জয়-পলকের বিরুদ্ধে এনআইডির তথ্য পাচারের অভিযোগে মামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাইবার নিরাপত্তা আইনে করা এই মামলায় জয় ছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি।

মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন।

জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তথ্য বিক্রির প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় মামলায়।

মামলার বিষয়ে কাফরুল থানা পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে মামলায় আরও আসামি যোগ হতে পারে।




ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের এ উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে হবে দেবী দুর্গার আরাধনা।

আজ বুধবার (০৯ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে বেলগাছের নিচে শুরু হয় ষষ্ঠীবিহিত পূজা। মন্ত্রপাঠে হয় দেবী আবাহন।

সরকারি ছুটির দিন না হওয়া সত্ত্বেও এসময় মন্দিরগুলোতে সমবেত হয় হিন্দুধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, এদিনই কৈলাশ থেকে দেবী মর্ত্যে তার বাপের বাড়িতে এসে পৌঁছান।

সমবেতদের প্রত্যাশা, এবার নির্বিঘ্নেই এই মহোৎসব উদযাপন করতে পারবেন তারা।

এবার সারাদেশে দুর্গাপূজা হচ্ছে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে, যা গতবারের চেয়ে ৯৪৭টি কম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির হিসাব অনুযায়ী, এবার দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮। তবে ঢাকা মহানগরে এবার চারটি পূজামণ্ডপ বেড়ে ২৫২টি হয়েছে, যা গত বছর ছিল ২৪৮টি।

উল্লেখ্য, ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি। দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে মাঝখানের শুক্র ও শনিবার মিলিয়ে এবার দুর্গাপূজায় চার দিনের ছুটি মিলছে।

দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

মহাষষ্ঠী আজ-
শারদীয় দুর্গোৎসবের প্রথম দিন মহাষষ্ঠী আজ। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হবে। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব। এর আগে ২ অক্টোবর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের। সাধারণত দেবীপক্ষ শুরুর সাত দিন পর দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। মঙ্গলবার মহাপঞ্চমীতে সন্ধ্যায় দেবীর বোধন হয়। এর মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়। এ সময় চণ্ডীপাঠে মুখর ছিল মণ্ডপ-মন্দির।

নির্ঘণ্ট অনুযায়ী, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গোৎসবের মহাসপ্তমী। এর পর শুক্রবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং শনিবার মহানবমী। তবে পঞ্জিকামতে, শনিবার মহানবমী পূজার পরই দশমীবিহিত পূজা হবে। আর রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে। ওই দিন বিকেলে বিজয়ার শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেয়া হবে।

পূজার প্রতিদিনই মণ্ডপে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন রয়েছে। দুর্গোৎসব চলাকালে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, আরতি, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্যনাট্যসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আসবেন।
যার ফল হলো– এবার মড়ক, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারি বাড়বে। দেবী স্বর্গালোকে ফিরবেন গজে (হাতি) চড়ে। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে।

পুরাণমতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। তিনি বসন্তে এই পূজার আয়োজন করায় একে বাসন্তীপূজা বলা হয়। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কাযাত্রার আগে রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেন শরৎকালের অমাবস্যা তিথিতে, যা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। শরৎকালের পূজাকে এ জন্য অকাল বোধনও বলা হয়।




রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে: পরিকল্পনা উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকার বাইরে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে। একনেকে প্রকল্প পাস হয়েছে, পরে বিস্তারিত আলাপ-আলোচনা করে পরিকল্পনা হাতে নেয়া হবে।  নীতিমালা করে দেয়া হবে যেন কোনো সরকার ইচ্ছামতো পরিবর্তন করতে না পারে।
 
একনেকে প্রকল্পগুলোর সময় বাড়ানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে। তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, প্রকল্প ধীরগতিতে এগোলে অর্থ প্রবাহ বাড়বে না। অর্থ প্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে, নতুন কিছু প্রকল্প হাতে নিতে হবে।



হাইকোর্ট বিভাগে নতুন ২৩ বিচারক নিয়োগ

চন্দ্রদ্বীপ নিউজ :: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন জানিয়েছেন, আগামী বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথ পাঠ করাবেন।




বরিশালের ইলিশ শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও রপ্তানির অনুমোদন প্রয়োজন

বরিশাল অফিস :: ইলিশের বাজারে আসার সাথে সাথে বরিশালের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে বড় আকারের ইলিশ খুবই কম, অধিকাংশই ছোট সাইজের বা জাটকা ইলিশ। বাজারে যেসব বড় ইলিশ পাওয়া যাচ্ছে, তা এলসি প্রক্রিয়ায় বাদ পড়া মাছ। ফলে দামও বেশ চড়া।

