শেয়ারবাজার সংস্কারে টাস্কফোর্স গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: শেয়ারবাজারের টেকসই উন্নয়ন সংস্কারের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৭ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে।

টাস্কফোর্সের সদস্যরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন।

বিএসইসি জানায়, দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের আন্তর্জাতিক মানের সুপারিশ অর্জনের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পুঁজিবাজারের অংশীজনদের বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠন (ডিবিএ, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি), অর্থনীতিবিদ, পেশাদার (চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি প্রভৃতি) বিনিয়োগকারী ইত্যাদি ব্যক্তিবর্গের সুচিন্তিত মতামত ও সুপারিশের ভিত্তিতে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের মাধ্যমে বাজারের প্রধান প্রধান দিকগুলো বিশ্লেষণ, প্রয়োজনীয় সংস্কার, পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ প্রণয়ন করা হবে।

চিঠিতে বলা হয়, দক্ষ পুঁজিবাজার বিশেষজ্ঞ ও বিশ্লেষক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, নিরীক্ষক, প্রযুক্তিবিদ ইত্যাদি সংশ্লিষ্ট ক্ষেত্রের কাজের অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হল। পরবর্তীতে কমিশন টাস্কফোর্সের আকার ও পরিধি চাহিদা অনুযায়ী পরিবর্তন করতে পারবে। টাস্কফোর্সের অধীনে গঠিত ফোকাস গ্রুপে পুঁজিবাজারের বিশেষজ্ঞ এবং পরামর্শক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, বিশ্লেষক এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারসহ অন্য ব্যক্তিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

বিএসইসি গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের কার্যপরিধি নির্ধারণ ১৮টি। তবে টাস্কফোর্সকে তাদের সুপারিশ প্রণয়নের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। যৌক্তিক সময়ে টাস্কফোর্স তাদের সুপারিশ বিএসইসিতে জমা দেবে বলে আশা প্রকাশ করেছে বিএসইসি।




এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা করা হবে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

এ বছর গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

এর পরই স্থগিত পরীক্ষা না নিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। তাদের দাবি ছিল, উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একপর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।




অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম: নৌপরিবহন উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: নৌপরিবহন মন্ত্রনালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেরিন একাডেমি বাংলাদেশের প্রাইম মেরিন একাডেমি।

এখানের ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পায়। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।

সোমবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাংলাদেশী ক্যাডেটরা দেশের বাইরে গিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছে, কিন্তু দেশের প্রতি তাদের অনাগ্রহ কেন এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি মন্ত্রণালয়ের সকলের সাথে আলোচনা করেছি কিভাবে সকল সমস্যা সমাধান করা যায়। আমরা ক্যাডেটদের দেশের প্রতি অনাগ্রহের কারণ খুঁজে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো।

বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের চলমান কাজ ও সিমুলেটর পরিদর্শন শেষে উপদেষ্টা প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সী-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, নৌবাণিজ্য দপ্তরের প্রধানসহ একাডেমির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 




সমুদ্রপথে বাংলাদেশি হাজি নিতে সৌদি আরবের সম্মতি

চন্দ্রদ্বীপ নিউজ :: সমুদ্রপথে বাংলাদেশ থেকে হাজি প্রেরণে সৌদি সরকারের কোনো বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়া।

বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে রবিবার (৬ অক্টোবর) জেদ্দাস্থ সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ।

মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়া বলেন, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হাজি প্রেরণে সৌদি সরকারের কোনো বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে হবে। বাংলাদেশকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করতে হবে।

পানির জাহাজযোগে ২/৩ হাজার হাজিকে পরীক্ষামূলকভাবে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রেরণের ব্যাপারে বাংলাদেশ চিন্তাভাবনা করছে।

সৌদি মন্ত্রী হাজিদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। বাংলাদেশের হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধিদের হজের ২/৩ মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বারবার সৌদি আরব যেতে হয়। সেজন্য মুনাজ্জেম (মাল্টিপল) ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি মুনাজ্জেম ভিসা ইস্যুর আশ্বাস দেন।

রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকার হজ ক্যাম্পে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং হাজিদের লাগেজ সৌদি হোটেলে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু ২০২৩ ও ২৪ সালে বেশ কিছু লাগেজ হারিয়ে যায়। প্রসঙ্গটি তুলে ধরলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইতোপূর্বে সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা দেওয়া হয়। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা ২০২৪ সালের অনুরূপ এজেন্সি প্রতি দুইশত পঞ্চাশ জন কোটা পুনঃনির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ মন্ত্রীকে সহায়তা করেন হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখেরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামী।

বাংলাদেশি টিমে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর, জহিরুল ইসলাম, হজ কন্সাল মুহাম্মদ আসলামুদ্দিন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. সাদিক হোসাইন ও জেদ্দা হজ মিশনের কর্মকর্তা মাহমুদুল হাসান।




ভারত ছেড়ে আরব আমিরাতে শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে, আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন।

এর আগে একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন।

তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয়।

এদিকে, কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি।




নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত

চন্দ্রদ্বীপ নিউজ :: ওএসডির পর এবার লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় তাকে ওএসডি করা হয়।

সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এ পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘এর জন্য যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।




বরগুনায় যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন, পরে পুলিশে সোপর্দ

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে জাফরুল হাসান (সুমন) নামের যুবলীগের এক নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিএনপির কর্মীকে মারধরের মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল রোববার রাতে তালতলী শহরের পশ্চিম মাথায় মুক্তিযোদ্ধা সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে জাফরুল হাসানকে মারধর করা হয়। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জাফরুল হাসান তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাবা মোসলেম আলী হাওলাদার তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। মোসলেম আলী হাওলাদার অভিযোগ করেন, ‘গতকাল রাত আটটার দিকে তালতলী শহরের উজ্জ্বল চত্বর থেকে মোটরসাইকেলে করে সুমন (জাফরুল) বাড়ির উদ্দেশে রওনা হয়। তখন বিএনপি নেতা শহিদুল হকের ছেলেসহ আরও ৭ থেকে ৮ জন মারধর শুরু করেন। তাঁরা তাঁকে শহিদুল ইসলামের বাসার সামনে নিয়ে যান। সেখানে তাঁকে বেধড়ক মারধর ও জুতাপেটা করা হয়। মারধরের সময় শহিদুল হক সেখানে উপস্থিত ছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমার ছেলেকে মারধর করেছে।

শহিদুল হক তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি দাবি করেছেন জাফরুলকে মারধর করার সঙ্গে তিনি জড়িত নন। তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বর বিএনপির দুজন কর্মীকে হাতুড়িপেটা করার সময় সুমন উপস্থিত ছিলেন। গতকাল রাতে আবার মারধরের প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় স্থানীয় জনতা ধরে তাঁকে পুলিশে সোপর্দ করেছে। যাদের হাতুড়িপেটা করা হয়েছে, তারা সুমনকে পুলিশে সোপর্দ করেছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালাম খান বলেন, গতকাল রাতে বিএনপি নেতাদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ শহরের মুক্তিযোদ্ধা এলাকা থেকে জাফরুল হাসান নামের এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৩০ সেপ্টেম্বর তালতলীতে একটি মারধরের ঘটনায় দুলাল নামের এক ব্যক্তি মামলা করেছিলেন। ওই মামলায় জাফরুলকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘তালতলীতে একটি মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটা দুঃখজনক। এ রকম আচরণ করলে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি আমি মৌখিকভাবে কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। জেলা কমিটি না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।’




বিসিসি’র অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

চন্দ্রদ্বীপ নিউজ :: বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিব মাসুমা আক্তার আর নগর প্রশাসক বিভাগীয় কমিশনার শওকত আলীর অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থী ও জনতা।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নগর ভবন চত্বরে এদের অপসারণের দাবীতে কর্মসূচি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ।

অপরদিকে তার দোসররা নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হওয়ায় আমরা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়ে কোন প্রতিকার পাইনি। তাই প্রশাসক শওকত আলীর অপরসারণ দাবী করছি। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।




মাদক কারবারির আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৫

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত ১২ টার দিকে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি ওই এলাকাতেই।

জব্দ করা মাদকের মধ্যে সাড়ে ২৮ কেজি গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এ ছাড়া রয়েছে ১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা।

ভোলা নৌ কন্টিনজেন্টের লে. মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অভিযান চালায়। সেখানকার পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

মিডিয়া ব্রিফ করে যৌথ বাহিনী আরও জানায়, ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালায়।

রাতেই গ্রেফতারদের এবং জব্দ করা মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা করা হয়েছে। ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় যৌথ বাহিনী।




বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের পর হত্যা : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস :: ঢাকা-বরিশালের একটি লঞ্চে এক নারী পোশাককর্মীকে ধর্ষণের পর হত্যার দায়ে সুমন সিপাই (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত,সুমন সিপাই পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত. মানিক সিপাইর ছেলে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহযোগী আইনজীবী অ্যাডভোকেট উম্মে আসমা শেলী।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানানা, ২০১৯ সালের ১৯ জুলাই ভুক্তভোগী পোশাককর্মী ঢাকা থেকে জাতীয় পরিচয়পত্র করার জন্য বাড়ি ফিরছিলেন। ঢাকা থেকে সুরভী-৮ নামের একটি লঞ্চে বরিশালে ফিরছিলেন তিনি। কেবিন না পাওয়ায় আসামি সুমন সিপাই তাঁকে স্টাফ কেবিন ম্যানেজ করে দেন। এরপর রাতে তিনি ওই নারীর কেবিনে গিয়ে তাঁকে ধর্ষণ করেন। এসময় তিনি চিৎকার করলে সুমন তাঁকে গলা চেপে হত্যা করে পালিয়ে যান। পরে ভোরে বরিশাল নৌ বন্দর থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরে কোতয়ালী মডেল থানা-পুলিশ এ ঘটনায় জড়িত সুমন হোসেন একমাত্র আসামি করে আদালতে চার্জ গঠন করে। আদালত ২৫ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় প্রদান করেন।