রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চন্দ্রদ্বীপ নিউজ ::চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার। প্রোটিনের গঠন এবং নকশা সংক্রান্ত অসাধারণ সাফল্যের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

বাংলাদেশ সময় বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক ডেভিড বেকার। তিনি প্রোটিনের কম্পিউটার-ভিত্তিক নকশার জন্য সম্মানিত হয়েছেন।

দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তারা প্রোটিনের জটিল গঠন পূর্বানুমানের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন।

যে কারণে পুরস্কৃত
ডেভিড বেকার প্রোটিনের নতুন ধরনের কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন, যা দীর্ঘদিন ধরে অসম্ভব বলে বিবেচিত হত। এই আবিষ্কার জীববিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অন্যদিকে, ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পারের কাজ প্রোটিনের জটিল ত্রিমাত্রিক গঠন পূর্বানুমান করতে সক্ষম করেছে, যা বিজ্ঞানীদের জন্য দীর্ঘ ৫০ বছর একটি সমাধানহীন সমস্যা হয়ে ছিল। তাদের তৈরি করা এআই মডেল ‘আলফাফোল্ড’ প্রোটিনের গঠন পূর্বাভাসে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

ডেভিড বেকার ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে অধ্যাপনা করছেন এই গুণী ব্যক্তি।

ডেমিস হাসাবিসের জন্ম ১৯৭৬ সালে লন্ডনে। ২০০৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে পিএইচডি অর্জন করেন। তিনি গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন এম. জাম্পার ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি অর্জন করেন তিনি। বর্তমানে গুগল ডিপমাইন্ডের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন এ বিজ্ঞানী।

তাদের আবিষ্কারগুলো ভবিষ্যতে চিকিৎসা, জীবপ্রযুক্তি এবং জৈব রসায়নের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাচ্ছেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার এবং বাকি অর্ধেক ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।




শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বরিশাল অফিস :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে রাষ্টদ্রোহ মামলা হয়েছে।

মঙ্গলবারর (৮ অক্টোবর) বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে এই মামলা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুর হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর কবির জেল হাজতে থাকায় এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মামলার এজাহারে বাদী মো. শামীম আহম্মেদ অভিযোগ করেন, শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিওটি যড়যন্ত্রের অংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ১০ আগস্ট বরগুনা শহরে বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল–সমাবেশ থেকে নেতা–কর্মীরা জাহাঙ্গীর কবিরের বাসায় যান। পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করার হুমকি দেন প্রকাশ্যে। সেই যড়যন্ত্রের অংশ হিসেবে গত ১২ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের কথা হয়। এই ঘটনা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহের অপরাধ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, জাহাঙ্গীর কবির পৃথক দুটি চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা কারাগারে আছেন। এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর তার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিও গত ১২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল, বরগুনা সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে।




চিনির আমদানি শুল্ক কমাল এনবিআর

চন্দ্রদ্বীপ নিউজ :: চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে বিভিন্ন পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে।

আরও বলা হয়, রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ কমানোর মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১১.১৮ টাকা এবং পরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১৪ দশমিক ২৬ টাকা কমানো হয়েছে। এতে কেজি প্রতি চিনির দাম কমপক্ষে শুল্ক হ্রাসের সমপরিমাণ কমে আসবে।

এছাড়া শুল্ক-কর কমানোর ফলে অবৈধ পথে চিনির চোরাচালান নিরুৎসাহিত হবে এবং বৈধ উপায়ে আমদানি বাড়বে বলেও জানায় জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি বাড়লে শুল্ক-কর আদায়ের পরিমাণও বাড়বে।




পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।

২০২০ সালের সেপ্টেম্বরে পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেওয় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন মঙ্গলবার ১২ জন সদস্যসহ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি উঠেছিল। এমন প্রেক্ষাপটে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই বিদায় নেন সাংবধানিক পদের এ চেয়ারম্যান।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, একজন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার সুযোগ রয়েছে।




সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন

চন্দ্রদ্বীপ নিউজ : গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ জামিন মঞ্জুর করেন। তবে জামিন শুনানির সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে, বেলা ১১টায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানের জামিন শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোলের ঘটনা ঘটে। এসময় এজলাস ছেড়ে চলে যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর পর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছিলেন, উনার (এম এ মান্নান) শারীরিক নানা জটিলতা রয়েছে। বহুদিন থেকে তিনি বুকে ও পেটে ব্যথার ওষুধ সেবন করেন। চিকিৎসকেরা পরীক্ষা-নীরিক্ষা করে বুঝেছেন শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যা বেশি। একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। এ ছাড়া এখানে বক্ষব্যাধির কোনো বিশেষজ্ঞ নেই। তাই সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। তাকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তবে তার শাস্তির দাবিতে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা একাধিকবার বিক্ষোভ করেছেন।




পিরোজপুরের ভান্ডারিয়ায় মুদি দোকানে অগ্নিসংযোগ, ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

বরিশাল অফিস :: পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ৮ই অক্টোবর রাতে একটি মুদি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানের বেড়া ও কিছু মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ২০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা হাজী আশ্রাব আলী (৭৫) তার মুদি দোকানটি স্থানীয় ব্যবসায়ী হুমায়ূন কবিরকে ভাড়া দেন। প্রতিদিনের মতো হুমায়ূন দোকান বন্ধ করে রাত ১২টার দিকে বাড়ি যান। তবে রাত আনুমানিক ১টার দিকে বাজারের নৈশপ্রহরী মোঃ সোহাগ আগুন দেখতে পান এবং চিৎকার করে স্থানীয়দের ডাকেন। দ্রুত স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানের বেড়া ও কিছু মালামাল পুড়ে যায়।

