গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮

পটুয়াখালী প্রতিনিধি :: গলাচিপায় জমি-জমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে গলাচিপা হাসপাতালে ও অপর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

আহতরা হলেন, হাসান দুয়ারী, ইউনুস দুয়ারী, ইব্রাহীম দুয়ারী, হেলেনা বেগম ও শাকিল দুয়ারী এবং অপর পক্ষের কবির দুয়ারী, মহসিন দুয়ারী ও হাসিনারা বেগম।

জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের হাতেম দুয়ারীর ছেলেদের সাথে আটখালী গ্রামের মতি দুয়ারীর ছেলেদের ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

গতকাল ওই জমিতে হাতেম দুয়ারীর ছেলে ইব্রাহিম দুয়ারী পানের বরজ করার জন্য সকাল ৯টার সময় কাজ শুরু করেন। এ সময় অপর পক্ষের মতি দুয়ারীর ছেলে মহসিন দুয়ারী বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষই বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে।

ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মহিউদ্দিন জানান, হাতেম দুয়ারী ক্রয় সূত্রে মালিক আর মতি দুয়ারী হলো রেকর্ডীয় মালিক বলে দাবি করে। তবে তাদের স্বজনরা জমি বিক্রি করে দিয়েছে। একাধিকবার শালিশ বৈঠক হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান জানান, জমি-জমা নিয়ে দুই গ্রুপে মারামারি করে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।

ওসি বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি।




কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় উপজেলার মহিপুরের কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ সাংবাদিকদের জানান, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এ জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চোরম্যানের জিম্মায় রাখা হয়েছে।




বিপিএলের ড্রাফটে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন ও শাকিব খান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। এর আগে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মাঠে নামার আগেই প্লেয়ার্স ড্রাফট থেকেই লড়াই শুরু করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের লড়াই জমিয়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত থাকেন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। যেমন— গত বিপিএলের ড্রাফটে সরাসরি উপস্থিত ছিলেন তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররা।

তবে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আরও বড় চমক দেখতে যাচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট। এবারের ড্রাফটে সরাসরি উপস্থিত থাকবেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক এবং চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে থাকবেন দেশের আরেক জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির একটি বিশ্বস্ত একটি সূত্র।

এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।

ইতোমধ্যেই নিজেদের প্রথম আসরকে সামনে রেখে চমক দেখাতে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।

এ ছাড়াও তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার জনসন চালর্সকে।

অন্যদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।




মালয়েশিয়ায় বাংলাদেশিকে গলা কেটে হত্যা, আটক ৩

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গল থেকে ওই শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তবে, তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজিজি মাত আরিস বলেন, নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সঙ্গে রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে।

তিনি বলেন, এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে আটক করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।




চলতি অর্থবছরে ৪ শতাংশে নামবে বাংলাদেশের প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ শতাংশে নামবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংস্থাটির সদ্য প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’ থেকে জানা গেছে এ তথ্য।
এতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে। বিশ্বব্যাংকের হিসাবে, মধ্যবর্তী এ পয়েন্ট হবে ৪ শতাংশ।

‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক। সেখানে এক প্রশ্নের জবাবে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্র্যানজিসকা ওহসর্জ বলেন, মূলত নীতি অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যার কারণে তারা বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাসে নিম্নমুখী সংশোধন এনেছেন।

এর আগে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এপ্রিলে দেওয়া পূর্বাভাসে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছিল সংস্থাটি। আর নিজেদের ঘোষিত বাজেটে চলতি অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল শেখ হাসিনা সরকার।

সবশেষ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, সাম্প্রতিক মাসগুলোয় নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আভাসকে ঘিরে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তাদের পূর্বাভাস তাকেই প্রতিফলিত করছে। স্বল্প মেয়াদে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়বে না। অন্যদিকে বন্যার কারণে কৃষি উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।

তবে, সার্বিকভাবে এই সময়ে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক।
প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরে এই অঞ্চলে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ, যা তাদের আগে করা পূর্বাভাসের চেয়েও বেশি। এর ফলে অর্থনীতির দিক থেকে এই অঞ্চল বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চলে পরিণত হওয়ার ধারা বজায় রাখবে।

