আন্দোলনে ছাত্র জনতা সু-চিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল অফিস :: বৈষম্য বিরোধী আন্দোলনে বরিশালের নিহত ও আহত ছাত্র জনতা সু-চিকিৎসা নিশ্চিতকরণের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল যুব ফাউন্ডেশন।

সোমবার ( ৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় এবিপাটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন এ সময় তিনি জানান,তাদের আত্মত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। প্রথমে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া সকল বীর যোদ্ধাদের। তাদের রুহের মাগফেরাত কামনা করেন ।

এ সময় তিনি জানান,বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা জুলাই থেকে আগস্ট ৫ তারিখ পর্যন্ত। যে সকল ছাত্র জনতা আহত হয়েছেন তাদের তালিকা প্রণয়নের সাথে সাথে সু-চিকিৎসা নিশ্চিত করা জরুরি প্রয়োজন। অতীব দুঃখের বিষয় ৫ আগস্ট এর পর লক্ষ্য করা গেছে যে, বিজয়ের পরে সত্যিকারের আহত ছাত্র জনতা সব থেকে বৈষম্যের স্বীকার হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে আহত ছাত্রজনতা মৃত্যুর শিকার হতে হচ্ছে। আর্থিক কারণে অনেকে সু-চিকিৎসার অভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আহত ছাত্র জনতা চিকিৎসা করাতে পরিবারের উপর চাপ এবং আর্থিক সমস্যার দৃশ্যমান হচ্ছে ।

এ এমতাবস্থায় সকল কিছু বিবেচনা করে IDEB জেনিক, বরিশাল শাখা, এবি পার্টি এবং বরিশাল যুব ফাউন্ডেশন যৌথভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন, ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরি, ডাক্তার তানভীর, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন এবং ইঞ্জিনিয়ার জি এম রাব্বী নেতৃত্বে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের নিয়ে Save Our Real Heroes Campaign চালু করা হয়।
উক্ত কার্যক্রমকে সুসংগঠিত ও আহত ছাত্র জনতার সু চিকিৎসা নিশ্চিত দাবি পূরণে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (যুগ্ম সাধারণ সম্পাদক) আমার বাংলাদেশ (এবি পার্টি) এবং ঢাকা মেডিক্যালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল আহাদ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে তারা দাবি করেন।

এ সময় তারা ৫ দফা দাবি বাস্তবায়নের প্রস্তাব করেন।

১. আহত ও গুরুতর আহত ছাত্র জনতার সর্বোচ্চ সু- চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করা।

২. সকল আহতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহায়তা করা।

৩. গুরুতর আহতদের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহায়তা করা।

৪. বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে আন্দোলনের সময় সত্যিকারের কী হয়েছিল? সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহত

ও নিহতদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তথ্য ও উপাত্ত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সহায়তা করা।

৫. আহত ছাত্র জনতার স্ব স্ব প্রতিষ্ঠান, এলাকা ও রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরণা হিসেবে সম্মাননা প্রদানের সহায়তা করা।




মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে মির্জাগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

অভিযানটি পরিচালিত হয় ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে। যৌথ টহল দল, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়।

দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তাঁর বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ।

জুয়েল মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মোঃ বারেক মৃধার ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান মাদক ব্যবসা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মির্জাগঞ্জের মতো শান্তিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর এই তৎপরতা সমাজে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।




অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সংস্কার: ড. ইউনূস

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় দেশের বিভিন্ন সেক্টরের সংস্কার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৭ অক্টোবর) একটি পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বড় বিষয় হলো সংস্কার। কেননা নির্বাচন তো যেকোনো সময় যে কেউ দিতে পারে। সংস্কার মানে হলো অতীতে যা যা ঘটেছে, আমরা সেগুলোর পুনরাবৃত্তি হতে দেব না। এটার জন্য আমাদের বুদ্ধিতে যতটুকু কুলায় ১০০ ভাগ হয়তো হবে না, তবে কাছাকাছি যতটা যাওয়া যায়, সারা জাতিকে একত্র করে করতে হবে।

সংস্কারের ক্ষেত্রে তাদের পরিকল্পনা নিয়ে জানান, সংবিধান, জুডিশিয়ারি সংশোধন করতে হবে। ছয়টা যে কমিশন করা হয়েছে তার প্রতিটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরও কমিশন নিয়ে তৈরি করবো। স্বল্প সময়ে দেশের কতটুকু সংস্কার করতে পারবে তা নিয়ে জানান, মুখে যে যা–ই বলুক না কেন, ভেতরে সবাই সংস্কার চায়। এ ছাড়া উপায় নেই। তাই প্রধান উপদেষ্টা এ বিষয়ে শতভাগ আশাবাদী।

