ডিসেম্বরের প্রথম সপ্তাহেজানা যাবে ভোটের দিনক্ষন

চন্দ্রদ্বীপ নিউজ : জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বুধবার,(২৯ অক্টোবর ২০২৫) যমুনায় প্রথম সমন্বয় সভা করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘নির্বাচন বানচালে ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।’
সভা শেষে বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেছেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে বলেছে যে তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ জানাবে।’
অন্তর্বর্তী সরকারপ্রধানের হঠাৎ আক্রমণের আশঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয়, বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিজ ইনফরমেশন (অপতথ্য) ছড়ানোকেও বোঝানো হচ্ছে। যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর, তারা দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, তা চাইবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’








