আমতলীতে আগুনে পুড়ল তুলার মিল

বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খাঁন কটন মিল নামে একটি তুলার মিল ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খাঁন কটন মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো তুলার মিলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলের মেশিন, তুলা, কাচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

মিলের মালিক হামিম খান জানান, অগ্নিকাণ্ডের ফলে মেশিনপত্র ও তুলাসহ কাঁচামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করা হবে।’




বরগুনায় ১২০ কেজি ওজনের শাপলাপাতা ৬০ হাজার টাকায় বিক্রি

বরিশাল অফিস :: বরগুনার আমতলী মাছ বাজারে ১২০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে মাছিটি বিক্রি হয়। সোমবার রাতে তালতলীর এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়,  উপজেলার ফকির হাটের জেলে আনছার আলী সোমবার রাতে পায়রা নদীর মোহনায় মাছ ধরার জন্য জাল পাতেন। সকালে জাল তুলতে গিয়ে জালে বিশাল আকারের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে দেখতে পান। এর সঙ্গে জালে ৪০ কেজি ওজনের আরও একটি মাছ ধরা পড়ে। পরে তিনি মাছ দুটি আমতলী বাজারের সুমন মৎস্য আড়তে নিয়ে যান। সেখান থেকে খুচরা মাছ বিক্রেতা হারুন গাজী মাছ দুটি কিনে নেন। এর মধ্যে ৫০০ টাকা কেজি দরে শাপলাপাতা মাছটি ৬০ হাজার টাকায় এবং ছোট মাছটি সাড়ে ৩০০টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় বিক্রি করেন।

সুমন মৎস্য আড়তের মালিক আব্দুল বারেক বলেন, সচরাচর এত বড় আকৃতির শাপলাপাতা মাছ আমাদের আড়তে আসে না। তিনি আরও বলেন, এ মাছ কিনতে সাধারণত একক ভাবে ক্রেতা না থাকায় খুচরা বিক্রেতারা কিনে ভাগা দিয়ে বিক্রি করেন।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি করা দন্ডণীয় অপরাধ। এ মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের নিয়ে সচেতনতা মূলক সভা করা হচ্ছে বলেও জানান তিনি।




পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আইজিপি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করেছে। সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করেছি সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আজ একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে একটি রোমহর্ষক হত্যাকাণ্ড তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি। আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।

আইজিপি পুলিশের ভূমিকার বিষয়ে বলেন, পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে। ইদানীং অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। এখানে গুজব ছড়ানো হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। যারা অপতৎপরতা চালাতে চায়, তারা সবসময় আমাদের পালস পরীক্ষা করে দেখে কোথাও গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।




জীবনের নিরাপত্তা চেয়ে নারী-শিশুসহ ৯ পরিবারের সংবাদ সম্মেলন

বরিশাল অফিস :: ঝালকাঠির কাঁঠালিয়ায় অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল আজিজ ও তার ছেলে মেহেদী হাসান সিহাবের দায়ের করা মামলা ও হত্যার হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন নারী ও শিশুসহ ৯ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কাঁঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে এ অভিযোগ করেন উপজেলার ভায়েলাবুনিয়া গ্রামের মোহাম্মাদ মাসুদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার চাচা ঢাকা মিডফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল আজিজ তাদের ৯টি পরিবারের সদস্যদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। তার ছেলে মেহেদী হাসান সিহাব তাদের দেশছাড়া করার হুমকি দিচ্ছেন। তারা মামলা ও হামলার হুমকি দিয়ে ৯টি পরিবারের জমাজমি জোর করে দখলে নিয়েছেন।

মাসুদুর রহমান বলেন, ২০০০ সালে আমার বাবা মারা গেলে সব কাগজপত্র আমার চাচা গোপন করে ফেলেন। আমাদের ওয়ারিশ সম্পত্তি কোনোমতেই তার কাছ থেকে বুঝে নিতে পারছি না। তিনি কাগজপত্রও আমাদের দিচ্ছে না। আমি তুরস্ক প্রবাসী। বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে আমাকে প্রধান আসামি করে প্রতারণামূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছেন চাচা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ৯টি পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন- আব্দুল আজিজের ভাই ফারুক হাওলাদার, আবুল হোসেন, রুহুল আমিন, আ. মান্নান, বোন আসমা আক্তার, হেপী বেগম, রানী বেগম, ভাইয়ের স্ত্রী রুমা বেগম, হামিদা বেগম, ভাতিজী-তাবাচ্ছুমসহ তিনজন শিশু।

অভিযোগের বিষয়ে মিডফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাবররক্ষক আব্দুল আজিজ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি ভাইয়ের কাছ থেকে কোনো টাকা নেইনি। বর্তমানে কোর্টে মামলা চলমান আছে। আমাদের ওয়ারিশ সম্পত্তির নামজারির কাজ চলছে। নামজারি হয়ে গেলে ভাইবোনদের যার যার অংশ তাকে বুঝিয়ে দেওয়া হবে।




চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

বরিশাল অফিস ::চরফ্যাশনে মহাসড়কে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণপাশে বিদ্যুৎ স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ চরফ্যাসন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে এলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আরো একটি অটোরিকশা এলে অসাবধানতাবশত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় মাদ্রাসা শিক্ষক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : ৩ বাংলাদেশি দগ্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তবে ওই তিন বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইস্কান্দার পুতেরির ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলেমান জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত বেশ কয়েকটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ৬টি ফায়ার স্টেশনের ৮টি ফায়ার ইঞ্জিন কাজ করে। কয়েকঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, চারটি কারখানার মধ্যে একটি লজিস্টিক গুদাম ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে।




মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচার হবে: তথ্য উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মন্দিরে হামলার সাথে জড়িতদের বিচার করা হবে। হামলার সময় আইনশৃঙ্খলার দ্বায়িত্বে থাকাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর সূত্রাপুরের একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিদের এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে। আগামীতে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। এ সময় পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ও সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচারী সরকার নানাভাবে ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মতো ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতের ঊর্ধ্বে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যারা বিভেদ তৈরি করতে চায় তারা দেশের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।




দুমকিতে কলেজ ছাত্রের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে মো: মারুফ (১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের তৃতীয় ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল।

মৃত মারুফের ভাই রিফাত বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়না তদন্তের হাতে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




চমক দিয়ে বিপিএলে সাকিবের দল পরিবর্তন

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার সবাইকে চমকে দিয়ে চিটাগং কিংসে নাম লেখালেন এই অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায়।

চিটাগং কিংস তাদের অফিশিয়াল পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে।

সাকিবের ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘একজন কিংবদন্তি যোগ দিয়েছেন দলে। রাজ্যে স্বাগত সাকিব আল হাসান।’

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে পারে বিপিএলের একাদশ আসর। চলতি মাসের ১৪ তারিখে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো।

জানা গেছে, আসছে বিপিএলে ড্রাফট ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিবের পারিশ্রমিক ৬০ লাখ টাকা। যদিও তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগং। একই ফ্র্যাঞ্চাইজিতে এবার খেলবেন পেসার শরিফুল ইসলাম।




সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ মিলল রিসোর্টে

চন্দ্রদ্বীপ নিউজ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন। গতকাল তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মৌলভীবাজারে প্রোগ্রাম শেষে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। আজ শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,‘ আজ সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। গতকাল রাত ১০টার পর থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোনো এক সময় মারা গিয়েছেন বলে ধারণা করছি। যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরে মরদেহ নিয়ে তারা ঢাকায় রওয়ানা দেন।