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের প্রসঙ্গে বলেন, আমাদের দায়িত্বে শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করেছি। কিন্তু পুলিশ সর্বাত্মক সহযোগিতা না করার কারণে তা অনেকাংশেই পেরে উঠিনি। তাই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার এক-এগারোর সরকারের মতো হবে কি না এই বিষয়ে ড. ইউনূস বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত, সে ভূমিকা পালন করবে। সেটা সরকারের যেসব নির্দেশ থাকবে, সেটা তারা পালন করে যাবে। এসব দিক বিবেচনা করেই তাদের ২ মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এরপরও যদি তাদের প্রয়োজন হয় তাহলে তা পরবর্তীতে বিবেচনা করা হবে।

জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়াকালীন বিভিন্ন দেশ ও সংস্থার ব্যক্তিদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সুদূরপ্রসারী হয়েছে কি না এই বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারবে তা নিয়ে তাদের মনে উৎসাহ জেগেছে। দেশের যে গতিপ্রকৃতি তারা দেখছিল, তাতে তারা উৎসাহ বোধ করছিল না। এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে এদের অনেকেই খুব উৎসাহ বোধ করেছে।

তিনি আরও জানান, ‘আমরা আনুষ্ঠানিক বৈঠক করেছি। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক বন্ধুদের বৈঠকে পরিণত হয়েছে। আলাপ হয়েছে, কী দরকার তোমরা বলো, সেভাবে আমরা ব্যবস্থা নেব। আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে অতীতের মতো করে দেখলে হবে না। নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে। আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে। অনেক বড় স্তরের ক্যালকুলেশন দিতে হবে। আমরা বড় জাম্পে যেতে চাই। এবং আগে অনেক শর্ত দিয়ে যেভাবে রাখছিল, সেভাবে না। তারাও অ্যাপ্রিশিয়েট করছিল। সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল, ওইটা করে দাও।’

দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের প্রসঙ্গে ড. ইউনূস জানান, তারা দুজন অত্যন্ত দক্ষতার সাথে সার্বিক দিক পরিচালনা করে যাচ্ছে। তারা শুধু বর্তমান সময়ের উপদেষ্টামন্ডলীই নয়, যেকোনো সময়ের উপদেষ্টামন্ডলীর মধ্যে তুলনা করলে তারা কোনো অংশেই দুর্বল নয়।

ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা পূর্ব থেকে ছিলো কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই আন্দোলনের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিলো না। আমি আরো প্রস্তুতি নিয়েছিলাম জেলে যাওয়ার জন্য। কিন্তু সরকার পতনের পর শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করে জানালো তারা আমাকে সরকারের দায়িত্বে দেখতে আগ্রহী। আমি প্রথমে অনাগ্রহ দেখালেও পরবর্তীতে তাদের আবদার ফিরিয়ে দিতে পারিনি। জেলে যাওয়ার পরিবর্তে বঙ্গভবনের শপথ নিয়েছি। ৫ আগস্টের পরই শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করেছে। তার আগে তাদের সাথে যোগাযোগ হয় নি।

সৌজন্যে: প্রথম আলো :




পটুয়াখালীতে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমাধারী সার্ভেয়ার এর অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থাসংকট ধর্মঘট

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনির্দিষ্ট কালের জন্য (পূর্ণ দিবস) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

সোমবার (৭’ই অক্টোবর) বেলা ১০ টায় আহবায়ক মোঃ শরীফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মিরাজ হোসেন এর নেতৃত্বে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার -সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বস্তবায়ন করার দাবিতে তামদের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবত অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের ১১ তারিখ বাংলাদেশের সকল জেলার, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা দপ্তর প্রধানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি আপনারা সফল ভাবে সম্পন্ন করেছেন এবং গত সেপ্টেম্বরের ১৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলদের বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয় এবং ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আমাদের অধিকার ১০ম গ্রেড বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ‘বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ অক্টোবর ১ তারিখ হতে লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেয়া হয়। ইতোমধ্যে ১ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ৩ অক্টোবর ২০২৪ খ্রি. (সকাল ০৯:০০ থেকে দুপুর ০১:০০ পর্যন্ত) অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরবার আবেদন ও তাগিদ প্রদান করা হলেও ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।