বরিশালের পোর্ট রোডের মাছ বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ক্রেতারা ইলিশ কিনতে ভিড় করেছেন। ছোট সাইজের ইলিশই প্রধানত বাজারে দেখা যাচ্ছে, যার দাম ৩৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে। তবে ১ কেজির বেশি ওজনের বড় ইলিশও পাওয়া যাচ্ছে, যার দাম ১৮০০ থেকে ১৯০০ টাকা পর্যন্ত। বড় হোটেলের মালিকরা এই মাছ কিনে নিচ্ছেন, কারণ ইলিশের অনুপস্থিতিতে তাদের খদ্দের কমে যাবে বলে তাদের দাবি।

তবে বরিশালের মাছ ব্যবসায়ীরা ইলিশের রপ্তানি নিয়ে নতুন দাবি তুলেছেন। তারা জানিয়েছেন, ভারত ছাড়াও অন্যান্য দেশে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া উচিত। আল আমিন ফিসারির ম্যানেজার সুলতান বলেন, বর্তমানে বাজারে বড় ইলিশের সরবরাহ কম এবং দামও অনেক বেশি। একসময় বরিশালে ৫ হাজার টনের বেশি মাছ আসতো, কিন্তু এবার এসেছে মাত্র ৫০০ টন।

বাজার সমিতির সাবেক কোষাধ্যক্ষ এবং সিকদার ফিসারিজের পরিচালক ইমরান সিকদার জানান, এলসি করা মাছের সাইজ ছোট এবং এগুলো আন্তর্জাতিক বাজারের জন্য অনুপযুক্ত। তবে স্থানীয় বাজারের চাহিদা পূরণের পরও যদি মাছ থেকে যায়, তাহলে তা বিদেশে রপ্তানি করার সুযোগ সৃষ্টি করা উচিত।

ব্যবসায়ীরা আরও জানান, মিয়ানমার থেকে ইলিশ আমদানি হলেও, আমাদের ইলিশ সেখানে রপ্তানি হয় না। শুধু ভারতকেই ইলিশ পাঠানো হয়, যা আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। ব্যবসায়ী নেতা জহির সিকদার বলেন, “সরকারের উচিত বিশ্বের অন্যান্য দেশেও ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া। এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।”

তবে এই বক্তব্যের বিপরীতে আরও একজন ব্যবসায়ী, মোজ্জম্মেল হোসেন, দেশের মানুষের চাহিদা পূরণের পরেই রপ্তানির কথা ভাবা উচিত বলে মত দেন। কিন্তু মোজ্জম্মেল হোসেন বলেন, দেশের মানুষের চাহিদা কখনোই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইলিশ রপ্তানি করা জরুরি।

সবমিলিয়ে, বরিশালের মাছ ব্যবসায়ীরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানি করলে দেশের অর্থনীতি উপকৃত হবে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক রপ্তানির পথ সুগম করা।




বঙ্গবন্ধুর জন্মদিন: বাতিল হচ্ছে ১৭ মার্চে সরকারি ছুটি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ১৭ মার্চের ছুটি বাতিলের সারসংক্ষেপ পাঠানো হচ্ছে। অর্থাৎ ১৭ মার্চ আর সরকারি ছুটি থাকছে না।

বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।

 




শেখ হাসিনা কোথায়, এবার জানালেন ভারতীয় কর্মকর্তারা




বৃহস্পতিবার ব্যাংক বন্ধ




কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির পাঙ্গাশ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ। যা ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার বিকালে কুয়াকাটা এলাকার এক জেলের জালে এই বিশাল আকৃতির পাঙ্গাশ মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি নিয়ে গেলে। সেখানে নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালীর পক্ষে মো. রেজাউল ইসলাম ১১শ টাকা কেজি হিসেবে ১৫ হাজার ৯৫০ টাকায় পাঙ্গাশটি ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী নাসীর মুনশি বলেন, ১৫ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন রেজাউল নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে এসময়।

ফিশ ভ্যালীর প্রতিনিধি রেজাউল বলেন, মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম মাছটি নিলামে মনি ফিশ থেকে ১৫ হাজার ৯৫০ টাকায় আমরা কিনে নেই। এই ধরনের মাছ সচরাচর সমুদ্রে ধরা পড়ে না। মাছটি আমরা ঢাকায় পাঠাবো এবং সেখান থেকে বিক্রি করা হবে।




সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। এই মামলায় মুহিবুর রহমান মানিক সহ ৯৯ জনকে আসামি করা হয়।

জেলার দোয়ারাবাজার উপজেলার জহুর আহমদ হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হলে তার বড় ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।