দোকানের মালিক হাজী আশ্রাব আলী অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে একই গ্রামের মোঃ লোকমান ডাক্তার (৩২) তার দোকানে অগ্নিসংযোগ করেছেন বলে সন্দেহ করছেন। এর আগে লোকমান ও তার লোকজন এনিয়ে তাকে একাধিকবার মৌখিক হুমকি দিয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, এর ধারাবাহিকতায় লোকমান ডাক্তার ও অজ্ঞাতনামা কয়েকজন মিলেই এই ঘটনা ঘটিয়েছে।

এলাকাবাসী এবং স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শে হাজী আশ্রাব আলী আইনি সহায়তার জন্য এরই মধ্যে ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত কর্মকর্তা ) মিলন মন্ডল জানান, তদন্ত প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




পুঁজিবাজার টাস্কফোর্সে খুশি, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল বিনিয়োগকারীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ বজায় রেখেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল রয়েছেন তারা।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করে এ দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

গত সপ্তাহ থেকে টানা দরপতনের প্রতিবাদে আন্দোলন করছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। সোমবার (৮ অক্টোবর) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও বিনিয়োগকারীদের অভিযোগ, মানা হয়নি তাদের গুরুত্বপূর্ণ কোনো দাবি। উল্টো তাদের নামে অর্থ মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছে বিএসইসি।

তারা জানান, জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদকে আইনের আওতায় আনতে হবে। বাজারের উন্নয়নে পাশের দেশের পুঁজিবাজার থেকেও শিক্ষা নেয়া যেতে পারে।

টাস্কফোর্সের মাধ্যমে দৃশ্যমান প্রত্যাশার কথাও জানান বিনিয়োগকারীরা। এছাড়া জরিমানা করা কোম্পানির টাকা বাজার লগ্নির দাবি তাদের।

খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নয়, কাঠামোগত সংস্কারের দাবি পুঁজিবাজারের সাধারণ অর্থলগ্নিকারীদের।
তারা জানান, বাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ করতে হবে।




আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে যে মন্তব্য করলেন জামায়াত আমির

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতে, আওয়ামী লীগ তো নির্বচন চায় না। তাদের ওপর নির্বাচন চাপিয়ে দিলেতো সেটা জুলুম হবে; একটা বৈষম্য হবে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা’য় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা চাই কি না — এমন প্রশ্ন এসেছে। তারা কি নির্বাচন করেছিলো, না। তারা ক্ষমতায় থাকতে চেয়েছিলো? তারা নির্বাচন চায়নি। এজন্য রাতের অন্ধকারে ভোট করেছিল পুলিশ আর প্রশাসন দিয়ে। যারা নির্বাচন চায় না, তাদের ওপর নির্বাচন চাপায়ে দিলেতো জুলুম হবে। এটাও একটা বৈষম্য হবে।’

আগে নির্বাচন, না আগে সংস্কার — এমন প্রশ্নে জামায়াত আমির বলেন, দুটি রোডম্যাপ হবে। একটা সংস্কারের আর একটা নির্বাচনের। তবে সময় যেনো অতি দীর্ঘ না হয়, আবার অতি সংক্ষিপ্ত না হয়। দেশে অনেক রাজনৈতিক দল আছে। একটি বর্ণাঢ্য সংসদের জন্য জনগণের কোন ব্যাক্তিকে না ভোট দিতে হবে দলকে।

১৯৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিলো তা ভারতে বসে রচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশে বসেও রচনা করা যেতো। জন্মভূমি হিসেবে সংবিধান বাংলাদেশের ভূখণ্ড পায়নি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা লক্ষ্য করলাম মুজিব সাহেব থাকা অবস্থায় পার্লামেন্টে ৭ মিনিটের বক্তব্যের পর বাকশাল কায়েম হলো। আমাদের সংবিধান যেনো মতলবি সংবিধান না হয়। শুধু নির্বাচন নয়, সমগ্রিক সমাজ কাঠামো ধরে সংবিধান হতে হবে।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, গণহত্যায় জড়িত যারা পালিয়ে গেছে, তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।




রিমান্ড শেষে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল কারাগারে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৯ অক্টোবর) এ আদেশ দিয়েছেন আদালত।

২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওইদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আরিফুর রহমান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক।

এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ওই মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।




পবিপ্রবি সাংবাদিক সমিতির সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে উপাচার্য ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আবাসিক ভবনের সান্ধ্যকালীন অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপাচার্য আশ্বাস দেন সাংবাদিক সমিতির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে তিনি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আছেন।

এছাড়াও পবিপ্রবিসাসের অগ্রগতির কথা উল্লেখ করে জানান, পবিপ্রবিসাসের কাজের ব্যাপ্তি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকেও হার মানায়।

সবার প্রত্যাশা অনুযায়ী কাজ করার অনুভূতি ব্যক্ত করে ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি এ যাবতকাল পর্যন্ত সত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা আগামীতে একটা সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়তে পারব। অতীতের সব অবিচার ও বৈষম্যগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। দ্রুতই আমরা তা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান এবং ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন। উপস্থিত ছিলেন- পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সভাপতি মারসিফুল আলম রিমন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিনসহ সাংবাদিক সমিতির অন্য নেতারা।