পিরোজপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান জব্দ

বরিশাল অফিস :: পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে একটি এয়ারগান জব্দ করা হয়েছে। সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর জাহিদ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁনের সমন্বয়ে সেনা, পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে নামে। শনিবার রাতে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাসেম ফকিরের ছেলে জালাল ফকিরের বসতঘর (বিল্ডিং) থেকে এয়ারগানটি জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা মুকিত হাসান খান জানান, অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যান। তিনি পিরোজপুর পৌর সভার সাবেক কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। অবৈধ অস্ত্রের বিষয়ে তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




বরিশালে সাতলার ‘লাল শাপলার বিলে ভ্রমণে চীনা পর্যটক

বরিশাল অফিস :: বরিশাল সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম এবং আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামের বিস্তীর্ণ জলাভূমিতে বিছিয়ে আছে শাপলার বিল। তবে সাতলার বিল ‘লাল শাপলার বিল’ নামেই বেশি পরিচিত। প্রাকৃতিকভাবেই বিলটির জন্ম। পর্যটকদের কাছে অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিলটি। প্রতিবছর নয়নাভিরাম এই বিলে দেশের বিভিন্ন স্থানে ঘুরতে আসেন হাজার হাজার দর্শনার্থীরা ।

গোলাপি আর সবুজের মাখামাখি দূর থেকেই চোখে পড়বে। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে গাঢ় গোলাপির অস্তিত্ব চোখ জুড়িয়ে দেবে। বিস্তৃত বিলের জলে ফুটে থাকে কোটি কোটি শাপলার । জাতীয় ফুল শাপলার গাঢ় গোলাপি রং বলে স্থানীয়ভাবে এটিকে লাল শাপলা হিসেবেই চিহ্নিত করা হয়।
প্রাকৃতিক আপন নিয়মে সৃষ্ট সাতলা-বাগদা এলাকা নিকট অতীতেও ছিল চরম অভাবী এলাকা। শাপলা-সালুক খেয়েই বছরের বেশিরভাগ সময় এ প্লাবন ভূমিতে বসবাসকারী মানুষ ক্ষুন্নিবৃত্তি করত।

পানি উন্নয়ন বোর্ড এখানে তিনটি পোল্ডারে ‘সাতলা-বাগদা সেচ প্রকল্প’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের পরে এখানে বোরো ধান সহ অন্যান্য ফসলের মুখ দেখেছে এলাকাবাসী।

ফলে চীর অভাবী এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। সাথে মাছের উৎপাদনও বাড়ছে। এখানে মাছ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চালান যাচ্ছে। সাথে বিশাল শাপলা বিলের শাপলা বিক্রি করেও এলাকার বিশাল জনগোষ্ঠীর সংসার চলছে।

প্রতিবছরই নয়নাভিরাম এ বিলে দেশের বিভিন্ন স্থানে ঘুরতে আসেন দর্শনার্থী। বিদেশি পর্যটকরাও আসছেন শাপলার বিল দেখতে। গত শনিবার বেশ কয়েকজন চীনা নাগরিক শাপলার বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন। তারা এখান থেকে সরাসরি ভিডিও কলে চীনে নিজ পরিবার পরিজনকে বরিশালের শাপলা বিলের দৃশ্য ধারণ করেছেন। দৃশ্য দেখে সুদূর চীন থেকে বেড়াতে আসা পর্যটকদের পরিজনেরাও বরিশালের ‘শাপলা বিল’ দেখতে আসর আগ্রহ প্রকাশ করেছেন ।




অগণিত কাশফুলে শরতের শুভ্রতা ছড়াচ্ছে বরগুনার বিসিক শিল্পনগরী

বরিশাল অফিস :: বর্ষাকে বিদায় জানাতে সাদা মেঘের ভেলা ভাসিয়ে প্রকৃতিতে শুভ্রতা নিয়ে আসে শরৎকাল। কাশফুলের সাদা রঙের সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠে মানুষের মন। ঠিক এই সময়ে বরগুনার বিসিক শিল্প নগরী এলাকা ছেয়ে গেছে সাদা রঙের ফোটা অগণিত কাশফুলে। শিশু থেকে বৃদ্ধ, তরুণ থেকে তরুণী সবারই বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একটি জায়গায় পরিণত হয়েছে বরগুনার বিসিক শিল্প নগরী এলাকা।

সরেজমনি বিসিক এলাকা ঘুরে দেখা যায়, শিল্প নগরীর চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীর ভেতরের বিস্তৃত এলাকায় ফুটেছে হাজারো কাশফুল। এ কাশবনে ফুটে থাকা সাদা রঙের শুভ্রতা উপভোগ করতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। কাশফুলে বাতাসের দোলায় মুখরিত হয়ে পড়া বিসিক শিল্প নগরী এলাকাটি স্থানীয়দের কাছে যেন পরিণত হয়েছে বরগুনার একখণ্ড ঢাকার দিয়াবাড়ি। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় করেন তরুণ-তরুণী, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী মানুষ।

কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ আপন মনে গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন। কেউ আবার প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ভিডিও কিংবা সেলফি তুলে সময় পার করছেন। এছাড়া পরিবারের সঙ্গে আসা শিশুরাও আনন্দে উচ্ছ্বাসিত সাদা কাশফুলের সৌন্দর্য উপভোগ করে।

আসমা চৌধুরী বরগুনার ইসলামি ব্যাংকে কর্মরত থাকার সুবাদে তিন মাস ধরে পরিবার নিয়ে বরগুনায় বসবাস করছেন। পরিবার নিয়ে ঘুরতে এসে তিনি বলেন, আমি একজনের কাছে শুনেছি বিসিক শিল্প নগরী এলাকায় কাশফুল আছে। এসে দেখলাম এখানের প্রচুর কাশফুল ফুটেছে, আমি এত কাশফুল একসঙ্গে এর আগে কখনো দেখিনি। প্রথমবার এত কাশফুল একসঙ্গে দেখে আমার অনেক ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।

সপরিবারে ঘুরতে এসে সুদিপা দাস সেতু বলেন, আমরা বইতে পড়েছি সাদা মেঘ আকাশে ওড়ে এবং চারিদিকে কাশফুল ফোটে। বরগুনার বিসিক শিল্প নগরী এলাকায় এসে এরই প্রমাণ পেয়েছি। এখানে না আসলে বুঝতে পারতাম না বরগুনায় এমন সুন্দর একটি দর্শনীয় জায়গা তৈরি হয়েছে। এমন শুভ্রতার মাঝে ঘুরতে আসতে আমি সবাইকে আমন্ত্রণ জানাই।

রাহাত সরকার বন্ধুদের সঙ্গে কাশফুল দেখতে এসে বলেন, এমন কাশফুল ঢাকার দিয়াবাড়িতে দেখা যায়। এছাড়া বরিশালেরও কিছু জায়গায় দেখা যায়। তবে আমাদের বরগুনার মধ্যে এত কাশফুল আর কোথাও নেই। এখানে ঘুরতে আসলে সবারই মন ভালো হয়ে যায়। একারণে আমরা বন্ধুরা মিলে এখানে ঘুরতে এসেছি।

বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, শরৎকালে সর্বত্রই কাশফুল ফোটে। বিশেষ করে যত পর্যটনকেন্দ্র রয়েছে সেসব জায়গায় কাশফুল ফুটলে তা আলাদা একটি মাত্রা যোগ করে। এছাড়াও শরৎকালের নিল আকাশ এবং বরগুনার বিসিক শিল্প নগরীসহ যে-সব জায়গায় কাশফুল ফুটেছে সেখানে তরুণ-তরুণীসহ অসংখ্য মানুষ ভ্রমণে আসেন। বরগুনার জন্য এটি একটি ভালো দিক।




রাজধানী থেকে অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার

বরিশাল অফিস :: রাজধানী থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। সে রাজধানীর সোয়ারীঘাট এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। আজ রোববার বরিশাল র‍্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক অমিত হাসান জানান, গতকাল শনিবার রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে শিশুটির মা শিশুটিকে নিয়ে অপহরণকারী হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার জন্য দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি আরও জানান, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় গত শনিবার রাতে র‍্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।




সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক

চন্দ্রদ্বীপ নিউজ :: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।




ভোলায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

বরিশাল অফিস :: ভোলায় সাপের কামড়ে ফারিয়া আক্তার রোজা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে ভোলা সদেরর বাপ্তা বুড়ির মসজিদ সংলগ্ন এলাকায় ওই শিশুর মৃত্যু হয়। ফারিয়া এই এলাকার মো: মঞ্জুর মেয়ে।

জানা গেছে, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শিশু ফারিয়া ঘরে খেলা করছিলো। এসময় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। আহত ফারিয়াকে প্রথমে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।




পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

বরিশাল অফিস :: পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ রোববার ওই গৃহবধূর বাবা থানায় হত্যার অভিযোগ দিয়েছেন।

মৃত নুপুর রানী সদর উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শিকারপুররের হারিদাস কুন্ডের স্ত্রী।

অভিযোগে জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছিকটী বাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নুপুর রানীর সঙ্গে শিকারপুররের মান্তি কুন্ডের ছেলে হারিদাস কুন্ডের সঙ্গে বিয়ে হয়। গত ১৩ দিন আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়। রোববার ভোরে তাঁর মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোনে নুপুরের অসুস্থতার কথা জানান। অসুস্থ অবস্থায় নুপুরকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা কালিদাস বিশ্বাস বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে নাটক সাজানো হয়েছে সে মারা গেছে। আমি এই পরিকল্পিত হত্যার বিচার চাই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও নিহতের পিতার অভিযোগে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে রিকশা চালক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

বরিশাল অফিস :: বরিশাল নগরীর পলাশপুর এলাকায় রিকশাচালক রমাজান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

রবিবার (০৬ অক্টোবর) দুপুর ১২টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল শেষে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানিয়ে নিহত রমাজান এর পরিবার বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবার জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পূর্ব পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যার পরে রমজানের পরিচয় গোপন করার জন্য তার মুখমণ্ডল ও শরীরে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়।

ঘটনাটি জানান পরে এলাকাবাসী হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চিহ্নিত মাদক বিক্রেতা মামুনকে ধারে গণপিটুনি দেওয়ার পর মামুন হত্যার করার কথা স্বীকার করেন। এবং হত্যার সাথে কারা কারা জড়িত তাদের নাম প্রকাশ করেন। পরে এলাকাবাসী হত্যার সাথে জড়িত মামুন ও তার ভাই সুমনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মাইনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুম, সদস্য সচিব হানিফ হাওলাদার সহ নিহতের স্ত্রী ও তার পরিবার।
অন্যদিকে হত্যার ঘটনার পর শুক্রবার (৪ অক্টোবর) রিকশা চালক রমজান মৃধাসহ জোড়া খুনের সাথে জড়িত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, মামুন ও তার পরিবার ওই এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই গ্রুপের সাথে জড়িত হিসেবে এলাকায় পরিচিত। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার পাওয়ার দাবিতে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাব-৮ সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেন।

 




কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: এবার শারদীয় দূর্গা পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

৬ অক্টোবর, রবিবার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার যেন দুর্গাপূজা ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয়, শান্তিপূর্ণভাবে হয় এ জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে আট দফা নির্দেশনা পাঠিয়েছি। এছাড়াও এই নির্দেশনা ডিসি, ডিআইজি, এসপি, ওসি সকলকে পাঠানো হয়েছে। আমি আশা করব এবার আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা এই পূজার নিরাপত্তার জন্য এবার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নিয়োজিত করেছি। এ জন্য আপনারা এবার কোথাও কোনো বাধা-বিপত্তির মুখোমুখি হবেন না। কোথাও কোনো কিছু হলে এনটিএমসির মাধ্যমে সঙ্গে সঙ্গে যাতে খবর পৌঁছে যায় আমরা সেই ব্যবস্থা করেছি। পূজা যাতে নির্বিঘ্নে হয় এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা উদযাপন কমিটির ভাই ও বোনেরা তারা কিন্তু ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন। তারা নিজেরাই ভলান্টিয়ার দিয়েছেন। তারা ২৪ ঘণ্টাই তাদের ডিউটি করবে। অনেক জায়গায় দেখা যায় ভলান্টিয়াররা হয়তো রাত তিনটার পর উধাও হয়ে যায়। কিন্তু এবার মনে হয় কোনো ভলান্টিয়ার পূজা মন্ডপ ছেড়ে যাবে না।

এ সময় তিনি পূজা মণ্ডপে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদেরকে সজাগ এবং সতর্ক থাকার অনুরোধ করেন।




বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে শিক্ষার্থীদের বাধা

বরিশাল অফিস :: বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা দাবি করেন, ফাতেমা হেরেন আওয়ামী লীগ আমলে সরকারের পক্ষে কাজ করেছেন। তিনি যখন বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসের সুপারিন্টেনডেন্ট ছিলেন তখন ছাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করেছেন। শিক্ষার্থীরা ফাতেমা হেরেনকে নাস্তিক বলে অভিহিত করেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।

অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, আমি শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।