ফের রিমান্ডে পলক, সালমানসহ আ. লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আবারও রিমান্ডে পাঠানো হয়েছে দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে তোলা হলে তিনি রিমান্ডের এই আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় দীপু মনিকে ৭ দিন ও ৫ দিন, জুনায়েদ আহমেদ পলককে ৭ দিন ও ৫ দিন, সালমান এফ রহমানকে ৫ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন ও ৪ দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট।

অপরদিকে, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হকসহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত।

এ ছাড়াও, মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হককে।




দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে ১০-১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে।

এদিকে, মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। কমতির কোনও আভাস নেই চালের বাজারেও।

ভোক্তারা বলছেন, দেশের পটপরিবর্তন হলেও বাজারে মেলেনি তার কোনও প্রভাব। এ পরিস্থিতিতে নাভিশ্বাস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের।

গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে ১৬০ টাকায়। দুমাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরলো পণ্যটি।

গত সপ্তাহেও এর দাম ছিল কেজি প্রতি ১৮৫-১৯০ টাকা। চলতি সপ্তাহের শুরু থেকে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে।

বিক্রেতারা বলছেন, মুরগির খাবারের দাম বাড়ায় ও সম্প্রতি বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা; এতে বাড়ছে দাম।

এদিকে, রফতানির খবরের পর বাড়তির দিকে উঠতে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। বড় আকারের দেড় কেজি ওজনের একেকটি মাছ বিক্রি হচ্ছে কেজিতে ২৬শ থেকে ২৭শ টাকা। এক কেজি ওজনেরটি বেচকেনা চলছে ১৮ থেকে ১৯শ টাকায়।

বিক্রেতারা বলছেন, মৌসুম শেষে মাছের সরবরাহ কমেছে; এতে দামও বেড়েছে। রফতানি যতদিন চলমান থাকবে, দাম তত বাড়ার সম্ভাবনা রয়েছে। আর ক্রেতারা বলছেন, দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। বাড়তি দামের কারণে বড় মাছ কেনার সাধ্য নেই। তাই ছোট ইলিশ কিনতে হচ্ছে।

এদিকে, চালের বাজারও বাড়তির দিকে। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। বর্তমানে প্রতি কেজি মিনিকেট ৭১-৭২ টাকা, আটাশ ৫৭-৫৮ টাকা, নাজিরশাইল ৭৬-৮২ টাকা, পাইজাম ৫৬-৬০ টাকা, সুগন্ধী চিনিগুঁড়া পোলাও ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে।

অর্থনীতিবিদ এম আবু ইউসুফ বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং চলমান রাখতে হবে। মনিটরিং, ফিসক্যাল পলিসি ও বাজারব্যবস্থাপনায় সরকারকে বিশেষ নজর দিতে হবে।

এদিকে, ৭ অক্টোবর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহপরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ১০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।




দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে আজই প্রজ্ঞাপন জারি : মাহফুজ আলম




চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটিতে রয়েছেন যারা




জাতীয় পার্টিকে সংলাপে ডাকা প্রসঙ্গে সারজিস-হাসনাতের ক্ষোভ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সোমবার (৭ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।




খুলছে জাতীয় নাট্যশালা : পরিস্থিতি বিবেচনায় কিছু নির্দেশনা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: স্বল্প পরিসরে খুলছে জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ও দুটি মহড়াকক্ষ। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে সেনাবাহিনী কর্মকর্তাদের এক সমন্বয় সভায় ১১ অক্টোবর থেকে জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল এবং ১ ও ২ নম্বর কক্ষ নাটক ও মহড়ার জন্য সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, হল ও মহড়াকক্ষ বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তখন থেকে মিলনায়তন ও বিভিন্ন কক্ষ বরাদ্দ প্রদান করা সম্ভব হয়নি। সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সংস্কৃতিকর্মী ও সংগঠনগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে এখন সীমিত পরিসরে জাতীয় নাট্যশালা মিলনায়তন ও দুটি মহড়াকক্ষ নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এক লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় কিছু নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। নাট্যদলকে এক শিফটে একটি প্রদর্শনী করার জন্য মূল হল বরাদ্দ দেওয়া হবে। নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবে। বরাদ্দ চূড়ান্ত করার সময় দলকে অবশ্যই তাদের উপস্থিত সদস্যদের তালিকা সংগঠনের প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তরকক্ষে জমা দিতে হবে। উক্ত তালিকা মিলনায়তন ব্যবহারের নির্ধারিত দিনে সব গেটে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সরবরাহ করা হবে। দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর দুই ঘণ্টা আগে জাতীয় নাট্যশালার মূল ফটক খুলে দেওয়া হবে। হল বরাদ্দ ব্যতীত জাতীয় নাট্যশালার মূল ফটক খোলা হবে না।

মূল মিলনায়তনে যারা নাটক মঞ্চায়ন করবে, দুটি মহড়াকক্ষ অগ্রাধিকার ভিত্তিতে তাদের বরাদ্দ দেওয়া হবে। তারা মহড়াকক্ষ ব্যবহার করতে না চাইলেই কেবল অন্যদলকে মহড়ার জন্য বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই সদস্যদের তালিকা সংগঠনের নিজস্ব প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তরকক্ষে প্রদান করতে হবে।

মূল ফটক দিয়ে কেবল বরাদ্দপ্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়াকক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকিট বা আমন্ত্রণপত্র প্রদর্শন সাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। সাংবাদিকেরা অফিস পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। জাতীয় নাট্যশালার মূল হল ও মহড়াকক্ষ ব্যবহারকারী নাট্যকর্মী, সাংবাদিক ও টিকিট বা আমন্ত্রণপত্রধারী দর্শনার্থীদের যানবাহন নির্ধারিত সময়ে নাট্যশালার নিচতলার পার্কিং ব্যতীত অন্য কোথাও পার্কিং করা যাবে না।

শেষ গত ১৯ জুলাই ঢাকার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে একটি নাটকের মঞ্চায়ন হওয়ার কথা ছিল। প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেদিন আর নাটকটি হয়নি। মূলত এদিন থেকেই ঢাকাসহ সারা দেশের কোনো শিল্পকলা একাডেমিতেই আর কোনো নাটকের মঞ্চায়ন হয়নি।




বরিশালে জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে

বরিশাল অফিস :: দেশে প্রতি একলাখে ১১ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ৫ হাজার নারী মৃত্যুবরন করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের আশংকা অনুযায়ী প্রতিরোধ ও নিয়ন্ত্রন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত না হলে ২০৩০ সাল নাগাদ বিশে^ প্রায় ৭ লাখ নারী জরায়ুমুখ ক্যন্সারে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ৯৭১ মৃত্যুবরণ করেন।

২০২০ সালের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বের ছয় লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ৩ লাখ নারীর মৃত্যু ঘটে। এর প্রায় ৯০ ভাগই বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ সমুহে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এ প্রাণঘাতি রোগ বেড়েই চলেছে। জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল।

আগামী ২৪ অক্টোবর থেকে বরিশাল মহানগরী সহ বিভাগের সর্বত্র ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ জরায়ুমুখ ক্যন্সার প্রতিরোধী ‘এইচপিভি টিকা’ দান কার্যক্রম পরিচালিত হবে। সোমবার বরিশালের নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ পল্লবী সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান।

সভায় বরিশাল মহানগরীর বিপুল সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন। চিকিৎসা বিজ্ঞানের মতে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি’ একটি যৌনবাহিত ভাইরাস। এটি জনানঙ্গে আঁচিল ও জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি করে থাকে। এপর্যন্ত শনাক্তকৃত শতাধিক ধরনের এইচপিভি ভাইরাসের মধ্যে প্রায় ১৩টি সেরোটাইপ ক্যন্সার সৃষ্টি করে থাকে। যারমধ্যে ২৬ এবং ১৮ সেরোটাইপ খুবই মারাত্মক, যা ৭০% জরায়ুমুখ ক্যন্সারের জন্য দায়ী বলে সভায় জানান হয়। এমনকি ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যন্সারই এইচপিভি ভাইরাস থেকে সংক্রমিত হয়ে থাকে।

অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে থাকে। এমনকি বেশীরভাগ এইচপিভি ভাইরাস সংক্রমেনর লক্ষনসমুহ সাথে সাথে বোঝা যায়না। সাধারনত এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়া জরায়ুমুখ ক্যন্সারের লক্ষণসমুহ প্রকাশ পেতে ১৫-২০ বছর পর্যন্ত সময় লাগে। তবে স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার নারীদের ক্ষেত্রে এ রোগের লক্ষন সমুহ ৫-১০ বছরের মধ্যেও প্রকাশ পেয়ে থাকে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জাতিসংঘ ও ইউনিসেফ সহ কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহায়তায় আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসে ঢাকা বাদে দেশের ৭টি বিভাগে এইচপিভি টিকাদান কর্মসূচী গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল মহানগরীর ২০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৪ বছর বয়সী ২১ হাজার ৩৭৭ ছাত্রীকে এইচপিভি টিকাদান কর্মসূচী বাস্তবায়নের কথা জানান হয় অবহিতকরণ সভায়।

এলক্ষে বরিশাল সিটি করপোরেশন সহ জেলা স্বাস্থ্য বিভাগ সব ধরনের সহায়তা প্রধান করবে। এসময়ে ১০-১৪ বছর বয়সী যেকোন ছাত্রী তাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে এইচপিভি টিকা গ্রহন করতে পারবেন।

সভায় সিভিল সার্জন জানান, ইতোপূর্বে একটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকায় এ টিকা সংগ্রহ করে প্রয়োগ করা হত। সরকার এখন তা বিনামূল্যে দেশের ১০-১৪ বছর বয়সী সব কিশোরীদের প্রদানের মাধ্যমে জরায়ুমুখ ক্যন্সার প্রতিরোধে নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছেন।

বরিশাল মহানগরীতে স্কুল বহিভুর্ত আরো প্রায় সাড়ে ৫শ কিশোরীকেও এ টিকা প্রদান করা হবে বলে সভায় অবহিত করা হয়।




ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, আইম্মা হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ’র সংগঠনের নেতৃবৃন্দরা ।

সোমবার (৭ অক্টোবর) জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি মাওলানা আঃ মজিদ’র সভাপতিত্বে সরকারি জনতা কলেজ সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সংগঠনটির ৫ শতাধিক নেতাকর্মী প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেন।

এসময় তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর দুমকি উপজেলার সভাপতি আব্দুল মজিদ খান বলেন, আমরা এই ধরনের কটূক্তি বন্ধের জন্য কড়া আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। এমন কাজের ফলে, ধর্মীয় সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মহানবী (সা.)-কে নিয়ে এই ধরনের কটূক্তিকারী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমাও চাইতে হবে।

এসময় পাঙ্গাশিয়া দরবার শরীফের পীরসাব মো: অলিউর রহমান, জমইয়াতে হিযবুল্লাহ’র উপজেলা সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো: মজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: সাইফুল বিন নাসির বক্তব্য রাখেন।




আমরা যার যার ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে চাই : শফিকুল

পটুয়াখালী প্রতিনিধি :: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ পেয়েছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা এই দেশের নাগরিক। প্রতিটি নাগরিকের স্ব স্ব ধর্ম পালনের শতভাগ অধিকার রয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটাই বৈষম্য।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা নিয়ে বাউফলের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঈদুল আজহা, ঈদুল ফিতরসহ অন্যান্য অনুষ্ঠান পালনের আগে আমরা কোনো মতবিনিময় সভা করি না। তাহলে হিন্দুদের দুর্গাপূজায় কেন মতবিনিময় করতে হচ্ছে। এটাই বৈষম্য। আমরা এই বৈষম্য দূর করে যার যার ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। বিগত সাড়ে ১৫ বছরে কেবল মন্দির নয়, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদেও হামলা-ভাঙচুর করা হয়েছে। মানুষ হত্যা করা হয়েছে। আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি নাই।

তিনি আরও বলেন, আমাদের সাথেও বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য দূর করে একটি আদর্শ দেশ গড়তে চাই। এক্ষেত্রে হিন্দু সম্প্রদায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৫ আগস্টের পর জামায়াতে ইসলামী মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছেন। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামীতেও আমরা একসঙ্গে থাকতে চাই। দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনা নিয়ে করুন। কেউ বাঁকা চোখে তাকাতে পারবে না।

বাউফল সার্বজনীন কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সহসভাপতি জিতেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল ও বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ ও ৫৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ইনু-বাহাউদ্দিন নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা-৮ আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ত্রী-সন্তানের ব্যক্তি মালিকানা ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে।

বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে– যেসব হিসাব স্থগিত করা হয়েছে, তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনের সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আর হাসানুল হক ইনু এখন কারাগারে বন্দি আছেন।