বিশ্বব্যাংকের অভিমত, নারীদের যদি আরও বেশি সংখ্যায় কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও উদারীকরণ করা হয়, তাহলে দক্ষিণ এশিয়া অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার হবে। এর মাধ্যমে এই অঞ্চলের দেশগুলো তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী কমে গেলে তা হবে কোভিড মহামারির পর সবচেয়ে কম প্রবৃদ্ধি। ২০১৯-২০ অর্থবছরে ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল দেশে।

অবশ্য, দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। আর্থিক খাতের সংস্কার, উন্নত ব্যবসায়িক পরিবেশ, দেশীয় সম্পদের আরও বেশি ব্যবহার এবং বর্ধিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে একটি ধীরগতির পুনরুদ্ধার সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।




বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স, মিস রোজমেরি ডিকার্লো অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের জোরালো সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র সচিবের প্রথমবারের মত নিউইয়র্কে সরকারি সফরকালে অনুষ্ঠিত এক বৈঠকে বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার এবং জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সহযোগিতামূলক নানাবিধ প্রচেষ্টার বিষয়সমূহ উঠে আসে।

জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতিসংঘের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে, এ সমর্থনের জন্য ডিকার্লোকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে তারা জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট বিষয়েও আলোচনা করেন। এসময় পররাষ্ট্র সচিব জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের উর্ধ্বতন নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য আন্ডার সেক্রেটারি-জেনারেলকে অনুরোধ জানান।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায়, পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক মনোযোগের পাশাপাশি বৈশ্বিক পদক্ষেপের ওপর জোর দেন। তিনি মিয়ানমারের বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাবটি উল্লেখ করে, পররাষ্ট্র সচিব এ সম্মেলন আয়োজনে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

বৈঠকের পূর্বে পররাষ্ট্র সচিব জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘নারীর অগ্রগতি’ বিষয়ে বক্তব্য প্রদান করে। প্রদত্ত বক্তব্যে তিনি নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব এবং এ বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি নারী শিক্ষা, জেন্ডার সমতা, ডিজিটাল বিভাজন দূরীকরণ, এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের সুস্থতা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহের উপর আলোকপাত করেন।

২০০০ সালে নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার প্রতিষ্ঠাতা রেজ্যুলেশন ১৩২৫ গৃহীত হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তৎকালীন অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন।




ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ, যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বুধবার (৯ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তবে পরিচয় প্রকাশ পেলে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই আশঙ্কা থেকে নাম প্রকাশ করতে চাননি তিনি। এদিকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারত ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করেছে কিনা, আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনও সেই প্রশ্নের কোনও জবাব দেয়নি। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে দিল্লিতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কেউ যেমন খবরটি ‘কনফার্ম’ করেননি, তেমনই ‘ডিনাই’ও করেননি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রীকে (শেখ হাসিনা) ভারত সরকারের পক্ষ থেকে যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে, সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিশ্বের যেকোনও দেশের ভিসা নিয়ে ভ্রমণও করতে পারবেন তিনি।’

‘ভারতেই শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন’, বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা।

অবশ্য ট্রাভেল ডকুমেন্ট পেলেও আপাতত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলেও জানান তিনি। বলেন, ‘শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তার।’

সাধারণত কোনও দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তাহলে কি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওই নেতা জানান, শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ের জন্য বরং অপেক্ষা করুন। সেখানে প্রশ্ন করে দেখুন, মুখপাত্র কী বলেন!’

তবে এটা স্পষ্ট যে ভারত সরকার এই ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে যেমন স্বীকার করেনি, আবার অস্বীকারও




উইন্ডিজের কাছে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: ভুল যা করার সেটা ব্যাটিংয়েই করে এসেছিল বাংলাদেশ। ১০৩ রানের মামুলি সঞ্চয় দিয়ে ম্যাচ জেতা যায় না। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে লো স্কোরের এই ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো। আর বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুটিতে হার এবং একটি জয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটা এখন কেবল আনুষ্ঠানিকতার অংশ হতে চলেছে।

শারজায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয় বেশ ইতিবাচক মেজাজে। পাওয়ার প্লে’র শেষ বলে ৩৩ রানে দুই ওপেনার ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে বেশ দাপটের সঙ্গেই সামনে বাড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ও ইনফর্ম ব্যাটার সোবহানা মুস্তারি এই জুটিতে ৪০ রান যোগ করেন। মুস্তারি ১৬ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা শেষ ওভারে আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন।

২০ ওভারকে দুই ভাগ করলে উভয় ভাগে বাংলাদেশের রান যোগের মাত্রাটা হল প্রায় সমান সমান। প্রথম ১০ ওভারে জমা হলো ৫৮ রান। পরের ১০ ওভারে যোগাড় ৪৫। অথচ শেষের অংশে বেশি রান জমা হওয়ার কথা। উইকেটও তখন হাতে ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নিখুঁত স্পিন বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা রান তোলার গতি বাড়াতে পারেনি।

জয়ের জন্য ১০৪ রানের মামুলি স্কোর তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে ব্যাট চালায়। ওপেনিং জুটিতেই তারা জমা তুলে ৫২ রানের। ম্যাচের ফয়সালা মূলত সেখানেই হয়ে যায়। বাংলাদেশের স্কোর টপকে যেতে মাত্র ১২.৫ ওভার খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। শুরুর চার ব্যাটার যে কায়দায় ব্যাট করেন সেটাই তাদের সহজে ম্যাচ জেতায়।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১০৩/৮, ২০ ওভার (দিলারা ১৯, মুস্তারি ১৬, নিগার সুলতানা ৩৯, কারিশমা রামহারাক ৪/১৭, ফ্লেচার ২/২৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০৪/২, ১২.৫ ওভার (ম্যাথুস ৩৪, টেইলর ২৭, ক্যাম্পবেলে ২১, ডটিন ১৯*, নাহিদা ১/২২, মারুফা ১/২০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।




কাঁঠালিয়ায় নারীর ভাসমান লাশ উদ্ধার

বরিশাল অফিস :: ঝালকাঠির কাঁঠালিয়ায় সালমা আক্তার (২৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজার সংলগ্ন খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃত সালমা আক্তার আওরাবুনিয়ার চোদ্দ বালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে।

উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে মা বিলকিস বেগমের সাথে বাজার করতে যায় সালমা আক্তার। বাজার শেষে বাড়ির ফেরার পথে ব্রীজ পারাপারের সময় দুটি ইজিবাইক ব্রীজে উঠলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ব্রীজের পাশের রেলিং উঠার চেষ্টা করে সালমা।

এসময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হন তিনি। পরে গতকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুজি করেও উদ্ধার করতে পারেনি।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিজ সংলগ্ন খালে তার লাশ ভেসে ওঠে।




ভারতে গেল ৪৫৯ টন ইলিশ

বরিশাল অফিস :: দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হলো ৪৫৯ মেট্রিক টন ইলিশ। রপ্তানি শুরুর পর থেকে এ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯টি চালানে এই ইলিশ ভারতে পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ মার্কিন ডলার বা ১ হাজার ১৮০ টাকা দরে।

এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, ২৮ সেপ্টেম্বর ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, ২৯ সেপ্টেম্বর রবিবার ৬টি ট্রাকে ১৯ টন, ৩০ সেপ্টেম্বর ৩০টি ট্রাকে ৮৯ টন, ১ অক্টোবর ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, ৩ অক্টোবর ৩০ ট্রাকে ৯২ টন, ৫ অক্টোবর ১৩টি ট্রাকে ৪২ টন, ৭ অক্টোবর ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি এবং সর্বশেষ গত ৮ অক্টোবর ৮ ট্রাকে ২৪ টন ইলিশ রপ্তানি হয়েছে।

কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ী ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।’

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ৯ চালানে ভারতে গেল ৪৫৯ মেট্রিক টন ইলিশ। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।