এমতাবস্থায়, অক্টোবর ০৫ তারিখে সকাল-১০ ঘটিকায় বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, কুমিল্লায় আয়োজিত ছাত্র পেশাজীবি পরিষদের সমন্বয় সভায় উপস্থিত সকল ছাত্র প্রতিনিধি ও নেতৃবৃন্দের পরামর্শে অক্টোবর ০৭ থেকে ০৮ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন তাদের এই ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।




এস আলম পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন-সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।

দুদক কর্মকর্তা মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এদিকে আওয়ামী লীগে সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এছাড়াও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তাদের পরিবারের ১১ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।




বরিশাল পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল নগরীর আমতলার মোড় খান বাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

নিতহ যুবক রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে ওখান বাড়ি সড়ক কালু খান বাড়ির নজরুলের ভাড়াটিয়া জাকির হোসেন (৪৫)।
সোমবার (৭অক্টোবর) সকালে ১১ টায় ১৪নং ওয়ার্ডস্থ কালু খান বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মো. আহসান বলেন, স্থানীয়ভাবে বিষয় থানায় জানালে আমরা পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছি। কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন নিহত যুবকের মাথায় সমস্যা আছে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে, লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করে নায়, কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




দুর্গাপূজায় থাকবে তিন ধাপে নিরাপত্তা : আইজিপি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সারাদেশে কম-বেশি সাড়ে ৩১ হাজার মণ্ডপে পূজা উদযাপন করা হবে। এসব মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে প্রতিটি উপজেলা, জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ময়নুল ইসলাম বলেন, সংখ্যাটা কম বেশি হতে পারে, এবার প্রায় সাড়ে ৩১ হাজার মণ্ডপে পূজা উদযাপন হবে। এসব পূজা মণ্ডপে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। পূজার আগে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। ইতোমধ্যে আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সব পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন আছে তারাও পূজার দায়িত্ব পালন করবেন। আমাদের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সবসময় কাছাকাছি দূরত্বে থাকবে। আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার রয়েছে তারাও কাজ করছে। এতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতার সুযোগ নেই।

তিনি আরো বলেন, ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমাদের চালু আছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারও (এনটিএমসি) কাজ করছে।




সামিটের আজিজসহ পরিবারের ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তাদের পরিবারের ১১ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিসাব স্থ‌গিত করা ব্যক্তি ও তাদের মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

ব‌্যাংক হিসাব স্থগিত করা পরিবারের সদস্যরা হ‌লেন: মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, আজিজা আজিজ খান, জাফর উদ্দীন খান, মোহাম্মদ লতিফ উদ্দিন খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, সালমান খান, কর্নেল (অব.) ফারুক খান।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে বলা হয়, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাবসহ খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে হবে।

চিঠিতে জব্দ করা ব‌্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। এছাড়া আমদানি বা রফতানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রফতানির বিলের বিস্তারিত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।




শিশুর বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর সরকার : ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর।

আজ সোমবার (৭ অক্টোবর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব শিশুকে স্নেহ ও ভালোবাসা জানাই। নতুন বাংলাদেশ বিনির্মাণের ঊষালগ্নে বিশ্ব শিশু দিবস পালনের গুরুত্ব নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই।

ড. ইউনূস বলেন, শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আজকের শিশুরাই আগামীর শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীসহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব শিশু দিবস উদযাপনে নেওয়া কর্মসূচি শিশুর সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বাংলাদেশসহ বিশ্বের সব শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ যত্নে বেড়ে উঠুক—আজকের দিনে এটাই আমার প্রত্যাশা। তিনি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪—এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এ ছাড়া শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ।




সাবেক এসবিপ্রধান মনিরুলের দেখা মিললো দিল্লির সুপারশপে

চন্দ্রদ্বীপ নিউজ :: পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন। সর্বশেষ তাকে ভারতের নয়াদিল্লির একটি গ্রোসারি সুপারশপে দেখা গেছে।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম।

ওই পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।

তবে সম্প্রতি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি দেশেই ছিলেন, দেশেই আছেন। ভবিষ্যতে দেশেই থাকবেন।

মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় ১২টির বেশি হত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সদ্য সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ৩ আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওইদিন থেকে আর অফিসে যাননি মনিরুল। কিন্তু তার কক্ষে ২৫ কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছে নিয়ে নেন।

২৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পুলিশ সদরদপ্তর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান থেকে এসবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল মনিরুল ইসলামকে।

মনিরুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ১৫ জুন। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা।

আওয়ামী লীগ সরকারের আমলে মনিরুল বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পান।এদিকে, গত ৭ সেপ্টেম্বর মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব।