন রাখতে না পারলে স্বাভাবিকভাবে মূলধন ঘাটতি বাড়ে। আবার খেলাপি ঋণের বিপরীতে কোনো ব্যাংক আয় দেখাতে পারে না। ফলে খেলাপি না কমলে মূলধন ঘাটতি থেকে বের হতে পারে না ব্যাংক।

ব্যাংকাররা বলছেন, উচ্চ খেলাপি ঋণ এবং নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতপশিলের কারণে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়েছে। আগামীতে এই সংখ্যা আরও প্রকট হবে বলেও আশঙ্কা করে তারা বলেন, এতে সক্ষমতা হারাবে ব্যাংকগুলো। আর মূলধন ঘাটতির সঙ্গে বাড়বে আমানতের ঝুঁকি। অনিয়মের কারণে আলোচিত ব্যাংকই ঘুরেফিরে মূলধন ঘাটতিতে রয়েছে। এসব ব্যাংক উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে প্রয়োজনীয় মুনাফা করতে পারছে না বলে জানান তারা। আবার উদ্যোক্তারাও নতুন করে মূলধন জোগান দিচ্ছেন না। অবস্থার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আলোকে বিভিন্ন সময়ে ব্যাংকগুলো মূলধন ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিলেও তা বাস্তবায়ন করতে পারছে না। ওই সময় মূলধন ঘাটতিতে থাকা সব ব্যাংকেই পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ করা হয়েছিল। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের আলোকে নতুন করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এ বিষয় সাংবাদিকদের বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ ক্রমাগত বাড়ছে। আগামীতে আরও বাড়বে। এ কারণেই মূলধন ঘাটতি বাড়ছে। আগামীতে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা আরও বাড়বে। বর্তমানে আমাদের খেলাপি ঋণ ২ লাখ কোটি টাকার কিছু বেশি হলেও এস আলমসহ কিছু ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ এনপিএলে পরিণত হলে সেটি অফিসিয়ালি ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ কোটি টাকা হয়ে যেতে পারে। ফলে খেলাপি ঋণ আরও বাড়বে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ঘুরে ফিরে কয়েকটি ব্যাংকই মূলধন ঘাটতিতে আটকে আছে। সার্বিক ব্যাংক খাতে এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেখা যাবে এসব ব্যাংকেই খেলাপি ঋণ সবচেয়ে বেশি। তবে আগামীতে আরও কয়েকটি ব্যাংক এই তালিকায় যুক্ত হবে। মূলত নামে-বেনামে যেসব ব্যাংক থেকে প্রচুর ঋণ বের করে নেওয়া হয়েছে, তালিকায় সেগুলোই যুক্ত হবে। ফলে ব্যাংক খাতে মানুষের আস্থাহীনতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, এ সমস্যা নিয়ন্ত্রণে সব খাতে শক্তিশালী নেতৃত্ব দরকার। একই সঙ্গে আমাদের নিয়ন্ত্রক ও আইনি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের নিয়ে ভারতে একটা মাস্টার সার্কুলার হয়েছিল; আমাদের সেটি অনুসরণ করা উচিত। রেগুলেটরি অনেক নিয়মের সংশোধন নিয়ে আসাও দরকার।

প্রতিবেদন অনুযায়ী, মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামিক, ন্যাশনাল, পদ্মা ও সিটিজেন ব্যাংক। আর বিদেশি ব্যাংকের তালিকায় রয়েছে হাবিব ব্যাংক। এসব ব্যাংক ন্যূনতম প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ১৭ ব্যাংক ন্যূনতম ক্যাপিটাল কনজারভেশন বাফার (সিসিবি) সংরক্ষণ করতে পারেনি। এগুলোর মধ্যে রয়েছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিকেবি, রাকাব, বিসিবিএল, আইসিবি ইসলামিক, ইসলামী ব্যাংক, আইএফআইসি, ন্যাশনাল ও পদ্মা। জুন শেষে এসব ব্যাংকের সিসিবি দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে ব্যাংক খাতে সমন্বিত রেশিও দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ শতাংশ। তবে ১১ ব্যাংক ন্যূনতম লেভারেজ রেশিও ৩ দশমিক ৫০ শতাংশ রাখতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, তপশিলি ব্যাংকগুলোর কার্যক্রম চালাতে ন্যূনতম রক্ষিতব্য মূলধন (এমসিআর) ও সিসিবি থাকতে হবে তাদের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ ও আড়াই শতাংশ হারে। সেইসঙ্গে মূলধন ও দায়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষায় ব্যাসেল-৩ কাঠামোর আলোকে ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি ব্যাংকগুলোকে ২০১৫ সাল থেকে ন্যূনতম ৩ শতাংশ লিভারেজ অনুপাত (এলআর) সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়, যা ২০২৩ সাল থেকে বার্ষিক দশমিক ২৫ শতাংশ হারে ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২৬ সালে ৪ শতাংশে উন্নীত করার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী ২০২৪ সালের জন্য তপশিলি ব্যাংকগুলোকে লিভারেজ অনুপাত ন্যূনতম সাড়ে ৩ শতাংশ হারে সংরক্ষণের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেদনে ঝুঁকিভিত্তিক সম্পদ বৃদ্ধির কথা বলা হলেও সেই তথ্য প্রকাশ করা হয়নি।

তবে আরেক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সাল শেষে ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ সম্পদ ছিল ৪ দশমিক ৮৭ লাখ কোটি টাকার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৭৮ লাখ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ১ দশমিক ৯ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়েছে।




মহিপুরে জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে মোস্তফা খান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ৩ টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোস্তফা খান মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের আব্দুল জব্বার ওরফে চান্দু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টার দিকে মোস্তফা টিয়াখালী ইউনিয়নে তাদের নিজস্ব জমি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন।

সেখানে ফিসিং ট্রলারে কাজ করার জন্য কথা বলেন মাঝি মোস্তাফিজুর রহমানের সাথে। পরে ওইদিন রাত আনুমানিক ২ টার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পরলে ট্রলারের জেলেরা তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’




সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আজ রোববার (৬ অক্টোবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আবুল কালাম আজাদ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।




শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া আসছে নতুন ব্যাংক নোট

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই বাজারে আসছে ব্যাংক নোট। অর্থ মন্ত্রণালয় থেকে সমস্ত মূল্যমানের ব্যাংক নোটের জন্য নতুন ডিজাইনের জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন এর সই করা চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সব ধরনের নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে।